📄 মেয়েদের অভিভাবকহীন বিয়ে না-জায়েয হওয়ার পক্ষে কতিপয় হাদীস
আমরা এবারে মেয়েদের অভিভাবকহীন বিয়ে না-জায়েয হওয়ার পক্ষে কতিপয় হাদীস এবং সহাবীগণ থেকে বর্ণিত আসার উল্লেখ করছিঃ
আয়েশা (রাঃ) হতে বর্ণিত এক হাদীসের মধ্যে রসূল (ﷺ) বলেছেনঃ
: ((أَيُّمَا امْرَأَةِ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ وَلِيُّهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ، فَنِكَاحُهَا بَاطِلٌ، فنكَاحُهَا بَاطِلٌ، فَإِنْ دَخَلَ بِهَا فَلَهَا الْمَهْرُ بِمَا اسْتَحَلَّ مِنْ فَرْجَهَا، فَإِنْ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِي مَنْ لَا وَلِيُّ لَهُ))
১। "যে কোন নারী তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করবে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। (এরূপ বিয়ে ঘটে গেলে আর বাতিল বিয়ের) স্বামী যদি তার সাথে মিলিত হয়ে যায় তাহলে সে তার (নারীর) গুপ্তাঙ্গ থেকে যা ভোগ করেছে এর বিনিময়ে মহিলা মাহ্র পাবে। তারা (অভিভাবকরা) যদি এ ব্যাপারে ঝগড়ায় লিপ্ত হয় তাহলে সুলতানই (শাসকই) তার অভিভাবক গণ্য হবে যার কোন অভিভাবক নেই।”
[হাদীসটি আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ্, আহমাদ (২৩৬৮৫, ২৩৮৫১), ইবনু আবী শাইবাহ্, ইমাম ত্বহাবী "শারহু মা'আনিল আসার" গ্রন্থে, ইমাম শাফে'ঈ "আল-উম্মু" গ্রন্থে, ইবনুল জারূদ, ইবনু হিব্বান, দারাকুতনী, হাকিম, বাইহাক্বী ও দারেমী (২১৮৪) বর্ণনা করেছেন। হাদীসটি ইমাম আহমাদ ইবনু হাম্বাল, ইয়াহইয়া ইবনু মা'ঈন, ইমাম ত্বহাবী ও শাইখ আলবানী প্রমুখ মুহাদ্দিসগণ সহীহ্ আখ্যা দিয়েছেন, দেখুন "সহীহ্ আবী দাউদ (২০৮৩), "সহীহ্ তিরমিযী" (১১০২), "সহীহ্ ইবনু মাজাহ্” (১৮৭৯), “ইরউয়াউল গালীল” (১৮৪০) (এ গ্রন্থে শাইখ আলবানী এর সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন), "সহীহ্ জামে'ইস সাগীর" (২৭০৯), "মিশকাত" তাহকীকু আলবানী (৩১৩১)]।
عن أبي موسى الأشعري أن رسول الله (ﷺ) قال: ((لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ))
২। আবূ মূসা আশ'আরী (রাঃ) হতে বর্ণিত হয়েছে, রসূল (ﷺ) বলেছেন: “অভিভাবক ছাড়া কোন বিয়েই হবে না”। [হাদীসটি আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ্, আহমাদ (১৯০২৪, ১৯২৪৭) বর্ণনা করেছেন। এ হাদীসটিও সহীহ্, দেখুন "সহীহ্ আবী দাউদ (২০৮৫), “সহীহ্ তিরমিযী" (১১০১), "সহীহ্ ইবনু মাজাহ্” (১৮৮১), "ইরউয়াউল গালীল” (১৮৩৯), “সহীহ্ জামে'ইস সাগীর" (৭৫৫৫), “মিশকাত" তাহকীক্ব আলবানী (৩১৩০)। হাদীসটিকে ইবনু হিব্বান এবং হাকিমও সহীহ্ আখ্যা দিয়েছেন।।
এ হাদীসটি আব্দুল্লাহ্ ইবনু আব্বাস (রাঃ), আয়েশা (রাঃ), আবূ হুরাইরাহ্ (রাঃ), ইমরান ইবনু হুসায়েন (রাঃ) ও আনাস (রাঃ)ও বর্ণনা করেছেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا تُزَوِّجُ الْمَرْأَةُ الْمَرْأَةَ وَلَا تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا فَإِنَّ الزَّانِيَةَ هِيَ الَّتِي تُزَوِّجُ نَفْسَهَا.
৩। আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত হয়েছে তিনি বলেন: রসূল (ﷺ) বলেছেন: "কোন নারী কোন নারীর বিয়ে দিবে না এবং নারী নিজে নিজের বিয়ে দিবে না। কারণ, ব্যভিচারী নারী নিজেই নিজের বিয়ে দেয়।" [হাদীসটি ইবনু মাজাহ্ (১৮৮২) ও দারাকুতনী বর্ণনা করেছেন। হাদীসটির দাগ দেয়া শেষাংশ বাদে বাকী অংশ সহীহ্। দেখুন "সহীহ্ ইবনে মাজাহ্” (১৮৮২), "ইরউয়াউল গালীল" (১৮৪১), "সহীহ্ জামে'ইস সাগীর" (৭২৯৮)]।
নিম্নের ভাষাতেও হাদীসটি বর্ণিত হয়েছে:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ قَالَ « لا تُنْكِحُ الْمَرْأَةُ الْمَرْأَةَ وَلَا تُنكِحُ الْمَرْأَةُ نَفْسَهَا .». وَقَالَ أَبُو هُرَيْرَةَ كَانَ يُقَالُ الزَّانِيَةُ تُنْكِحُ نَفْسَهَا.
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে মারফু' হিসেবে বর্ণিত হয়েছে, রসূল (ﷺ) বলেন: "নারী নারীর বিয়ে দিবে না এবং নারী নিজে নিজের বিয়ে দিবে না। আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন: বলা হতো যে, ব্যভিচারী নারীই নিজে নিজের বিয়ে দিয়ে থাকে। [এটি দারাকুতনী (৮/৩৩১, ৩৩২ - ৩৫৮৬, ৩৩৮৭), বাইহাক্বী "সুনানুল কুবরা" (৭/১১০) এবং "মা'রিফাতুস সুনান অল-আসার” গ্রন্থে (১১/২৪০-৪৩০৯)]।
৪। অন্য হাদীসের মধ্যে এসেছে যেরূপ অভিভাবকের অনুমতি এবং সম্মতি ব্যতীত বিয়ে হয় না অনুরূপভাবে দু'জন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীতও বিয়ে শুদ্ধ হয় না:
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم- « لَا نِكَاحَ إِلا بِوَلِيٍّ وَشَاهِدَى عَدْلٍ فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيُّ لَهُ »
আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে তিনি বলেন: রসূল (ﷺ) বলেছেন: অভিভাবক এবং দু'জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়েই হবে না। যদি তারা মতবিরোধ করে তাহলে যার কোন অভিভাবক নেই সুলতানই (শাসকই) হচ্ছে তার অভিভাবক। [হাদীসটি দারাকুতনী তার "সুনান" গ্রন্থে (৮/৩২৪-৩৫৭৯), বাইহাক্বী "সুনানুল কুবরা" গ্রন্থে (৭/১২৫) বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ্, দেখুন "সহীহ্ জামে'ইস সাগীর" (৭৫৫৭), "ইরউয়াউল গালীল” (১৮৬০)। হাদীসটি ইমরান ইবনু হুসায়েনও বর্ণনা করেছেন।
৫। আরেকটি হাদীসে বর্ণিত হয়েছে:
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : ﴿وَلَا نَكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ، وَمَا كَانَ مِنْ نِكَاحٍ عَلَى غَيْرِ ذَلِكَ فَهُوَ بَاطِلٌ ، فَإِنْ تَشَاجَرُوا ، فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ )
আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন: রসূল (ﷺ) বলেছেন : অভিভাবক এবং দু'জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়েই হবে না। এরূপ শর্ত ব্যতীত যে বিয়ে হবে সে বিয়ে বাতিল। অতঃপর তারা (অভিভাবকগণ) যদি মতবিরোধ করে তাহলে যার কোন অভিভাবক নেই সুলতানই (শাসকই) হচ্ছে তার অভিভাবক। [হাদীসটি ইবনু হিব্বান তার "সাহীহ” গ্রন্থে (১৭/১৫৩-৪১৫১) বর্ণনা করেছেন। দেখুন "নাসবুর রায়া তাখরীজু আহাদীসিল হিদায়্যাহ্” (৫/৪৮৬), "নাইলুল আওতার" (৯/৪৯৩-২৬৭৪)]।
৬। আরেকটি হাদীসের মধ্যে বর্ণিত হয়েছে:
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ﷺ أَخْبَرَتُهُ أَنَّ النِّكَاحَ فِي الجاهلية كَانَ عَلَى أَرْبَعَةِ أَنْحَاءِ فَنَكَاحٌ مِنْهَا نِكَاحُ النَّاسِ الْيَوْمَ يَخْطُبُ الرَّجُلُ إِلَى الرَّجُلِ وَلِيَّتَهُ أَوْ ابْنَتَهُ فَيُصْدِقُهَا ثُمَّ يَنْكِحُهَا ...
উরওয়া ইবনুয যুবায়ের হতে বর্ণিত হয়েছে, নাবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, জাহেলিয়্যাতের যমানায় চার ধরনের বিয়ে প্রথা চালু ছিল। সেগুলোর মধ্য থেকে বর্তমানে লোকদের মাঝে প্রচলিত পদ্ধতিটিই হচ্ছে বিয়ের (একমাত্র বৈধ) পদ্ধতি। (তা হচ্ছে) কোন ব্যক্তি তার অভিভাবকত্বে থাকা মহিলা অথবা তার মেয়ের ব্যাপারে অন্য কোন ব্যক্তির নিকট বিয়ের প্রস্তাব উপস্থাপন করবে। (সে সম্মত হলে) মেয়ের জন্য মাহ্র নির্ধারিত এবং নির্দিষ্ট করবে অতঃপর মেয়ের আক্বদ সম্পন্ন করবে।... [সহীহ্ বুখারী (৫১২৭) ও আবূ দাউদ (২২৭২)]। এ হাদীসের মধ্যে যে একমাত্র বৈধ বিয়ের পদ্ধতির বিষয়টি উল্লেখ করা হয়েছে তাতে কিন্তু সুস্পষ্টভাবে অভিভাবকের দায়িত্বের কথাটি উল্লেখ করা হয়েছে। অতএব অভিভাবক ছাড়া বিয়ের প্রশ্নই আসে না।
📄 মেয়ের অভিভাবকহীন বিয়ে অবৈধ হওয়ার স্বপক্ষে সাহাবীগণ থেকে বর্ণিত আসার
মেয়ের অভিভাবকহীন বিয়ে অবৈধ হওয়ার স্বপক্ষে সহাবীগণ থেকে বর্ণিত আসার:
১। সহাবীগণ অভিভাবকহীন বিয়ে অবৈধ হওয়ার ব্যাপারে ঐকমত্য ছিলেন। ইবনুল মুনযির এ মর্মে ইজমা'র বিষয়টি উল্লেখ করেছেন।
ونقل الحافظ عن ابن المنذر في (الفتح (۱۸۷/۹) قوله : " إنه لا يُعرف عن أحد من الصحابة خلاف ذلك".
হাফিয ইবনু হাজার ইবনুল মুনযির হতে "ফাতহুল বারী” গ্রন্থে (৯/১৮৭) উল্লেখ করেছেন তিনি বলেন: কোন একজন সহাবী হতেও জানা যায় না যে, তিনি অভিভাবকহীন বিয়ে অবৈধ হওয়ার বিপক্ষে গেছেন।
২। আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে:
وقالت عائشة رضي الله عنها زوجوا فإن النساء لا يزوجن واعقدوا فإن النساء لا يعقدن....
আয়েশা (রাঃ) বলেন: তোমরা (পুরুষরা) বিয়ে দাও কারণ নারীরা বিয়ে করাতে পারে না। তোমরা (পুরুষরা) আক্বদ সম্পন্ন কর। কারণ নারী আক্বদ করাতে পারে না...। (শারহুল কাবীর লি ইবনু কুদামাহ্ (৭/৪২২) ও "মুগনী" (১৪/৩৯৩)।
৩। অভিভাবকহীন বিয়ের ব্যাপারে উমার (রাঃ)-এর ভূমিকা:
قال عمر ابن الخطاب رضي الله عنه : لا تَنكِحُ الْمَرْأَةُ إِلَّا بِإِذْنِ وَلَيْهَا أَوْ ذوى الرَّأْيِ مِنْ أَهْلِهَا أَوِ السَّلْطَانِ.
বর্ণনা করা হয়েছে যে, উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন: কোন মহিলা (মেয়ে) তার অভিভাবক অথবা তার পরিবারের সিদ্ধান্ত দেয়ার অধিকারী অথবা শাসকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। [আসারটি বাইহাক্বী "সুনানুল কুবরা" গ্রন্থে (৭/১১১), দারাকুতনী "সুনান” গ্রন্থে (৮/৩৩৫- ৩৫৮৮), ইমাম শাফে'ঈ "আল-উম্ম" গ্রন্থে (৭/২৩৫) বর্ণনা করেছেন]।
أن عمر ابن الخطاب رد نكاح امرأة نكحت بغير اذن وليها. المحلى : .(٤٥٤/٩)
ইবনু হাযম "আল-মুহাল্লা" গ্রন্থে (৯/৪৫৪) বলেন: উমার ইবনুল খাত্তাব (রাঃ) এক মহিলার বিয়ে ভেঙ্গে দিয়েছিলেন যে তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছিল।
جَمَعَتْ الطَّرِيقُ رَكْبًا ، فَجَعَلَتْ امْرَأَةُ مِنْهُنَّ تَيْبٌ أَمْرَهَا بِيَدِ رَجُلٍ غَيْرِ وَلِي فَأَنْكَحَهَا ، فَبَلَغَ ذَلِكَ عُمَرَ ، فَجَلَدَ النَّاكِحَ وَالْمُنْكَحَ وَرَدَّ نِكَاحَهَا رَوَاهُ الشَّافِعِيُّ وَالدَّارَ قُطَنِي
বর্ণনা করা হয়েছে যে, 'রাস্তা কতিপয় ভ্রমণকারীকে একত্রিত করে ফেলল। তাদের মধ্য থেকে পূর্বে বিবাহিতা এক মহিলা তার নিজের বিয়ের ব্যাপারে অভিভাবক ছাড়া অন্য এক ব্যক্তির হাতে দায়িত্ব অর্পন করলে সে তার বিয়ে দিয়ে দেয়। অতঃপর এ সংবাদ উমার (রাঃ)-এর নিকট পৌঁছলে তিনি বিবাহকারী এবং যাকে বিয়ে করা হয়েছে উভয়কে বেত্রাঘাত করলেন এবং মহিলার বিয়েকে প্রত্যাখ্যান করলেন।' [আসারটি ইমাম শাফে'ঈ "মুসনাদুশ শাফে'ঈ" গ্রন্থে (১/২৯০-১৩৮৭) ও "আল-উম্ম" গ্রন্থে (৫/২১), দারাকুতনী তার "সুনান" গ্রন্থে (৮/৩২১- ৩৫৭৬, অথবা ৩/২২৫-২০), আব্দুর রায্যাক তার "মুসান্নাফ" গ্রন্থে (৬/১৯৮-১০৪৮৬), বাইহাক্বী তার "সুনানুল কুবরা" গ্রন্থে (৭/১১১-১৩৪১৭), বর্ণনা করেছেন।]
উমার (রাঃ) থেকে আরো বর্ণনা করা হয়েছে:
أَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ أُتِيَ بِنِكَاحٍ لَمْ يَشْهَدْ عَلَيْهِ إِلَّا رَجُلٌ وَامْرَأَةٌ فَقَالَ هَذَا نكَاحُ السِّرِّ وَلَا أُجِيرُهُ وَلَوْ كُنْتُ تَقَدَّمْتُ فِيهِ لَرَجَمْتُ.
ইমাম মালেক "আল-মুওয়াত্তা" গ্রন্থে বর্ণনা করেছেন যে, উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট এক বিয়ের ঘটনা নিয়ে আসা হয়েছিল যে বিয়েতে একজন পুরুষ এবং একজন নারী সাক্ষী ছিল। তিনি বললেন : এ বিয়ে হচ্ছে গোপন বিয়ে এ বিয়ের বৈধতা আমি দেব না। আমি যদি এ বিয়ের ব্যাপারে আরো অগ্রসর হতাম তাহলে আমি পাথর মারতাম (মারার সিদ্ধান্ত নিতাম)। ["মুওয়াত্তা মালেক” (১১৩৬), "আস-সুনানুল কুবরা" (৭/১২৬)]।
উল্লেখ্য অভিভাবককে না জানিয়ে অনুমতি ছাড়াই বিয়ে একটি গোপন বিয়ে। আর ইসলাম যে গোপন বিয়ে সমর্থন করে না, উমার (রাঃ)-এর সিদ্ধান্তই তার প্রমাণ বহন করছে।
৪। অভিভাবকহীন বিয়ের ব্যাপারে আলী (রাঃ)-এর অবস্থান:
عَنْ الشَّعْبِي قَالَ : مَا كَانَ أَحَدٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ فِي النِّكَاحِ بِغَيْرِ وَلِيٌّ مِنْ عَلِيٍّ ، كَانَ يَضْرِبُ فِيهِ رَوَاهُ الدَّارَقُطْنِي )
শা'বী হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন: নাবী (ﷺ)-এর সহাবীগণের মধ্যে অভিভাবকহীন বিয়ের ব্যাপারে আলী (রাঃ)-এর চেয়ে বেশী কঠোরতা প্রদর্শনকারী কেউ ছিলেন না। তিনি এরূপ বিয়ের কারণে প্রহার করতেন। [আসারটি দারাকুতনী "সুনান" গ্রন্থে (৮/৩৩৭- ৩৫৮৯/ অন্য কপিতে: ৩/২২৯-৩৩), ইবনু আবী শাইবাহ্ "মুসান্নাফ ফিল আহাদীসে অল-আসার" গ্রন্থে (৩/৪৫৪-১৫৯২২), বাইহাক্বী "সুনানুল কুবরা" গ্রন্থে (৭/১১১-১৩৪২২), ইবনু হুসাম হিন্দী "কানযুল ওম্মাল.." গ্রন্থে (১৬/৭৫১-৪৫৭৭০) ও শাওকানী "নাইলুল আতার" গ্রন্থে (৬/১৭৮) ও ইবনু কুদামাহ্ "আল-মুগনী” গ্রন্থে (৭/৩৪৪) উল্লেখ করেছেন]।
عن على رضى الله عنه قال ايما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل لا نكاح الا بإذن ولى - هذا اسناده صحيح. (أخرجه البيهقي: .(۱۱۱/۷)
আলী (রাঃ) হতে আরো বর্ণিত হয়েছে তিনি বলেন: যে কোন মহিলা তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল। অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে হয় না। [আসারটি বাইহাক্বী "সুনানুল কুবরা লিল-বাইহাক্বী" গ্রন্থে (৭/১১১) বর্ণনা করে বলেছেন: এ সনদটি সহীহ্। তার উদ্ধৃতিতে ইবনু হুসাম হিন্দী "কানযুল ওম্মাল.." গ্রন্থে (১৬/৭৫০-৪৫৭৬৮) হাদীসটি উল্লেখ করেছেন।।
📄 সমাজ এবং সুস্থ বিবেকও অভিভাবকহীন বিয়েকে সমর্থন করে না
সমাজ এবং সুস্থ বিবেকও অভিভাবকহীন বিয়েকে সমর্থন করে নাঃ
আমরা যদি সামাজিকভাবে বিষয়টি নিয়ে ভেবে দেখি তাহলে দেখব। কোন প্রকৃত মুসলিম ব্যক্তিই তার মেয়ে কর্তৃক নিজে নিজে তাকে (অভিভাবককে) না-জানিয়ে এবং তার সম্মতি ছাড়া বিয়ে করে নেয়াকে সমর্থন করে না। সমাজের মধ্য থেকে হাজারে দু'একজন যারা এরূপ গোপন বিয়েকে সমর্থন করে, তারা আসলেই ইসলামী বিধি বিধানের ধার ধারে না। আরেকটু ভেবে দেখুন, ইসলাম যদি এরূপ গোপন বিয়েকে সমর্থনই করতো তাহলে মেয়ে গোপনে বিয়ে করবে কেন? বরং মেয়ে ও ছেলে নিজেরাও বুঝে যে, এরূপ বিয়ে সমর্থনযোগ্য নয়। অতএব সমাজ এবং সুস্থ বিবেকও এরূপ অভিভাবকহীন বিয়েকে সমর্থন করে না। বরং ঘৃণা করে। সাধারণত সমাজের কাছে এ বিয়ে করা মেয়ে-ছেলেরা ধিকৃত হয় এবং সমালোচনার বিষয় বস্তুতে পরিণত হয়।