📘 নবীজির সংসার 📄 অনুবাদকের কথা

📄 অনুবাদকের কথা


শুরু করছি সেই মহান রবের নাম নিয়ে যিনি ছাড়া আর কোনো তাওফীকদাতা নেই। দরূদ ও সালাম বর্ষিত হোক- আমাদের বইয়ের মূল চরিত্র, যাকে ঘিরে এ আয়োজন- নবীজি মুহাম্মাদ এর ওপর।
নবীজি ! আমাদের ভালোবাসার মানুষ যাকে আমরা দেখি নি কখনোই, কিন্তু তাঁকে আমরা ভালোবাসি সবার চেয়ে বেশি। আমরা চেষ্টা করি, জীবনের পরতে পরতে তাঁকে অনুসরণ করতে, তাঁর মতো হতে। হৃদয়ে আশা হয়ত আমরা সেই মানুষগুলোর একজন হতে পারব যাদের ব্যাপারে তিনি বলেছেন,
"...আমার বড় ইচ্ছা হয় আমাদের ভাইদেরকে দেখি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রসূলাল্লাহ! আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবা। আর যারা এখনো (পৃথিবীতে) আসেনি তারা আমাদের ভাই।...” ১
যুগের সাথে তাল মিলিয়ে আমাদের পরিবার ও সমাজে সমস্যার জটিলতা বেড়ে চলেছে। পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। স্ত্রী-সন্তানের সাথে দূরত্ব বাড়ছে। নবীজীর জীবনের দিকে তাকাই। দাওয়াহ-জিহাদের শত ব্যস্ততার মাঝেও তিনি পরম মমতায় পরিবারকে আগলে রাখতেন। কীভাবে পারতেন তিনি? তাঁর প্রতিটি আচরণ তাই আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রয়োজন যেন আমরা নিজেদের জীবনে স্ত্রী-সন্তান-বন্ধুদের সাথে আচরণে তাঁর মতো হতে পারি।
শাইখ সালিহ আল-মুনাজ্জিদ (হাফি) আমাদের জন্য এ কাজটি তার লেখনীর মাধ্যমে আঞ্জাম দিয়েছেন। শাইখের একেকটি বই যেন ইলমের একেকটি ঝর্ণাধারা। তাত্ত্বিক আলোচনার চেয়ে প্রায়োগিক আলোচনাই বেশি তার বইগুলোতে। শাইখকে আল্লাহ উত্তম পুরস্কার দান করুন, জালিমের হাত থেকে রক্ষা করুন, সুস্থ রাখুন।
কিছু কৃতজ্ঞতা না জানালেই নয়। শত ব্যস্ততার মাঝে আবদুর রহমান মুয়ায ভাই অনুবাদ পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আমার আহলিয়ার প্রাপ্য সময়গুলো অনুবাদে কাজে লাগিয়েছি। হাসিমুখে সে মেনে নিয়ে পাশে থেকেছে। আল্লাহ্‌ তাকেও উত্তম প্রতিদান দিন।
পাঠকদের থেকে আরজ রইল এই বইয়ের সাথে জড়িত সকলের জন্য একটিবার হলেও হাত তুলে মাগফিরাতের দু’আ করার। ওয়ামা তাওফীকী ইল্লা বিল্লাহ।

আয়াতুল্লাহ নেওয়াজ
ayatnawaz9@gmail.com
২৯ জিলহজ্জ, ১৪৪০ হিজরি

টিকাঃ
১. মুসলিম: ৪৭২

ফন্ট সাইজ
15px
17px