📄 বাহনে উঠতে স্ত্রীকে সাহায্য করতেন
আনাস রাযি. থেকে বর্ণিত, “একবার দেখলাম, সাফিয়্যা রাযি. উটে ওঠার চেষ্টা করছেন। এটা দেখে নবীজি তাকে তাঁর নিজের গাউন দিয়ে ঢেকে দিলেন (যেন ওঠার সময় আওরাহ ৬৫ অসাবধানতাবশত উন্মুক্ত হয়ে না পড়ে), তারপর উটের সামনে হাঁটু গেড়ে বসলেন, যেন তাঁর হাঁটুর ওপর পা রেখে তিনি উটে উঠতে পারেন।” ৬৬
এ থেকে বোঝা যায়, স্ত্রীদের সাথে নবীজির আচরণ কতটা কোমল ও ভালোবাসাপূর্ণ ছিল।
টিকাঃ
৬৫. আওরাহ শব্দের সাধারণ অর্থ ঢেকে রাখার বস্তু। তবে এখানে আওরাহ বলতে নারীরা ঘর থেকে বের হলে শরীরের যতটুকু ঢাকতে হয় অর্থাৎ পর্দা করতে হয় সেটার প্রতি ইঙ্গিত করা হয়েছে। – সম্পাদক
৬৬. বুখারী (২৮৯৩) ও মুসলিম (১৩৬৫)।
📄 শারীরিক পরিচ্ছন্নতা ও সুবাসের ব্যাপারে খেয়াল রাখতেন
বাসায় ফিরেই আল্লাহর রাসূল মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন, যেন তাঁর স্ত্রী তাঁর মুখ থেকে দুর্গন্ধ না পায়। সুরায় ইবনে হানী রাহ. থেকে বর্ণিত, তিনি আয়িশাকে রাযি. জিজ্ঞেস করলেন, “বাসায় ঢুকে নবীজি প্রথম কোন কাজ করতেন?" তিনি উত্তরে বললেন, “মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন।” ৬৭
সুয়ূতী রাহ. বলেন, “তাঁর এরকম অভ্যাসের পেছনে কারণ ছিল সারাদিন বাইরে কথা বলে তাঁর মুখের গন্ধ বদলে যেত। স্ত্রীদের সাথে সুন্দরতম ব্যবহারে রাসূল এতটাই যত্নবান ছিলেন যে, এই সামান্যতম দুর্গন্ধ না রাখার ব্যাপারেও তিনি খেয়াল রাখতেন।” ৬৮
টিকাঃ
৬৭. মুসলিম (২৫৩)।
৬৮. হাসিয়াত, আস-সুয়ূতি (১০/১)।
📄 ঘুম থেকে উঠেই দাঁত ও মুখ পরিষ্কার করতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, “নবীজি দিনে বা রাতে যখনই ঘুমাতেন, ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করতেন, তারপর উযু করতেন।” ৬৯
আল-কুরতুবী রাহ. বলেন, “ঘন ঘন মিসওয়াক করা যে বেশ পছন্দনীয় সুন্নাহ, এর প্রমাণ এই হাদীস। কারণ, সারা দিন পার হলে মুখের গন্ধ দুর্গন্ধে পরিণত হবে, এটাই স্বাভাবিক।” ৭০
ইবনে কায়্যিম রাহ. বলেন, “রাসূলুল্লাহ মিসওয়াক ব্যবহার করতে পছন্দ করতেন। ঘুম থেকে উঠে, উযুর পূর্বে, সালাতের শুরুতে এবং বাসায় প্রবেশের পর মিসওয়াক করতেন। মিসওয়াকের জন্য তিনি আরাক” গাছের ডাল ব্যবহার করতেন।” ৭২
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা দাম্পত্য জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, স্বামী বা স্ত্রীর যে-কারও অপরিচ্ছন্নতার কারণে দুজনের মাঝে রোগ হতে পারে।
টিকাঃ
৬৯. আবু দাউদ (৫৭)।
৭০. আল-মুফহিম (১৩৬/৩)।
৭১. আরাক গাছ এক প্রকার মরু উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম সালভাডোরা পারসিকা (Salvadora persica)। এই গাছের কচি ডাল দিয়ে দাঁত মাজার মিসওয়াক তৈরি হয়। - সম্পাদক
৭২. যাদুল মা'আদ (১৬৭/১)।
📄 সব সময় সুগন্ধি ব্যবহার করতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, "নিজের শরীর থেকে দুর্গন্ধ বের হোক, এটি নবীজি পছন্দ করতেন না।” ইবনে আব্বাস থেকে বর্ণিত, “নিজের শরীর থেকে দুর্গন্ধ বের হলে নবীজি সবচেয়ে বেশি মনঃক্ষুণ্ণ হতেন।”
নবীজির অন্যতম গুণ ছিল সুগন্ধি ব্যবহার করা এবং তিনি প্রায়শই তা ব্যবহার করতেন। আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, নবীজি বলেন, “তোমাদের দুনিয়ার দুটি জিনিসকে আমার নিকট অধিক পছন্দনীয় করা হয়েছে—সুগন্ধি আর নারী, আর সালাতকে করা হয়েছে আমার চোখের শীতলতা।”
নবীজি রসুন ও পেঁয়াজের মতো হালাল জিনিসকে পরিহার করে চলতেন শুধু এ-কারণেই যে, এগুলো মুখে দুর্গন্ধ তৈরি করে। এবার তুলনা করুন সে-সব ধূমপায়ীর কথা, যারা মুখে সিগারেটের গন্ধ নিয়ে বাসায় ফেরে আর তাদের স্ত্রী সর্বোত্তম সাজে সেজে স্বামীর জন্য অপেক্ষা করে; স্বামীর মুখের সিগারেটের দুর্গন্ধ তার মনে কেমন প্রভাব ফেলবে?
টিকাঃ
৭৩. বুখারী (৬৯৭২) ও মুসলিম (১৪৭৪)।
৭৪. আল-মুজাম আল-আওসাতে (৮৭৬৪) আত-তাবারানী。
৭৫. নাসাঈ (৩৯৩৯)।