📄 হযরত জিবরাঈল (আ.)-এর হাসি দেখে নবীজীর হাসি
হযরত আবদুল্লাহ ইবনে রাইয়াব (রা.)। আনসারগণের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি নবীজীর সাথে বদর, উহুদ, খন্দক এমনকি সবক'টি যুদ্ধে অংশ নেন।
আবদুল্লাহ (রা.) বলেন, ছয় ব্যক্তি প্রথমদিকে ইসলাম গ্রহণ করেন। তারা হলেন বনি নাজ্জারের আস'আদ ইবনে যুরারা (রা.), আউফ ইবনে মালিক (রা.), রাফে ইবনে মালিক ইবনে আজালান (রা.), কুতবা ইবনে আমির (রা.), উকবা ইবনে আমির (রা.) এবং জাবির ইবনে আবদুল্লাহ ইবনে রাইয়াব (রা.)। এই আবদুল্লাহ ইবনে রাইয়াব (রা.) বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আমি নামায পড়ছিলাম। জিবরাঈল (আ.) আমার পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি আমার দিকে তাকিয়ে হাসেন এবং আমিও তাঁর দিকে তাকিয়ে হেসে দিই। [উসুদুল গাবাহ]
📄 জারুদ ইবনে মুআলা (রা.)-এর ইসলাম গ্রহণে নবীজীর আনন্দ
জারুদ ইবনে মুআল্লা (রা.) কে অনেকে বলেন, তিনি ইবনে আ'লা। অনেকে বলেন, তিনি জারুদ ইবনে আমর। তিনি আবদুল কায়েস গোত্রের লোক ছিলেন।
তাঁর ডাক নাম ছিল আবুল মুনযির। অনেকে বলেন- আবু গিয়াস। অনেকে বলেন- আবু ইতাব। মোটকথা তাঁর নাম ও ডাকনামের ব্যাপারে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তাঁকে জারুদ এজন্য বলা হতো যে, তিনি জাহেলী যুগে বকর ইবনে ওয়াইলের সম্পদ লুটপাট করেছিলেন।
তিনি দশ হিজরী সালে নবীজীর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথমে খৃষ্টান ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন। তাঁকে সম্মান প্রদর্শন করেন। তাঁকে নৈকট্য দান করেন। ইরান বা নাহাওন্দ এলাকায় তিনি শাহাদত বরণ করেন। [উসুদুল গাবাহ: ১: ২৬১]
📄 হযরত আয়েশা (রা.)-এর আশ্চর্য হওয়া দেখে নবীজীর হাসি
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- আয়েশা! তুমি চারটি আমল না করে শুতে যেয়ো না।
১. কুরআন শরীফ খতম করে শোবে। ২. সব নবীকে নিজের জন্য সুপারিশকারী বানিয়ে শোবে। ৩. সব মুসলমানকে সন্তুষ্ট করে শোবে। ৪. একটি হজ এবং ওমরা করে শোবে।
তারপর নবীজী নামাযে দাঁড়িয়ে যান এবং হযরত আয়েশা (রা.) বলেন, আমি বিছানায় শুয়ে থাকলাম। নবীজী নামায শেষ করার পর আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম- হে আল্লাহর রাসূল! অল্প সময়ে এত বড় চারটি কাজ কীভাবে সম্পাদন করব?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। বললেন- সূরা ইখলাস তিনবার পাঠ করলে কুরআন মজীদ এক খতম হয়ে যায়। তুমি যখন আমার প্রতি এবং সব নবীগণের প্রতি দরূদ পাঠ করবে তখন সব নবী (আ.) কিয়ামতের দিন তোমার সুপারিশকারী হয়ে যাবেন। তুমি যদি মুমিনদের ক্ষমা প্রার্থনা কর, তাহলে সবাই তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللَّهُ أَكْبَرُ পাঠ কর, তাহলে তোমার একটি হজ ও ওমরা হয়ে যাবে। [দুররুন্নাসিহীন সূত্রে তাফসীরে হানাফী: ১: ২০৭]
📄 হযরত ইকরামা (রা.)-এর ইসলাম গ্রহণে নবীজীর আনন্দ
হযরত ইকরামা ইবনে আবু জেহেল ইসলামের মারাত্মক একজন শত্রু ছিলেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কোমর বেঁধে কাজ করেছেন। এ যুদ্ধেই তাঁর পিতা আবু জেহেল মুয়াজ ও মুয়াওয়াজ (রা.) নামক দুই কিশোর সাহাবীর হাতে নিহত হয়। উহুদের যুদ্ধে ইকরামা এবং খালিদ শত্রুপক্ষের নেতৃত্ব দিয়েছেন। ৫ম হিজরীতে আরবের সব মুশরিক যখন তাদের সব গোত্রের লোকদের একসাথে করে মদীনায় আক্রমণ চালায় তখন বনী কেনানাকে নিয়ে ইকরামা مسلمانوں পতন ঘটানোর জন্য গিয়েছিলেন। মক্কা বিজয়ের সময় মুষ্টিমেয় মৌলবাদী কাফের ছাড়া সবাই আত্মসমর্পণ করেছিল। মৌলবাদী কাফেরদের মধ্যে ইকরামাও ছিলেন।
মক্কা বিজয়ের পর যখন ইসলামের শত্রুদের শক্তি ভেঙে পড়ে। মক্কা এবং আশপাশের এলাকার লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছিল। তখন ঐ মৌলবাদী গোটা কতক কাফের দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। ইকরামাও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ইয়ামানের উদ্দেশে পলায়ন করেন। তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। তিনি নবীজীর কাছে গিয়ে নিজের স্বামীর নিরাপত্তা কামনা করেন। নবীজী প্রস্তাব কবুল করেন। তখন স্ত্রী তার স্বামী ইকরামার খোঁজে বের হন। ইকরামা যখন ইয়ামানের উদ্দেশে জাহাজে আরোহণ করেন তখন বিপদমুক্তির জন্য 'লাত্' আর 'উজ্জা'-এর ধ্বনি তোলেন। সাথীরা বললো- এখানে লাত্ আর উজ্জা কোন কাজে আসবে না। এখানে শুধু এক আল্লাহকে ডাকতে হবে। সমুদ্রের উত্তাল উর্মিমালার বিপদ থেকে বাঁচতে হলে এক আল্লাহকেই ডাকতে হবে। এ কথাটি ইকরামার অন্তরে আঘাত হানল। কুফরির জগদ্দল পাথর ভেঙে চুরমার করে দিল। নিজেকে নিজে বলল- সমুদ্রে যদি এক আল্লাহ থাকেন তবে স্থলে কেন অন্য কেউ? সেখানেও তো তিনিই হবেন। তাই যদি হয়, তাহলে মুহাম্মদের কাছে কেন আমি ফিরে যাব না?
তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে তার কাছে গিয়ে পৌঁছলেন। তাকে বললেন- আমি এমন এক মানুষের কাছ থেকে এসেছি যিনি সবার চেয়ে ভালো। সবার চেয়ে উত্তম। আমি তাঁর পক্ষ থেকে তোমার নিরাপত্তা নিয়ে এসেছি। স্ত্রীর কথা শুনে ইকরামা মক্কার উদ্দেশে ফিরে চলেন। নবীজী তখন মক্কায় অবস্থান করছিলেন। ইকরামাকে দেখে নবীজী আনন্দে আত্মহারা হয়ে যান এবং 'মারহাবা' বলে তাকে সম্ভাষণ জানান।
ইকরামা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে নিরাপত্তা দিয়েছেন?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- তোমাকে নিরাপত্তা দেয়া হয়েছে।
এমন দয়া আর ক্ষমা দেখে ইকরামা লজ্জা আর অনুশোচনায় মাথা নত করে নিলেন। আর ঘোষণা করলেন-
أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ الله
[বুখারী, ইবনে সা'দ, সীরাতে ইবনে হিশাম ২: ২৬৫, সিয়ারুস্ সাহাবা: ৫: ১৬৮]