📘 নবীজির সংসার > 📄 কখনোই স্ত্রীদের মারেননি বা সমালোচনা করেননি

📄 কখনোই স্ত্রীদের মারেননি বা সমালোচনা করেননি


আয়িশা রাযি. থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ আল্লাহর পথে (জিহাদে) ছাড়া কখনোই কোনো খাদেম বা মহিলাকে আঘাত করেননি।” ৩৯
বর্তমান সময়ে এমন অনেক লোক পাওয়া যাবে, যারা তুচ্ছ থেকে তুচ্ছ কারণে স্ত্রীকে পিটায়, চেহারা ও মাথায় আঘাত করে। মারতে গিয়ে লাঠি, জুতা এবং হাতের কাছে যা পায়, সেটাই কাজে লাগায়।
আইয়্যাস ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, “নারীদের আঘাত কোরো না।"
উমার রাযি. আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, 'নারীরা তাদের স্বামীদের সাথে অনেক উদ্ধত হয়ে উঠেছে।' তখন তিনি তাদের সামান্যভাবে আঘাতের অনুমতি দিলেন। এরপর অনেক মহিলা রাসূলুল্লাহর স্ত্রীদের কাছে এসে (স্বামীদের প্রহারের ব্যাপারে) অভিযোগ করতে লাগল। তিনি শুনে বললেন, “অনেক মহিলা মুহাম্মাদের স্ত্রীদের কাছে তাদের স্বামীদের প্রহারের ব্যাপারে অভিযোগ করেছে। যারা (স্ত্রীদের আঘাত) করে, তারা তোমাদের মধ্যে সর্বোত্তম নয়।” ৪০
আসিম আবাদী রাহ. বলেন, “'যারা (স্ত্রীদের আঘাত) করে, তারা তোমাদের মধ্যে সর্বোত্তম নয়' কথার অর্থ হলো, যারা স্ত্রীদের প্রহার করে তারা উত্তম নয়, বরং যারা ধৈর্যসহকারে স্ত্রীদের খারাপ বা ভুল আচরণ সহ্য করে এবং তাদের প্রহার করা থেকে বিরত থাকে, তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম।” ৪২

টিকাঃ
৩৯. মুসলিম (২৩২৮)।
৪০. আবু দাউদ (২১৪৬) এবং ইবনে মাজাহ (১৯৮৫)।
৪১. যখন স্ত্রীর মধ্যে শরীয়তবহির্ভূত কাজ দেখা যাবে এবং স্বামীর অবাধ্যতা শুরু করবে এরকম মুহুর্তে স্বামীর করণীয় হিসেবে আল্লাহ তায়ালা পবিত্র কুর আনের সূরা নিসার ৩৪ নাম্বার আয়াতে সমাধান হিসেবে বলেনঃ
وَ الَّتِي تَخَافُوْنَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَ اضْرِبُوهُنَّ | অর্থাৎঃ আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশংকা কর তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন কর এবং তাদেরকে প্রহার কর।
মুফাসসীর কিরাম এই অংশের ব্যাখ্যাতে বলেন, স্ত্রীদের পক্ষ থেকে যদি নাফরমানী সংঘটিত হয় কিংবা এমন আশংকা দেখা দেয়, তবে পর্যায়ক্রমে তিনটি পর্যায়ে সংশোধন করার চেষ্টা করতে হবে।
প্রথম পর্যায়ে নরমভাবে বোঝাবে। যদি এতে সংশোধন না হয়, তবে দ্বিতীয় পর্যায়ে তাদের বিছানা নিজের থেকে পৃথক করে দেবে। যাতে এই পৃথকতার দরুন সে স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে। এতেও যদি সংশোধন না হয়, তবে তৃতীয় পর্যায়ে এসে মৃদুভাবে মারবে। আর তার সীমা হল এই যে, শরীরে যেন সে মারধরের প্রতিক্রিয়া কিংবা যখম না হয়। কিন্তু এই পর্যায়ের শাস্তি দানকেও রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, বরং তিনি বলেছেনঃ 'ভাল লোক এমন করে না'। [ইবন হিব্বান: ৯/৪৯৯, নং- ৪১৮৯, আবু দাউদ: ২১৪৬, ইবন মাজাহ: ১৯৮৫]
বিস্তারিত ব্যাখ্যার জন্য তাফসীর ইবনু কাসীর এ অত্র আয়াতের ব্যাখ্যা দেখুন。
তবে স্বামীদের স্মরণে থাকা উচিত, মহব্বত তরবারির চেয়ে কার্যকর। তাই মহব্বতে যদি কাজ না হয় প্রহারে সংশোধন হওয়ার নিশ্চয়তা ক্ষীণ। মূলত নারী মন খুবই নরম আর ভালোবাসা প্রিয়। স্বামী থেকে যদি সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করা হয় এবং স্ত্রীকে সুন্দরভাবে বোঝানো হয়, এতেই সংশোধন হয়ে যাওয়ার কথা। মূলত আমাদের সমাজে প্রথম দুই পর্যায়ের সংশোধন পদ্ধতি অনুসরণ না করে শুরুতেই তৃতীয় পদ্ধতি প্রয়োগ করা হয়। আর এর ফলাফলও বিপরীত হয়। কিন্তু স্বামী যদি ন্যায়পথে থাকে ও স্ত্রী যদি সবগুলো পর্যায় প্রয়োগের পরেও সংশোধিত না হয় তবে সেখানে স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুমতি আছে, আর না হয় স্বামী অন্য স্ত্রী গ্রহন করবে।
আল্লাহ আমাদের কুরআনি পদ্ধতিতে সকল সমস্যা সমাধানে সচেষ্ট হওয়ার তাউফিক দান করুক। – সম্পাদক
৪২. 'আওন আল-মা'বুদ (১৩০/৬)।

📘 নবীজির সংসার > 📄 নারীদের সাথে সদ্ব্যবহার করতে পুরুষদের নির্দেশ দিয়েছেন

📄 নারীদের সাথে সদ্ব্যবহার করতে পুরুষদের নির্দেশ দিয়েছেন


আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, “নারীদের ব্যাপারে আমার নির্দেশ মেনে চলো। নারীদের সাথে দয়ার সাথে আচরণ করো।” ৪৩

নববী রাহ. বলেন, “এই রেওয়ায়েত নারীদের দয়া করা এবং তাদের ভুল আচরণ সহ্য করে প্রতিদানে কোমল ব্যবহার করার প্রতি উৎসাহ দেয়।” ৪৪

আল্লাহর রাসূল আরও বলেন, “নারীদের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা একে সোজা করতে গেলে ভেঙে ফেলবে। তাই তার ব্যবহার সহ্য করে চলো, তার সাথে সুখে বসবাস করতে পারবে।” ৪৫

নারীদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে নবীজি বারবার পুরুষদের নির্দেশ দিয়েছেন। বিদায় হজ্বের ভাষণে তিনি বিশেষভাবে বলেছেন, “নারীদের সাথে কোমল আচরণ করো; কেননা, তারা তোমাদের কাছে বন্দির মতো।” ৪৬

আল্লাহর রাসূল নারীদের ব্যাপারে এ-কথাগুলো বহুবার বলেছেন। কারণ, তিনি জানতেন, প্রকৃতিগতভাবেই নারীদের দ্বারা স্বামীরা কষ্ট পাবে এবং খুব কম মানুষই সবরের সাথে তা সহ্য করবে। বরং অনেকেই তাদের ব্যবহারে রেগে যাবে এবং তা বিচ্ছেদ ও পরিবার-ভাঙনের দিকে নিয়ে যাবে। আল্লাহর রাসূল তাই পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার কৌশল পুরুষদের শিখিয়ে দিয়েছেন। আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, “একজন মুমিন কখনোই যেন একজন মুমিন নারীকে (তার স্ত্রীকে) ঘৃণা না করে। যদি সে তার কোনো কিছু অপছন্দ করে, তবে তার এমন গুণও তো রয়েছে যা সে পছন্দ করে।” ৪৭

নববী রাহ. বলেন, “এর অর্থ হলো, তার ঘৃণা করা অনুচিত; কারণ, স্ত্রীর মাঝে যেমন তার অপছন্দনীয় বিষয় আছে, তেমনি এমন অনেক গুণও আছে, যা তার পছন্দনীয়। উদাহরণস্বরূপ, একজন মহিলা হয়তো অনেক রূঢ়ভাষী, কিন্তু একই সাথে সে অনেক দ্বীনদার, সতী-সাধ্বী।” ৪৮

নবীজি সব সময় তাঁর স্ত্রীদের সাথে নম্র আচরণ করতেন। তাঁর সংসারজীবনও সে-কারণে ছিল অনেক আনন্দঘন। নবীজি তাদের খুশিতে রাখার চেষ্টা করতেন, তাদের সঙ্গে বসতেন, মজা করতেন, পরামর্শ করতেন, তাদের কথা শুনতেন এবং তাদের ভুল-ত্রুটিগুলো উপেক্ষা করতেন।

শুধু তা-ই নয়, অন্যদের তিনি স্ত্রীদের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিতেন। আবু যর রাযি. থেকে বর্ণিত, “আল্লাহর রাসূল বলেন, “খুব শীঘ্রই আপনি মিশর জয় লাভ করবেন। এটি এমন এক দেশ, যা কিরাতের ৪৯ দেশ নামে পরিচিত। আপনি যখন এ-দেশ বিজয় করবেন, তখন এর অধিবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন। কারণ, তাদের সাথে আমাদের রক্তসম্পর্কীয় দায়িত্ব যেমন আছে, তেমনি বৈবাহিক সম্পর্কগত দায়িত্ব রয়েছে।” ৫০

নববী রাহ. বলেন, “রক্তসম্পর্কীয় দায়িত্ব'-এর অর্থ হলো, তাদের দেশের অধিবাসী ছিলেন হাজেরা, ইসমাইলের (আলাইহিস সালাম) মা। 'বৈবাহিক সম্পর্কের দায়িত্ব'-এর অর্থ হলো, নবীজি সে-দেশের একজন নারীকে বিয়ে করেছিলেন (তাঁর ছেলে ইবরাহীমের মা-মারিয়াম)।” ৫১

টিকাঃ
৪৩. বুখারী (৩৩৩১) ও মুসলিম (১৪৬৮)।
৪৪. মুসলিম গ্রন্থের ব্যাখ্যায় (৫৭/১০) নববী (রাহ.)।
৪৫. আহমদ (১৯৫৮৯)।
৪৬. তিরমিযী (১০৮৩) এবং ইবনে মাজাহ (১৮৫১)।
৪৭. মুসলিম (২৬৭২)।
৪৮. মুসলিম গ্রন্থের (৫৮/১০) ব্যাখ্যায় নববী (রাহ.)।
৪৯. সেখানে ব্যবহৃত একধরনের মুদ্রা।
৫০. মুসলিম (২৫৪৩)।
৫১. মুসলিম গ্রন্থের (৯৭/১৬) ব্যাখ্যায় নববী (রাহ.)।

📘 নবীজির সংসার > 📄 স্ত্রীদের অনুভূতির ব্যাপারে মনোযোগী ছিলেন

📄 স্ত্রীদের অনুভূতির ব্যাপারে মনোযোগী ছিলেন


নবীজি স্ত্রীদের মন ভালো কিংবা খারাপ আছে কি না খেয়াল রাখতেন। উদাহরণস্বরূপ, তিনি আয়িশাকে রাযি. বললেন, “আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, কখন তুমি আমার উপর খুশি থাক, আর কখন মন খারাপ করে থাক।” আয়িশা রাযি. জিজ্ঞেস করলেন, "কীভাবে বুঝতে পারেন?” তিনি উত্তর দিলেন, “যখন তুমি সন্তুষ্ট থাক, তখন শপথের সময় বল, 'মুহাম্মাদের রবের কসম', আর যখন মন খারাপ কর, তখন বলো, 'ইবরাহীমের রবের কসম।” আয়িশা রাযি. বললেন, “হ্যাঁ, (আপনি ঠিক ধরেছেন) আল্লাহর রাসূল, সে ক্ষেত্রে শুধু আপনার নাম উচ্চারণ করা থেকেই বিরত থাকি।” ৫২
আল্লাহর রাসূলকে রাষ্ট্র দেখাশোনা, যুদ্ধ, সৈন্যবহরের প্রস্ততি, আল্লাহর বাণী পৌঁছানো, বিভিন্ন দেশে দূত পাঠানোসহ নানা কাজে ব্যস্ত থাকতে হতো। এত-শত ভারী ভারী দায়িত্বের চাপে থেকেও তিনি স্ত্রীদের খোঁজ নিতে ভুলতেন না, তাদের অনুভূতিগুলোর ব্যাপারে সচেতন থাকতেন。
স্ত্রীদের অনুভূতির ব্যাপারে তাঁর যত্নের আরেকটি ঘটনা। তাঁর দুই স্ত্রীর মাঝে একবার মনোমালিন্য হলো। হাফসা রাযি. সাফিয়্যাকে রাযি. ইহুদীকন্যা বলায় সাফিয়্যা কষ্ট পেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজির কাছে অভিযোগ জানালেন। নবীজি তার পক্ষ নিয়ে তাঁকে সান্ত্বনা জানালেন এবং তাঁর কথা শুনে সাফিয়্যা খুশি হয়ে গেলেন।
নবীজির ভালোবাসার আরেকটি উদাহরণ সাফিয়্যার রাযি.। উটের ঘটনা। সাফিয়্যা রাযি. থেকে বর্ণিত, “নবীজি একবার হজ্বের সফরে তাঁর স্ত্রীদের নিয়ে বের হলেন। সফরের একপর্যায়ে চালক উটের গতি বাড়িয়ে দিল। নবীজি তাকে বললেন, “ভঙ্গুর পাত্রগুলো (নারীরা) আছে, সাবধান!” একবার আমার উট (অসুস্থতার কারণে) থেমে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কাঁদতে লাগলাম। এ-সংবাদ পেয়ে রাসূল চলে এলেন। আমার চোখের পানি তাঁর হাত দিয়ে মুছে দিলেন।” ৫৩
স্ত্রীর চোখের পানি নিজের হাতে মুছে দেওয়ার মাধ্যমে তার প্রতি ভালোবাসার এক নির্মল বহিঃপ্রকাশ করা সম্ভব। সাফিয়্যার রাযি. কান্নার কারণ তেমন কোনো বড় কিছু ছিল না, রাসূল এ-তুচ্ছ ব্যাপারকেও তুচ্ছ হিসেবে দেখেননি, বরং তার চেহারায় তাঁর হাতের মমতার পরশ বুলিয়ে দিয়েছেন। ভালোবাসা প্রকাশের এ-সামান্য সুযোগকেও তিনি হাতছাড়া করেননি।

টিকাঃ
৫২. বুখারী (৫২২৮) ও মুসলিম (২৪৩৯)।
৫৩. আহমাদ (২৬৩২৫)।

📘 নবীজির সংসার > 📄 অসুস্থ অবস্থায় স্ত্রীদের সান্ত্বনা দিতেন

📄 অসুস্থ অবস্থায় স্ত্রীদের সান্ত্বনা দিতেন


বিদায় হজ্বের সময় আয়িশার রাযি. মাসিক শুরু হলো। কষ্টে তার চোখে পানি চলে এল। আল্লাহর রাসূল ঘরে ঢুকে তার চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, “তুমি কাঁদছ কেন? তোমার মাসিক শুরু হয়েছে?” আয়িশা রাযি. বললেন, “হ্যাঁ।” নবীজি জবাব দিলেন, “এটা এমন একটি ব্যাপার, যা আল্লাহ নারীদের জন্য নির্ধারিত করে রেখেছেন। একজন হজ্বের সময় যা করে, সব কিছুই করতে থাকো, শুধু তাওয়াফ কোরো না।"
পরে তার মাসিক শেষ হলে তিনি হজ্ব সম্পন্ন করলেন। মাসিকের কারণে তার উমরার বাদ পড়ে-যাওয়া কাজগুলো তিনি শেষ করতে চাইলেন। নবীজি (আয়িশার ভাই) আব্দুর রহমানকে তানঈম এলাকায় তাকে নিয়ে ইহরাম শেষ করানোর জন্য যেতে বললেন। ৫৪
নারীদের মানসিক অবস্থা সম্পর্কে পুরুষদের খেয়াল রাখা উচিত, বিশেষ করে মাসিক ও নিফাসের সময়। নারীরা বিভিন্ন ব্যথা-যন্ত্রণার মধ্য দিয়ে প্রায়ই সময় কাটায়, ফলে তার মানসিক অবস্থারও দ্রুত পরিবর্তন ঘটে। এ-অবস্থায় স্বামী যদি বিশেষ করে এ-সময়গুলোতে তার প্রতি সহানুভূতি দেখায়, তবে স্ত্রী তার এ-ভালোবাসার কারণে তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে।

টিকাঃ
৫৪. বুখারী (৩১৬) ও মুসলিম ১২১১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00