📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 মহিলা হাজী সাহেবারা কীভাবে হজ এবং উমরাহ সম্পন্ন করবেন

📄 মহিলা হাজী সাহেবারা কীভাবে হজ এবং উমরাহ সম্পন্ন করবেন


এতে তিনটি বিষয় আলোচনা করা হবে। আর তা হল:
এক. তামাতু হাজী সাহেবাদের জন্য বিস্তারিত পদক্ষেপসমূহ।
দুই. তামাতু হাজী সাহেবাদের জন্য সংক্ষিপ্ত ও স্পষ্ট নকশা।
তিন, কিরান ও ইফরাদ হাজী সাহেবাদের জন্য সংক্ষিপ্ত নকশা।

এক. তামাতু' হাজী সাহেবাদের জন্য বিস্তারিত পদক্ষেপসমূহ:
এটা স্বীকৃত কথা যে, যে ব্যক্তি হাদী সাথে নিয়ে আসে নি তার জন্য সবচেয়ে উত্তম হজ হলো, তামাতু হজ। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন: "যদি আমি পিছনে যা করে এসেছি তা নতুন করে করতাম তবে আমি 'হাদী' নিয়ে আসতাম না।' অর্থাৎ যদি আমি এখন যা দেখছি তা আগে দেখতাম এবং আমার আবার নতুনকরে কাজ শুরু করার সুযোগ থাকত তবে আমি কিরান হজ না করে তামাত্তু হজ করতাম। এবং হজ ও উমরার মাঝখানে ইহরাম ছেড়ে হালাল হয়ে যেতাম।

টিকাঃ
২৩. সহীহ বুখারী, হাদীস নং ১৫৬৮ সহীহ মুসলিম, হাদীস নং ১২১৬

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 উমরা অথবা হজের ইহরাম হওয়ার আগে মহিলাদের জন্য যা কিছু মুস্তাহাব

📄 উমরা অথবা হজের ইহরাম হওয়ার আগে মহিলাদের জন্য যা কিছু মুস্তাহাব


গোসল করা: মহিলাদের মধ্যে কারও যদি হায়েয অথবা নিফাস থাকে, তবুও গোসল করা যাবে। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে 'উমাইসকে যখন তার সন্তান মুহাম্মাদ ইবন আবি বকরের জন্ম হলো তখন বললেন: “গোসল কর, কাপড় দিয়ে ভালো করে বেঁধে নাও এবং ইহরাম কর।”
গায়ে সুগন্ধি ব্যবহার করা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী-গণ ইহরাম করার আগে গায়ে সুগন্ধি মেখে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখতেন, কিন্তু কিছু বলতেন না। 'আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা বলেন, “আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় যেতাম তখন ইহরামের আগে আমাদের কপালে সুগন্ধি মেখে নিতাম। যদি কেউ ঘেমে যেত, তবে তা মুখ দিয়ে গড়িয়ে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেন, কিন্তু নিষেধ করতেন না।”
পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া: আর তা বিভিন্নভাবে হওয়া যায়। যেমন, নখ কাটা, বগলের চুল উঠিয়ে ফেলা, নাভির নিচের চুল কাটা ইত্যাদি।
মেহেদি লাগানো: ইহরামের আগে মেহেদি লাগানো যেতে পারে।
আর এ কাজগুলো মুস্তাহাব, ওয়াজিব নয়। সমস্ত উলামা একমত হয়েছেন যে, গোসল করা বাদে ইহরাম করা জায়েয এবং ইহরামের আগে গোসল করা ওয়াজিব নয়।

টিকাঃ
২৪. সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮।
২৫. সুনান আবি দাউদ হাদীস নং ১৮৩০।
২৬. ইবনুল মুনযির, আল-ইজমা‘।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 ইহরাম অবস্থায় মহিলাদের পোশাক

📄 ইহরাম অবস্থায় মহিলাদের পোশাক


এরপর মহিলা তার স্বাভাবিক সংহত পোশাক পরে নেবে। শরী‘আত সমর্থিত যে কোনো পোশাকই পরে সে ইহরাম করতে পারে। আলিমগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে, মহিলা তার কামিজ, ওড়না এবং সেলোয়ার, পা মোজা সহ ইহরাম করতে পারে।
তবে সে তার চেহারা ঢাকার জন্য নেকাব বা ওড়না অথবা অন্য কোনো কাপড় পরতে পারবে না। অনুরূপভাবে সে হাত মোজা পরতে পারবে না। কিন্তু যখন মাহরাম ছাড়া অন্য কেউ তার দিকে তাকানোর সম্ভাবনা থাকবে তখন সে মাথার ওপর থেকে টেনে তার চেহারাকে ঢেকে রাখবে। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা ও রাসূলের স্ত্রী-গণ এবং সালফে সালেহীনের স্ত্রী-গণ করেছিলেন।
পুরুষের মতো মহিলাও শরী'আত নির্ধারিত স্থান থেকে ইহরাম বাঁধবে। হজ ও উমরার জন্য সে এ সমস্ত মীকাত অতিক্রম কালেই ইহরাম বাঁধতে হবে। এ স্থানগুলো হচ্ছে: মদীনাবাসীদের জন্য জিল-হুলাইফাহ, (আবইয়ারে আলী), সিরিয়াবাসীদের জন্য জুহফা (রাবেগ) ইয়ামনবাসীদের জন্য ইয়ালমলম, নাজদবাসীদের জন্য ক্বারনুল মানাযেল আর ইরাকিদের জন্য যাতে ইরক নামক স্থানসমূহ। আমরা পূর্বাঞ্চলের অধিবাসীরা যদি সরাসরি মক্কায় যাওয়ার নিয়ত করি তবে ইয়ামনের মীকাত অনুসরণ করে আমাদেরকে 'ইয়ালমলম' থেকে ইহরাম বাঁধতে হবে। কিন্তু এ স্থানটি যেহেতু জেদ্দার একটু আগে এবং এখানে বিমান অপেক্ষা করার মত অবস্থা থাকে না তাই আমাদেরকে আমাদের বিমানবন্দরেই ইহরাম বেঁধে উঠতে হবে। আর যদি আমরা সরাসরি মক্কায় না গিয়ে মদিনা শরীফে আগে যাই তবে আমাদেরকে মদিনায় গিয়ে সেখানকার অধিবাসীদের ন্যায় 'জিলহুলাইফা' তথা আবইয়ারে আলী থেকে ইহরাম বাঁধতে হবে।
আর যদি কোনো মহিলা এ সমস্ত মীকাত-এর ভিতরে অবস্থান করে তবে সে তার ঘর থেকেই হজের ইহরাম বাঁধবে। যেমন, মক্কা ও জেদ্দার অধিবাসীরা তারা তাদের ঘর থেকেই হজের ইহরাম বাঁধবে। কিন্তু মক্কাবাসীরা যদি উমরার ইহরাম করে তবে তাদেরকে কমপক্ষে সবচেয়ে কাছের হালাল এলাকায় যেতে হবে যাকে আমরা 'মসজিদে আয়েশা' বা তান'য়ীম বলে থাকি।
মনে রাখা আবশ্যক যে, মীকাত থেকে ইহরাম বাঁধা সুন্নাত। যদি কেউ তার পূর্বেই ইহরাম বাঁধে তবে তার ইহরাম শুদ্ধ হবে যদিও তার একটি সুন্নাত বাদ পড়ে গেল। কেউ ইহরাম ব্যতীত মীকাত অতিক্রম করলে তাকে মীকাতে ফিরে যেতে হবে এবং পুনরায় ইহরাম বাঁধতে হবে। আর যদি মীকাত অতিক্রম করার পর ইহরাম বাঁধে তাহলে তাকে একটি ছাগল পশু সাদকা করতে হবে। যা সে নিজে খেতে পারবে না। হারাম এলাকার ফকিরদের মাঝে বিলিয়ে দিতে হবে।
ইহরাম বাধার জন্য বিশেষ কোনো সালাত নেই, তবে কোনো ফরয বা নফল সালাতের পরে ইহরামটি হওয়া মুস্তাহাব। যেমন, তাহিয়্যাতুল অযু, বা তাহিয়্যাতুল মসজিদ বা চাশতের সালাত বা বিতরের সালাত-এর পরে ইহরাম বাঁধা। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
أتاني الليلة آت من ربي، فقال: صل في هذا الوادي المبارك، وقل عمرة في حجة.
"এ রাত্রিতে আমার নিকটি এক আগন্তুক (ফিরিশতা) এসে আমাকে বলেছে, এ উপত্যকায় সালাত পড়ুন এবং বলুন: হজের সাথে উমরার নিয়ত করছি"।
সালাতের পরে ইহরাম বাধার জন্য মনে মনে নিয়ত বা দৃঢ় সংকল্প করে নিতে হবে। তারপর কোনো ধরনের হজ আদায় করছে তা মুখে বলা সুন্নাত। যেমনটি উপরোক্ত হাদীসে এসেছে। যদি তামাতু হজ করার ইচ্ছা করে তবে সে যেন বলে, لَبَّيْكَ عُمْرَةٌ "লাববাইকা ওমরাতান" বা "আমি উমরাহ আদায়ের জন্য হাযির হচ্ছি"। তারপর তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া হলো:
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ».
"লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা"।
অর্থাৎ হে আল্লাহ! আপনি যে জন্য আমাকে আসার আহবান জানিয়েছেন আমি সে জন্য হাযির, সদা হাযির। আমি সদা উপস্থিত, আমি ঘোষণা করছি যে, আপনার কোনো শরীক নেই। আমি এও ঘোষণা করছি যে, যাবতীয় হামদ তথা সগুণে প্রশংসার অধিকারী হিসেবে প্রাপ্য প্রশংসা শুধু আপনারই, অনুরূপভাবে যাবতীয় নিয়ামাতও আপনার। যেমনিভাবে সব ধরনের ক্ষমতা ও প্রতিপত্তি আপনারই। আপনার কোনো শরীক নেই। আপনি ব্যতীত আর কেউ এগুলো পেতে পারে না।
এ তালবিয়া পাঠ করা অত্যন্ত জরুরি। বেশি বেশি করে তালবিয়া পাঠ করুন। তবে উচ্চ স্বরে নয়। মহিলারা তালবিয়া পাঠের সময় তাদের স্বর উচ্চ করবে না।
ইহরাম করার পর-পরই তার ওপর কিছু বিষয় পরিত্যাজ্য হয়ে পড়ে। যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি।
তারপর যখন ইহরামকারী হাজী সাহেবা মসজিদে হারামে পৌঁছাবেন তখন আপনার ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করুন এবং নিম্নোক্ত দো'আ পাঠ করুন:
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، أَعُوْذُ بِاللهِ العَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَبِسُلْطَانِهِ القَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
উচ্চারণ: "বিসমিল্লাহ, ওয়স্-সালাতু ওয়াস্-সালামু 'আলা রাসূলিল্লাহ্, আল্লাহুম্মাগফির লী যুনুবী, ওয়াক্তাহ্ লী আওয়াবা রাহমাতিকা, আ'উযু বিল্লাহিল 'আযীম ওয়া বি ওয়াজহিহিল কারীম, ওয়াবি সুলত্বানিহিল ক্বাদীম, মিনাশ্ শাইত্বানির রাজীম।"
তারপর যখন কা'বার কাছে পৌঁছবেন তখন তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পাঠ করা বন্ধ করে দিতে হবে। তারপর হাজারে আসওয়াদের কাছে এসে সম্ভব হলে তা স্পর্শ করুন, আর যদি সম্ভব না হয় তবে হাজারে আসওয়াদের সোজা হয়ে সেদিকে হাত দিয়ে ইশারা করে বলবেন:
بِسْمِ اللهِ وَاللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: "বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার।” তারপর কা'বাকে বাম পাশে রেখে সাত বার তাওয়াফ করুন।

টিকাঃ
২৭. ইবনুল মুনযির: আল-ইজমা' পৃ. ১৮
২৮. সহীহ মুসলিম, হাদীস নং ১১৮৩।
২৯. সহীহ বুখারী, হাদীস নং ১৪৬১; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪৬।
৩০. সহীহ বুখারী, হাদীস নং ১৪৭৪; সহীহ মুসলিম, হাদীস নং ১১৮৪।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 তাওয়াফের ব্যাপারে মহিলাদের বিশেষ কিছু নির্দেশনা

📄 তাওয়াফের ব্যাপারে মহিলাদের বিশেষ কিছু নির্দেশনা


১- তাওয়াফের জন্য পবিত্রতা শর্ত। কোনো মহিলা হায়েয বা নিফাস অবস্থা অথবা বিনা অজুতে তাওয়াফ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা তাঁর হজের সময় হায়েয এসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন:
«افعلي كما يفعل الحاج، غير أن لا تطوفي حتى تطهري».
"হাজীরা যা করে তুমিও তা করো, তবে পবিত্র না হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করো না"।
২- মহিলা হাজী সাহেবা 'রামল' করবে না। রামল হলো উমরার তাওয়াফ এবং হজের তাওয়াফে কুদুমের প্রথম তিন চক্করের সময় ঘন ঘন পা ফেলে শক্তি প্রদর্শন করে তাওয়াফ করা। এটি পুরুষদের জন্য সুন্নাত। মহিলাদের জন্য নয়।
৩- অনুরূপভাবে মহিলা হাজী সাহেবগণ 'ইযতেবা'ও করবে না। 'ইযতেবা' হলো, উমরার তাওয়াফ এবং হজের তাওয়াফে কুদুমের প্রথম তিন চক্করের সময় গায়ের চাদরকে ডান বগলের নীচে দিয়ে নিয়ে কাঁধের ওপর এমনভাবে রাখা যেন ডান কাঁধ খোলা থাকে। এটিও শুধু পুরুষদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য নয়।
৪- মহিলাদের উচিৎ ভিড়ের সময় কা'বার পার্শ্বদেশ থেকে একটু দূর দিয়ে তাওয়াফ করা যাতে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি বা মিলেমিশে যাওয়ার সম্ভাবনা না থাকে।
৫- হাজারে আসওয়াদের নিকট পুরুষদের সাথে মেলা-মেশা থেকে মহিলাদের বিরত থাকতে হবে এবং হাজারে আসওয়াদের চুমো খাওয়ার জন্য পুরুষদের সামনে মুখ খোলা জায়েয হবে না। কেননা, এটি গুরুতর অন্যায় এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।
৬- তাওয়াফ, সা'ঈ এবং অন্যান্য সময় পর পুরুষের সামনে মুখ খোলা রাখা, পর্দাহীন অবস্থায় থাকা এবং সাজ-সজ্জা প্রকাশ করা নিঃসন্দেহে গুনাহের কাজ। বিশেষ করে হাজারে আসওয়াদে চুমো দেওয়ার সময়। লক্ষণীয় যে, হারামের মধ্যে ফিতনা সৃষ্টি করা সবচেয়ে বড় গর্হিত কাজ। আল্লাহ তা'আলা বলেন,
وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادِ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ﴾ [الحج: ٢٥]
"আর যে সেখানে সীমালংঘন করে পাপ কাজের ইচ্ছে করে, তাকে আমি আস্বাদন করাব যন্ত্রণাদায়ক শাস্তি।” [সূরা আল-হজ, আয়াত: ২৫] অনেক মহিলা এভাবে বেপর্দা হয় চলার জন্য হারামের মত স্থানে নিজেও গুনাহগার, হয়, অন্যদেরকেও গুনাহগার, করে।
৭- যে সময়গুলোতে পুরুষরা কা'বার পাশে কম থাকে, সে সময়গুলোতে তাওয়াফ করতে মহিলাদের চেষ্টা চালাতে হবে। আতা ইবন আবি রাবাহ্ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী-গণ তাওয়াফের সময় পুরুষদের সাথে মিশতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তাওয়াফ করতেন, তখন তিনি পুরুষদের থেকে দূরে থাকতেন। এক মহিলা তাকে বলল, চলুন, আমরা হাজারে আসওয়াদের নিকট যাই। তখন তিনি বললেন: 'আমার কাছ থেকে চলে যাও।' তিনি যেতে রাজি হননি। উমর রাদিয়াল্লাহু আনহু মহিলাদের পুরুষদের সাথে মিশতে মানা করেছিলেন। একদা দেখলেন, এক পুরুষ মহিলাদের সাথে তাওয়াফ করছে। তখন তিনি তাকে ছড়ি দিয়ে মারলেন।

আর যদি তাওয়াফের সময় রুকনে ইয়ামানীর কাছে যাওয়া সম্ভব হয়, তবে তা স্পর্শ করুন, নইলে হাত দ্বারা ইশারা করা ব্যতীত এগিয়ে যান। তারপর রুকনে ইয়া মানী এবং হাজারে আস্তয়াদের মাঝখান দিয়ে পার হওয়ার সময় এই আয়াতটি পাঠ করুন:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ) [البقرة: ٢٠١]
উচ্চারণ: "রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসানাতান, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, ওয়া ক্বিনা 'আযাবান নার।"
অর্থাৎ “হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২০১]
এ দো'আ ব্যতীত তাওয়াফের সময় সুনির্দিষ্ট কোনো দো'আ নেই। অনেকে প্রতি তাওয়াফের জন্য বিভিন্ন দো'আ তৈরি করে নিয়েছে, সেগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো পড়া বাদ দিয়ে আপনি আপনার ভাষায় যত বেশি পারেন দো'আ করুন। আর যদি কুরআন পাঠ করেন অথবা অন্য কোনো দো'আ পাঠ করেন তবে কোনো ক্ষতি নেই।
যখন তাওয়াফ সমাপ্ত হবে, তখন মাকামে ইবরাহীমকে সামনে নিয়ে কিবলার দিক হয়ে দুই রাকাত সালাত আদায় করুন। প্রথম রাকাতে সূরা আল-ফাতিহার পরে সূরা কাফিরুন বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা আল-ফাতিহার পর সূরা আল-ইখলাস বা কুল হুওয়াল্লাহু আহাদ দ্বারা পড়া সুন্নাত। তবে অন্য সূরা দ্বারাও পড়া যাবে। আর যদি মাকামে ইব্রাহীমের কাছে সালাত পড়তে না পারেন, তবে হারাম শরীফের যে কোনো স্থানে এই সালাত পড়া যেতে পারে।

তারপর সা'ঈ করার স্থানে যাবে এবং যখন সাফা পাহাড়ের কাছে পৌঁছাবে তখন বলবে:
﴿إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَابِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ﴾ [البقرة: ١٥٨]
উচ্চারণ: "ইন্নাস্ সাফা ওয়াল মারওয়াতা মিন শা'আ'ইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা 'আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাত্বাওওয়া'আ খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন 'আলীম।” [সূরা আল-বাকারাহ আয়াত: ১৫৮]
এ প্রথমবারই শুধু এ দো'আ পড়তে হবে। তারপর হাজী সাহেবা কা'বার দিকে মুখ করে দাঁড়াবেন এবং দু'হাত উপরে উঠিয়ে আল্লাহর প্রশংসা করবেন এবং যা ইচ্ছা দো'আ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ে তিনবার 'আল্লাহু আকবার' বলতেন তারপর যে দো'আ করতেন তা হলো,
لا إلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلَّ شَيْءٍ قَدِيرٍ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ».
উচ্চারণ: "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকা লাহু, লাহুল মুক্কু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া 'আলা কুল্লি শাই'ইন ক্বাদীর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু, আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আব্দাহু ওয়াহাযামাল আহ্যাবা ওয়াদাহু।"
তারপর মারওয়ার দিকে যাবে। মারওয়ায় পৌঁছার সাথে সাথে তার এক চক্কর পূর্ণ হয়ে যাবে। তারপর এভাবে সাফা এবং মারওয়ার মাঝে সাত চক্কর লাগাবে। সা'ঈর সময়ে মনে যা ইচ্ছে হয় দো'আ করবে। ইচ্ছা করলে সুন্নাত মোতাবেক যিকির, কুরআন পাঠও করতে পারে।
মনে রাখা দরকার যে,
1- সা'ঈর জন্য পবিত্রতা শর্ত নয়, তবে পবিত্র থাকা মুস্তাহাব।
2- মহিলা হাজী সাহেবাগণ দুই সবুজ চিহ্নের মাঝখানে দৌড়াবেন না। কারণ মহিলাগণ দৌড়ালে তা তাদের জন্য বেপর্দা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
3- অনুরূপভাবে মহিলা হাজী সাহেবগণ সাফা ও মারওয়া পাহাড়ের উপরেও উঠবেন না। ইবন উমর রাদিয়াল্লাহু 'আনহুমা বলেন, "মহিলাগণ সাফা ও মারওয়া পাহাড়ে চড়বে না এবং উচ্চ স্বরে তালবিয়াও পাঠ করবে না"
4- সা'ঈ শেষ করার পর মহিলাগণ তাদের চুলের সমস্ত বেণি হতে এক অঙ্গুলির মাথা পর্যন্ত (এক সেন্টিমিটার পরিমাণ) ছোট করবেন।
আর এভাবেই মহিলা হাজী সাহেব তার উমরার কাজ সমাধা করার মাধ্যমে হালাল অবস্থায় উপনীত হবেন এবং পূর্বে যা যা তার ওপর হারাম ছিল তা আবার হালাল হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে, মহিলাগণ যেন তাদের চুল কাটার জন্য কোনো বেগানা পুরুষের সামনে তা না করে। বরং এমনভাবে করবে যাতে কেউ তার চুল না দেখে।

টিকাঃ
৩১. সহীহ বুখারী, হাদীস নং ২৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১২১১।
৩২. সহীহ বুখারী, হাদীস নং ১৫৩৯।
৩৩. ফাকেহী: আখবারু মাক্কাঃ ১/২৫২
৩৪. দারু কুতনীঃ ২/২৫৯, বাইহাকীঃ ৮৮২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00