📘 নবীজীর ﷺ হাসি > 📄 সুসংবাদ শুনে নবীজীর আনন্দ

📄 সুসংবাদ শুনে নবীজীর আনন্দ


হযরত আবু তালহা আনসারী (রা.) বলেন- একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তখন তাঁকে আনন্দিত মনে হচ্ছিল। আনন্দের আলামত তাঁর চেহারায় পরিস্ফুট ছিল। আমি বললাম, হযরত! আজ তো আপনাকে খুব আনন্দিত মনে হচ্ছে। তিনি বলেন- আমার রবের পক্ষ থেকে এখনই ওহী এসেছে, যে ব্যক্তি তোমার উম্মতের মাঝে তোমার প্রতি দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় দশটি নেকী লিখে দেবেন। দশটি গুনাহ ক্ষমা করে দেবেন। মর্যাদার দশটি ধাপ উন্নীত করবেন। [আহমদ, তাবারানী, তাফসীর ইবনে কাসীর ৩ : ৬১৬]

📘 নবীজীর ﷺ হাসি > 📄 হযরত আয়েশা (রা.)-এর পছন্দ দেখে নবীজীর হাসি

📄 হযরত আয়েশা (রা.)-এর পছন্দ দেখে নবীজীর হাসি


হযরত আয়েশা (রা.) বলেন, আল্লাহ তাআলা যখন নবীজীকে তাঁর স্ত্রীদের ব্যাপারে নির্দেশ দিলেন যে, তাদেরকে বলো, যারা পার্থিব আসবাবপত্র চাচ্ছে তারা আপনার থেকে আলাদা হয়ে যাক। অর্থাৎ তাদেরকে তালাক দিয়ে দাও। আর যে অল্পতুষ্টি নিয়ে থাকতে চাইবে তারা থাকবে। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করেন। আমাকে বললেন যে, এক ব্যাপারে তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে। কিন্তু তুমি এর সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করো না। আগে তোমার পিতা-মাতার সাথে পরামর্শ কর। আমি বললাম, তা কী? তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পড়ে শোনান-
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لَّا زُوَاجِكَ إِنْ كُنْتُنَّ يُرِدْ نَ الْحَيواةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَاسْتَدٍ حُكُنَّ سَرَاحًا جَمِيلًاه وَإِنْ كُنْتُنَّ يُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْأَخِيرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنِينَ مِنْكُنَّ أَحْبِرًا عَظِيمًا
আমি সাথে সাথে বললাম- আমি আল্লাহ এবং তাঁর রাসূলকে পছন্দ করি। এ ব্যাপারে আবু বকর ও উম্মে রুমানের সাথে পরামর্শ করার প্রয়োজন কী? এটা শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং আমাকে তাঁর কোলে নিয়ে নিলেন। [তাফসীরে ইবনে কাসীর: ৩: ৫৮১]

📘 নবীজীর ﷺ হাসি > 📄 এক লোকের সাথে নবীজীর কৌতুক

📄 এক লোকের সাথে নবীজীর কৌতুক


হযরত আনাস (রা.) বলেন, এক ব্যক্তি নবীজীর দরবারে উপস্থিত হলো। বললো, হে আল্লাহর রাসূল! আমার বাহনের প্রয়োজন। আমাকে উটে চড়িয়ে দিন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কৌতুকচ্ছলে) বললেন- তোমাকে উটের বাচ্চার উপর চড়িয়ে দেব। লোকটি অসহায়চিত্তে বললো, হে আল্লাহর নবী! আমি উটের বাচ্চা দিয়ে কী করবো? নবীজী বলেন- বড় যত উট আছে সবই তো উটনির বাচ্চা। [শামায়েলে তিরমিযী: ১৭]

📘 নবীজীর ﷺ হাসি > 📄 এক মহিলার সাথে নবীজীর কৌতুক

📄 এক মহিলার সাথে নবীজীর কৌতুক


হযরত হাসান (রা.) বলেন, নবীজীর দরবারে এক বৃদ্ধা মহিলা আসলেন। যাঁর নাম হযরত সফিয়্যা বিনতে আবদুল মুত্তালিব (রা.)। তিনি সম্পর্কে নবীজীর ফুফু। তিনি বলেন- হে আল্লাহর রাসূল! আপনি আল্লাহর কাছে দুআ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করান। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- হে অমুকের মা! কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না।
এটা শুনে তিনি কাঁদতে কাঁদতে চলে যান। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন- যাও, তাকে বলো, তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না; (বরং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জোয়ান অবস্থায় জান্নাতে নিয়ে যাবেন।) কেননা, আল্লাহ তাআলা বলেন- আমরা তাদেরকে নবযৌবনা বানিয়েছি। [শামায়েলে তিরমিযী: ১৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00