📘 নবী (ﷺ) জীবনের টুকরো কথা 📄 দৃঢ়তা

📄 দৃঢ়তা


ইতিহাসখ্যাত হুনাইন যুদ্ধ। বার কিংবা চৌদ্দ হাজার মুসলিম সৈন্যের বিশাল বাহিনী। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সে বাহিনীর প্রধান সেনাপতি। মুসলিম সৈন্য সংখ্যার আধিক্যে কাফের সৈন্যরা ভয় পেয়ে গেলো। তাই তারা এক গোপন ফন্দি আঁটলো। তারা একটি গুপ্তস্থানে লুকিয়ে থেকে তথা হতে হঠাৎ মুসলিম বাহিনীর প্রতি বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করতে লাগলো। মুসলিম সেনাবাহিনী কিছু বুঝে উঠার আগেই তাদেরকে ছত্র-ভঙ্গ করে দেয়া হলো।

কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুসলিম বাহিনী বিভিন্ন দিকে ছুটে পালাতে লাগলো। এ চরম বিভীষিকাপূর্ণ মুহূর্তেও দৃঢ়তার বেনযীর আদর্শ, নির্ভীক সিপাহসালার প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়ার পিঠ থেকে এক লাফে নেমে একাই মুকাবিলার জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলিম সৈন্যরা যখন এদিক ওদিক ছুটে পালাচ্ছিলো তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রুদের উদ্দেশ্যে সাহসী ও নির্ভীক কণ্ঠে বুলন্দ আওয়াযে বলতে লাগলেন, "আমি কোন মিথ্যা নবী নই, আমি আবদুল মুত্তালিবের বংশোদ্ভূত নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

হযরত আব্বাস (রাযি.) এ দৃশ্য অবলোকন করে (প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইশারায়) চিৎকার মেরে মুসলিম সৈন্যদের ডাকতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই মুসলিম সেনা বাহিনীর চৈতন্য ফিরে এলো। তারা পুনরায় ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় এসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চার পাশে জড়ো হলো। ক্ষণিকের মধ্যেই যুদ্ধের মোড় পাল্টে গেলো। ময়দানে মুসলিম সৈন্যদের বিজয়ের পাল্লা ভারী হয়ে উঠলো। মুসলিম সৈন্যদের হাতে অমুসলিম বাহিনী সাংঘাতিকভাবে মার খেলো। তারা পালহীন মেষের ন্যায় এদিক ওদিক ছুটাছুটি করে পালিয়ে জীবন বাঁচালো।

এ কথা বাস্তব সত্য যে, এ যুদ্ধে মুসলমানদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৃঢ়চিত্ততা ও নির্ভীক মনোবলই আল্লাহপাকের সাহায্যে এ যুদ্ধে মুসলিম সৈন্যদের বিজয় লাভের পথ সুগম করেছে। মুসলমানদের নিশ্চিত পরাজয়ের হাত থেকে উদ্ধার করে তাদের বিজয় মাল্যে ভূষিত করেছে। বিশ্ব ইতিহাসে অসংখ্য দৃঢ়তার আলোচনা এসেছে। এ দুনিয়া অনেক সাহসিকতার ঘটনা প্রত্যক্ষ করেছে। কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে যে দৃঢ়তা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ও বেনযীর দৃষ্টান্ত।

📘 নবী (ﷺ) জীবনের টুকরো কথা 📄 বিলাস বিহীন জীবন

📄 বিলাস বিহীন জীবন


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম রাষ্ট্র সমূহের রাষ্ট্রপ্রধান। বাইতুল মালসহ রাষ্ট্রের বিভিন্ন অর্থ সম্পদ তারই হাতের মুঠোয়। যখন যা ইচ্ছা তিনি যে কোন খাতে ব্যয় করার পূর্ণ অধিকার রাখেন। কিন্তু তিনি তো তাঁর অধিকারকে হিসাব-নিকাশ করে প্রয়োগ করবেন। কারণ তিনি দুনিয়ায় প্রেরিত হয়েছেন গোটা বিশ্ব মানবের মু'আল্লিম বা শিক্ষকরূপে।

আর তাই রাষ্ট্র প্রধান হয়েও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের ঘর তৈরী করলেন খেজুর গাছের খুঁটি আর আড়া দিয়ে। সে ঘর এতই সংকীর্ণ ছিলো যে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদের নামাযে দাঁড়ালে বিবি আয়িশা (রাযি.) তার সামনে শায়িত অবস্থায় থাকতেন। হযরত আয়িশা (রাযি.)-এর পা ছড়ানো থাকলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদা করতে পারতেন না। হযরত আয়িশা (রাযি.) পা গুটালে তিনি সিজদা করতে পারতেন। উচ্চতাও এত কম ছিলো যে, মাত্র দশ বার বৎসরের কোন বালকও সে ঘরের ছাদ হাত দ্বারা নাগাল পেতো।

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গৃহের দরজায় লটকানো ছিলো লোমের চট। অনেক সময় এমন হতো যে দীর্ঘ একমাস ধরেও তাঁর চুলায় আগুন জ্বলতো না। শুধু শুকনো খেজুর আর পানি পান করেই পরিবারবর্গ জীবন যাপন করতেন। কখনো বা রুটি খেতেন, তবে তাও কোন উন্নতমানের মিহিন ময়দার রুটি নয় বরং তা ছিলো জবের খশখশে রুটি। গমের রুটি আর গোস্ত খুব কমই জুটতো। পাতলা চাপাতি রুটি তৈরীর কথা যেনো কল্পনাও করা যায় না। জামা কাপড় ছিড়ে গেলে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাতে তালী লাগাতেন। জুতা ছিড়ে গেলে তাও তিনি নিজ হাতেই সেলাই করতেন।

লক্ষ-কোটি সরকারী আয়ের মুদ্রা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে বণ্টিত হতো। কত গরীব-অনাথ অসহায় তারই আর্থিক আনুকূল্য লাভে পরিতৃপ্ত হয়েছে। কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিজের অবস্থা একটু তাকিয়ে দেখলে, তার প্রতি একটু গভীরভাবে লক্ষ্য করলে সুস্থ মনের অভ্যন্তরে যে অবস্থার সৃষ্টি হয়, তাই একজন পথ ভোলা মানুষকে সঠিক পথে এনে দিতে সক্ষম হতে পারে। আমরা কি পারি না বিষয়গুলোকে একটু ভেবে দেখতে?

📘 নবী (ﷺ) জীবনের টুকরো কথা 📄 শান্তি কামিতা

📄 শান্তি কামিতা


প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ অসহায় নন। তার সাথে পনেরো শত জানবায সাহাবীর (রাযি.) এক বিশাল কাফেলা। একটি মাত্র আঙুলির ইশারায় তারা সব লণ্ড-ভণ্ড করে দিতে পারেন, কারণ এ পনেরো শত দুর্দমনীয় সৈন্যের মাত্র তিনশত তের জন সৈন্য বদর প্রান্তরের রণসাজে সজ্জিত প্রায় এক হাজার কাফির সৈন্যকে চরমভাবে পর্যুদস্ত করে দিয়েছিলেন।

ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির কথাই বলছিলাম। পনেরো শত সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে তিনশত মাইল দীর্ঘপথ অতিক্রম করে মক্কার উপকণ্ঠে, মক্কানগরী থেকে মাত্র নয় মাইল দূরে অবস্থিত ঐতিহাসিক হুদাইবিয়ায় এসে পৌঁছেছেন (বর্তমানে যে স্থানটি সুমাইসিয়া নামে পরিচিত)। কিন্তু মক্কাবাসীরা আল্লাহর ঘর যিয়ারতে বাধা দিলো। তার গতিপথ রুদ্ধ করে দিলো, আর একটুও সামনে আগাতে দিবে না।

চরম উত্তেজনার এহেন মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করলেন— "মহান আল্লাহর সম্মানিত নিদর্শনসমূহের সম্মান ক্ষুণ্ণ না হয়। এরূপ যে কোন শর্ত মুশরিকরা আরোপ করে— আজ আমি তা মেনে নিব।"

সন্ধির কথা আলোচনা হলো। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা মেনে নিলেন। সন্ধিপত্রের গায়ে "বিসমিল্লাহ” লিখায় মুশরিকরা আপত্তি জানালো। আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামের সাথে "রাসূলুল্লাহ" শব্দ লিখায় তারা তার বিরোধিতা করলো। তিন শত মাইল অতিক্রম করে এত কাছাকাছি এসেও আল্লাহ পাকের ঘর যিয়ারত না করেই পুনরায় ফিরে যাওয়ার শর্ত আরোপ করলো।

শান্তির বার্তাবাহক, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান অগ্রদূত, একমাত্র শান্তি রক্ষার মহান লক্ষ্যে উপরোক্ত কথাগুলোসহ আরো অনেক অবাঞ্ছিত ও অযৌক্তিক কথা-বার্তা সব মেনে নিয়ে মক্কার মুশরিকদের সাথে দশ বৎসর মেয়াদী 'যুদ্ধ নয় শান্তি' চুক্তি সম্পাদন করে পুনরায় ফিরে এলেন। শক্তি সামর্থ থাকা সত্ত্বেও এহেন অযৌক্তিক ও অন্যায় শর্তাবলী মেনে নিয়ে শুধু শান্তি প্রতিষ্ঠা ও তা অক্ষুন্ন রাখার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মহান ধৈর্য্য ও সহিষ্ণুতার পরিচয় দিলেন, তা যুগ যুগ ধরে শান্তিকামী বিশ্ববাসীর কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

📘 নবী (ﷺ) জীবনের টুকরো কথা 📄 অপূর্ব আচরণ

📄 অপূর্ব আচরণ


ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করার কোন সুযোগই হাত ছাড়া করেনি ওরা, ছাড়েনি মুসলমানদের ক্ষতিসাধনের কোন ফাঁক-ফোকড়। ওরা মুনাফিক, ওদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে সারাটা জীবন ষড়যন্ত্র করেছে। ধোঁকা-প্রতারণা করে মুসলমানদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত ছিলো সদা সর্বদা। সর্বোপরি উম্মুল মুমিনীন হযরত আয়িশা সিদ্দীকা (রাযি.)-এর পবিত্র চরিত্রে কলঙ্ক লেপে দেয়ার ব্যর্থ চেষ্টায়ও সে মুনাফিক সরদার মুখ্য ভূমিকা পালন করেছে।

এত কিছুর পরেও উত্তম আদর্শের মূর্তপ্রতীক প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদা-সর্বদা তার প্রতি সদাচরণ প্রদর্শন করেছেন। এ মুনাফিক সরদার দুরাচার আব্দুল্লাহ ইবনে উবাই যখন অন্তিম শয্যায় শায়িত তখন স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর কাছে এক বিশেষ আবদার জুড়ে দেয়। সে বলে, আমার একটি অন্তিম বাসনা হচ্ছে, আপনি দয়া করে আপনার একটি জামা আমার কাফন হিসেবে দান করুন এবং আপনার কাছে আমার অনুরোধ যে, আপনি আমার জানাযা নামায পড়াবেন।

আব্দুল্লাহ ইবনে উবাই একথা ভাল ভাবেই জানতো যে, একমাত্র ইসলামই সঠিক ও সত্য ধর্ম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই হক ও সত্যনবী কিন্তু সেতো আজীবন সে ধর্ম এবং তার বাহক নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে তার কুটিল স্বভাব হেতু বিদ্বেষ প্রদর্শন করেছে। এখন মউতের সময় সে কাফনের জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জামা দেয়ার জন্য এবং তার জানাযা স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে পড়ানোর জন্য অনুরোধ করলো যাতে এ অসীলায় তার পরকালে নাজাতের পথ সুগম হয়।

হযরত উমর (রাযি.) মুনাফিক সরদারের অতীত অপকর্মসমূহের কথা উল্লেখ করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার আবদার পূরণে সম্মত না হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রহমতে আলম, দয়ার সাগর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে উবাইর উভয় আবদারই পূর্ণ করতে সম্মত হলেন এবং পরে তা তিনি বাস্তবেও পূর্ণ করলেন। এবং বললেন, আমাকে যদি একথা বলা হতো যে, সত্তরের অধিকবার মাগফিরাতের দু'আ করলে তাকে ক্ষমা করে দেয়া হবে তবে আমি তার জন্য তার চাইতেও অধিক বার দু'আ করতাম। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অপূর্ব আচরণে মুনাফিকদের মাঝে দারুণ প্রভাবের সৃষ্টি হলো। তারা আস্তে আস্তে খাঁটি ও প্রকৃত মুসলমান হয়ে যেতে লাগলো।

ফন্ট সাইজ
15px
17px