📘 নবীজির সংসার > 📄 তাদের উপকারী দুআ শেখাতেন

📄 তাদের উপকারী দুআ শেখাতেন


জুওয়ায়রিয়‍্যা রাযি. (নবীজির স্ত্রী) থেকে বর্ণিত, “আমি ফজরের সালাত পড়ছিলাম। এ-সময় রাসূলুল্লাহ ﷺ আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। পরে সকাল হলে তিনি ফিরে এলেন। আমি তখনো সেখানেই (সালাতের জায়গায়) বসেছিলাম। নবীজি আমাকে বললেন, 'আমি চলে যাওয়ার পর থেকে তুমি সেই একই জায়গায় বসে আছ (এতক্ষণ)?' আমি বললাম, 'হ্যাঁ।' তখন নবীজি বললেন, 'তোমার কাছ থেকে চলে যাবার পর আমি মাত্র চারটি শব্দ তিনবার পড়েছি এবং সেগুলো ওজন করলে তুমি এতক্ষণ যা পড়েছ, তার থেকে ভারী হবে; (সেগুলো হলো)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি তাঁর সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজনের সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।” ১০৯
আস-সিন্দি রাহ. বলেন, “এর মানে হলো, এমন দুআ আছে, যেগুলো অপর দুআ থেকে উত্তম; কারণ, সেগুলো আরও ব্যাপক এবং আল্লাহর নাম ও গুণাবলি সম্বলিত। এ-কারণে তুলনামূলক সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও অন্য লম্বা দুআগুলোর চেয়ে সেগুলোর সাওয়াব অনেক বেশি।” ১১০

টিকাঃ
১০৯. মুসলিম (২৭২৬)।
১১০. আস-সুয়ূতী এবং আস-সিন্দি কর্তৃক নাসাঈ গ্রন্থের ব্যাখ্যা (৭৮/৩)।

📘 নবীজির সংসার > 📄 রাসূল ﷺ তাদের সহজ কিন্তু সর্বোত্তম ইবাদাতগুলো শেখাতেন

📄 রাসূল ﷺ তাদের সহজ কিন্তু সর্বোত্তম ইবাদাতগুলো শেখাতেন


আয়িশা রাযি. থেকে বর্ণিত, "আমি কাবার ভেতরে প্রবেশ করে সালাত পড়তে পছন্দ করতাম। একবার নবীজি আমার হাত ধরে আমাকে হিজরের (কাবার অর্ধবৃত্তাকার দেয়াল) ভেতরে নিয়ে গিয়ে বললেন, 'কাবার ভেতর সালাত পড়তে চাইলে হিজরের ভেতর সালাত পড়ো-এটি কাবারই অংশ।” ১১১ এভাবে তিনি তাকে কাবার ভেতরে সালাত পড়ার একটি সহজ উপায় শিখিয়ে দিলেন।

টিকাঃ
১১১. আবু দাউদ (৮০২) ও নাসাঈ (২৯১২)।

📘 নবীজির সংসার > 📄 ইবাদাতে নিজের ওপর অত্যাচার করতে নিষেধ করতেন

📄 ইবাদাতে নিজের ওপর অত্যাচার করতে নিষেধ করতেন


আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ মসজিদে প্রবেশ করে দুই খুঁটির মাঝে একটি দড়ি বাঁধা পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, 'এটা কী?' লোকেরা উত্তর দিল, 'এটা যায়নাবের জন্য। তিনি সালাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে এটা ধরে থাকেন।' তিনি বললেন, 'এটা খুলে ফেলো। যতক্ষণ শরীর সতেজ থাকে, সালাত পড়ো; এরপর ক্লান্ত হয়ে গেলে থেমে যাও।” ১১২
নববী রাহ. বলেন, “এই রেওয়ায়েত থেকে প্রমাণিত যে, ইবাদাতের ব্যাপারে নিজের ওপর কেউ যেন কঠোর না হয়, বরং ভারসাম্য বজায় রাখে। শরীরে উদ্যম থাকা পর্যন্ত ইবাদাত করতে থাকবে এবং ক্লান্ত হয়ে গেলে বন্ধ করে দিয়ে (আরাম করে) আবার শক্তি সঞ্চয় করবে।” ১১৩
আয়িশা রাযি. নবীজিকে এক মহিলা সম্পর্কে বললেন, যে না ঘুমিয়ে সারা রাত সালাত পড়ে। তিনি এরকম করতে নিষেধ করলেন। উরওয়া ইবনে আয-যুবাইর রাযি. থেকে বর্ণিত, “আয়িশা রাযি. আমাকে বলেছেন, একবার হাওলা বিনতে তুওয়াত (একজন মহিলা সাহাবী) তার ও নবীজির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আয়িশা রাযি. বললেন, 'রাসূলুল্লাহ, লোকে বলে হাওলা বিনতে তুওয়াত রাতে ঘুমায় না।' তিনি বলে উঠলেন, 'রাতে ঘুমায় না! এমন কাজই করো, যা করার সামর্থ্য তোমাদের আছে। তোমরা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ ক্লান্ত হবেন না." ১১৪
নববী রাহ. বলেন, “‘রাতে ঘুমায় না!'- কথার দ্বারা তিনি এ-কাজের ব্যাপারে অসম্মতি জানিয়েছেন এবং সে যে তার নিজের ওপর কঠোর, তা বুঝিয়েছেন।” ১১৫

টিকাঃ
১১২. বুখারী (১১৫০) ও মুসলিম (৭৮৪)।
১১৩. মুসলিম গ্রন্থের (৭৩/৬) ব্যাখ্যায় নববী (রাহ.)।
১১৪. বুখারী (৪৩) ও মুসলিম (৭৮৫)।
১১৫. মুসলিম গ্রন্থের (৭৩/৬) ব্যাখ্যায় নববী (রাহ.)।

📘 নবীজির সংসার > 📄 পরিমাণে অল্প হলেও ইবাদাত নিয়মিত জারি রাখতে উৎসাহ দিতেন

📄 পরিমাণে অল্প হলেও ইবাদাত নিয়মিত জারি রাখতে উৎসাহ দিতেন


আয়িশা রাযি. থেকে বর্ণিত, নবীজি বলেন, “আল্লাহর কাছে সেই আমলগুলো প্রিয় যেগুলো নিয়মিত, যদিও তা পরিমাণে অল্প হোক না কেন।” কাসিম ইবনে মুহাম্মদ রাহ. বলেন, “আয়িশা রাযি. কোনো ইবাদাত শুরু করলে, সেটি কখনোই ছেড়ে দিতেন না।” ১১৬
ইবনে আল-জাওযী রাহ. বলেন, “মহাপরাক্রমশালী আল্লাহ দুটি কারণে নিয়মিত আমল পছন্দ করেন; প্রথমত, কোনো আমল শুরু করে সেটি থামিয়ে দেওয়া সেই আমল ছেড়ে দেওয়ার সমতুল্য। দ্বিতীয়ত, কোনো আমল নিয়মিত করা কোনো দাসের তার প্রভুর নিয়মিত সেবা করার সমতুল্য। সে এমন এক খাদেম, যে তার প্রভুর দরজার সামনে প্রতিদিন কিছু সময় দাঁড়িয়ে থাকে; তার মতো না, যে সারা দিন প্রভুর দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং সে-স্থান ত্যাগ করে চিরতরে চলে যায়।” ১১৭

টিকাঃ
১১৬. বুখারী (৬৪৬৫) ও মুসলিম (৭৮৩)।
১১৭. ফাতহুল বারী (১০৩/১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00