📄 ভূমিকা
الْحَمْدُ لِلَّهِ وَكَفَى وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيدِ الرُّسُلِ وَخَاتَمِ الْأَنْبِيَاءِ وَعَلَى آلِهِ الْمُجْتَبى وَأَصْحَابِهِ الْأَتْقِيَاءِ وَالْأَصْقِيَاءِ
সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি বিশ্ব মানবতার পরিপূর্ণ রব বা প্রতিপালক, যিনি একাই রব হিসেবে যথেষ্ট। যিনি একাই সৃষ্টি জগতের সব চাহিদা পূরণকারী। অসংখ্য অগণিত দরূদ ও সালাম নবীকুল সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি, যিনি কিয়ামতের দিনের একমাত্র শাফায়াতকারী।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন-
মানুষের উন্নত জীবন যাপনের জন্য অনুসরণীয় উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ। তিনি তাঁর উম্মতের চিন্তায় কাঁদতেন। তাদের ইহ-পারলৌকিক মুক্তির জন্য ভাবতেন। তিনি সব সময় চিন্তায় ডুবে থাকতেন। উম্মতের কল্যাণ চিন্তা তাঁকে বিভোর করে রাখতো। তাঁর একটি গুণ ছিল- সহানুভূতিশীলতা।
তেমনি প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোশ মেযাজও ছিলেন। মিথ্যা থেকে বেঁচে থেকে বিনোদনও করতেন। হাদীস গ্রন্থসমূহে তাঁর ব্যাপারে মুচকি হাসির কথা বর্ণিত হয়েছে। তিনি অট্টহাসি হাসতেন না। এমন কি এটা তিনি নিষেধ করতেন।
প্রিয় পত্নী হযরত আয়েশা (রা.) বলেন- আমি কখনও নবীজীকে পুরো দাঁত বের করে হাসতে দেখিনি, যেভাবে হাসলে আলা জিহ্বা দেখতে পাওয়া যায়। তিনি মুচকি হাসতেন। হযরত আবদুল্লাহ ইবনে হারিস (রা.) বলেন- নবীজীর চাইতে বেশি মুচকি হাসতে দেখিনি। তাঁর হাসি তো ছিল মুচকি হাসি। হযরত জাবির (রা.) বলেন- নবীজী ইশরাকের নামায পড়ে যাওয়ার সময় দেখতেন লোকেরা জাহিলী যুগের কেচ্ছা-কাহিনী বর্ণনা করছে। তখন তিনি মুচকি হাসতেন। হযরত জাবির (রা.) বলেন- সাহাবারা (রা.) যখন কোন কথায় হাসতেন, নবীজীও তাদের সাথে কখনও মুচকি হাসতেন। হযরত হাসীন ইবনে এজিদ (রা.) বলেন- আমি কখনও নবীজীকে হাসতে দেখিনি। তিনি মুচকি হাসতেন। হযরত আবু উমামা (রা.) বলেন- প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে বেশি হাসি-ঠাট্টাকারী এবং খোশ মেযাজের মানুষ ছিলেন।
হযরত ওমরাহ (রা.) বলেন- আমি হযরত আয়েশা (রা.) কে জিজ্ঞেস করলাম যে, নবীজী তাঁর স্ত্রীদের সাথে একাকী হলে কী করতেন? হযরত আয়েশা (রা.) বলেন- তোমাদের পুরুষদের মতই তিনিও একজন পুরুষ ছিলেন। কিন্তু সবার চেয়ে নম্র ভদ্র মানুষ ছিলেন এবং তিনি হাসলে মুচকি হাসি দিতেন।
হযরত সাদ (রা.) বলেন- আমি খন্দক যুদ্ধের দিন নবীজীকে এত হাসতে দেখেছি যে, হাসির সময় তাঁর মাড়ির দাঁত দেখা যাচ্ছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রত্যেকটি ব্যাপারে মানবতার বন্ধু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করার সৌভাগ্য দান করুন। আমীন! [বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে সাদ, আবু নাঈম, ইবনে আসাকির, বায্যার, তাবারানী, শামাইল, বিদায়াহ, হায়াতুস্ সাহাবাহ: ২: ৭৩৪]
দুআ প্রার্থী বান্দা আবদুল গনী তারেক ফাজেল, জামেয়া আশরাফিয়া পাকিস্তান
📄 সূত্র পরম্পরায় (সনদ) প্রমাণিত
শেখ মোহাম্মদ আবদুল বাকী বলেন যে, আমার শায়েখ সালেহ ইবনে আবদুল্লাহ আল মাক্কী আমাকে হাদীস বর্ণনা করেন যে, দোযখ থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি বেহেশতে প্রবেশের চেষ্টায় আল্লাহ তাআলার কাছে বারবার দরখাস্ত করবে। এ হাদীস বর্ণনা করে তিনি মুচকি হাসছিলেন। তিনি বলেন, আমাকে আমার শায়খ মোহাম্মদ ইবনে খলীল এ হাদীস বর্ণনা করার সময় হেসেছিলেন। তাঁর শায়খ মোহাম্মদ আবিদ সিন্ধীও হেসেছেন। তাঁর শায়খ সালেহ আল ফাল্লানী, শায়খ মাওলানা শরীফ, আলী আল হাজউইরী, শেখ আশ্ শামস আর রমলী, শেখ যাকারিয়া আল আনসারী, শেখ ইযযুদ্দীন আবদুর রহীম ইবনে মোহাম্মদ আল্ ফুরাত, আবু হাক্স উমর ইবনে আমীলা, শেখ আবুল হাসান আলী ইবনে আবদুল ওয়াহীদ উরফে ইবনুল বুখারী, আবুল ইয়েমন যায়েদ ইবনে হাসান আল্ কান্দী, আবু আলী আল হুসাইন ইবনে আলী সিবতুল খাইয়াত আল মাস্ত্রী, শেখ হাফিজ আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আতা আল্ ইব্রাহীমী, আবুল কাসেম আবদুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে ইসহাক আল হাফিজুল আবদী, আবুল ফজল আবদুস্ সামাদ ইবনে মোহাম্মদ আল আসিমী, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন আল্ জুরজানী, মোহাম্মদ ইবনে হাইয়ান আস্ সুলামী, আবু মোহাম্মদ মাহদী ইবনে জাফর আর রামালী, হাসান ইবনে মূসা, সাঈদ ইবনে যারবী, সাবিত বুনানী, এঁরা সবাই যার যার ছাত্রদের কাছে হাদীসখানা বর্ণনা করার সময় মুচকি হেসেছেন। সাবিত বুনানীর কাছে বর্ণনা করেন সাহাবী হযরত আনাস ইবনে মালিক (রা.)। তিনিও মুচকি হাসেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীস বয়ান করার সময় মুচকি হাসেন।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাঈল (আ.) যখন এটা বর্ণনা করে শোনান তখন তিনিও মুচকি হেসেছেন। হযরত জিবরাঈল (আ.) বলেন, সর্বশেষ যে লোকটি জাহান্নাম থেকে বের হবে সে আল্লাহ তাআলাকে বলবে, হে রব! আমাকে জাহান্নাম থেকে দূরে কোথাও অবস্থান করতে দাও। তাকে দূরে অবস্থান করতে দেয়া হবে। আবার বলবে, হে রব! আমাকে ঐ গাছটার ছায়ায় পৌঁছে দাও। তাকে গাছের ছায়ায় পৌঁছে দেয়া হবে। আবার সে বলবে, আমাকে বেহেশতের দরজায় পৌঁছে দাও। আবার তাকে বেহেশতের দরজায় পৌঁছে দেয়া হবে। (অথচ সে প্রত্যেকবার আবেদন করার সময় বলবে যে, আমি আর কিছু চাইব না। কিন্তু তারপরও সে চাইবে।) শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুচকি হেসে বলবেন- একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। [আল মানাহিলুস সিলসিলা ফিল্ আহাদীসিল মুসাল সালা: ১০৭]
📄 হযরত আবু হুরায়রা (রা.)-এর দিকে তাকিয়ে নবীজীর মুচকি হাসি
হযরত আবু হুরায়রা (রা.) বলেন, খোদার কসম! আমি ভীষন ক্ষুধার্ত। জ্বালা সইতে না পেরে পেটের ভার মাটিতে রেখে উপুড় হয়ে পড়ে থাকতাম বা পেটে পাথর বেঁধে রাখতাম।
একদিনের ঘটনা। আমি মানুষ চলাচলের রাস্তায় বসে আছি। আমার পাশ দিয়ে আবু বকর (রা.) অতিক্রম করছিলেন। আমি তাঁকে কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার বাহানায় তাঁর সাথে কথা বললাম। উদ্দেশ্য ছিল তাঁর দৃষ্টি আকর্ষণ করা। যেন তিনি আমাকে তাঁর সাথে করে নিয়ে ক্ষুধা নিবারণ করেন। কিন্তু তিনি কোন জবাব দিলেন না। কিছুক্ষণ পর দেখলাম, হযরত উমর (রা.) এ পথ ধরে আসছেন। তাঁর সাথেও আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার বাহানায় কথা বললাম। উদ্দেশ্য একটাই ছিল। কিন্তু তিনিও কিছু বললেন না। কিছুক্ষণ পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ দিয়ে আসলেন। আমার চেহারার দিকে তাকিয়ে তিনি অবস্থা বুঝতে পারলেন এবং বললেন- আবু হুরায়রা। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ! তারপর বলেন, আমার সাথে চলো। তিনি গিয়ে তাঁর ঘরে প্রবেশ করলেন। আমি ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি অনুমতি দিয়ে দেন। ভেতরে ঢুকে এক পেয়ালা দুধ রাখা দেখলাম। তিনি ঘরে জিজ্ঞাসা করলেন, এ দুধ কোথা থেকে এলো? তাঁরা বললেন, অমুক বাড়ি থেকে হাদিয়া পাঠানো হয়েছে।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- আবু হুরায়রা! আমি বললাম- লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ! তারপর তিনি বলেন- আহলে সুফ্ফার সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা (রা.) বলেন- আহলে সুফ্ফা দীনি মেহমান। না তাদের কোন পরিবার-পরিজন ছিল, না কোন ধন-সম্পদ। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যখনই কোন হাদিয়া আসতো, নিজে কিছু রেখে বাকীটুকু তাদের কাছে পাঠিয়ে দিতেন। আর যাকাতের কোন মাল আসলে তা থেকে নিজে কিছুই রাখতেন না, সব আহলে সুফফার কাছে পাঠিয়ে দিতেন। (কেননা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য যাকাত গ্রহণ করা নিষিদ্ধ ছিল।)
হযরত আবু হুরায়রা (রা.) বলেন- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহলে সুফ্ফাকে ডাকার কথায় আমি চিন্তিত হয়ে পড়লাম। কেননা আমি আশা করে ছিলাম যে, এ দুধ থেকে কয়েক ঢোক পান করে বাকী দিন একটু সুস্থভাবে কাটাতে পারবো। কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আহলে সুফ্ফাকে ডাকছেন। সবাই খেয়ে আমার ভাগে আর কতটুকুই বা জুটবে! তারপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ অমান্য করার কোন উপায় নেই। সুতরাং আমি গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তাঁরা এসে অনুমতি নিয়ে ভেতরে গিয়ে বসে পড়েন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি আমার হাতে দিয়ে বললেন- তাদেরকে পান করাও। আমি একেক জন করে পান করাতে লাগলাম। সবাই পেটপুরে খুব তৃপ্ত হয়ে পান করতে থাকেন। যখন সবাইকে পান করিয়ে শেষ করলাম, তখনও পেয়ালায় অনেক দুধ অবশিষ্ট রয়েছে। আমি পেয়ালাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দিলাম। নবীজী মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। আর বললেন, আবু হুরায়রা!
আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ!
নবীজী বললেন, বস এবং পান কর।
আবু হরায়রা (রা.) বলেন, আমি বসে পড়লাম এবং পান করলাম।
তিনি আবার বললেন, পান কর।
আমি আবার পান করলাম।
তিনি বারবার বলেন, পান কর, আমি দুধ পান করতে থাকলাম। শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হলাম যে, ইয়া রাসূলাল্লাহ! আমি আর পান করতে পারছি না। ঐ সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন! আমি পূর্ণ তৃপ্ত হয়ে পিয়েছি।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তাহলে পেয়ালাটা আমাকে দাও।
আমি পেয়ালাটা তাঁকে দিয়ে দিলাম এবং তিনি অবশিষ্ট দুধটুকু পান করে শেষ করেন। [আহমদ, বুখারী, তিরমিযী, বিদায়াহ ও হায়াতুস্ সাহাবা: ১: ৩৩২]
📄 এক বাহকের কথা শুনে নবীজীর মুচকি হাসি
হযরত হানযিয়া (রা.) বলেন- আমরা হযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হুনাইন যুদ্ধের জন্য চললাম। লম্বা সফর ছিল। একদিন সন্ধ্যায় নামাযের সময় হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হলাম। তখনই একজন লোক বাহনে চড়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি আপনাদের আগে আগে এসেছি। অমুক অমুক পাহাড় পাড়ি দিয়ে এসেছি। হাওয়াযিন গোত্রকে দেখেছি, তারা পৈত্রিক মাল-সামান এবং পর্দাশীলা মহিলা এবং গৃহপালিত পশু সাথে করে হুনাইনের দিকে চলে গিয়েছে। এ কথা শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং ইরশাদ করলেন- কালকে ইনশাআল্লাহ এসব মুসলমানের জন্য গনিমতের মালে পরিণত হবে। তারপর বলেন- আজ রাতে আমাদের পাহারাদারী কে করবে?
হযরত আনাস ইবনে মারসাদ (রা.) বলেন- হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি পাহারাদারী করবো।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহনে চড়ো।
তারপর তিনি তাঁর ঘোড়ায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হলেন।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনের ঘাঁটির দিকে চলে যাও। উঁচু জায়গায় থাকবে এবং সারা রাত সেখানে থাকবে।
যখন আমরা সকালে উপনীত হলাম তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের জায়গায় আসলেন। দু'রাকাত নামায পড়লেন। তারপর জিজ্ঞেস করলেন, পাহারাদার আরোহীর কি কোন খবর তোমাদের কাছে আছে?
সবাই বললো, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এখনও কোন খবর পাইনি। এর ভেতরই নামাযের তাকবীর বলা হলো। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটির দিকে তাকালেন। তিনি নামায শেষে বলেন, সুসংবাদ শোন! তোমাদের আরোহী এসে গিয়েছে। আমরা ঘাঁটির আশপাশের গাছ-গাছালির দিকে তাকাচ্ছিলাম, তখন দেখি, তিনি নবীজীর সামনে দাঁড়িয়ে আছেন। এসে তিনি সালাম করলেন এবং বললেন, এখান থেকে গিয়ে আমি উঁচু জায়গায় অবস্থান নিয়েছিলাম। যার নির্দেশ আপনি দিয়েছিলেন। সকাল হওয়ার পর ঘাঁটির সব দিকে চুপিসারে গভীর দৃষ্টিতে দেখলাম, কিন্তু কাউকে পাওয়া যায়নি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি রাতে তোমার বাহন থেকে নেমেছিলে? তিনি বললেন, জি না। শুধু নামায এবং ইস্তিঞ্জার জন্য নেমেছি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাত অত্যাবশ্যকীয় করে নিয়েছ। এখন তোমার আর কোন ত্রুটি নেই। যদিও তুমি আজকের পর আর কোন আমল না কর। [আবু দাউদ, বাইহাকী ও হায়াতুস সাহাবা: ১: ৫৪০]