📘 নিফাক থেকে বাঁচুন > 📄 নিফাক ও মুনাফিকির ভয়াবহতা অনুসন্ধান

📄 নিফাক ও মুনাফিকির ভয়াবহতা অনুসন্ধান


ওপরের আলোচনার পর এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকতে পারে না যে, আল্লাহ তাআলা নিফাকের ব্যাপারে এত বেশি আলোচনা এনেছেন আমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা বলেন:
وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ
'আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে।'
তাই আমাদের অবশ্যকর্তব্য হলো নিজেকে নিফাক ও মুনাফিকদের কবল হতে মুক্ত রাখা।

টিকাঃ
২. সূরা আনআম ৬:৫৫

📘 নিফাক থেকে বাঁচুন > 📄 অন্তরে নিফাকের আশঙ্কা

📄 অন্তরে নিফাকের আশঙ্কা


এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে, মুনাফিকমাত্রই নিশ্চিতরূপে অধঃপতনের শিকার। সে অবশ্যই ধ্বংসের মধ্যে রয়েছে। জান্নাতের চিরস্থায়ী নিআমতের স্বপ্নময় জগৎ হতে জাহান্নামের অনন্তকালীন যাতনার এক যন্ত্রণায় সে নিক্ষিপ্ত হয়েছে। মুমিন সব সময় নিফাকের আশঙ্কায় থাকে। পাশাপাশি মুমিন সাধারণত খুব সহজেই কাফির-মুশরিকদের ভিন্ন পথ ও পরিণতির কথা জেনে এবং বুঝে তাদের এড়িয়ে চলে।
কিন্তু এর মাঝে আবার মুনাফিকদের অবস্থান রয়ে গেছে। মুনাফিক তার নিরাপদ আখের গোছানোর ফন্দি-ফিকির আঁটতে গিয়ে জান্নাতের পথে কয়েক ধাপ ব্যবধানে আটকা পড়ে যায়। এই ধাপ ক'টি পেরোতে যে পুঁজি দরকার তা হলো ঈমানের নূর। আর এখানেই প্রকৃত মুমিন তার ঈমানের নূর দ্বারা সন্দেহ ও সংশয়ের আঁধারে দুলতে থাকা দুনিয়ামুখী মুনাফিকদের পেছনে ফেলে এগিয়ে যায়। অথচ দুনিয়ায় এই নিফাকের মধ্যে থাকা লোকেরা ভাবে যে তারা নিরাপদ। তাদের অনেকে এটাই জানে না যে, সে নিফাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আবার অনেকে মনে করে, দুনিয়ায় যেমন মিথ্যা ও ধোঁকা ইত্যাদি দ্বারা পার পেয়ে যাচ্ছে, আখিরাতেও এমনই কিছু একটা করে সে উতরে যাবে। তারা মনে করে, তাদের এসব ভোজবাজি বুঝি আল্লাহ আযযা ওয়া জাল্লা'র সাথেও চলবে (নাউযুবিল্লাহ)। তাই মুনাফিকরা সেদিন তা-ই বলবে যা অনেক আগেই তাদের রব আল্লাহ তাআলা তাদের স্বভাব বর্ণনা করতে গিয়ে বলে রেখেছেন।
يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِن قِبَلِهِ الْعَذَابُ
'সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্যে অপেক্ষা করো, আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার ভেতরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।'
দুনিয়াতে তারা দীর্ঘ মেয়াদে আল্লাহর সাথে ফন্দি-ফিকির আঁটার চেষ্টা করেছে। কিন্তু সেদিন তারা আল্লাহ জাল্লা জালালুহুর কৌশলে আটকা পড়বে।
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ الله وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاؤُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّه إِلَّا قَلِيلاً
'অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত, তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায়, একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য। আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। '
কিয়ামতের ভয়াবহ দিনে সব কৌশল ভেস্তে যাওয়ার পর তারা যখন আলো তথা নূরের খোঁজে নিআমতের ফোয়ারা পানে ছোটা সত্যিকারের নামাজী মুসলমানদের পিছু নেবে ঠিক তখনই এক অমোঘ নির্দেশ বার্তা বেজে উঠবে। এই আদেশ এ সকল মুনাফিকদেরকে এক বাধার দেয়াল দাঁড় করিয়ে জান্নাতের পথে এগিয়ে চলা মুমিনদের জামাআত হতে বড় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটিয়ে আলাদা করে দেবে।
মুনাফিকের দল এক কঠিন ও তীব্র বজ্রনিনাদের কবলে আটকা পড়ে যাবে। আর তা হলো জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা। সেদিনের বিচ্ছেদটি হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক!"
প্রিয় পাঠক, চলুন নিজেকে প্রশ্ন করে দেখি, “আমি কোন দলে”?
আমি কি বিভাজক প্রাচীর দাঁড়ানোর আগেই পার পেয়ে গেছি? নিজের বর্তমান অবস্থা অনুযায়ী নিজেকে একবার সেই ভয়াবহ দিনের কঠিন পরিস্থিতিতে কল্পনা করে দেখি। যদি বিভাজক প্রাচীরটি আমার পেছনে হয়ে থাকে তবে তো আমি মুক্তি পেয়ে গেলাম! আমার তো তাহলে সিজদাবনত হয়ে রাব্বে কারীমের দরবারে মাথা ঠেকিয়ে অশ্রুসজল নয়নে বাঁধভাঙা আনন্দ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ রহমান রহীমের নিআমতের শুকরিয়া আদায় করা উচিত।
আর যদি...? যদি সেই বাধার বিন্ধ্যাচল নিফাকের প্রমাণ হয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়ে! তবে আমার সবই শেষ! আমাকে উপুড় করে গলায় নাফরমানী আর শাস্তির শেকল পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতল গভীরে! জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট অংশে!
আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন:
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
'নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না।'
আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম জামাআতের মধ্যে জায়গা করে দিন। আমীন!

টিকাঃ
৩. সূরা হাদীদ ৫৭: ১৩
৪. সূরা নিসা ৪: ১৪২
৫. এখানে সূরা হাদীদ ৫৭: ১২-১৬ এর দিকে ইঙ্গিত করা হয়েছে।
৬. সূরা নিসা ৪: ১৪৫

📘 নিফাক থেকে বাঁচুন > 📄 মুনাফিক হতে সাবধান

📄 মুনাফিক হতে সাবধান


ইবনুল কাইয়্যিম বলেন,
فَإِنَّ بَلِيَّةَ الْإِسْلَامِ بِهِمْ شَدِيدَةُ جدًّا ، لِأَنَّهُمْ مَنْسُوبُونُ إِلَيْهِ، وَإِلَى نُصْرَتِهِ وَمُوَالَاتِهِ، وَهُمْ أَعْدَاؤُهُ فِي الْحَقِيقَةِ، يُخْرِجُونَ عَدَاوَتَهُ فِي كُلِّ قَالَبٍ يَظُنُّ الْجَاهِلُ أَنَّهُ عِلْمٌ وَإِصْلَاحُ، وَهُوَ غَايَةُ الْجَهْلِ وَالْإِفْسَادِ فَلِلَّهِ كَمْ مِنْ مَعْقِلٍ لِلْإِسْلَامِ قَدْ هَدَمُوهُ؟ ! وَكَمْ مِنْ حِصْنٍ لَهُ قَدْ قَلَعُوا أَسَاسَهُ وَخَرَّبُوهُ؟ وَكَمْ مِنْ عِلْمٍ لَهُ قَدْ طَمَسُوهُ؟ ! وَكَمْ مِنْ لِوَاءِ لَهُ مَرْفُوعٍ قَدْ وَضَعُوهُ؟ ! وَكَمْ ضَرَبُوا بِمَعَاوِلِ الشُّبَهِ فِي أُصُولِ غِرَاسِهِ لِيَقْلَعُوهَا؟ وَكَمْ عَمَّوْا عُيُونَ مَوَارِدِهِ بِآرَائِهِمْ لِيَدْفِنُوهَا وَيَقْطَعُوهَا؟ فَلَا يَزَالُ الْإِسْلَامُ وَأَهْلُهُ مِنْهُمْ فِي مِحْنَةٍ وَبَلِيَّةٍ، وَلَا يَزَالُ يَطْرُقُهُ مِنْ شُبَهِهِمْ سَرِيَّةٌ بَعْدَ سَرِيَّةٍ، وَيَزْعُمُونَ أَنَّهُمْ بِذَلِكَ مُصْلِحُونَ! أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ
“ইসলামের বড় ধরনের বিপদগুলোর মধ্যে অন্যতম একটি হলো মুনাফিক শ্রেণি। কারণ, বাহ্যত এরা ইসলামের সাথে সম্পৃক্ত। নিজেদেরকে তারা ইসলামের সাহায্যকারী এবং অনুগামী হিসেবে উপস্থাপন করে। কিন্তু এরা আসলে ইসলামের শত্রু। এরা সাধারণ মুসলমানদের অজ্ঞতা ও অনভিজ্ঞতার সুযোগে নিজেদের শত্রুতা প্রকাশ করে থাকে। আর ভুলের মধ্যে থাকা মানুষজন একে বুদ্ধিবৃত্তিক সমৃদ্ধি ও সংস্কার মনে করে লুফে নেয়। অথচ বাস্তবতা হলো এ সবই চূড়ান্ত পর্যায়ের মূর্খতা এবং বিশৃঙ্খলা।
তাদের ছদ্মবেশী ষড়যন্ত্রে ইসলামের কী পরিমাণ দুর্গ ধ্বংস হয়েছে, কত বসতি উজাড় হয়েছে, জ্ঞান-বিজ্ঞানের কত সোপান আঁধারে তলিয়ে গেছে, বিজয় রথে চড়া কত সৈন্যদল পরাজয়ভারে ন্যুব্জ হয়েছে, কত সবুজ সুফলা ভূমি বিরান হয়েছে, কত চক্ষুষ্মান দৃষ্টিহারা ও মূলধারাচ্যুত হয়ে স্মৃতির অতলে হারিয়ে গেছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
ইসলাম ও মুসলমান সব সময়ই তাদের নীল নকশার শিকার। একের পর এক সৈন্যদল তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। অথচ যুগ যুগ ধরে তাদেরকেই কল্যাণকামী মনে করা হচ্ছে! অথচ আল্লাহ তাআলা বলেন : أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ
'মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।' (সূরা বাকারা ২: ১২)।”
তাদের ক্ষতিকর দিক উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন:
هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
'তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হোন। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে?
এই আয়াতে মুনাফিকদের সাথে ইসলাম ও মুসলমানের শত্রুতাকে এমন গুরুত্ব- সহকারে উল্লেখ করা হয়েছে, যেন তারা ছাড়া আর কারও সাথে কোনো শত্রুতাই নেই। এর অর্থ হলো এরা নিকৃষ্টতম শত্রু।
রাসূল বলেছেন-
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ النِّسَانِ
'আমি আমার উম্মতের ব্যাপারে যেসব বিষয়ের আশঙ্কা করি, তন্মধ্যে সবচেয়ে বেশি ভয়ের কারণ হলো এমন মুনাফিক যে জবানের আলিম হয় (যার ইলম তার মুখের ভাষাতেই সীমাবদ্ধ; আমলে নয়)।”
এ সকল জবানের আলিম মুনাফিকের দল নিজেদের পাণ্ডিত্য দ্বারা সত্যকে কলুষিত করে মিথ্যাকে মহানরূপে উপস্থাপন করে থাকে। আর এভাবেই তারা তাদের ধ্বংসাত্মক অপপ্রয়াস চালিয়ে যায়। তারা আল্লাহ ও তাঁর রাসূল-এর বলে দেওয়া বিধিবিধানের অপব্যাখ্যা দিয়ে এমন সব ক্ষেত্রে এর প্রায়োগিক প্রয়োজনীয়তা তুলে ধরে, যেখানে আসলে এসব বিধিবিধান প্রযোজ্য নয়। ইমাম ইবনুল কায়্যিম চক্ষুষ্মানের দৃষ্টিহারা ও মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার উদাহরণ দিয়ে এ কথাই বুঝিয়েছেন।
জবানি ইলমের অধিকারী মুনাফিকরা দীনের খিদমতের নামে সত্য-মিথ্যা মিশিয়ে বাস্তব সত্যকে চাপা দিয়ে মিথ্যা প্রতিষ্ঠার ঘৃণ্য এক লড়াইয়ে লিপ্ত রয়েছে। এসব ক্ষেত্রে সহজেই তারা সাধারণ মানুষের চোখে ধূলি দিয়ে বেড়াচ্ছে।
তারা এমন ক্ষতিকর বলেই আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের প্রতি স্পষ্ট ও দৃঢ় মনোভাব পোষণের নির্দেশ দিয়েছেন। তাদের ব্যাপারে মুমিনদের মধ্যে কোনোরূপ দ্বিধা-বিভক্তি আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন:
فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُم بِمَا كَسَبُوا أَتُرِيدُونَ أَن تَهْدُوا مَنْ أَضَلَّ اللَّهُ وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلاً
'অতঃপর তোমাদের কী হলো যে, মুনাফিকদের ব্যাপারে তোমরা দুদল হয়ে গেলে? অথচ আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে! তোমরা কি তাদেরকে পথপ্রদর্শন করতে চাও, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ যাকে পথভ্রান্ত করেন, তুমি তার জন্য কোনো পথ পাবে না।'
মুমিনদের জন্য সবচেয়ে উত্তম হলো মুনাফিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জিহাদ শুরু করা। আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ
'হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের ঠিকানা জাহান্নাম। সেটা কতই-না নিকৃষ্ট স্থান।'
আর যারা তাদের বিরুদ্ধে জিহাদ করতে চায় না, রাসূল তাদের ঈমানের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন,
مَا مِنْ نَبِيِّ بَعَثَهُ اللهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ، وَأَصْحَابُ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ، ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ، وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ، فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ
'আল্লাহ তাআলা আমার পূর্বে যখনই কোনো জাতির মাঝে নবী প্রেরণ করেছেন তখনই উম্মাতের মধ্যে তাঁর এমন হাওয়ারী ও সাথি দিয়েছেন, যারা তাঁর পদাঙ্ক অনুসরণ করে চলতেন, তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। অনন্তর তাদের পরে এমন সব লোক তাদের স্থলাভিষিক্ত হয়েছে, যারা মুখে যা বলে বেড়াত কাজে তা পরিণত করত না, আর সেসব কর্ম সম্পাদন করত যেগুলোর জন্য তারা আদিষ্ট ছিল না। এদের বিরুদ্ধে যারা হাত দ্বারা জিহাদ করবে, তারা মুমিন; যারা এদের বিরুদ্ধে মুখের কথা দ্বারা জিহাদ করবে, তারাও মুমিন এবং যারা এদের বিরুদ্ধে অন্তরে (ঘৃণা পোষণ দ্বারা) জিহাদ করবে তারাও মুমিন। এর বাইরে সরিষার দানার পরিমাণও ঈমান নেই।'
আর আল্লাহ তাআলাও তাঁর নবী ও মুসলমানগণকে মুনাফিকদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন:
وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ
'আপনি কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না।'
ওপরের নাতিদীর্ঘ আলোচনা থেকে এতটুকু তো স্পষ্ট যে, নিজের ঈমান ও আমল রক্ষা করার জন্য মুনাফিকদের পরিচয় জানা ছাড়া কোনো উপায় নেই। পাশাপাশি এদের নেতৃবৃন্দের ব্যাপারেও আমাদের যথাযথ ধারণা থাকা উচিত। যাতে ভুল করে আমরা আবার তাদের অনুগামী না বনে যাই।
তাদের ধোঁকা হতে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে মুনাফিকদের বিস্তারিত পরিচয় তুলে ধরেছেন। যেন আমাদের চারিপাশে ধোঁকার ফাঁদ পেতে বসে থাকা মুনাফিকদের জালে আমরা আটকে না যাই। আল্লাহ তাআলা বলেন:
يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ قُل لَّا تَعْتَذِرُوا لَن نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا اللَّهُ مِنْ أَخْبَارِكُمْ وَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
'তুমি যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ছল-চাতুরি নিয়ে উপস্থিত হবে; তুমি বলো, ছল-চাতুরি কোরো না, আমি কখনো তোমাদের কথা শুনব না; আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন। আর এখন তোমাদের কর্ম আল্লাহ এবং তাঁর রাসূলই দেখবেন। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত সত্তার নিকট। তিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে।'
ইতিহাসের পাঠকমাত্রই জেনে থাকবেন যে, ইসলাম ও মুসলমানদের মাঝে ঘটে যাওয়া বড় বড় দুর্ঘটনাগুলো এদেরই ষড়যন্ত্রের ফসল।
ইতিহাসের রঙিন পাতা যেমন মুনাফিকদের মুখে চুনকালি মেখে দিয়েছে। তেমনি আল্লাহ তাআলাও তাদের গলায় অসম্মান আর ঘৃণার তকমা ঝুলিয়ে দিয়েছেন।
ইসলামের ইতিহাসে নিফাক ও মুনাফিকির সূচনা হয় মদীনার মুনাফিক সর্দার 'আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল'-কে দিয়ে। সে এবং তার অনুসারীরা রাসূল ও মুসলমানগণকে একের পর এক ষড়যন্ত্রে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা চালিয়ে যায়। যুগে যুগে তাদের অনুসারীও তৈরি হয়েছে প্রচুর। কিন্তু পরিণাম কী হয়েছে? দুনিয়ার ইতিহাসে আবর্জনার আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার পাশাপাশি আখিরাতে জায়গা মিলেছে দোযখের সর্বনিম্ন স্তরে।
রাসূল-এর ওফাতের পর সাহাবায়ে কেরাম-এর যুগে মুনাফিকদের নেতা হিসেবে আব্দুল্লাহ বিন সাবার আবির্ভাব ঘটে। সে ও তার দল নানা চক্রান্ত ও ধূর্ততার আশ্রয় নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে বিভিন্ন ধরনের ফিতনা ও সংঘাত সৃষ্টি করে। যার অশুভ পরিণام হিসেবে তৎকালীন ইসলামী সাম্রাজ্য ও মুসলমানগণ বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার শিকার হন। মুনাফিকদের ফাঁদে পা দেওয়ার খেসারতস্বরূপ বিচিত্র সব যন্ত্রণা তাদের ভোগ করতে হয়।
সাহাবায়ে কেরামের পরে ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে চলা খ্রিষ্টানদের ক্রুসেড তথা কথিত ধর্মযুদ্ধের ইতিহাসে চোখ বুলিয়ে দেখুন। স্পেন ও তার আশপাশের কিছু মুসলিম নেতৃবৃন্দ সেখানে মুনাফিকের চরিত্রে আবির্ভূত হয়েছে। তারা আল্লাহ তাআলার দিকনির্দেশনা থেকে সরে গিয়ে হাত মিলিয়েছে শত্রুদের সাথে। নিজ নিজ প্রজাসাধারণকে মিথ্যা ধোঁকার ফাঁদে ফেলে জিহাদবিমুখ করেছে। ফলাফল কী দাঁড়িয়েছে?
মুসলিম উম্মাহ এ সকল মুনাফিক ও তাদের মাথা কিনে নেওয়া বাতিলের হাতে শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। মুমিনের রক্তে রঞ্জিত হয়েছে ইসলামী সাম্রাজ্য। বন্দীত্বের শেকলে আবদ্ধ হয়েছে তাওহীদের ঝান্ডাবাহীগণ।
হিজরি ৭ম শতকে বাগদাদের খলীফা মুসতাসিম বিল্লাহর প্রধানমন্ত্রী 'উজিরে আজম' 'মুঈদুদ্দীন মুহাম্মাদ বিন মুহাম্মাদ আল-আলকামীর কথাই চিন্তা করুন। উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করে তাতারদের সাথে হাত মিলিয়েছিল সে। তার মুনাফিকির কত চড়ামূল্য দিতে হয়েছে মুহাম্মাদ-এর উম্মাতকে!
একবার ভেবে দেখুন 'মুহাম্মাদ বিন মুহাম্মাদ নাসিরুদ্দীন আত-তৃসীর কথা! কুরআন, হাদীস, যুক্তিবিদ্যা কিংবা দর্শন। কোথায় তার ব্যুৎপত্তি নেই। ইসলামী পাণ্ডিত্যের লেবাসে এই ব্যক্তি উম্মাহ'র মাঝে বড় ধরনের বিভক্তি সৃষ্টিকারী শিয়া সম্প্রদায়কে আরও দৃঢ়ভাবে শেকড় গাড়ায় সহযোগিতা করে গেছে আমরণ।
আফসোস! শত আফসোস!! মুনাফিকের দল দিব্যি দিবালোকে সবার চোখের সামনেই তাদের শঠতা আর ধোঁকার চাল চেলে গেছে। কিন্তু তাদের নাম আর নামের পাশে যুক্ত হওয়া বিদ্যা ও যোগ্যতার বহর দেখে মুসলমানদের অন্তরে তাদের প্রতি সামান্য সন্দেহ বা ঘৃণাটুকুও জন্মায়নি!
বরং তাদের প্রতি শ্রদ্ধাবোধ জন্মানোর পাশাপাশি একাত্মতা ঘোষণা করতেও পিছপা হয়নি অনেকে। অথচ মুনাফিকদের মোটেও এমন কিছু প্রাপ্য ছিল না। ওপরে যাদের আলোচনা করা হয়েছে তাদের নাম লক্ষ করুন।
প্রথম দুজন 'আব্দুল্লাহ'! তৃতীয় ও চতুর্থজন 'মুহাম্মাদ'!! শুধুই কি মুহাম্মাদ? মুহাম্মাদ বিন মুহাম্মাদ! অথচ তারা সকলেই আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মাদ -এর শত্রু।
ইসলামী খিলাফত কায়েমের শুরুলগ্ন থেকে চলে আসা নিফাক ও মুনাফিকচক্র সর্বশেষ উসমানী খিলাফতের পতনেও মূল ভূমিকায় অবতীর্ণ ছিল। খিলাফতের পতন ঘটিয়ে তারা আজ অসহায় মুসলমানদেরকে বিশ্বব্যাপী খলনায়ক চরিত্রে উপস্থাপন করছে।
অতীত ও বর্তমানের বিভিন্ন জিহাদের ময়দানে মুসলমানদের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলমানগণ তাদের মুষ্টিমেয় শক্তি নিয়ে যখনই শত্রুপক্ষের ওপর বিজয় লাভের নিকটে পৌঁছেছে ঠিক তখনই মুনাফিকদের বিশ্বাসঘাতক হাত পেছন হতে ছুরিকাঘাত করে কাফিরদের চক্ষু শীতল করেছে।

টিকাঃ
৭. মাদারিজুস সালিকীন: ১/৩৫৫।
৮. সূরা মুনাফিকুন ৬৩: ৪
৯. মুসনাদে আহমাদ: ১৪৩। উমর ইবনুল খাত্তাব হতে। সনদ নির্ভরযোগ্য। শুআইব আরনাউত্ব। তাখরীজুল মুসনাদ: ১৪৩।
১০. সূরা নিসা ৪: ৮৮
১১. সূরা তাহরীম ৬৬: ৯
১২. সহীহ মুসলিম: ৫০। আব্দুল্লাহ বিন মাসউদ হতে। অধ্যায় : ঈমান। অনুচ্ছেদ: মন্দ কাজ থেকে নিষেধ করা ঈমানের অঙ্গ, ঈমান হ্রাস-বৃদ্ধি হয়, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা ওয়াজিব।
১৩. সূরা আহযাব ৩৩: ৪৮
১৪. সূরা তাওবা ১: ১৪
১৫. আব্দুল্লাহ বিন সাবা সম্পর্কে সঠিক সূত্রে বিস্তারিত কিছু পাওয়া যায় না। তবে ইবনুল হাজার আসকালানী এ-এর মতে ইয়ামানের এক ইয়াহুদী পরিবার থেকে এসে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। এবং পরবর্তীকালে ইসলামী খিলাফাতের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টিতে ভূমিকা রাখে। তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে প্রচুর লেখালেখি হয়েছে। লিসানুল মীযান: ৩/২৮৯। ব্যক্তি নং: ১২২৫।
১৬. মুঈদুদ্দীন মুহাম্মাদ বিন মুহাম্মাদ আলী আল-আলকামী (৫৯১/৯৩-৬৫৬ হি.), রাফেযী শিয়া ছিল। খলীফা মুসতাসিম বিল্লাহর প্রধানমন্ত্রীর পদ দখল করে তাতারদের সাথে হাত মিলিয়ে মুসলিমবিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। হালাকু খান বাগদাদ দখলের পর পুরস্কৃত করার বদলে নিজ জাতির সাথে বিশ্বাসঘাতকতার দরুন তাকে নির্মমভাবে হত্যা করে। সিয়ারু আলামানি নুবালা: ২৩/৩৬১, ৩৬২। জীবনী: ২৬১।
১৭. নাসিরুদ্দীন আবু জাফর মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন হাসান তৃসী (৫৯৭-৬৭২ হি.)। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, দর্শন ও গণিতে পারদর্শী ছিলেন। ইসমাইলী শিয়া ছিলেন। হালাকু খান বাগদাদ দখলের পর প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীকালে হালাকু খানের হয়ে কাজ করেন। সূত্র: উইকিপিডিয়া

📘 নিফাক থেকে বাঁচুন > 📄 নিফাকের আশঙ্কা ও এর বাস্তবতা : যা অধিকাংশ মানুষ জানেই না

📄 নিফাকের আশঙ্কা ও এর বাস্তবতা : যা অধিকাংশ মানুষ জানেই না


প্রকাশ্য কুফরি শক্তি যখনই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে ঝুঁকিপূর্ণ মনে করেছে। তখনই তারা মুসলমানদের ঐক্য বিনষ্টে 'পঞ্চম বাহিনী'র আশ্রয় নিয়েছে।
মুসলিম নামধারী এই বিশ্বাসঘাতক শ্রেণি মুসলিম দেশগুলোতে বসে তাদের কাফির মিত্রদের সহযোগিতা করেছে। তাদের পক্ষে সাফাই গেয়ে বেড়িয়েছে। তাদের বিরুদ্ধাচরণের ব্যাপারে সতর্কবাণী শুনিয়েছে। এবং পরিশেষে কুফরি শক্তির জন্য নিজেদের দুয়ার খুলে দিয়েছে।
বর্তমান চেচনিয়া, আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনসহ সকল মুসলিম ভূমিতে সেই পুরোনো নাটকেরই নতুন নতুন সংস্করণ দেখতে পাচ্ছি।
মুনাফিকদের অস্তিত্ব না থাকলে ইয়াহুদ ও ক্রুসেডারদের জন্য মুসলমানদের বিরুদ্ধে নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।
নিফাকের মতো ঈমান, ইসলাম ও মুসলমান বিধ্বংসী একটি আত্মার ব্যাধি হতে বাঁচতে হলে সর্বপ্রথম এর পরিচয়, উপসর্গ ও লক্ষণগুলো জেনে নিতে হবে। কারণ, রোগ সম্পর্কে ভালো ধারণা না থাকলে তার থাবা হতে রক্ষা পাওয়া মুশকিলই বটে। স্বভাবজাতভাবেই মানুষ নিজেদের মধ্যে শুধু ভালো কিছুই খুঁজে পায়। যার ফলে সে তার মধ্যে নিফাক থাকার বিষয়টি অস্বীকার করে থাকে। কিন্তু দেখা গেছে তার অজ্ঞাতসারেই নিফাক তাকে গ্রাস করে বসে আছে। আর এর ধাপও মাত্র একটি নয়, বরং নিফাক একটি শাখা-উপশাখায় বিস্তৃত মারাত্মক ব্যাধি। প্রথমদিকে মানুষ তার ঈমানের শক্তি দিয়ে লুকিয়ে থাকা নিফাকের মোকাবিলা হয়তো করতে পারে। কিন্তু ধীরে ধীরে তা শক্তিশালী হতে থাকলে একসময় বিপর্যয় ঘটে। এবং একপর্যায়ে তার ঈমান নিফাকে পরিণত হয়। আর অজ্ঞতার দরুন সে নিফাকের বিষয়গুলোকে পছন্দ করতে শুরু করে আর ভাবে, 'আমার মধ্যে নিফাক থাকলে তো আমি অবশ্যই তা উপলব্ধি করতাম'। অথচ সে যে ইতিমধ্যে মুনাফিকে পরিণত হয়ে গেছে তাও সে জানে না। এ সবই অজ্ঞতার পরিণام।
নিফাকের আশঙ্কা কখনোই উড়িয়ে দেওয়ার মতো নয়। এমনকি সাহাবায়ে কেরাম -ও নিফাকের ব্যাপারে এত বেশি শঙ্কায় ভুগতেন যে, প্রায়ই নিজেদের অন্তরে নিফাক ঢুকে গেছে কি না তা নিয়ে শঙ্কিত হয়ে পড়তেন।
মুনাফিক বলতে মানুষ সাধারণত এমন কারও কথা ভাবে, যার মধ্যে কোনো ভালো গুণ নেই, বিন্দু পরিমাণ ঈমান নেই, ইসলামের বিরোধিতা ও শত্রুতাই যার কাজ ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো এ রকম নিফাক বা মুনাফিক সংখ্যায় খুবই নগণ্য যাদেরকে খুব সহজেই সাধারণ মানুষ চিনতে পারে।
আসলে নিফাকের চিত্রটা প্রকাশ্যে খুব কমই বোঝা যায়। তবে এর বিস্তার ও ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করে বসে আছে। আর তা এতটাই মারাত্মক যে সাহাবায়ে কেরাম-ও এর ভয়ে ভীত ছিলেন। কুরআনে বর্ণিত নিফাক সম্পর্কিত আয়াতসমূহে সাহাবায়ে কেরামের কথা বলা হয়নি। এটা তারা জানতেন। তাদের ব্যাপারে যেসব আয়াত নাযিল হয়েছে তাও তারা জানতেন। তারপরেও নিফাকের আশঙ্কা তাদের এসব কিছু ভাবার সুযোগ দিত না।
তাই আমি আমার বন্ধুদের সামনে মুনাফিকদের স্বভাব-চরিত্র তুলে ধরার আগে এর কিছু ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করছি। আর তা হলো:
১. নিফাক একটি অবিচ্ছেদ্য ব্যাধি। এর কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই।
২. কখনো কখনো মানুষ ঈমান আর নিফাকের মাঝে পাল্টাপাল্টি করে ফেলে, অর্থাৎ ঈমান ও নিফাক ওঠানামা করে।
৩. কখনো এমনও হয় যে, মানুষ মুনাফিক হয়ে গেছে। অথচ সে নিজেই তা জানে না।
৪. সাহাবায়ে কেরام-ও নিফাকের আশঙ্কায় সদা শঙ্কিত থাকতেন।

টিকাঃ
১৮. পঞ্চম বাহিনী বা Fifth Column মূলত একটি রাজনৈতিক পরিভাষা। এর অর্থ হলো 'রাষ্ট্রের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি শক্তি, যা মূলত বহিঃশত্রুর জন্য কাজ করে যায়। এর উৎপত্তি স্পেনে। ১৯৩৬ সালে স্পেনের জাতীয়তাবাদী নেতা 'এমিলিও মোলা' এক রেডিও ভাষণে 'Quinta columna' পঞ্চম বাহিনী' পরিভাষা ব্যবহার করেন। আরবিতে একে 'طابور الخامس 'তবুরুল খামিস' বলে। সূত্র: উইকিপিডিয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00