📘 নবীজির সংসার > 📄 আয়িশা রাযি. পান করার পর তার পান করার স্থানে ঠোঁট লাগিয়ে পান করতেন

📄 আয়িশা রাযি. পান করার পর তার পান করার স্থানে ঠোঁট লাগিয়ে পান করতেন


আয়িশা রাযি. থেকে বর্ণিত, “ঋতুবতী অবস্থায় আমি পান করে (পাত্রটি) নবীজির হাতে দিলে আমি যেখানে মুখ লাগাতাম, তিনি পাত্রের সে-জায়গাতেই মুখ লাগিয়ে পান করতেন। আমি কোনো হাড় থেকে মাংস খেলে তিনি হাড়ের সেখানেই মুখ লাগিয়ে খেতেন, যেখানে আমি খেয়েছি।” ২৩
আলি আল-কারী রাহ. বলেন, “আয়িশার রাযি. প্রতি ভালোবাসা দেখানোর জন্য তিনি তার প্রতিটি পদচিহ্ন অনুসরণ করতেন।” ২৪
এটি বলার অপেক্ষা রাখে না, রাসূলের এই সুন্নাত অনুসরণ করলে স্ত্রী স্বামীকে ভালোবাসতে বাধ্য।

টিকাঃ
২৩. মুসলিম (৩০০)
২৪. মিরক্কাত আল-মাফাতীহ (৪৮৭/২)

📘 নবীজির সংসার > 📄 আয়িশার রাযি. উরুতে মাথা রেখে ঘুমাতেন

📄 আয়িশার রাযি. উরুতে মাথা রেখে ঘুমাতেন


আয়িশা রাযি. বলেন, “আমরা একবার নবীজি সঙ্গে সফরে বের হয়েছিলাম। সে-বার আমার গলার হার ভেঙে (হারিয়ে) গেল। আল্লাহর রাসূল অন্য লোকদের সঙ্গে নিয়ে খুঁজলেন। সে-স্থানে কোনো জলাধার ছিল না, আবার লোকদের কাছে কোনো পানিও ছিল না। আবু বাকর রাযি. এসে আমাকে বকতে লাগতেন। তখন আল্লাহর রাসূল আমার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আবু বাকর আমাকে বকতে বকতে পাশ বরাবর ঝাঁকাতে লাগলেন। আমার তখন কিছু করার ছিল না, কারণ, নবীজি আমার উরুর উপর ঘুমিয়ে ছিলেন।” ২৫

আয়িশা রাযি. আরও বলেন, “ঋতুবতী অবস্থায় আমার উরুর ওপর নবীজি মাথা রেখে ঘুমাতেন। তারপর ঘুম থেকে উঠে তিনি কুরআন তিলাওয়াত করতেন।” ২৬

এই রেওয়ায়েত নবীজির উন্নত চরিত্র ও আখলাকের প্রতিফলন। এ থেকে আমরা আরও শিক্ষা পাই, মাসিক অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা, তার সাথে বসা ও খাওয়াদাওয়া করা থেকে বিরত থাকা অনুচিত。

টিকাঃ
২৫. বুখারী (৪৬০৭) ও মুসলিম (৫৫০)।
২৬. বুখারী (৩৬৭২) ও মুসলিম (২৬৭)।

📘 নবীজির সংসার > 📄 একই চাদরের নিচে স্ত্রীর সঙ্গে ঘুমাতেন

📄 একই চাদরের নিচে স্ত্রীর সঙ্গে ঘুমাতেন


নবীজির আরেক স্ত্রী উম্মে সালামা থেকে বর্ণিত, “একবার এক পশমি চাদরের নিচে আমি নবীজির সঙ্গে শুয়ে ছিলাম; সে-অবস্থায় আমার মাসিক শুরু হলো। চাদর থেকে আস্তে করে বের হয়ে আমার মাসিকের কাপড় পরলাম। তিনি জিজ্ঞেস করলেন, 'তোমার কি ঋতুস্রাব হয়েছে?' আমি বললাম, 'হ্যাঁ।' তিনি আমাকে ডাকলেন, আমি আবার চাদরের ভেতর শুয়ে পড়লাম।” ২৭

নববী রাহ. বলেন, “সম্ভবত তিনি আশঙ্কা করছিলেন মাসিকের রক্ত হয়তো নবীজির গায়ে লেগে যাবে, তাই আস্তে করে বের হয়ে গিয়েছিলেন। এটিও হতে পারে যে, তিনি রক্ত আসায় বিরক্ত হয়ে কাপড় পরিবর্তন করে পরিষ্কার কাপড় পরার জন্য বের হয়েছিলেন।” ২৮

নবীজির স্ত্রী মায়মুনা রাযি. থেকে বর্ণিত, “মাসিক অবস্থায়ও আল্লাহর রাসূলের সাথে আমি শুয়ে থাকতাম এবং আমাদের মাঝখানে কাপড় থাকত।” ২৯

অনেক ব্যক্তি স্ত্রীর সাথে মাসিক অবস্থায় দূরত্ব বজায় রাখে এবং একসাথে ঘুমায় না পর্যন্ত। এটি রাসূলের সুন্নাহর পরিপন্থী। এটি মেয়েদের মানসিকভাবেও আঘাত দেয়। কারণ, মাসিকের সময় মানসিকভাবে মেয়েরা বিপর্যস্ত থাকে এবং খুব দ্রুত মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। এ-অবস্থায় স্বামী যদি তার থেকে দূরে থাকে, তবে সেটি তার জন্য আরও কষ্টকর হয়ে দাঁড়ায়, তাকে আরও বিষণ্ণ করে তোলে।

টিকাঃ
২৭. বুখারী (২৯৮) ও মুসলিম (২৯৬)।
২৮. মুসলিম গ্রন্থের (২০৭/৩) ব্যাখ্যায় নববী (রাহ.)।
২৯. মুসলিম (২৯৫)।

📘 নবীজির সংসার > 📄 স্ত্রীর সাথে একই পাত্র থেকে গোসল করতেন

📄 স্ত্রীর সাথে একই পাত্র থেকে গোসল করতেন


আয়িশা রাযি. বলেন, “আমি আল্লাহর রাসূলের সাথে একই পাত্র থেকে গোসল করতাম। তিনি আমার আগে পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, আর আমি তাঁর আগে নেওয়ার জন্য। তিনি বলতেন, 'আমার জন্য রাখো।' আমি বলতাম, 'আমার জন্য রাখুন।” ৩০

উম্মে সালামা থেকে বর্ণিত, “মাসিক অবস্থাতেও আল্লাহর রাসূল ﷺ ও আমি একই পাত্রে থেকে গোসল করতাম।” ৩১

টিকাঃ
৩০. বুখারী (২৫০) মুসলিম (৩২১) এবং নাসাঈ (২৩৯)।
৩১. বুখারী (৩২২) ও মুসলিম (৩২২)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00