📄 যুদ্ধবন্দীদের ঘটনা
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যুদ্ধবন্দীদের আটক করা হলে রসূলুল্লাহ সা. এদের সম্পর্কে আবু বকর ও ওমর রা.-এর সাথে পরামর্শ করলেন। আবু বকর রা.-এর মতামত জানতে চাইলে তিনি বললেন, হে আল্লাহর রসূল! তারা তো আমাদের চাচাতো ভাই ও স্বগোত্রীয়। আমি মনে করি, তাদের কাছ থেকে আপনি মুক্তিপণ গ্রহণ করলে ভালো হবে। এতে কাফেরদের বিরুদ্ধে আনাদের শক্তি বাড়বে। ভবিষ্যতে তারা ইসলামের সুশীতল ছায়ায়ও আশ্রয় নিতে পারে।
ওমর ইবনুল খাত্তাব রা.-এর মতামত জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শপথ! হে আল্লাহর রসূল! আবু বকর রা. যা সঠিক মনে করছেন আমি তা সঠিক মনে করছি না। আমি মনে করি, আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেবেন; আমরা তাদের হত্যা করবো। আকিলকে আলীর হাতে দিন। তিনি তার মস্তক ছিন্ন করবেন। আমার বংশের অমুককে আমার হাতে দিন। আমি তাকে হত্যা করবো। কারণ, তারা কাফেরদের নেতৃস্থানীয় লোক।
পরে আবু বকর রা. যা বলেছেন রসূলুল্লাহ সা. সেটাই পছন্দ করলেন এবং ওমর রা.-এর পরামর্শ তিনি পছন্দ করলেন না। ওমর রা. বলেন, পর দিন আমি রসূলুল্লাহ সা.-এর নিকট এসে দেখি, রসূলুল্লাহ সা. এবং আবু বকর রা. উভয়েই বসে কাঁদছেন। আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি এবং আপনার সাথি কেন কাঁদছেন? শুনে আমার কান্না এলে আমিও কাঁদবো। আর যদি আমার কান্না না আসে, তবে যেহেতু আপনারা কাঁদছেন আমি কান্নার ভান করবো।
রসূলুল্লাহ সা. বললেন, মুক্তিপণ গ্রহণের কারণে তোমার সাথিদের ওপর আসন্ন বিপদের কথা স্মরণ করে আমি কাঁদছি। আমাকে দেখানো হয়েছে তাদের শাস্তি এই গাছের চেয়েও নিকটে। গাছটি ছিল রসূল সা.-এর অদূরে। অতঃপর আল্লাহ তাআলা সূরা আনফালের ৬৭ থেকে ৬৯ পর্যন্ত আয়াত অবতীর্ণ করেন।
আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর অন্য বর্ণনায় এসেছে: বদরযুদ্ধের দিন রসূলুল্লাহ সা. যুদ্ধবন্দীদের ব্যাপারে পরামর্শ চাইলে আবু বকর রা. আরজ করেন, হে আল্লাহর রসূল! এরা তো আমাদেরই গোত্রের লোক এবং আমাদের আত্মীয়স্বজন। এদেরকে কিছুটা সুযোগ দিয়ে বাঁচিয়ে রাখুন। হয়তো আল্লাহ তাআলা তাদের তাওবা করার তওফিক দেবেন। ওমর রা. তার প্রস্তাবে বলেন, হে আল্লাহর রসূল! এরা আপনাকে দেশান্তরী করেছে, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আপনি তাদের হত্যা করুন। আবদুল্লাহ ইবনে রাওয়াহা বলছিলেন, হে আল্লাহর রসূল! তাদেরকে ঘন জঙ্গলে প্রবেশ করিয়ে সেখানে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিন। আব্বাস এ কথা শুনে তাকে বললেন, এতে তো অত্মীয়তার বন্ধন ছিন্ন করা হয়।
রসূলুল্লাহ সা. সেখানে প্রবেশ করেন কিন্তু তাদের কথার কোনো উত্তর দেন নি। কেউ কেউ বলতে থাকেন রসূলুল্লাহ সা. আবু বকর রা.-এর মতামত গ্রহণ করবেন। আবার কেউ ভাবতে থাকেন তিনি ওমর রা.-এর মতামত গ্রহণ করবেন। আবার কেউ ভাবছিলেন রসূলুল্লাহ সা. আবদুল্লাহ ইবনে রাওয়াহা রা.-এর মতামত গ্রহণ করবেন। অতঃপর রসূলুল্লাহ সা. বাইরে বেরিয়ে আসেন এবং ইরশাদ করেন, 'নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু মানুষকে এতোটাই কোমল হৃদয়ের অধিকারী করেছেন যে, তা দুধের চেয়েও কোমল। আবার কিছু কিছু মানুষকে এতোটাই কঠোর হৃদয়ের অধিকারী করেছেন যে, তা পাথরের চেয়েও কঠিন। হে আবু বকর, তোমার উদাহরণ ইবরাহীম আ.; তিনি বলেছিলেন:
فَمَنْ تَبِعَنِي فَإِنَّه مِنِّى وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
সুতরাং যে আমার অনুসরণ করেছে, নিশ্চয় সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হয়েছে, তবে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। ২৭৭
এবং তোমার দৃষ্টান্ত হচ্ছে হযরত ঈসা আ.; যিনি বলেছিলেন:
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন, তবে নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২৭৮
হে উমর, তোমার উদাহরণ নুহ আ.; যিনি বলছিলেন:
رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارٌ
হে আমার রব! জমিনের ওপর কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। ২৭৯
এবং তোমার দৃষ্টান্ত হচ্ছে মুসা আ.; যিনি বলছিলেন :
رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
হে আমাদের রব, তাদের ধন-সম্পদ নিশ্চিহ্ন করে দিন, তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন। ফলে তারা ঈমান আনবে না, যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব দেখবে। ২৮০
অতঃপর রসূলুল্লাহ সা. বলেন, তোমরা অভাবগ্রস্ত; তাই তাদের মুক্তিপণ ব্যতীত ছেড়ে দেওয়া বা হত্যা করার সিদ্ধান্ত তোমাদের জন্য সঠিক হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! সুহাইল ইবনে বাইদার ব্যাপারে ছাড় দেওয়া হোক। আমি তার ইসলাম গ্রহণের আলোচনা শুনেছি। আমার কথা শুনে রসূলুল্লাহ সা. চুপ করে থাকেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সেদিন আমি সবচেয়ে বেশি আশংকা করছিলাম, হয়তো আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট হয়ে আকাশ থেকে আমার ওপর পাথর বর্ষণ করবেন। এক সময় রসূলুল্লাহ সা. বললেন, হ্যাঁ, সে এ বিধান থেকে মুক্ত থাকবে। এ কথা শুনে আমি আশ্বস্ত হই। তখন আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন, ২৮১
مَا كَانَ لِنَبِيَّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ
কোনো নবীর জন্য সঙ্গত নয় যে, তার নিকট যুদ্ধবন্দী থাকবে (এবং পণের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন) যতক্ষণ না তিনি জমিনে (তাদের) রক্ত প্রবাহিত করেন। ২৮২
উপরোক্ত আয়াত থেকে একটি মূলনীতি বোঝা যায়। তা হলো, যতই প্রয়োজন হোক, শত্রুর প্রতি নম্রতা দেখানো উচিত নয়। এর ফলে শত্রু তাদের ওপর প্রভাবশালী হয়ে যেতে পারে। ২৮৩
সাহাবায়ে কেরাম মুশরিকদের বন্দী বানাতে শুরু করলে সাআদ ইবনে মুআয রা. এতে কিছুটা মনক্ষুণ্ণ হন। রসূলুল্লাহ সা. তার চেহারায় এমন ভাব প্রত্যক্ষ করে তাকে বলেন, সঙ্গীদের কর্মকাণ্ডে হয়তো তুমি বিরক্ত হচ্ছ। উত্তরে তিনি বলেন, হে আল্লাহর রসূল! ঠিকই বলেছেন। কাফের-বাহিনীর বিরুদ্ধে এটি আল্লাহ তাআলার দেওয়া সর্বপ্রথম সুযোগ। তাই তাদের বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই ভালো হতো বলে আমি মনে করি। ২৮৪
বন্দীদের সাথে রসূলুল্লাহ সা.-এর আচরণ ছিল অত্যন্ত দয়াপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও ইসলামী দাওয়াতের চাহিদার অনুরূপ। রসূলুল্লাহ সা. বন্দীদের সাথে বিভিন্ন ধরনের আচরণ করেছিলেন। তাদের কাউকে তিনি হত্যা করেছিলেন, কাউকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিয়েছিলেন, কাউকে দয়াপরবশ হয়ে এমনিতেই মুক্তি দান করেছিলেন আবার তাদের মধ্যে কয়েকজনকে मुसलमानों দশজন করে শিশুকে শিক্ষাদানের পরিবর্তে মুক্তি দেওয়া হয়েছিল।
ক. মুতয়িম ইবনে আদী'র সুপারিশে রসূল সা. কর্তৃক মুক্তির আশাবাদ
যুবায়ের ইবনে মুতইম রা. সূত্রে বর্ণিত, নবী সা. বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে বলেন:
لو كان مطعم بن عدي حيا ثم كلمني في هؤلاء النتنى لأطلقتهم له
মুতয়িম ইবনে আদী জীবিত থাকলে এবং সে এসব নীচ কয়েদীদের মুক্তির জন্য সুপারিশ করলে আমি তার জন্য এদেরকে ছেড়ে দিতাম। ২৮৫
উপরোক্ত হাদীস থেকে রসূল সা.-এর কৃতজ্ঞতাবোধ প্রকাশ পায়। মুতয়িম ইবনে আদী কিছু ক্ষেত্রে অত্যন্ত প্রশংসাযাগ্য কাজ করেছিলেন। তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর রসূলুল্লাহ সা. তার আশ্রয়ে মক্কা মুকাররমায় প্রবেশ করেন। বনু হাশিম ও মুসলমানরা যখন অবরুদ্ধ ছিলেন, তখন তিনি কুরায়েশদের অবরোধ চুক্তির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নেন।২৮৬ রসূলুল্লাহ সা.-এর এই আচরণ কাফেরদের সদাচরণেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। ২৮৭
টিকাঃ
২৭৭ সূরা ইবরাহীম ৩৬।
২৭৮ সূরা মায়িদা: আয়াত ১১৮।
২৭৯ সূরা নূহ: আয়াত ২৬।
২৮০ সূরা ইউনুস: ৮৮।
২৮১ মুসনাদে আহমাদ: ১/৩৮৩; তাফসীরে ইবনে কাসীর: ২/৩২৫।
২৮২ সূরা আনফাল : ৬৭।
২৮৩ মুঈনুস সীরাহ: ২০৯।
২৮৪ আত-তারবিয়াতিল জিহাদিয়াহ: ১/১৪১।
২৮৫ সুনানে আবু দাউদ: ২৬৮৯।
২৮৬ মুঈনুস সীরাহ: ২০৮।
২৮৭ আত তারবিয়াতুল কিয়াদিয়া: ৩/৫৪।
📄 উতবা ইবনে আবী মুঈত ও নযর ইবনে হারেসের হত্যাকাণ্ড
মুতয়িম ইবনে আদীর মতো ভদ্রলোকের কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি উকবা ইবনে আবী মুঈত ও নাযার ইবনে হারেসের মতো পাষণ্ড ব্যক্তিদের অনিষ্ট থেকে মুক্তি পাওয়া প্রয়োজন ছিল। এরা উভয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের আগুন জ্বালাতো। মুসলমানদের ওপর নানাবিধ নির্যাতন ও অত্যাচারের মূলে ছিল এরা। ইসলামের এই ক্রান্তিকালে তাদের মতো বিদ্বেষী ও পাষণ্ড ব্যক্তিদের মুক্তি দেওয়া ছিল ইসলাম ও مسلمانوں বিরুদ্ধে আরও শত্রুতা করার সুযোগ দেওয়ার নামান্তর। ২৮৮
তাই রসূল সা. মদীনা ফেরার পথে সাফরা নামক স্থানে পৌছে তাদের উভয়কে হত্যার নির্দেশ দেন। উকবা ইবনে আবী মুঈত নিজের প্রাণদণ্ডাদেশের কথা জানতে পেরে বলতে থাকে, আমার ধ্বংস হোক হে কুরায়েশ সম্প্রদায়! সবাইকে বাঁচিয়ে রেখে কেন শুধু আমাকেই হত্যা করা হচ্ছে?
রসূলুল্লাহ সা. জবাবে বলেন, আল্লাহ ও তার রসূলের সাথে তোমার শত্রুতা ও বিদ্বেষের কারণে তোমাকে হত্যা করা হচ্ছে। উত্তরে সে বলে, আমার সাথে সদয় আচরণ করাই কল্যাণকর হবে। আমার সাথে আমার গোত্রের অন্যদের মতোই আচরণ করা হোক। যদি তাদের হত্যা করা হয়, তাহলে আমাকেও তাদের সাথে হত্যা করা হোক। তাদের সাথে দয়ার আচরণ করা হলে আমার সাথেও অনুরূপ আচরণ করা হোক। যদি মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্ত করে দেওয়া হয়, তাহলে আমাকেও সেই সুযোগ দিন হে মুহাম্মাদ! আমার অবর্তমানে কে আমার সন্তানদের দেখাশোনা করবে? রসূলুল্লাহ সা. জবাবে বলেন, 'আগুন।' অতঃপর তিনি বলেন, 'হে আসেম, এগিয়ে গিয়ে তার মস্তক ছিন্ন করো।১২৮৯
আসেম রা. নির্দেশ পালন করেন। ২৯০
নাযার ইবনে হারেস ছিল কুরায়েশদের সবচেয়ে কুটিল ও কুচক্রী সেনাদের অন্যতম। রসূলুল্লাহ সা.-কে নানাভাবে কষ্ট দেয়া ও তার সাথে শত্রুতা করাই ছিল তার কাজ। সে হীরায় কিছুকাল কাটিয়েছিল এবং সেখান থেকে পারস্যের রাজাদের কিছু কাহিনী শিখে এসেছিল। রুস্তম ও ইসফিন্দিয়ারের উপাখ্যানও সে জানতো। রসূলুল্লাহ সা. যখনই কোনো বৈঠকে বসে আল্লাহর বাণী শোনাতেন এবং তার জাতিকে পূর্বতন জাতিগুলো কীভাবে আল্লাহর রোষের শিকার হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল সেসব কথা উল্লেখ করে হুঁশিয়ার করতেন, তখন রসূলুল্লাহ সা. কথা শেষ করে উঠে যাওয়া মাত্রই সে বলতো, হে কুরায়েশ, আমি মুহাম্মাদের চেয়েও সুন্দর কাহিনী বলতে পারি। এসো আমি তোমাদেরকে তার কথার চেয়ে চটকদার কাহিনী শোনাই। অতঃপর সে তাদেরকে পারস্যের রাজাদের এবং রুস্তম ও ইসফিন্দিয়ারের উপাখ্যান শোনাতো। তারপর বলতো, মুহাম্মাদ আমার এসব কথার চেয়ে কি সুন্দর কথা বলতে পারে? ২৯১
আল্লাহ তাআলার ব্যাপারে কোনো জ্ঞান তার ছিল না। দম্ভভরে মিথ্যা শপথ করে সে বক্তব্য দিতো। সে মনে করতো, আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাবের চাইতে উত্তম আলোচনা করতে সে সক্ষম। সে দাবি করতো তার বক্তব্য রসূলুল্লাহ সা.-এর বক্তব্যের চাইতে উত্তম। এমন ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর সামনে যখন বন্দী হিসেবে উপনীত হয়, তখন রসূলুল্লাহ সা. তাকে তার উপযুক্ত শাস্তি দেওয়াই যথার্থ মনে করলেন। তাই তিনি তাকে ওইসব বন্দীদের অন্তর্ভুক্ত করলেন না, যাদের ব্যাপারে মুক্তিপণের সিদ্ধান্ত গৃহীহ হয়েছিল। ২৯২
তিনি তাকে হত্যার নির্দেশ দেন। আলী ইবনে আবী তালিব রা. তাকে হত্যা করেন। ২৯৩
এই দুই অপরাধীকে হত্যা করা হলে মুসলমানরা এটা ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে, এই ধরনের অবাধ্য ব্যক্তিদের সাথে নম্র আচরণের কোনো সুযোগ নেই। এরা অপরাধের হোতা ও পথভ্রষ্টকারী। তাদের সাথে সদাচরণের কোনো মানে হয় না। তারা নিজেদের কৃতকর্মের মাধ্যমে ক্ষমাপ্রাপ্তির কোনো সুযোগ বাকি রাখেনি। ২৯৪
ইসলাম ও مسلمانوں কুৎসা রটনা, তাদের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপনে এদের নাম ছিল শীর্ষে। ২৯৫
টিকাঃ
২৮৮ মুহাম্মাদ আহমাদ বাশমীল, গাযওয়াতু বদর আলকুবরা ১৬২। ঈষৎ সংক্ষেপিত।
২৮৯ মাজমাউয যাওয়ায়িদ: ৬/৮৯।
২৯০ আত তারবিয়াতুল কিয়াদিয়া: ৩/৬০।
২৯১ সীরাতে ইবনে হিশাম: ১/৪৩৯-৪৪০।
২৯২ আত তারবিয়াতুল কিয়াদিয়া: ৩/৫৭।
২৯৩ সীরাতে ইবনে হিশাম ২/২৫৫।
২৯৪ আত তারবিয়াতুল কিয়াদিয়া: ৩/৬০।
২৯৫ আল বিদায়া ওয়ান নিহায়া: ৩/৩০৬।
📄 যুদ্ধবন্দীদের সাথে সদাচরণের উপদেশ ও মুক্তিপণ আদায়
মদীনা মুনাওয়ারায় ফিরে এসে রসূলুল্লাহ সা. সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধবন্দীদের বণ্টন করে দেন। এদের ব্যাপারে নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, তোমরা এদের সাথে ভালো আচরণ করো। ২৯৬
তার এই উপদেশ ছিল কুরআনে কারীমের সে আয়াতের বাস্তবরূপ :
وَ يُطْعِمُوْنَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِيْنًا وَيَتِيْمًا وَأَسِيرًا
তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকীন, এতিম ও বন্দীকে খাদ্য দান করে। ২৯৭
মুসআব ইবনে উমায়ের রা.-এর ভাই আবু আযীয ইবনে উমায়ের নিজের চোখে দেখা অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি বদরযুদ্ধের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম। রসূলুল্লাহ সা. সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন, 'তোমরা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করো। আমি আনসারদের একটি দলের সাথে ছিলাম। রসূলুল্লাহ সা.-এর নির্দেশের কারণে তারা নিজেরা সকাল-বিকাল খেজুর খেয়ে কাটাতেন; কিন্তু আমাকে যবের রুটি খেতে দিতেন। ২৯৮
আবুল আস ইবনে রাবী বলেন, আমি আনসারদের একটি দলের কাছে বন্দী অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা তাদের সদাচরণের প্রতিদান দান করুন। সকাল-সন্ধ্যা যখনই তারা খেতেন, আমাকে রুটি খেতে দিতেন। অথচ নিজেরা খেজুর খেতেন। মদীনায় সাধারণত খেজুরই সহজলভ্য ছিল। রুটি খুব কম তৈরি করা হতো। তাদের কারও অংশে রুটির টুকরো চলে এলে তারা তা আমাকে দিয়ে দিতেন। ওয়ালিদ ইবনে মুগীরাও বদরযুদ্ধের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনিও এ ধরনের বর্ণনা দিয়েছেন। তিনি এ-ও বলেন, যাদের কাছে আমি বন্দী অবস্থায় ছিলাম, তারা নিজেরা পায়ে হেঁটে আমাকে বাহনে আরোহন করিয়েছেন। ২৯৯
মুসলমানদের চরিত্র মাধুরি এমনই ছিল। কুরআনে কারীমে মুমিনদের এমন গুণাবলির কথাই এসেছে। রসূলের মুখে শোনা কুরআনের শিক্ষার আলোকেই সাহাবায়ে কেরাম রা.-এর মধ্যে এমন গুণাবলি জন্ম নিয়েছিল। সাহাবায়ে কেরামের আচরণ দেখে যুদ্ধবন্দী কুরায়েশ নেতাদের কয়েকজন ইসলামের প্রতি আকৃষ্ট হন। যেমন, আবু আযীয ইবনে উমায়ের যুদ্ধবন্দীদের ব্যাপারে রসূলুল্লাহ সা.-এর নির্দেশের পরিপূর্ণ বাস্তবায়ন দেখে মদীনা মুনাওয়ারা পৌঁছার পরপরই ইসলাম গ্রহণ করেন। সায়েব ইবনে উবায়েদও নিজের মুক্তিপণ আদায় করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন। ৩০০
যেসব যুদ্ধবন্দী মুক্তি পেয়েছিল, তারা নিজেদের আবাসস্থলে ফিরে গেলেও তাদের অনেকের মনে প্রভাব বিস্তার করে রেখেছিল ইসলামের বাণী। আর তাই তারা রসূলুল্লাহ সা.-এর উন্নত চরিত্র ও হৃদ্যতাপূর্ণ আচরণের কথা আলোচনা করতো। তার প্রশংসায় পঞ্চমুখ থাকতো। ৩০১
যুদ্ধবন্দীদের সাথে এমন হসতাপূর্ণ আচরণ ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্যের একটি দৃষ্টান্ত। ইসলামের শত্রুরাও সাহাবায়ে কেরামের উত্তম চরিত্র ও আচরণের কারণে প্রভাবিত হয়ে পড়ছিল। ৩০২
টিকাঃ
২৯৬ প্রাগুক্ত: ৩/৩০৭।
২৯৭ সূরা দাহর: ৮।
২৯৮ মাজমাউজ যাওয়ায়িদ: ৬/৮৬।
২৯৯ ওয়াকেদী প্রণীত মাগাযী: ১/১১৯।
৩০০ সাদেক উরজুন, মুহাম্মাদুর রসূলুল্লাহ ৩/৪৭৪।
৩০১ সাদেক উরজুন, মুহাম্মাদুর রসূলুল্লাহ: ৩/৪৭৪।
৩০২ আত তারীখুল ইসলামী: ৪/১৭৫।
📄 রসূলুল্লাহ সা.-এর চাচা আব্বাসের মুক্তিপণ
কুরায়েশ নেতারা নিজেদের যুদ্ধবন্দীদের মুক্তিপণ রসূলুল্লাহ সা.-এর কাছে পাঠান। আব্বাস রা. বলেন, হে আল্লাহর রসূল! আমিতো পূর্ব থেকেই মুসলমান। রসূলুল্লাহ সা. বলেন, আল্লাহ তাআলা আপনার ইসলাম সম্পর্কে অবগত আছেন। যদি আপনার দাবি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দেবেন। কিন্তু আমরা আপনার বাহ্যিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। সে মতে আপনি শত্রুপক্ষের লোক। তাই আপনাকে নিজের ও আপনার দুই ভাতিজার মুক্তিপণ আদায় করতে হবে। আব্বাস বললেন, হে আল্লাহর রসূল! আমার কাছে কোনো সম্পদ নেই। রসূলুল্লাহ সা. বললেন, আপনি ও আপনার স্ত্রী উম্মুল ফযল মিলে যে সম্পদ মাটিতে পুঁতে রেখেছেন তা কোথায়? যে সম্পদ মাটিতে লুকিয়ে রেখে আসার সময় আপনি তাকে বলছিলেন, যদি আমি এই যাত্রায় মৃত্যুবরণ করি, তাহলে ফযল, আবদুল্লাহ ও কুসামের জন্য এই সম্পদ কাজে লাগাবে। আব্বাস বললেন, আল্লাহর শপথ হে আল্লাহর রসূল! আমি ভালোভাবেই জানি আপনি আল্লাহর রসূল। কেননা আমার প্রোথিত এ সম্পদ সম্পর্কে আমি ও উম্মুল ফযল ছাড়া অন্য কেউ জানে না। আপনি আমার কাছ থেকে যে বিশ উকিয়া মাল পেয়েছেন তা থেকে হিসাব করে রেখে দিন। রসূলুল্লাহ সা. বললেন, সেই সম্পদ তো আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের দিয়ে দিয়েছেন।' অতঃপর আব্বাস রা. নিজের, তার উভয় ভাতিজার এবং তার মিত্রের মুক্তিপণ আদায় করেন। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন:
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
হে নবী, তোমাদের হাতে যে সব যুদ্ধবন্দী আছে, তাদেরকে বল, যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোন কল্যাণ আছে বলে জানেন, তাহলে তোমাদের থেকে যা নেয়া হয়েছে, তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে, তাহলে তারা তো পূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। অতঃপর তিনি তাদের উপর (তোমাকে) শক্তিশালী করেছেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। ৩০০
আব্বাস রা. বলেন, অতঃপর আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের পর আমাকে মুক্তিপণ হিসেবে আদায় করা বিশ উকিয়ার পরিবর্তে বিশজন গোলাম দান করেন। প্রতিটি গোলামের কাছেই এমন সম্পদ ছিল, যার মাধ্যমে তারা ব্যবসা করতো। আশা করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। ৩০৪
পবিত্র কুরআনের এই আয়াত যদিও আব্বাস রা.-এর ব্যাপারে নাযিল হয়েছিল, কিন্তু এর বিধান সকল বন্দীদের জন্যই প্রযোজ্য ছিল। কেননা, বিশেষ শব্দের মাধ্যমে বর্ণিত বিধানের ক্ষেত্রেও কুরআনে কারীমে ব্যাপক অর্থ উদ্দেশ্য হয়ে থাকে। ৩০৫
আনসারদের কেউ কেউ রসূলুল্লাহ সা.-এর কাছে তাদের ভাগিনা আব্বাসকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়ার অনুমতি চাইলে রসূলুল্লাহ সা. তাদের বলেন, আল্লাহর শপথ, তোমরা তার মুক্তিপণ থেকে এক মুদ্রাও হ্রাস করবে না। ৩০৬
আনসারগণ নবীজির মর্যাদার প্রতি কতটা লক্ষ্য রাখতেন দেখুন! তারা এক্ষেত্রে অনুমতি প্রার্থনা করতে গিয়ে 'রসূলুল্লাহ সা.-এর চাচা' বলে উল্লেখ না করে 'নিজেদের ভাগিনা' ৩০৭ হওয়ার কথা উল্লেখ করেছেন। কারণ, 'রসূলের চাচা' বললে মনে হতো, যেন তারা রসূলুল্লাহ সা.-এর ওপর অনুগ্রহ করতে চাচ্ছেন। এই কথা থেকে তাদের বুদ্ধিমত্তা ও সুরুচি প্রকাশ পায়। রসূলুল্লাহ সা. তাদের এ আবদারে সাড়া দেননি যেন দীনের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি জায়গা করে নিতে না পারে। ৩০৮
রসূলুল্লাহ সা.-এর এই আচরণ থেকে অন্যান্য যুদ্ধবন্দী ও মুসলমানরা কোনো অবস্থাতেই স্বজনপ্রীতি না করার শিক্ষা পায়। রসূল সা. বরং উল্টোটা করেন। নিজের চাচার মুক্তিপণ আরো বাড়িয়ে দেন। ৩০৯
আব্বাস নিজের ও নিজের ভাতিজার মুক্তিপণ আদায় করে ফিরে আসেন মক্কায়। তিনি নিজের ইসলাম গ্রহণের বিষয়টি লুকিয়ে রেখে অত্যন্ত সুকৌশলে পবিত্র মক্কা নগরীতে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনে ব্রত থাকেন। যার সফলতা দেখা দেয় মক্কা বিজয়ের মাধ্যমে। এর পূর্বেও কয়েকবার তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। ৩১০
টিকাঃ
৩০৩ সূরা আনফাল: ৭০-৭২।
৩০৪ মুসনাদে আহমদে (৩৩১০) এই বিবরণ প্রায় এভাবেই বর্ণিত হয়েছে।
৩০৫ হাদীসুল কুরআনিল কারীম আন গাযাওয়াতির রসূল: ১/১৩২।
৩০৬ ফাতহুল বারী: ৭/৩২১।
৩০৭ কেননা, হজরত আব্বাসের নানী, আবদুল মুত্তালিবের স্ত্রী ছিলেন মদিনার বনু নাজ্জার বংশোদ্ভূত।
৩০৮ সুবুলুর রাশাদ: ৪/১৩৫।
৩০৯ আবু শাহবা প্রণীত আসসীরাতুন নববিয়্যাহ ২/১৭৬।
৩১০ আত তারবিয়াতুল কিয়াদিয়া: ৩/৬৮।