📄 দুই. হজের সফরে আপনাকে কয়েকটি জিনিস সাথে নিতে হবে
হজের সফরে আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস সাথে নিতে হতে পারে, যা আপনার কাজে আসবে। যেমন,
1- এক খণ্ড কুরআন শরীফ: যাতে আপনি গাড়ি, কিংবা বিমান অথবা খীমা যেখানে যে অবস্থায় থাকুন না কেন নিজের সময়টুকু কাজে লাগাতে পারেন। এ গুরুত্বপূর্ণ ঈমানী সফরটুকুকে কাজে লাগানোর সবচেয়ে উত্তম ও সঠিক মাধ্যম হলো, আল্লাহর কোরআনের সাথে সময়টুকু কাটানো। চিন্তা করে দেখুন, এক বর্ণে দশ নেকি থেকে শুরু করে সাত শত নেকী পর্যন্ত।
অনেকে বাজারে প্রচলিত ওজিফা নিয়ে থাকে। এ সমস্ত অযীফা অধিকাংশ ক্ষেত্রেই শরী'আত-বিরুদ্ধ কথা ও কাজে ভরপুর। এগুলো সাথে নেওয়া যেমন গর্হিত কাজ তেমনি এগুলো পড়ে সময় নষ্ট করাও খারাপ কাজ। এগুলোর পরিবর্তে নিজেকে পবিত্র কোরআনের সাথে রাখুন।
2- ব্যাটারি সমেত ছোট একটি ক্যাসেট প্লেয়ার: কারণ যখন আপনার কুরআন পড়তে অসুবিধা হবে তখন আপনি কারো কুরআন পড়া শুনতে পারেন। কুরআন শুনলেও সওয়াব হয়। সুতরাং আপনার প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভালো কাজে ব্যয় করার জন্য সচেষ্ট থাকুন। তাছাড়া কোনো হজ বা দীনি কোনো ভালো আলেমের ক্যাসেটও শুনতে পারেন।
3- গুরুত্বপূর্ণ কিছু দীনি কিতাব:
হজের আহকাম সংবলিত ভালো ও গ্রহণযোগ্য কোনো গ্রন্থ আপনার সাথে রাখার চেষ্টা করুন। বিশেষ করে শাইখ আব্দুল আযীয ইবন বায ও শায়ইখ মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.-এর গ্রন্থসমূহ থেকে আপনি হজের সঠিক দিক-নির্দেশনা নিতে পারেন।
4- স্যানেটারী ন্যাপকিন ও গুরুত্বপূর্ণ ঔষধ সাথে নেওয়া:
বিশেষ করে যাদের স্বাস্থ্যগত সমস্যা আছে, তাদের উচিৎ যে ঔষধ তাদের সবসময় সেবন করতে হয় তা সাথে নিয়ে নেওয়া। যেমন, ডায়াবেটিস, হাইপার-টেনশন, রক্তচাপ, মাথা ব্যথা ইত্যাদির ঔষধ সাথে নিয়ে নেওয়া জরুরি।
📄 তিন. হজের সফরে যাওয়ার সময় আপনার বিশেষ করণীয়
5- হজে বের হওয়ার পূর্ব ক্ষণে দু'রাকাআত সালাত পড়ে এ সালাতের অসীলা দিয়ে দো'আ করতে পারেন যাতে আল্লাহ আপনার যাবতীয় কাজ সফলভাবে সম্পন্ন করেন।
6- হজে বের হওয়ার সময় সফরের শুরুতে যানবাহনে উঠে সফরের দো'আ পড়া। সফরের দো'আ হচ্ছে:
«الله أكبر، الله أكبر، الله أكبر، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبَّنَا لَمُنقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَه، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالخَلِيفَةِ فِي الأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَابَةِ الْمَنْظَرُ وَسُوْءِ المُنْقَلَبِ في المَالِ وَالأَهْلِ»
উচ্চারণ: "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহ্ মুকরিনীন, ওয়া ইন্না ইলা রাবিবনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হাযাল বিররা ওয়াত্ তাওয়া, ওয়া মিনাল 'আমালি মা তারদ্বা, আল্লাহুম্মা হাওয়িন 'আলাইনা সাফারানা হাযা ওয়াতওয়ে 'আন্না বু'দাহু, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারে ওয়াল খালিফাতু ফিল আহলি, আল্লাহুম্মা ইন্নি আ'উযু বিকা মিন ওয়া'সায়িস সাফারে, ওয়া কাআবাতিল মানযারি ওয়া সূওয়িল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল"।
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতই না পবিত্র সে মহান সত্তা যিনি আমাদের জন্য এটাকে বশীভূত করে দিয়েছেন যদিও আমরা তা বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করব আমাদের প্রতিপালকের নিকট।” হে আল্লাহ! আমাদের এ সফরে আমরা আপনার নিকট নেককাজ আর তাকওয়া এবং যে কাজে আপনি সন্তুষ্ট এমন কাজ প্রার্থনা করি। হে আল্লাহ! আমাদের জন্য এ সফরকে সহজসাধ্য করে দিন এবং এর দূরত্বকে আমাদের জন্য হ্রাস করে দিন। হে আল্লাহ! আপনিই সফরে আমাদের সাথী এবং গৃহে রেখে আসা পরিবার পরিজনের খলিফা বা স্থলাভিষিক্ত (তাদের রক্ষণাবেক্ষণকারী)। হে আল্লাহ! আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের ক্লেশ হতে এবং অবাঞ্ছিত কষ্টদায়ক দৃশ্য দর্শন হতে এবং সফর হতে প্রত্যাবর্তনকালে সম্পদ ও পরিজনের ক্ষয়ক্ষতির অনিষ্টকর দৃশ্য দর্শন হতে।
টিকাঃ
১৩. সহীহ মুসলিম, হাদীস নং ১৩৯২।