📘 নবীজির ﷺ পাঠশালা 📄 সারা এবং ফিরআউন

📄 সারা এবং ফিরআউন


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
'ইবরাহিম আলাইহিস সালাম তিনবার ছাড়া কখনও মিথ্যা বলেননি। তন্মধ্যে দুবার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি 'ইন্নী সাক্বীম' 'আমি অসুস্থ'।[১] এবং তার অন্য এক উক্তি 'বাল ফাআলাহু কাবীরুহুম হাযা' বরং এ কাজ করেছে, এই তো তাদের বড়টি।[২] বর্ণনাকারী বলেন, একদা তিনি (ইবরাহিম আলাইহিস সালাম) এবং সারা কোনো এক অত্যাচারী শাসকের এলাকায় এসে পৌঁছলেন। তখন শাসককে জানানো হলো, এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে। তার সঙ্গে একজন পরমা সুন্দরী নারী আছে। শাসক তার কাছে লোক পাঠাল। লোকটি আগন্তুক (ইবরাহিম)-কে নারী সম্পর্কে জানতে চেয়ে বলল, "নারীটি কে?” তিনি উত্তর দিলেন, 'আমার বোন।” অতঃপর তিনি সারার কাছে এলেন এবং বললেন, “হে সারা! তুমি আর আমি ব্যতীত পৃথিবীর ওপর আর কোনো মুমিন নেই। এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে, তুমি আমার বোন। কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন কোরো না।” অতঃপর সারাকে আনার জন্য শাসক লোক পাঠাল। তিনি যখন তার কামরায় প্রবেশ করলেন এবং সে তার দিকে হাত বাড়াল তখনই (আল্লাহর আযাবে) পাকড়াও হলো। অত্যাচারী এই শাসক তখন সারাকে বলল, “আমার জন্য আল্লাহর কাছে দুআ করো, আমি তোমার কোনো ক্ষতি করব না।” সারা তখন আল্লাহর কাছে দুআ করলেন। ফলে সে মুক্তি লাভ করল। অতঃপর দ্বিতীয়বার তাকে ধরতে চাইল। এবার সে পূর্বের মতো বা তার চেয়ে কঠিনভাবে পাকড়াও হলো। এবারও সে বলল, “আল্লাহর কাছে আমার জন্য দুআ করো। আমি তোমার কোনো ক্ষতি করব না।” আবারও তিনি দুআ করলেন, ফলে সে মুক্তি লাভ করল। অতঃপর শাসক তার এক প্রহরীকে ডাকল। সে (এলে) তাকে বলল, “তুমি তো আমার কাছে কোনো মানুষ আনোনি। বরং এনেছ এক শয়তান।” অতঃপর সে সারার খেদমতের জন্য হাজেরাকে দান করল। (হাজেরকে নিয়ে) সারা ফিরে এলেন ইবরাহিম আলাইহিস সালাম-এর কাছে। ইবরাহিম তখন নামাজে দাঁড়ানো। (নামাজ থেকেই) হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, “কী ঘটেছে?” সারা বললেন, “আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন। আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে।””[১]

প্রথম পাঠ
উল্লিখিত হাদিসের প্রেক্ষিতে নবীদের নিষ্পাপ হওয়ার বিষয়টি চলে আসে। এ ব্যাপারে আলেমদের দুটি প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্য হলো, নবীগণ ধর্মীয় এবং পার্থিব উভয় ক্ষেত্রে নিষ্পাপ। তাদের থেকে কোনো ভুলত্রুটি সংঘটিত হয় না। দ্বিতীয় বক্তব্য, নবীগণ ধর্মীয় ব্যাপারে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের বাণী পৌঁছার ব্যাপারে নিষ্পাপ। তবে পার্থিব ক্ষেত্রে তাদের ভুল হতে পারে। ভুল আর গুনাহ এক নয়। সমস্ত গুনাহই এক প্রকার ভুল। কিন্তু সমস্ত ভুল গুনাহ নয়। নবী-রাসুলগণের মানবিক ভুল গুনাহ নয়। আমি ব্যক্তিগতভাবে যদিও দ্বিতীয় মতটি প্রাধান্য দেওয়ার পক্ষপাতী তবুও মনে করি না যে, পার্থিব ক্ষেত্রে নবীদের থেকে মিথ্যা সংঘটিত হতে পারে। কেননা যদি বলা হয় যে, তাদের পক্ষ থেকে মিথ্যা সংঘটিত হতে পারে তাহলে দাওয়াতের ক্ষেত্রে নবীগণ মিথ্যা বলতে পারেন-এই সন্দেহের দ্বার খুলে যাবে। অথচ নবীগণ এ থেকে মুক্ত ও সম্মানিত।

আল্লাহ তাআলার ব্যাপারে ইবরাহিম আলাইহিস সালাম যে দুটি মিথ্যা বলেছিলেন সেগুলো তো তার কওমের বিরুদ্ধে দলিল-প্রমাণ দাঁড় করাবার জন্য বলেছিলেন, এরচেয়ে বেশি কিছু নয়। আর অত্যাচারী বাদশাহর সঙ্গে যে মিথ্যা বলেছিলেন, আমি মনে করি এটি তাওরিয়ার (দুটি অর্থ প্রদানকারী কোনো শব্দের নিকটবর্তী অর্থ গ্রহণ না করে দূরবর্তী অর্থ গ্রহণ করার) অন্তর্ভুক্ত। মুসলমান মুসলমানের ভাই। এই দৃষ্টিকোণ থেকে সারা বংশীয়ভাবে নয়; বরং ধর্মীয়ভাবে ইবরাহিম আলাইহিস সালাম-এর বোন ছিলেন। আর দ্বিমুখী শব্দের মাধ্যমে বাহ্যত মিথ্যা বলার সুযোগ রয়েছে। যেমন আমাদের সাইয়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু'র সঙ্গে যখন হিজরত করছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়, 'আপনার আপনারা কোন গোত্রের?' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, 'আমরা মা (পানি) থেকে।' বেদুইন বলল, 'আরবে তো বহু গোত্র রয়েছে!' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে উদ্দেশ্য নিয়েছেন যে, মানুষকে যে পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে তিনি সেই পানি থেকে।

দ্বিতীয় পাঠ
মিথ্যা সম্পর্কে যেহেতু আলোচনা এল তাই প্রাসঙ্গিকভাবে আমরা এখানে যেসব স্থানে মিথ্যা বলা বৈধ তা উল্লেখ করছি। ইসলাম তিন অবস্থায় মিথ্যা বলার বৈধতা প্রদান করে। এক. শত্রুর সঙ্গে মিথ্যা বলা। <sup>[১]</sup> এটা সম্পূর্ণ অযৌক্তিক বিষয় যে, আমাদের শত্রু কাফেররা কোনো মুসলমানকে বন্দী করে নিয়ে যাবে আর তারা জিজ্ঞেস করলে তাদের সঙ্গে সত্য কথা বলতে হবে! মুসলমানদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই ক্ষেত্রে মিথ্যা বলার বৈধতা প্রদান করা হয়েছে। দুই. মীমাংসা করার জন্য মিথ্যা বলা। এই ক্ষেত্রে মীমাংসাকারী ব্যক্তি বিবদমান দুই ব্যক্তির ব্যাপারে এমন উত্তম কথা বলতে পারে যা আসলে তাদের কেউই অপরের ব্যাপারে বলেনি। পার্থিব বিষয়ে সংশোধন এবং মানুষের ঝগড়া-বিবাদ দূর করার লক্ষ্যে এর সুযোগ দেওয়া হয়েছে। তিন. স্ত্রীর সঙ্গে স্বামী কিংবা স্বামীর সঙ্গে স্ত্রীর মিথ্যা বলা। অন্তর জয় করা, সদাচরণ এবং সৌজন্যতার জন্য এ সুযোগ রাখা হয়েছে।

কিন্তু ক্ষতি, ধোঁকা বা প্রতারণার জন্য এসব স্থানে মিথ্যা বলা যাবে না। যেমন স্ত্রীর রান্নার প্রশংসা করা। তার সুনাম করা। অথচ বাস্তবতা এর বিপরীত। কিংবা তার প্রশংসা করা, তার সঙ্গে প্রেমালাপ করা। তাকে বলা যে, সে-ই দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। অথচ আসলে তেমনটা নয়। পুরুষদের ব্যাপারে যা বলা হলো নারীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এক ব্যক্তি তার স্ত্রীকে জিজ্ঞেস করল, সে কি তাকে সত্যিই ভালোবাসে। সত্য কথার বলার জন্য সে আল্লাহর দোহাইও দিল। স্ত্রী তাকে বলল, 'তুমি যখন আমাকে আল্লাহর দোহাই দিয়ে সত্য বলতে বললে, তাহলে শোনো, আমি তোমাকে ভালবাসি না।' লোকটি তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু'র কাছে অভিযোগ দায়ের করল। উমর রাদিয়াল্লাহু আনহু ওই নারীকে ডেকে পাঠান এবং তাকে সতর্ক করে দেন। ওই নারী বলল, 'হে আমীরুল মুমিনীন, আপনি কি এটা চান যে আমি তার সঙ্গে মিথ্যা বলি?' তিনি বললেন, 'হ্যাঁ, তার সঙ্গে তুমি মিথ্যা বলবে। সকল ঘর তো ভালোবাসার উপরই গড়ে উঠেছে। জেনে রাখো, মানবতা এবং সম্মানের ভিত্তিতে লোকেদের সঙ্গে আচরণ করতে হয়।'

তৃতীয় পাঠ
এক রাতে প্রচণ্ড বাতাস বয়ে যায়। পরদিন সকালে আমি ব্যায়াম করতে বের হই। বের হয়ে দেখি বহু গাছপালা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু পাখির বাসাগুলো পূর্বের অবস্থায় সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এটা থেকে আমি এক চমকপ্রদ শিক্ষা লাভ করি যে, মানুষকে কখনো নিচু হতে হয়। জ্ঞানীরা অবস্থা যাচাই করেন। তারা শুধু শুধু বৃথা হৈ-হল্লা করেন না। তাই আমাদেরকে কখনও কখনও খুব ভালোভাবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানতে হবে। কেননা হিসাবে কোনো ধরনের ভুল হলে তা আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। কখনো কখনো বিবাদ-বিসংবাদে সফলতার একটি মাত্র রাস্তাই বাকি থাকে। সেটি হলো তাতে কোনোভাবেই জড়িত না হওয়া। ইবরাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তিনি জানতেন, তিনি যদি মিশরের বাদশাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যান তাহলে সে তাকে মেরে ফেলবে। আর তিনি শহিদ হয়ে যাবেন। তিনি কোনো ভীতু মানুষ ছিলেন না। শাহাদাতের অনাকাঙ্ক্ষী ছিলেন না। কিন্তু তিনি জানতেন যে, বাদশাহর বাড়াবাড়ির প্রতিবাদের তুলনায় অন্য এক বড় বিষয়ের জন্য তাকে পাঠানো হয়েছে। তাই তিনি যথাসাধ্য চেষ্টা করেন এবং আল্লাহর কাছে বিষয়টি ন্যস্ত করে দেন। কেননা চেষ্টা-প্রচেষ্টা অনুযায়ীই কাজের ফল হয়ে থাকে। অত্যাচারী বাদশাহ তার স্ত্রীকে গ্রহণ করতে চেয়েছিল। তিনি ইবরাহিম আলাইহিস সালাম-এর কাছে সম্পূর্ণ নিরাপদে সম্মানিত অবস্থায় ফিরে আসেন। তার সঙ্গে আরেকজন নারীও আসেন যিনি পরবর্তী সময়ে ইবরাহিম আলাইহিস সালাম-এর দ্বিতীয় স্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন।

চতুর্থ পাঠ
বংশগতভাবে অভিজাত নারীরা স্বামীকে কখনো খোঁটা দেয় না। সারা আলাইহাস সালাম তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন। তাফসির বিশারদগণ বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার দাদি সারা থেকেই সৌন্দর্য লাভ করেছেন। তার এত সৌন্দর্য সত্ত্বেও তিনি ভদ্র এবং স্বামী-ভক্ত ছিলেন। হক কাজে স্বামীকে সহায়তা করতেন। আল্লাহ-প্রদত্ত সৌন্দর্যের কারণে স্বামীর ওপর অহংকার করতেননা। তেমনিভাবে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বংশগতভাবে অভিজাত ছিলেন। তার অঢেল সম্পত্তি ছিল, আর স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নিতান্ত দরিদ্র, খাদিজা নিজের সমস্ত ধন-সম্পদ স্বামীর হাতে তুলে দেন।

এই পার্থিব ও বস্তুগত পার্থক্য তাদের বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়াল হয়ে দাঁড়ায়নি। ফলে তিনি স্বামীর কাছে যেমন মর্যাদাবান হয়েছেন তেমনি মৃত্যুর পরেও মর্যাদাবান থেকেছেন। তিনি মাটির নিচে কবরে শায়িত হয়ে যাওয়া সত্ত্বেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে কোনো বিরূপ কথা সহ্য করতে পারতেন না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বেশি বেশি স্মরণ করতেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা'র ঈর্ষা হতো। একদিন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলে বসেন, 'আপনি এখনো তাকে স্মরণ করেন অথচ তিনি ছিলেন পুরনো দিনের এক বৃদ্ধা নারী। আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'আল্লাহর শপথ, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দান করেননি। সে এমন এক নারী ছিল আমাকে যার ভালোবাসা প্রদান করা হয়েছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে সে তখন আমাকে দান করেছে। মানুষ যখন আমাকে তাড়িয়ে দিয়েছে সে তখন আমাকে আশ্রয় দিয়েছে। তারা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে তখন আমার প্রতি ঈমান এনেছে।' [১]

পঞ্চম পাঠ
মুসলমান অত্যন্ত মর্যাদাবান, তার মান-সম্মান রক্ষা করা শরিয়তের দাবি। তবে মুসলমান ভীতু নয়। সে সবসময় মৃত্যুকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে। কিন্তু মানুষ নিজে নিজে কখনো আত্মহত্যা করতে পারে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু'র বিজয়াভিযানের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহু খুবই আনন্দিত হয়েছিলেন। আর এটা সকলেই জানে যে আমর রাদিয়াল্লাহু আনহু একজন কুশলী মানুষ ছিলেন। তিনি বন্ধুত্ব ও মিত্রতায় বিশ্বাসী ছিলেন। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতেন। যুদ্ধক্ষেত্রে তিনি শত্রুর জন্য পলায়নের রাস্তা রেখে আসতেন না। উমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে বলেছেন, 'শপথ! এটাই তো বিজয়।' তিনি সম্ভব হলে তার এবং শত্রুপক্ষের রক্ত-ঝরানো ব্যতীতই লক্ষ্য অর্জন করতে পারাটা পছন্দ করতেন। সেনা-কমান্ডারদের জন্য এই বাস্তবতা কখনো ভুলে যাওয়া উচিত নয়। তারা যেন ইবরাহিম আলাইহিস সালাম-এর গৃহীত কৌশল থেকে শিক্ষা গ্রহণ করে। তেমনিভাবে তারা যেন আমর রাদিয়াল্লাহু আনহু'র কুশীলব-চিন্তা এবং উমর রাদিয়াল্লাহু আনহু'র প্রশংসার মাধ্যমে শিক্ষা লাভ করে।

টিকাঃ
[১] সুরা সাফফাত, আয়াত-ক্রম: ৮৯
[২] সুরা আম্বিয়া, আয়াত-ক্রম: ৬৩
[১] সহিহ বুখারি, হাদিস-ক্রম: ৩৩৫৮
<sup>[১]</sup> শত্রু বলতে এখানে দারুল হারবের কাফেরদের কথা বলা হচ্ছে। যুদ্ধাবস্থায় তাদের সঙ্গে মিথ্যা বলা বৈধ। হাদীসে এসেছে, যুদ্ধ হলো ধোঁকা। (সুনানে তিরমিযি, হাদিস-ক্রম: ১৯৩৯) - অনুবাদক।
[১] সহিহ বুখারি, হাদিস-ক্রম: ৩৮২১

📘 নবীজির ﷺ পাঠশালা 📄 আদম ও মুসা আলাইহিমাস সালাম-এর আলাপচারিতা

📄 আদম ও মুসা আলাইহিমাস সালাম-এর আলাপচারিতা


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'আদম ও মুসা (আলাইহিমাস সালাম) তাদের রবের কাছে বিতর্ক করলেন। অতঃপর আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এর ওপর জয়ী হলেন। মুসা আলাইহিস সালাম বললেন, “আপনি তো সেই আদম যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে তিনি তাঁর রুহকে ফুঁকে দিয়েছেন, তিনি তাঁর ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদাহ করিয়েছেন এবং তাঁর জান্নাতে আপনার আবাসন বানিয়ে দিয়েছেন। তারপর আপনি আপনার ভুলের কারণে মানবজাতিকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন।” আদম আলাইহিস সালাম বললেন, “আপনি তো সেই মুসা, যাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলার জন্য বাছাই করেছেন এবং দান করেছেন (বিশেষ সহিফা-লেখা) কয়েকটি কাষ্ঠখণ্ড, তাতে সব বিষয়ের বর্ণনা লিখিত রয়েছে এবং নির্জনে আলাপচারিতার জন্যে নৈকট্য দান করেছেন। কিন্তু আমার জন্মের কত বছর পূর্বে আল্লাহ তাআলা তাওরাত লিপিবদ্ধ করেছেন তা-কি আপনি দেখেছেন?” মুসা বললেন, “৪০ বছর পূর্বে।” আদম বললেন, “আপনি কি তাতে পাননি - ‘আদম (ভুল করে) তার রবের আদেশ অমান্য করেছেন এবং পথহারা হয়েছেন!'?" [১] আদম বলেন, “এরপরও আপনি আমাকে আমার এমন কর্মের জন্য কেন ভর্ৎসনা করছেন যা আমাকে সৃষ্টি করার ৪০ বছর পূর্বে আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছেন?” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এরপর আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এর ওপর বিজয় লাভ করেন।” [২]

প্রথম পাঠ
অভিজাত লোকেরা মানুষের মর্যাদা অনুযায়ী তার সঙ্গে আচরণ করে থাকে। মর্যাদাবান ব্যক্তিরাই কেবল মর্যাদাবান ব্যক্তির সম্মান-মর্যাদাকে সংরক্ষণ করতে পারে। তাই আপনি অভিজাত হোন। একটি ঘটনার মাধ্যমে অভিজাত ব্যক্তির সুনাম-সুখ্যাতির ইতিহাস মুছে ফেলবেন না। বদান্যতার অধিকারী ব্যক্তি একবার দান না করলেই তার পূর্বের বদান্যতা ভুলে যাওয়া উচিত হবে না। সহনশীল ব্যক্তি একবার রাগান্বিত হয়ে গেলেই তার পূর্বের সহনশীলতাকে অস্বীকার করা যাবে না। অধ্যবসায়ী ও পরিশ্রমী মানুষ একবার ক্লান্ত হয়ে গেলেই তার পূর্বের পরিশ্রমকে অস্বীকার করা যাবে না।

দুই অভিজাত ব্যক্তি-আদম এবং মুসা আলাইহিমাস সালাম-এর আলাপচারিতা লক্ষ করুন, তারা বিশ্ব জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জান্নাতের ব্যাপারে বিতর্ক করছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম-কে তিরস্কার করতে গিয়ে আদমের শ্রেষ্ঠত্বের কথা ভুলে যাননি। তেমনিভাবে আদম আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মুসা আলাইহিস সালাম-এর মর্যাদার কথা ভুলে যাননি। তাই তর্ক-বিতর্কের ক্ষেত্রেও প্রত্যেকের মান-মর্যাদা রক্ষা করুন।

দ্বিতীয় পাঠ
আমরা গায়েবে বিশ্বাসী উম্মত। দেখে বিশ্বাস স্থাপন করা জিনিসের তুলনায় না-দেখে বিশ্বাস স্থাপন সংক্রান্ত জিনিসের পরিমাণ বেশি। আমরা জান্নাত-জাহান্নাম, পুনরুত্থান, হিসাব-নিকাশ, পুলসিরাত, ফেরেশতা প্রভৃতি বিষয়ের ওপর ঈমান রাখি। আর এসবই গায়েবি বিষয়। কুরআনে উল্লিখিত মুত্তাকিদের সর্বপ্রথম গুণ হলো তারা গায়েবের প্রতি ঈমান আনেন। আল্লাহ তাআলা সুরা বাকারার শুরুতেই বলেছেন- ‘এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য, যারা গায়েবের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। [১]’ আয়াতে গায়েবের ওপর বিশ্বাস স্থাপন করার বিষয়টি নামাজ জাকাত এবং সাদাকার পূর্বে উল্লেখ করা হয়েছে। ঈমানবিহীন ইবাদত পণ্ডশ্রম বৈ কিছু নয়। এর কোনো সওয়াব মিলবে না। আদম ও মুসা আলাহিমাস সালাম-এর উল্লিখিত আলাপচারিতা গায়েবি জগতে হয়েছিল। পরম সত্যবাদী বিশ্বস্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সংবাদ প্রদান করেছেন। অন্য সকল গায়েবি বিষয়ের প্রতি যেমন আমরা কেন কখন কীভাবে প্রভৃতি প্রশ্ন ব্যতীত ঈমান এনে থাকি তেমনি এর প্রতিও ঈমান আনি।

তৃতীয় পাঠ
আপনার সিদ্ধান্তও ভুল হতে পারে। তাই আপনি নিজেকে নির্ভুল নিষ্পাপ মনে করে পৃথিবীতে চলাফেরা করবেন না। মানুষের ব্যাপারে আপনার অবস্থান তো নিছক অনুমান। যদি আপনি তাদের অবস্থান বুঝতেন, বিরোধীদের পক্ষ থেকে নয় বরং তাদের পক্ষ থেকেই যদি আসল বিষয় শুনতেন তাহলে বুঝতে পারতেন যে, আপনি এক ভুলের প্রাসাদ নির্মাণ করেছেন। মুসা আলাইহিস সালাম-এর কথাই ধরুন না! তিনি ভেবেছিলেন আদম আলাইহিস সালাম ভুল করেছেন। এই ভাবনা থেকেই তিনি আদমের কাছে এসেছিলেন। কিন্তু আলাপচারিতা শেষ না হতেই আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম-কে তর্কে পরাস্ত করে দেন। তাই নিজে নিজেই কোনো অবস্থান তৈরি করবেন না। তা থেকে নিজেই কোনো মতামত বের করবেন না। এবং এটাকেই দ্বীন ভেবে বসে থাকবেন না।

চতুর্থ পাঠ
চিন্তার মাধ্যমে অন্য চিন্তাকে আঘাত করা যায়। দলিলের মাধ্যমে অন্য দলিলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। তরবারি রক্ত ঝরাতে পারলেও কখনো সঠিক সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিতে পারে না। বলপ্রয়োগের মাধ্যমে কখনো হককে বাতিল বানানো যায় না। যদিও সাময়িকের জন্য তার ওপর প্রভাব বিস্তার করা যায়। তাই ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তিত হবেন না। যেখানে লাঠি ব্যবহার করা সম্ভব সেখানে তরবারি ব্যবহার করাটা আহাম্মকী। যেখানে মুখ ব্যবহার করা সম্ভব সেখানে লাঠি ব্যবহার করাটা নির্বুদ্ধিতা। যেখানে দৃষ্টি ক্ষেপণ যথেষ্ট সেখানে মুখ ব্যবহার করাটা দ্রুত-প্রবণতা। আপনি শক্তিশালী হোন, নির্বোধ হবেন না। সবসময় স্মরণ রাখুন, অবস্থার তুলনায় ব্যক্তির মূল্য অনেক। যে ব্যক্তি সর্বক্ষেত্রেই বিজয় লাভের আশা করে তার সঙ্গে কেউই থাকে না।

পঞ্চম পাঠ
কুরআনুল কারিম হেফাজত করার মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন। পূর্ববর্তী কিতাবসমূহ সংরক্ষণ না করাটা তার অক্ষমতা নয় বরং তিনি পূর্ব থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন। আপনি যদি তাওরাত খুলে খুঁজেন যে— ‘আদম (ভুল করে) তার রবের আদেশ অমান্য করেছেন এবং পথহারা হয়েছেন’। [১] তাহলে আপনি তাওরাতে কখনোই এ বাক্য পাবেন না। যদিও হাদিসে বলা হয়েছে, এক নবী অপর নবীকে এটা তাওরাতে বিদ্যমান থাকার কথা বলছেন, কিন্তু বনি ইসরাইলের পাদ্রীরা তাওরাত বিকৃত করে ফেলেছে। যেভাবে খ্রিষ্টান যাজকরা ইঞ্জিল বিকৃত করেছে।

আল্লাহ তাআলার চিরসত্য কিতাব—কুরআন তিলাওয়াত করতে পারাটা আমাদের জন্য নেয়ামত। আমরা এমন এক কিতাব পাঠ করছি যেটা আল্লাহর কালাম। যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এটি একটি জীবন সঞ্চারকারী কিতাব। যাদের অন্তর জীবিত তাদেরকে সতর্ক করার জন্য এ কিতাব অবতীর্ণ হয়েছে। মৃতদের সামনে পাঠ করে টাকা উপার্জনের জন্য নয়। অন্ধ ও মৃত ব্যক্তিরা এ কিতাব দ্বারা উপকৃত হয় কিনা আমি এই বিষয়ে বিতর্কে যেতে চাই না। এটি অত্যন্ত দীর্ঘ আলোচনা, এর স্থান এটি নয়। কিন্তু জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তি এর দ্বারা উপকৃত হয়নি সে মৃত্যুর পরও এর মাধ্যমে উপকৃত হতে পারবে বলে মনে হয় না।

ষষ্ঠ পাঠ
আল্লাহ তাআলা সকল জিনিস লাওহে মাহফুজে লিখে রেখেছেন। যা লিখে রেখেছেন তা অবশ্যই ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা নিজের অসীম জ্ঞানের মাধ্যমে মানুষের কর্মকাণ্ডের বিবরণ লিখে রাখার কারণে তারা জিজ্ঞাসার ঊর্ধ্বে উঠে যায় না। অন্যথায় সওয়াব ও শাস্তির বিষয়টি তিরোহিত হয়ে যাবে। আর তখন আমরা নিজেদের অজান্তেই আল্লাহ তাআলাকে দোষারোপ করা শুরু করে দেব।

প্রশ্ন উঠবে যে, আল্লাহ মানুষের ব্যাপারে যা লিখে রেখেছেন মানুষ তা করলে কেন সে হিসাব-নিকাশের সম্মুখীন হবে? উত্তর হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান অসীম। তার কখনো কোনো ধরনের ভুল-ভ্রান্তি হতে পারে না। বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দিই। মনে করুন, আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করেছেন। দীর্ঘ কয়েক বছর আপনি চোখের সামনেই তাকে লালনপালন করেছেন। আপনি তার স্বভাব-চরিত্র আচার-উচ্চারণ-প্রকৃতি সম্পর্কে জানতে পেরেছেন। এইসবের মাধ্যমে আপনি ভবিষ্যদ্বাণী করলেন যে, আপনার সন্তানটি একসময় চুরি করবে। এ ভবিষ্যদ্বাণী সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। ভবিষ্যদ্বাণী সত্য হওয়ার অর্থ কি এটা যে, আপনি তাকে চুরি করতে বাধ্য করেছেন? নাকি আপনি বিভিন্ন বিষয় অনুমান করে একটি বিষয় বলেছেন আর তা সঠিক হয়ে গেছে। লাওহে মাহফুজে লিখে রাখার বিষয়টি এমনই। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। যা আমাদের জন্য ভুলে যাওয়া উচিত নয়। তা হলো আমাদের জ্ঞান সসীম। আর আল্লাহর জ্ঞান অসীম। আমাদের জ্ঞান অনুমান-নির্ভর আর আল্লাহর জ্ঞান সুনিশ্চিত। কোনো কিছু করা বা না-করার ক্ষেত্রে আমরা যতই স্বাধীন হই না কেন আমাদের জন্য কখনো তাকদিরের মাধ্যমে নিজেদের কাজকর্মের দলিল-প্রমাণ পেশ করা ঠিক নয়।

দ্বিতীয়তঃ কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরই কেবল আমরা আল্লাহ তাআলার তাকদির সম্পর্কে জানতে পারি। কেউ কাউকে হত্যা করা বা চুরি করাটা আল্লাহ তাআলার লিখিত তাকদির অনুযায়ী হয়ে থাকে। তবে এ কাজে সে বাধ্য নয়। অন্যথায় দ্বীন-ধর্ম বলতে কিছুই বাকি থাকবে না। নবী-রাসুল পাঠানোরও তখন কোনো উদ্দেশ্য রইবে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বেই জানেন যে, কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামি। তবুও আল্লাহ তাআলা নবী-রাসুল প্রেরণ করেছেন যাতে মানুষ স্বাধীনভাবে তাদের তাকদিরের পরিক্রমায় জীবনযাপন করতে পারে।

টিকাঃ
[১] সুরা ত্ব-হা, আয়াত-ক্রম: ১২১
[২] সহিহ মুসলিম, হাদিস-ক্রম: ২৬৫২; সহিহ বুখারি, হাদিস-ক্রম: ৬৬১৪
[১] সুরা বাকারা, আয়াত-ক্রম: ২৩
[১] সুরা ত্ব-হা, আয়াত-ক্রম: ১২১

📘 নবীজির ﷺ পাঠশালা 📄 শত মানুষের হন্তারক যে ব্যক্তি

📄 শত মানুষের হন্তারক যে ব্যক্তি


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- 'তোমাদের পূর্বেকার লোকদের মধ্যে এক ব্যক্তি ছিল, যে ৯৯টা খুন করেছে। তারপর সমকালের শ্রেষ্ঠ আলেম সম্পর্কে জানতে চাইল (তাওবা করার জন্য)। লোকজন তাকে একজন ধর্মগুরুর সন্ধান দিল। সে ওই ধর্মগুরুর কাছে গিয়ে সে যে ৯৯টা খুন করেছে তা উল্লেখ করে জানতে চাইল—এমতাবস্থায় তার জন্য তাওবার সুযোগ আছে কি না। ধর্মগুরু বললেন, “না।” তখন সে ধর্মগুরুকেও হত্যা করে ফেলল। তাকে হত্যা করার মধ্য দিয়ে খুনের সংখ্যা সে একশ' পূর্ণ করে নিল। অতঃপর সমকালের শ্রেষ্ঠ আলেম সম্পর্কে সে আবারও জানতে চাইল। লোকজন তাকে একজন আলেমের সন্ধান দিল। ফলে ওই আলেমের কাছে গিয়ে সে যে ১০০টা খুন করেছে তা উল্লেখ করে জানতে চাইল—এমতাবস্থায় তার জন্য তাওবার সুযোগ আছে কি না। আলেম বললেন, “হ্যাঁ। এমন কে আছে যে ব্যক্তি তার মধ্যে ও তার তাওবার মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে! তুমি অমুক এলাকায় যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদাতে নিমগ্ন আছে। তুমিও তাদের সঙ্গে আল্লাহর ইবাদাতে লিপ্ত হও। নিজের ভূমিতে আর কখনোই প্রত্যাবর্তন কোরো না। কেননা এ দেশটি ভয়ংকর খারাপ।” তারপর সে চলতে লাগল। যখন সে মাঝপথে পৌঁছুল তখন তার সামনে মৃত্যু এসে হাজির। এবার রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতার মধ্যে বিতর্ক দেখা গেল। রহমতের ফেরেশতারা বললেন, “সে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে তাওবার উদ্দেশে বেরিয়েছে।” আর আযাবের ফেরেশতারা বললেন, “সে তো কখনোই কোনো সৎ কাজ করেনি।” এমতাবস্থায় মানুষের আকৃতিতে এক ফেরেশতা এলেন। তারা তাকে তাদের মধ্যস্থতাকারী বানালেন। তিনি বিতর্করত উভয় ফেরেশতা বললেন, “তোমরা উভয় স্থান পরিমাপ করো (নিজ ভূখণ্ড ও যাত্রাকৃত ভূখণ্ড)। এ দুই ভূখণ্ডের মধ্যে যা নিকটবর্তী হবে সে অনুযায়ী তার ফায়সালা হবে।” তারপর উভয়ে পরিমাপ করে দেখলেন যে, সে ঐ ভূখণ্ডেরই বেশি নিকটবর্তী যেখানে পৌঁছার জন্যে সংকল্প করেছে। অতঃপর রহমতের ফেরেশতা তার রুহ কবজ করে নিলেন।' [১]

প্রথম পাঠ
ধর্মীয় কোনো বিষয়ে আপনার সন্দেহ হলে আলেমের দরজায় করাঘাত করুন, আবেদের দরজায় নয়। আবেদ নিজের জন্য ইবাদত করে থাকে আর মানুষের জন্য মুর্খতা বিলিয়ে থাকে। আর আলেম অনেক সময় বাহ্যিক ইবাদত কম করে নিজের ক্ষতি করে থাকে। কিন্তু মানুষের জন্য সে নিজ ইলম বিলিয়ে থাকে। আমাদের কেউ অসুস্থ হলে ডাক্তারের দরজায় করাঘাত করে। কারও গাড়ি নষ্ট হলে সে সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তালাশ করে। কোনো টেবিল সম্পর্কে বিস্তারিত জানতে হলে অভিজ্ঞ কাঠমিস্ত্রির পাত্তা জানতে চায়। দ্বীন তো এ সমস্ত কিছুর তুলনায় অনেক বেশি দামি, তাই দ্বীনের ক্ষেত্রে আমরা অবশ্যই দ্বীন বিষয়ে বিশেষজ্ঞকে জিজ্ঞেস করব।

মসজিদে আসা-যাওয়া করনেওয়ালা প্রত্যেক ব্যক্তিই আলেম ও ফকিহ নয়। ইবাদত প্রশংসনীয় বিষয় বটে, কিন্তু তা এক বিষয় আর ইলম আরেক বিষয়। সাহাবায়ে কেরামের সকলেই ফাতোয়া প্রদানকারী ছিলেন না। তাদের একেক জন একেক বিষয়ে বিজ্ঞ ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু'র কথাই ধরুন না! সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কারী ছিলেন। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে হালাল-হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। আবু বকর সিদ্দিক এবং তার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কুরআনুল কারিম একত্রিত করতে চাইলেন তখন তারা যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু-কে এর দায়িত্বভার ন্যস্ত করেন, খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু-কে নয়। আর যখন তারা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু-কে মুসলমানদের দায়িত্ব প্রদান করা হয়। বিশ্বজগত তো বহু টুকরো বিষয়ের সমষ্টি। আর এ প্রত্যেক বিষয়েই একেকজন বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন।

যাবারকান ইবনে আদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু'র কাছে নালিশ নিয়ে এসেছিলেন—হুতিয়া তাকে এই বলে নিন্দে করেছিল— ‘তুমি সম্মান ছেড়ে দাও, তা পাবার জন্য সফর করো না, তুমি বসে থাকো, কেননা তুমি আহার্য গ্রহণকারী এবং পোশাক পরিধানকারী।’ উমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, 'আমি তো এতে নিন্দের কিছু দেখি না।' যাবারকান বললেন, 'খাবার-পোশাকই কি আমার সম্মানের জন্য যথেষ্ট?' উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি ভালোভাবে বুঝতে চাইলেন। তিনি তখন কুরআনুল কারিমের সবচেয়ে বড় কারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু-কে ডাকেননি, কুরআনের ব্যাখ্যাকার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কেও না, হালাল-হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মুয়ায রাদিয়াল্লাহু আনহু-কেও না, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-কেও না, বরং তিনি হাসসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু-কে ডেকে আনেন। কেননা বিষয়টি কবিতা-সংক্রান্ত। কবিতা-সংক্রান্ত বিষয়ে কবিরাই ফতোয়া প্রদান করবেন। হাসসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, 'এ কবিতার মাধ্যমে তার শুধু নিন্দেই জ্ঞাপন করা হয়নি; বরং তার ওপর পেশাব করে দেওয়া হয়েছে।' অর্থাৎ তার মারাত্মক নিন্দা জ্ঞাপন করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তখন হুতিয়াকে বন্দী করেন।

দ্বিতীয় পাঠ
যে ব্যক্তি বলল-আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন-সে বস্তুত ফতোয়াই প্রদান করল। তাই কোনো মাসআলায় আল্লাহ তাআলার হুকুম কী, তা না জানলে 'আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন' বলতে সংকোচ বোধ করবেন না। 'আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন' বলতে লজ্জাবোধ করে মানুষের গুনাহ নিজ কাঁধে বয়ে আনবেন না। শা'বি রহমতুল্লাহি আলাইহি'র কথাই ধরুন না! তিনি একাধারে একজন আলেম, মুহাদ্দিস, ফকিহ ও কাজি। তাকে এক মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন।' লোকেরা তাকে বলল, 'আপনি ইরাকের বড় ফকিহ, “আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন”-এ কথা বলতে কি আপনার লজ্জা লাগে না?' তিনি উত্তরে বললেন, 'ফেরেশতারা তো এটা বলতে লজ্জাবোধ করেননি যে- ‘আপনি পবিত্রতম সত্তা! আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো ইলম নেই। নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানী, হেকমতবান।[১]’

মালেক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি'র কথাই ধরুন না! তিনি ছিলেন দারুল হিজরাহ মদিনার ইমাম। যাঁর ব্যাপারে বলা হতো—মালেক মদিনায় থাকাবস্থায় কারও ফতোয়া প্রদানের সাহস নেই। একবার ইরাক থেকে এক ব্যক্তি তার কাছে কিছু প্রশ্ন নিয়ে এল। তিনি কিছুর উত্তর দেন আর বাকিগুলো সম্পর্কে চুপ করে থাকেন। লোকটি তখন বলল, 'হে মালিক, আমি ইরাকবাসীকে গিয়ে কী বলব?' তিনি বললেন, 'তাদেরকে গিয়ে বোলো, মালিক এগুলো সম্পর্কে জ্ঞান রাখে না!'

তৃতীয় পাঠ
গুনাহ যতই বেশি হোক না কেন আপনি এই ধারণা করা থেকে বেঁচে থাকবেন যে, আপনার গুনাহ আল্লাহ তাআলার রহমতের চেয়ে বেশি হয়ে গেছে। শয়তান তো আপনার থেকে এটাই চায়! সে আপনার চোখে গুনাহকে বড় করে দেখাতে চায়। আল্লাহ তাআলার রহমতকে ছোট করে দেখাতে চায়। অথচ আল্লাহর রহমত আপনার গুনাহর চেয়ে বহুগুণ বিস্তৃত এবং বড়। আপনি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকুন। উল্লিখিত লোকটি ৯৯জন মানুষকে খুন করে তাওবার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সে আগের অবস্থানে চলে গেছে। আরেক জনকে হত্যা করে শত সংখ্যা পূরণ করেছে। আল্লাহ তাআলা যখন তার অন্তরে কল্যাণ দেখতে পেয়েছেন তখন তার জন্য তাওবার উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহর ব্যাপারে সঠিক পথ অবলম্বন করেছে। তাই আল্লাহ তাআলা তাকে সঠিক পথ প্রদর্শন করেছেন। সে নিজের জিনিসপত্র ও পাথেয় নিয়ে সফরে বের হয়ে গেছে। রাস্তায় তার মৃত্যু এসে হাজির হয়েছে। সহিহ বুখারিতে এসেছে—ফেরেশতারা দূরত্ব পরিমাপ করে দেখলেন লোকটি রাস্তার ঠিক মধ্যখানে রয়েছে। আল্লাহ তাআলা তখন মাটিকে নির্দেশ দেন—'তুমি নিকটবর্তী হয়ে যাও!' এভাবে সে নেককারদের ভূখণ্ডের নিকটবর্তী হয়ে যায়।

এই তাওবাকারী প্রকৃতপক্ষেই এক খুনি ছিল। সামান্য থেকে সামান্য কারণে সে লোকজনকে হত্যা করত। ধর্মগুরুর ফতোয়া তার পছন্দ হয়নি, তো তাকে হত্যা করে ফেলেছে। শিরকের পর হত্যার চেয়ে বড় কোনো গুনাহ নেই, তবুও আল্লাহ তার তাওবা কবুল করেছেন। মনে রাখবেন, হারাম কাজের সঙ্গে আপনার সম্পৃক্ততা আল্লাহর রহমতের চেয়ে বেশি নয়। আপনার ঘুষ আল্লাহর রহমতের চেয়ে বেশি নয়। আপনার মদ্যপান আল্লাহর রহমতে চেয়ে অধিক নয়। [১] সাহাবায়ে কেরামের প্রতি লক্ষ করুন। যাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে জীবনযাপন করেছেন, তারা কেমন ছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহু'র কথাই ধরুন না! তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে হত্যা করার জন্য বের হয়েছিলেন! ইকরামার কথা মনে করুন! মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর রক্ত হালাল ঘোষণা করেছিলেন! খালিদ ইবনে ওয়ালিদের কথা! উহুদের দিন তিনি মুসলমানদের বিজয়কে এক প্রকার পরাজয়ে পর্যবসিত করেছিলেন!

এবার আল্লাহর রহমতের দিকে দৃষ্টিপাত করুন। উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীকে ইনসাফ এবং রহমত দ্বারা পূর্ণ করে দিয়েছেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধে ডান বাহুর নেতৃত্ব দিয়েছেন এবং শহিদ হয়েছেন। 'আল্লাহর উন্মুক্ত তরবারি' উপাধিতে ভূষিত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু'র মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোম ও পারসিকদের শায়েস্তা করেছেন। মানুষের স্বভাব খনিজ পদার্থের মতো। জাহেলি যুগে যারা উত্তম ছিলেন ইসলাম আসার পরও দ্বীনের বুঝ গ্রহণের মাধ্যমে তারা উত্তমই থেকেছেন। বর্তমান যুগেও আমরা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে শুনতে পাই। দেখতে পাই যে, তারা একসময় ইসলামের কট্টর দুশমন ছিলেন। কিন্তু তাওবা করে এখন ইসলামের সবচেয়ে বড় রক্ষকে পরিণত হয়েছেন। যদি আপনি পাপাচারের মাধ্যমে পরিচিতি লাভ করে থাকেন তাহলে জেনে রাখুন, আনুগত্যের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করার দরজা সবসময়ের জন্য খোলা রয়েছে।

চতুর্থ পাঠ
আপনি মানুষ এবং মানুষের স্রষ্টা আল্লাহর মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন না। বহু মানুষ এমন রয়েছে যাদেরকে হাত ধরে আল্লাহ তাআলার পথে নিয়ে আসতে হয়। তাহলে কেন আপনি এসব মানুষকে আল্লাহর কাছে পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছেন? পাপাচারীদের কাছে আল্লাহর আযাবের পূর্বে তার রহমতের কথা আলোচনা করুন। তার প্রতিশোধগ্রহণের গুণের পূর্বে তার ইনসাফ এবং ক্ষমাশীল গুণের আলোচনা করুন। জান্নাতে সকলেরই সংকুলান হবে! আপনি নিজের স্থানের ব্যাপারে উদ্বিগ্ন হবেন না। পাপাচারীদের সঙ্গে সদয় আচরণ করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বাতিল ধর্মের ওপর এক পাদ্রীকে রাত্রি-জাগরণ করতে দেখে ক্রন্দন শুরু করেন। জিজ্ঞাসা করা হয়, 'আমিরুল মুমিনিন! কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে?' তিনি বলেন, 'ক্লিষ্ট ক্লান্ত এক ব্যক্তি, যে পরিশ্রম করা সত্ত্বেও জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে!' অন্য ধর্মের মানুষ জাহান্নামে প্রবেশ করাটা উমরের কাছে আনন্দদায়ক ছিল না। তাহলে কি ইসলাম ধর্মের কেউ জাহান্নামে প্রবেশ করাটা তার কাছে আনন্দদায়ক হতে পারে?

এক ইহুদি মৃত্যু শয্যায় কাতরাচ্ছিল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে মুহূর্তে তাকে ইসলামের দাওয়াত দেন। লোকটি ইসলাম গ্রহণ করে নেয়। তিনি বলেন, 'সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার মাধ্যমে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন।' [১] আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে, যে আল্লাহর বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। গুনাহ মানুষজনকে পরিবেষ্টন করে আছে, শয়তান তাদের ঘাড়ে সওয়ার হয়ে আছে এটাই কি যথেষ্ট নয়, তবুও আমরা কেন তাদের ওপর চেপে বসতে যাব! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একটি মাত্র আয়াত তিলাওয়াত করতে করতেই সারাটি রাত কাটিয়ে দেন- ‘যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, তবে আপনিই পরাক্রান্ত, মহাবিজ্ঞ।’[১] এরপর আল্লাহ তাকে এই সংবাদ দিয়েছেন-'অবশ্যই আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব।' [২] এই রহমতকে সবসময় আমাদের নজরে রাখা আবশ্যক। আমরা তো গুনাহকে অপছন্দ করি, গুনাহগারকে নয়। হাদিসে এসেছে, এক নবীকে তার সম্প্রদায় প্রহার করে রক্তাক্ত করে ফেলেছে। এরপর তিনি চেহারা থেকে রক্ত মুছতে মুছতে বলতে লাগলেন, 'হে আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন। তারা তো জানে না।' [৩]

পঞ্চম পাঠ
মৃত্যু হঠাৎ করে উপস্থিত হয়ে যায়। আমাদের আলোচ্য ব্যক্তিটি রাস্তায়ই মারা গেল। সে ভাবতেও পারেনি যে, চলতে চলতে তার মৃত্যু চলে আসবে। কিন্তু এই মৃত্যু কত সুমিষ্ট আর এই রাস্তা কত চমৎকার! আল্লাহর রাস্তায় তার মৃত্যু হলো... আপনি জীবনটাকে আল্লাহর পথের সফর বানিয়ে নিন। তাহলে যখনই মৃত্যু আসুক এতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার আশপাশে তাকিয়ে দেখুন! কত শস্য ও ফসলাদি রয়েছে, মালিকেরা তা কাটতে পারেনি। কত বাড়ি নির্মিত হয়েছে, বাড়িওয়ালা তাতে থাকতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠানের কত সিট রয়েছে ছাত্ররা সেখান থেকে বের হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে। কত শিশুকে দাফন করা হলো! কত বালকের জানাজা কাঁধে করে নিয়ে যাওয়া হলো! পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী কত যুবতী রয়েছে, তাদেরকে বাসরঘরে নয়, বহন করে নিয়ে যাওয়া হয়েছে কবরে। আপনি এটা বলবেন না যে, আগামীকাল আমি তাওবা করব। আগামীকালটি আপনার কাছে নাও আসতে পারে। এ পর্যন্ত যারা মারা গেছে তারা প্রত্যেকেই ধারণা করত যে, এই সময়টিতে তারা মারা যাবে না।

ষষ্ঠ পাঠ
নিয়তই আমল কবুলের ভিত্তিমূল। আমরা আমল না করলেও শুধু নিয়তই আমাদের মর্যাদা উঁচু করে দিতে পারে। মুসা আলাইহিস সালাম-এর সমকালে বনি ইসরাইলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মুসা পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন, এক দরিদ্র ব্যক্তি বলছে—‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি জানেন, যদি আমার এই পাহাড় পরিমাণ স্বর্ণ হতো তাহলে আমি তা আপনার বান্দাদেরকে দান করে দিতাম।’ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম-কে বলেন, ‘তুমি আমার বান্দাকে বলো আমি তার সাদাকাহ কবুল করেছি।’ পক্ষান্তরে আমল করা সত্ত্বেও নিয়ত আমাদেরকে নিচে নামিয়ে দিতে পারে। মুনাফিকদের সরদার ইবনে সালুলের কথাই ধরুন না! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পেছনে ফজরের নামাজ পড়ছে। অথচ সে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে নিক্ষিপ্ত হবে। আপনার নিয়ত পরিশুদ্ধ করুন, আপনার আমল ঠিক হয়ে যাবে। আপনি সেই ব্যক্তির মতো হবেন না যে সমুদ্রে গম চাষাবাদ করে। তার এ চাষাবাদ নিছক পণ্ডশ্রম বৈ কিছু নয়। এতে সে কোনো সওয়াব (ফসল) পায় না।

টিকাঃ
[১] সহিহ মুসলিম, হাদিস-ক্রম: ২৭৬৬
[১] সুরা বাকারা, আয়াত-ক্রম : ৩২
[১] বলা বাহুল্য এগুলো জঘন্যতম অপরাধ। কুরআন-হাদিসে এসবের ব্যাপারে মারাত্মক আযাবের হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হাদিসে উল্লিখিত ঘটনাটি যেহেতু আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া সংক্রান্ত এ জন্য লেখক এসব গুনাহে লিপ্ত ব্যক্তিদের আল্লাহর রহমতের আশার আলো দেখাচ্ছেন। এ জঘন্যতম গুনাহগুলোর সরলীকরণ করা আদৌ এখানে উদ্দেশ্য নয়।- অনুবাদক
[১] সহিহ বুখারি, হাদিস-ক্রম: ১৩৫৬
[১] সুরা মায়িদাহ, আয়াত-ক্রম: ১১৮
[২] সুনানে নাসায়ি, হাদিস-ক্রম: ১০১;, সুনানে ইবনে মাজাহ, হাদিস-ক্রম: ১৩৫০
[৩] সহিহ বুখারি, হাদিস-ক্রম: ৩৪৭৭

📘 নবীজির ﷺ পাঠশালা 📄 গুহায় আটকে-পড়া তিন ব্যক্তি

📄 গুহায় আটকে-পড়া তিন ব্যক্তি


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
'একবার (পূর্ববর্তী যুগের) তিন লোক পদব্রজে চলছিল। চলন্ত অবস্থায় ঝড়-বৃষ্টি নেমে গেল। তখন তারা একটি পাহাড়ের গর্তে আশ্রয় নিল। ইতিমধ্যে পাহাড় থেকে একটি পাথরখণ্ড খসে পড়ে তাদের গর্তে মুখ ঢেকে দিল। ফলে গর্তের মুখ বন্ধ হয়ে গেল। সে মুহূর্তে তারা পরস্পরকে বলতে লাগল, "নিজ নিজ সৎ আমলের প্রতি খেয়াল করো যা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ এবং সে সৎকর্মকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দুআ করতে থাকো। এমন হতে পারে, আল্লাহ তাআলা তোমাদের এ মহাবিপদ থেকে (পাথরটি সরিয়ে) নিষ্কৃতি দান করবেন।”

'তখন তাদের একজন বলল, “হে আল্লাহ! আমার পিতা-মাতা ছিলেন বয়োবৃদ্ধ। আমার এক স্ত্রী ও ছোট ছোট সন্তান-সন্ততি ছিল। আমি তাদের (জীবিকার) জন্য মেষ-বকরি মাঠে চরাতাম। (সন্ধ্যায়) ঘরে ফিরে এসে তাদের জন্য আমি সেগুলোর দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের পূর্বে প্রথমেই পিতা-মাতাকে পান করাতাম। একদিন একটি গাছের সন্ধানে অনেক দূরে যেতে হলো, ফলে আমার ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। (ফিরে এসে) আমি তাদের (পিতা-মাতাকে) দুজনকে ঘুমন্ত অবস্থায় পাই। আমি আগের মতই দুধ দোহন করি এবং তা নিয়ে পিতা-মাতার মাথার কাছে দাঁড়িয়ে থাকি। ভাবি, তাদের ঘুম ভাঙানো ঠিক হবে না। এদিকে তাদেরকে পান না করিয়ে সন্তানদেরকে পান করানোটাও পছন্দ করছিলাম না। কিন্তু সন্তানেরা ক্ষুধার তাড়নায় আমার দুপায়ের কাছে কাতরাচ্ছিল। তাদের ও আমার এ অবস্থা চলতে থাকল। এ অবস্থায় ভোর হয়ে গেল। যদি আপনি মনে করেন যে, আমি এ কাজ আপনার সন্তুষ্টি লাভের নিমিত্তে করেছি, তাহলে আমাদের জন্য (গর্তের মুখ) কিছুটা ফাঁকা করে দাও, যাতে আমরা আকাশ দেখতে পাই।” আল্লাহ তাআলা তার এই দুআয় একটু ফাঁকা করে দিলেন। ফলে তারা আকাশ দেখতে পেল।

'দ্বিতীয়জন বলল, “হে আল্লাহ! আমার আমার কাহিনি হলো, এক চাচাতো বোন ছিল আমার। কোনো পুরুষ কোনো নারীকে যেভাবে ভালোবাসে, আমি তাকে তারচেয়েও বেশি ভালোবাসতাম। একদিন (যৌন তিয়াস মেটানোর জন্য) তাকে একান্তে কাছে পেতে চাইলাম, কিন্তু সে প্রথমে এ প্রস্তাব প্রত্যাখ্যান করল। পরে ১০০ দিনারের রাজি হলো। অতঃপর আমি কষ্ট করে ১০০ দিনার জমা করলাম। তারপর সেগুলো নিয়ে তার কাছে আসলাম। যখন আমি তার দুপায়ের মধ্যখানে বসলাম, এমন সময় সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় করো। বিয়ে-বহিভূর্তভাবে সতিত্ব নষ্ট করো না। এ কথা শুনে আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। আপনি যদি মনে করেন, কেবল আপনার সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই আমি এ কাজ করেছি তবে আমাদের জন্য একটু ফাঁকা করে দিন।” আল্লাহ তাআলা তখন তাদের জন্য আরেকটু ফাঁকা করে দিলেন।

'তৃতীয়জন বলল, “হে আল্লাহ! আমি এক 'ফারাক' (প্রায় সাত কিলোগ্রাম সমপরিমাণ) শস্যের বিনিময়ে একজন মজদুর নিযুক্ত করেছিলাম। সে তার কাজ শেষ করে বলল, আমাকে আমার প্রাপ্য দিয়ে দিন। আমি এক ফারাক (শস্য) তার সামনে পেশ করলাম। কিন্তু সে তা না নিয়ে চলে গেল। আমি সে শস্য জমিনে চাষ করতে থাকলাম। শেষ অবধি তা দিয়ে গরু-বকরি ও রাখাল সংগ্রহ করলাম। অনেকদিন পর সে আমার কাছে এল এবং বলল, আল্লাহকে ভয় করো। আর আমার পাওনা আদায় করতে আমার ওপর অবিচার করো না। আমি বললাম, তুমি এ (সমস্ত) গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে উপহাস করো না। আমি বললাম, সত্যিই আমি তোমার সঙ্গে উপহাস করছি না। এ গরু ও রাখাল নিয়ে যাও। অতঃপর সে তা নিয়ে চলে গেল। আপনি যদি জানেন, এ কাজটি কেবল আপনার সন্তুষ্টি লাভের নিমিত্তেই করেছি তাহলে অবশিষ্টাংশও ফাঁকা করে দিন।” আল্লাহ তাআলা তখন গুহার মুখের বাকি অংশটুকু ফাঁকা করে দিলেন।'[১]

প্রথম পাঠ
ঘটনাটির স্থান কাল ব্যক্তি—কিছুই পরিচিত নয়। এর কারণ হলো ঘটনার বিবরণ মুখ্য উদ্দেশ্য নয়; বরং চিন্তা-চেতনা আমল-আখলাক সংশোধনই এর মূল উদ্দেশ্য। কুরআন ও হাদিসের সকল ঘটনার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। কুরআন আমাদেরকে আদম আলাইহিস সালাম-এর দুই পুত্রের আলোচনা করতে গিয়ে তাদের নাম বলেনি। আমরা পূর্ববর্তী জাতির ইতিহাস থেকে তা জানতে পেরেছি। তারা হাবিল কাবিল হোন বা আহমদ খালেদ হোন এতে কিছুই আসে-যায় না। এই দুজনের ব্যক্তিত্ব আমাদের কীসের জানান দেয়? একজন হলো হিংসুক, লোভী, আল্লাহ তাআলার বিধান পরিত্যাগকারী এবং ভাইয়ের হন্তারক। অপরজন মুমিন, মুত্তাকি ও অত্যন্ত পরহেজগার। ভাই তাকে হত্যা করতে উদ্যত হলেও তিনি ভাইকে হত্যার জন্য হাত প্রসারিত করেননি।

কুরআন যখন আমাদের কাছে ফিরআউনের বংশের মুমিন ব্যক্তির কথা আলোচনা করেছে তখনও তার নাম বলেনি। কেননা উল্লিখিত অবস্থাটিই শিক্ষণীয়। আবার যখন কুরআন ইউসুফ আলাইহিস সালাম-এর পবিত্রতার ব্যাপারে সাক্ষ্যদাতা সম্পর্কে আলোচনা করেছে তখন তাকে শুধু 'জুলাইখার পরিবার থেকে একজন সাক্ষ্য দিল' বলে উল্লেখ করেছে। আর হাদিস ও সাহাবায়ে কেরামের উক্তি থেকে আমরা তার পরিচয় জানতে পেরেছি। কেননা তার বিস্তারিত পরিচয় প্রদান সাধারণ এক বিষয় আর তার অবস্থা হলো গুরুত্বপূর্ণ বিষয়। নবীদের সাহায্যের জন্য যে ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসেছিলেন, সুরা ইয়াসিনে তাকে 'একজন লোক' বলে উল্লেখ করা হয়েছে। কেননা ব্যক্তির চেয়ে অবস্থাই গুরুত্বপূর্ণ। কুরআন যখন আমাদের কাছে নমরুদের কথা আলোচনা করেছে তখন তার নাম উল্লেখ করেনি। কেননা অবাধ্যতার অবস্থা জানাটাই গুরুত্বপূর্ণ। অবাধ্য ব্যক্তির পরিচয় নয়। তেমনিভাবে কুরআন যখন আমাদের কাছে ইসমাইল যাবিহুল্লাহ'র কথা আলোচনা করেছে তখন তার নাম উল্লেখ করেনি। কেননা এখানে পুণ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ।

কুরআন-হাদিসে ঘটনার ক্ষেত্রে কেবল ব্যক্তির অবস্থান তুলে ধরার জন্যই তার নাম বলা হয়ে থাকে। ইবরাহিম আলাইহিস সালাম-কে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সমকালের রুগ্ন সমাজ এবং সে-সমাজে একজন মুমিনের দৃঢ়তা সম্পর্কে সংবাদ দেওয়ার জন্যই নাম উল্লেখ করা হয়েছে; ইবরাহিম আলাইহিস সালাম-এর ব্যক্তিগত জীবনী কিংবা পূর্বকার জাতির ইতিহাস টানার জন্য নয়; যদিও ঘটনার ফাঁকে এ বিষয়টিও জানা হয়ে যায়। কুরআন আমাদের কাছে নুহ আলাইহিস সালাম-এর প্লাবন সম্পর্কে আলোচনা করেছে। কুরআন এর মাধ্যমে আমাদেরকে এই সংবাদ দিয়েছে, মানুষ কীভাবে জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে পারে! মাত্র একটি ডাকেই জীবজন্তুরা জাহাজে উঠে গেল। কিন্তু টানা সাড়ে নয়শত বছর ডাকাডাকি সত্ত্বেও মুষ্টিমেয় কিছু মানুষ জাহাজে উঠল! কুরআন এর মাধ্যমে আমাদেরকে এই সংবাদ দিতে চেয়েছে, আল্লাহর পথের দাঈরা কখনো ক্লান্ত হন না। কেননা তারা ফলাফলের দিকে তাকান না। সবসময় আল্লাহর পথে চলাটাই হলো মুখ্য বিষয়। কুরআন আমাদের কাছে ফিরআউনের সঙ্গে মুসা আলাইহিস সালাম-এর ঘটিত অবস্থাদি নিয়ে আলোচনা করেছে। এর মাধ্যমে আমাদেরকে সংবাদ দিতে চেয়েছে যে, অত্যাচারী ও অবাধ্যদের অনিচ্ছাসত্ত্বেও নিশ্চিতভাবেই আল্লাহ তাআলার ফায়সালা কার্যকরী। ফিরআউন মুসা আলাইহিস সালাম-এর খুঁজে হাজার হাজার শিশুকে হত্যা করেছে, কিন্তু যখন মুসা এসেছেন তখন তাকে নিজ প্রাসাদে লালন-পালন করেছে! আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে সংবাদ দিতে চেয়েছেন যে, উপায়-উপকরণ মানুষের ক্ষতি করতে পারে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। কোনো লাঠি তো কখনো সমুদ্র বিদীর্ণ করতে পারে না। কিন্তু যখন আল্লাহ চান তখন ঠিকই লাঠির আঘাতে সমুদ্র বিদীর্ণ হয়ে যায়। এই কারণে প্রত্যেক ঘটনায় প্রত্যেক অবস্থায় আপনাকে কাজ নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে; কর্তাকে নিয়ে নয়। আপনি জীবন নিয়ে ভালোভাবে চিন্তা-ভাবনা করলে বুঝতে পারবেন, হক-বাতিলের মধ্যে যুগে যুগে একই যুদ্ধ চলমান ছিল এবং আছে। শুধু যোদ্ধার পরিবর্তন ঘটেছে। প্রত্যেক যুগের অবাধ্য ব্যক্তিটি সেই ফিরআউন আর নমরুদের মতোই। প্রত্যেক যুগের দাঈ সেই ইবরাহিম আর মুসার মতোই। বাতিলের সকল বাহিনী তো সেই আবরাহা আর বদর-দিবসের কুরাইশ বাহিনীই। পক্ষান্তরে দ্বীনের জন্য কুরবান প্রতিটি বাহিনী তো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের বাহিনী।

দ্বিতীয় পাঠ
আপনাকে আল্লাহর নামে স্মরণ করানো হলে ভয়ে কম্পিত হয়ে উঠুন। সম্মানে আঘাত লেগেছে বলে অধিক পরিমাণে গুনাহে প্রবৃত্ত হবেন না। গুনাহে লিপ্ত হওয়ার পর তা নিয়ে অহংকার করাটা কখনো কখনো গুনাহের চেয়েও বড় গুনাহ হয়ে থাকে। লক্ষ করে দেখুন, আদম ও ইবলিস—উভয়েই তাদের রবের অবাধ্যতা করেছেন। ইবলিস সাময়িক সময়ের জন্য আল্লাহর অবাধ্যতা করেছে; আদম আলাইহিস সালাম-কে সিজদাহর নির্দেশ প্রত্যাখ্যান করেছে। আদম আলাইহিস সালাম সামান্য সময় রবের অবাধ্যতা করেছেন; নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। বাহ্যিকভাবে উভয়ের অবাধ্যতা একইরকম হলেও পরিণাম কিন্তু সমান হয়নি। ইবলিসকে যখন তিরস্কার করা হয়েছে তখন সে অহংকার করেছে। আদম আলাইহিস সালাম-কে যখন তিরস্কার করা হয়েছে তখন তিনি ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করেছেন। অহংকারী আর ক্ষমা প্রার্থনাকারীর মধ্যে কত বিশাল ব্যবধান! আল্লাহর নাম স্মরণ করানো হলে কখনো অবাধ্যতা করবেন না। কেননা উদাসীনভাবে গুনাহ করার তুলনায় হটকারিতার মাধ্যমে গুনাহ করাটা অনেক বেশি জঘন্য।

যখন আপনি কোনো কথা বলে নিকটভাজন কাউকে রাগিয়ে দেন আর সে- ক্ষেত্রে কেউ যদি আপনাকে আপনার অপরাধ ধরিয়ে দেয়, তাহলে ভুলে মন্দ কথা বলা এবং ভুলে অহংকার করা—এ দুটি ভুল একত্রিত করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে কেউ যদি আপনাকে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার কথা স্মরণ করিয়ে দেয় তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ এবং অহংকারের গুনাহকে একত্রিত করবেন না। আল্লাহর হক সংক্রান্ত কোনো গুনাহ করে ফেললে-যেমন নামাজ-রোজা ছেড়ে দেওয়ার পর আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হলে-অহংকার করবেন না। আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলেছেন, 'সে পশ্চাদপসরণ করল এবং অহংকার করল।' গুনাহ করার পর অনুশোচনাবোধ তৈরি হওয়াটা আল্লাহর কাছে সেই আনুগত্য থেকে উত্তম হতে পারে যা আপনার মধ্যে অহমিকা তৈরি করে। এটি গুনাহ করার পরের কথা। গুনাহ করার পূর্বে কোনো ধরনের ওজর-আপত্তি গ্রহণযোগ্য নয়। কেননা এতে আল্লাহর ওপর দাম্ভিকতা প্রদর্শন করা হয়। যদি গচ্ছিত ধনসম্পদ আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করেন এরপর যদি আপনাকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে আপনি ভীত হয়ে পড়ুন। কেননা স্মরণ করিয়ে দেওয়ার পরও যা করা হয়ে থাকে তা সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। কেননা এতে চ্যালেঞ্জের মতো বিষয় চলে আসে।

স্মরণ রাখুন হকের সামনে বড়রাও ছোট। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু'র কথাই ধরুন না! তিনি বিশাল বিস্তীর্ণ ভূখণ্ড এবং লক্ষ লক্ষ মানুষকে শাসন করতেন। একবার মোহরের ক্ষেত্রে মানুষের বাড়াবাড়ি দেখে মিম্বরে আরোহণ করেন। মোহরের পরিমাণ নির্ধারণ করে দিতে চান। তখন শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে বলেন, আপনার এটা করার অধিকার নেই। আল্লাহ তাআলা তো বলেছেন- ‘তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ কোরো না।’[১] আল্লাহ তাআলার এ ঘোষণা সত্ত্বেও আপনি কোন অধিকার-বলে মোহর নির্ধারিত করে দেবেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 'এই নারী সঠিক বলেছেন আর উমর ভুল করেছে।' তিনি খলিফা হওয়া সত্ত্বেও জনসম্মুখে হক মেনে নিতে সংকোচবোধ করেননি। তাহলে আমাদের কী হলো—কেউ আমাদের উপদেশ দিলে আমরা সে ক্ষেত্রে হক পরিত্যাগ করে ফেলি! আমাদের আলোচ্য ঘটনার বীরপুরুষ তার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসত। একজন পুরুষ একজন নারীকে যে পরিমাণ ভালোবাসতে পারে সে তেমনি বাসত। তাকে পাবার জন্য নিজের ধন-সম্পদ আর সময় ব্যয় করেছে। সামনে যাওয়ার পর তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে সতিত্ব নষ্ট করো না।' লোকটি সঙ্গে সঙ্গে সরে গিয়েছে। অথচ মেয়েটি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তমা নারী ছিল।

তৃতীয় পাঠ
মানুষের হক বিনষ্ট করা থেকে বিরত থাকুন। আল্লাহ নিজের হক ক্ষমা করে থাকেন কিন্তু মানুষের হকের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেন না। শহিদের রক্তের ফোঁটা জমিনে পড়ামাত্রই তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ঋণ ক্ষমা করা হয় না। কেননা ঋণ হলো মানুষের হক। হারাম দ্বারা যে গোশত তৈরি হয় জাহান্নাম তার উপযুক্ত স্থান। হাদিসে এসেছে, 'আমি তো একজন মানুষ। তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো। হতে পারে তোমাদের কেউ দলিল-প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে অপরের তুলনায় পটু। তখন আমি যা শুনি সে অনুযায়ী ফায়সালা করে দিই। আমি যদি কারও জন্য তার ভাইয়ের কোনো হকের ফায়সালা করে দিই তাহলে সে যেন তা গ্রহণ না করে। আমি এর মাধ্যমে তার জন্য জাহান্নামের অংশের ফায়সালা করে দিই।' [১] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায়সালা করলেও যখন অন্যের হক হালাল হয়ে যায় না, তখন মানুষের প্রতিষ্ঠিত আদালতের কথা চিন্তা করুন! আদালত এ ধরনের ফায়সালা করলে বিষয়টা কেমন হতে পারে? দুনিয়ার সকল আদালত ফায়সালা করলেও সেটা আপনার জন্য বৈধ নয় বরং হারাম।

স্মরণ করুন, আখেরাতে এমন বিচার হবে, যেখানে সকলের হৃত হক ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেখানে কোনো দিনার, দিরহাম (টাকা-পয়সা) থাকবে না। হিসাব মেটানো হবে পুণ্য-কাজ এবং আমল দ্বারা। অথচ আমরা তখন এসবের প্রতি সবচেয়ে বেশি মুখাপেক্ষী থাকব। আইন-কানুন তৈরি করে দুর্বলদের ওপর শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কেউ সরল-সোজা হলেই তার সম্পদ চুরি করা হালাল হয়ে যায় না। যার থেকে চুরি করা হলো সে সরল-সোজা নাকি বুদ্ধিমান ও জ্ঞানী সেটা বিবেচ্য বিষয় নয়; বরং চুরি সর্বাবস্থায়ই হারাম। বর্তমান যুগে মানুষজন লোক-দেখানোর ফ্যাশনে নিপতিত হয়ে গেছে। কেউ হোটেল-বয়কে হাজার টাকা বখশিশ দিতে পারে কিন্তু আপন কর্মচারীকে বেতন দিতে পারে না; উল্টো তা কেটে নেয়। অথচ ওই বেতন ভালো মানের কোনো রেস্টুরেন্টের এককাপ চায়ের দামের সমপরিমাণও নয়! প্রকৃত বদান্যতা হলো আপনার ওপর মানুষের যে অধিকার রয়েছে তা আদায় করে দেওয়া। পরিচারক/পরিচারিকা থেকে চুরি করে কাউকে হাদিয়া-বখশিশ দেওয়াটা বদান্যতা নয়। অন্যের অধিকার প্রদান করাটাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য। বন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে চলাফেরা করা এবং চমৎকার সুগন্ধি মাখা সৌন্দর্য নয়। হায় আফসোস! লোকেরা এখন সৌন্দর্য বলতে শুধু পোশাক-আশাককেই বুঝে থাকে। তাদের রুহ ও অন্তরের দিকে তাকালে দেখা যাবে তা পচা এবং দুর্গন্ধময়।

আমাদের আলোচ্য ঘটনায় লক্ষ করুন, শ্রমিক তার মজুরি না নিয়েই চলে গেছে। মালিক তা দিয়ে চাষাবাদ করেছে; তার প্রবৃদ্ধি ঘটিয়েছে। এরপর শ্রমিক যখন ফিরে এসেছে তখন তাকে সব দিয়ে দিয়েছে। অথচ আমরা সাধারণ মানুষ এবং হতদরিদ্রদের বেতনই দিতে চাই না। এই সামান্য বেতন চুরি করে আমাদের কোনো লাভও হবে না আর তা দিয়ে দিলেও আমরা ফকির হয়ে যাব না। আপনি ধন-সম্পদের গোলাম হয়ে যাবেন না। গোলামরা শক্তি খাটানো ব্যতীত অধিকার প্রদান করে না। স্বাধীন মানুষের মতো হোন। তাদের কাছে কেউ না চাইলেও তারা স্বেচ্ছায় অন্যের অধিকার প্রদান করে থাকে।

চতুর্থ পাঠ
দুআ মুমিনের অস্ত্র। একে তুচ্ছ ভাববেন না। হাদিসে এসেছে, একমাত্র দুআই তাকদিরকে পরিবর্তন করতে পারে। [১] আল্লাহর দরজায় কড়া নাড়ার সর্বশেষ দরজাই হলো দুআ। রিজিক, সুস্থতা, সন্তান-সন্ততি, স্ত্রী এবং সার্বিক সাহায্য কবে থেকে মানুষের হাতে চলে এল! সবই তো আল্লাহর হাতে। মানুষ তো কেবল উপকরণ মাত্র। আমাদের কী হলো যে আমরা উপকরণ নিয়েই পড়ে থাকি আর উপকরণের স্রষ্টা আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে ফেলি! উপকরণ গ্রহণ করাটা শরিয়তসম্মত, বরং আবশ্যকীয় এক বিষয়। কিন্তু উপকরণকে নিশ্চিত ভাববেন না। ওষধ সুস্থতার মাধ্যম কিন্তু সুস্থতা প্রদানকারী হলেন আল্লাহ। কাজকর্ম করাটা রিজিকের মাধ্যম কিন্তু রিজিকদাতা হলেন আল্লাহ। বিয়ে সন্তান লাভের মাধ্যম কিন্তু সন্তানদাতা হলেন আল্লাহ। কত মানুষ চিকিৎসা গ্রহণ করেছে কিন্তু সুস্থ হয়নি! কত মানুষ কাজকর্ম করে থাকে কিন্তু প্রাচুর্য লাভ করতে পারেনি! কত মানুষ বিয়ে করল কিন্তু তাদের সন্তান হয়নি!

আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে, তার কাছে যেন চাওয়া হয়। আর মানুষ পছন্দ করে, যেন তাকে দেওয়া হয়। অতএব আপনার যা পছন্দ তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আর আল্লাহর যা পছন্দ আপনি তাকে সেটা প্রদান করুন। আল্লাহ আপনাকে উপকরণ-নির্ভর পেলে তিনি আপনাকে উপকরণের হাতেই ছেড়ে দেবেন। পক্ষান্তরে আপনাকে তার ওপর নির্ভরশীল দেখলে তিনি আপনার জন্য উপকরণের ব্যবস্থা করে দেবেন। মানুষকে আপনার অধীনস্থ করে দেবেন। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর কথাই ধরুন না! ভুল করে অনুতপ্ত হয়ে তারা আল্লাহকে ডাকছেন— ‘হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।’ [১] তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। নুহ আলাইহিস সালাম যখন তার কওমের কারণে সংকীর্ণতা অনুভব করলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দুআ করলেন— ‘হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না।’ [২] তার এই দুআয় প্লাবন নেমে আসে। ইবরাহিম আলাইহিস সালাম যখন নিজ পরিবারকে আল্লাহর হাতে ন্যস্ত করলেন, তখন দুআ করেছেন— ‘আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন।’ [৩] তার এই দুআর ফলে যুগে যুগে মক্কা সকল মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে রয়েছে।

লুত আলাইহিস সালাম! যখন তার ভূখণ্ড তার কাছে সংকীর্ণ হয়ে আসে তিনি আল্লাহর কাছে দুআ করলেন— ‘হে আমার রব, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন।’[১] জিবরাইল আলাইহিস সালাম তখন সে এলাকাটিকে ডানায় করে উপরে উঠিয়ে নিয়ে যান। এমনকি তা আকাশের এত কাছাকাছি হয়ে গিয়েছিল যে, ফেরেশতারা পর্যন্ত কুকুরের ঘেউঘেউ আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এরপর তিনি এটাকে সম্পূর্ণ উল্টো করে ফেলে দেন। ইউসুফ আলাইহিস সালাম! তার সামনে যখন সকল দরজা বন্ধ হয়ে গেল তিনি আল্লাহর কাছে দুআ করলেন— ‘যদি আপনি তাদের চক্রান্ত আমার ওপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’[২] এরপর তিনি মিশরের বাদশাহ হয়ে গেছেন! মুসা আলাইহিস সালাম-এর কাঁধে এক দায়িত্ব দেওয়া হয়। তিনি সে কারণে বোঝা অনুভব করতে থাকেন। তাই তিনি দুআ করেন— ‘হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন; যাতে তারা আমার কথা বুঝতে পারে। এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন। আমার ভাই হারুনকে।[৩]’ সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা সংবাদ পাঠালেন— ‘হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো।'[১] সুলাইমান আলাইহিস সালাম! তিনি যখন জানতে পারলেন একজন ন্যায়-পরায়ণ শাসক অনেক উত্তম, আল্লাহর কাছে দুআ করলেন— ‘আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।'[২] এই দুআর পর আল্লাহ তাআলা তাকে জিন জাতির ওপরও রাজত্ব দান করেন। ইউনুস আলাইহিস সালাম! সমুদ্র, রাত্রি, মাছের পেট—এই তিন অন্ধকারের ভেতর থেকে আল্লাহ তাআলাকে ডাক দিলেন— ‘আপনি ছাড়া কোনো ইলাহ নেই; সমস্ত পবিত্রতা আপনার, আমিই অন্যায়কারী।'[৩] যাকারিয়া আলাইহিস সালাম-এর পিতা হওয়ার আগ্রহ তৈরি হলো। তিনি আল্লাহর কাছে দুআ করলেন— ‘হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে পুত-পিবত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।'[৪] তিনি মেহরাবে নামাজ পড়ছিলেন, ফেরেশতারা তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম-এর সুসংবাদ প্রদান করলেন। দুনিয়া হলো এক যুদ্ধক্ষেত্র আর দুআ হলো মুমিনের অস্ত্র। বুদ্ধিমান যোদ্ধা কখনো অস্ত্র ছাড়া যুদ্ধের ময়দানে নামে না।

পঞ্চম পাঠ
বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত হলো—মানুষ কল্যাণকর কাজ না করলেও শুধু তা করার ইচ্ছা পোষণ করলেই আমলনামায় পূর্ণ একটি সওয়াব লিখে দেওয়া হয়। কাজটি করলে ১০টি সওয়াব লেখা হয়। তেমনিভাবে যখন সে কোনো খারাপ কাজের ইচ্ছা করে কিন্তু তা আর না করে তখন তার আমলনামায় একটি পূর্ণ সওয়াব লেখা হয়। আলোচ্য ঘটনায় ওই লোকটি ব্যভিচারের ইচ্ছা করেছিল। কিন্তু যখন তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সে প্রকম্পিত হয়ে উঠেছে। এই কারণে সে এ মর্যাদা লাভ করেছে এবং এ কাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে বিশাল পাথর সরিয়ে দিয়েছেন। গুনাহ করার সময় যদি স্মরণ হয়ে যায় যে, এটা আল্লাহ তাআলার অবাধ্যতা তাহলে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। ভালোবাসেন বলেই তিনি আপনাকে গুনাহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাদের প্রতি ক্রোধান্বিত থাকেন তাদেরকে তিনি উদাসীনতার মাধ্যমে পরীক্ষায় ফেলে দেন। প্রবৃত্তি তাদেরকে যে দিকে নিয়ে যায় তারা শুধু তাই দেখতে পায়। তাই গুনাহ করে আল্লাহ তাআলার ভালোবাসাকে বিদূরিত করবেন না। আপনি হারাম কাজের দিকে পা ফেলতে গিয়ে যখন আল্লাহর ভয়ে কম্পিত হয়ে উঠবেন তখন আপনার আমলনামায় হালাল ক্ষেত্রে পা ফেলার সওয়াব লেখা হবে। হারাম কাজে দিনার-দিরহাম ব্যয় করতে গিয়ে আল্লাহর ভয়ে যখন তা থেকে বিরত হয়ে যাবেন আপনার আমলনামায় তখন একটি দিরহাম সাদাকাহ করার সওয়াব লেখা হবে। আল্লাহর ভয়ে বাতিল কথা বলা থেকে বিরত হয়ে গেলে আপনার আমলনামায় একটি হক কথা বলার সওয়াব লেখা হবে। [১] আহ, আল্লাহর রহমত কত অসীম! জাহান্নামের পথে না চলার সিদ্ধান্তই জান্নাতে পেঁৗছার পথে রূপান্তরিত হয়ে যায়।

ষষ্ঠ পাঠ
সবসময় নেককার লোকদের সংস্পর্শে অবলম্বন করুন। আসহাবে কাহাফের কুকুরটার কথাই চিন্তা করুন! আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাকে উল্লেখ করে তার আলোচনা চিরস্থায়ী করে দিয়েছেন। কারণ সে শুধু কিছু নেককার লোকের সান্নিধ্য অবলম্বন করেছিল। মনে রাখবেন, সাথিসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কুকুর যেন আমাদের তুলনায় বিচক্ষণ না হয়ে যায়! উল্লিখিত ঘটনায় গুহায় আটকে-পড়া তিন ব্যক্তির প্রতি একটু লক্ষ করুন। যদি তাদের কোনো একজনের কাছে আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো আমল না থাকত, তাহলে তারা সকলেই গুহায় আটকে পড়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু তাদের প্রত্যেকেরই কিছু নেক আমল ছিল। ফলে সকলেই মুক্তি পেয়ে যায়। প্রবাদ আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। যে সঙ্গী হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যায় আর যে সঙ্গী জাহান্নামের দিকে নিয়ে যায় দুজনের মধ্যে কত বিশাল ব্যবধান!

টিকাঃ
[১] সহিহ বুখারি, হাদিস-করম: ২৩৩৩, সহিহ মুসলিম ২৭৪৩
[১] সুরা নিসা, ৪: ২০
[১] সুনানে ইবনে মাজাহ, হাদিস-ক্রম : ১৮৯০
[১] আল জামিউস সাগীর, হাদিস-ক্রম : ৪২৪৫
[১] সুরা আরাফ, আয়াত-ক্রম : ২৩
[২] সুরা নূহ, আয়াত-ক্রম : ২৬
[৩] সুরা ইবরাহিম, আয়াত-ক্রম : ৩৭
[১] সুরা আনকাবূত, ২৯: ৩০
[২] সুরা ইউসুফ, ১২: ৩৩
[৩] সুরা ত্বহা, ২০: ২৫-৩০
[১] সুরা ত্বহা, ২০: ৩৬
[২] সুরা ছ-দ, ৩৮: ৩৫
[৩] সুরা আম্বিয়া, আয়াত-ক্রম: ৮৭
[৪] সুরা আলে ইমরান, আয়াত-ক্রম: ৩৮
[১] সুনানে তিরমিযি, হাদিস-ক্রম : ১৬২৫

ফন্ট সাইজ
15px
17px