📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 সাজসজ্জা করে বের হওয়া জায়েজ নেই

📄 সাজসজ্জা করে বের হওয়া জায়েজ নেই


শরীয়ত প্রয়োজনে নারীদেরকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু বাইরে যাওয়ার জন্য এই শর্ত জুড়ে দিয়েছে যে, পর্দার সাথে বের হতে হবে। এবং প্রকাশ্যভাবে শরীর প্রর্দশন করে বের হতে পারবেনা। যেমন কুরআন কারীমে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন-
وَلاَ تَبَرَّحْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
অর্থাৎ, “যদি কখনও বের হওয়ার প্রয়োজন হয় তবে সাজসজ্জা করে শরীর প্রদর্শন করে বের হবেনা যেমন করে জাহিলিয়াতের যুগে নারীরা বের হত।” এরকম সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না যাতে মানুষের লক্ষ্য সেদিকে নিবদ্ধ হয়। বরং পরিপূর্ণ পর্দা সহকারে বের হবে এবং শরীর ঢিলাঢোলা পোশাকে ঢাকা থাকবে। বর্তমান জামানায় তো বোরকার প্রচলন হয়েছে, হুজুর (স)-এর জামানায় চাদর ব্যবহৃত হত, এবং ঐ চাদরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা থাকত। মোটকথা এই, প্রয়োজনের সময় নারীদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে, কিন্তু নারীর বের হওয়ার দ্বারা ফেৎনার যে আশংকা রয়েছে তা পর্দার মাধ্যমে বন্ধ হয়ে যাবে এজন্য পর্দার বিধান দেয়া হয়েছে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 পর্দার বিধান কি শুধু মাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য

📄 পর্দার বিধান কি শুধু মাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য


কেউ কেউ একথা বলে যে, পর্দার বিধান শুধুমাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য ছিল এবং এই হুকুম তাঁদের ব্যতীত অন্য কোন মহিলাদের জন্য নয়। এবং তারা উল্লিখিত এই আয়াতের দ্বারাই দলীল পেশ করে, এই আয়াতে সম্বোধন শুধুমাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের প্রতিই করা হয়েছে। একথা শরয়ী এবং যুক্তি উভয় দিক দিয়েই ভুল। এজন্য যে, এই আয়াতে শরীয়তের অনেকগুলি বিধান দেয়া হয়েছে। তন্মধ্যে একটি বিধান এই যে,
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولى
অর্থাৎ জাহেলী যুগের নারীদের মত সাজসজ্জা করে বের হবেনা। এই নির্দেশ কি শুধুমাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য? অন্যান্য নারীদের ক্ষেত্রে কি জাহেলী যুগের নারীদের মত সাজসজ্জা করে বাইরে যাওয়ার অনুমতি আছে? স্পষ্টত অন্যান্য নারীদের ক্ষেত্রেও অনুমতি নেই। তারপূর্বে এই নির্দেশ দেয়া হয়েছে যে,
وَأَقِمْنَ الصلوة - নামাজ কায়েম কর। তাহলে নামাজ কায়েম করার হুকুম কি শুধু মাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য? অন্যান্য নারীদের কি নামাজের নির্দেশ নেই? তারপর এই বিধান দেয়া হয়েছে যে, وَأَتَيْنَ الزَّكَوٰةَ যাকাত আদায় কর। তাহলে যাকাত আদায় করার নির্দেশ কি শুধুমাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য? অন্যান্য মহিলাদের জন্য কি যাকাতের নির্দেশ নেই? এবং তারপর আরও বিধান দেয়া হয়েছে যে وَأَطَعْنَ اللَّهُ وَرَسُوْلَهُ আল্লাহ ও তাঁর রাসূল (স)-এর আনুগত্য কর। তাহলে আল্লাহ ও তাঁর রাসূল (স)এর আনুগত্যের নির্দেশ কি শুধু মাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের জন্য? অন্যান্য মহিলাদের জন্য কি এই নির্দেশ নেই? গোটা আয়াতের বর্ণনাভঙ্গি দ্বারা এটা স্পষ্ট যে, এই আয়াতের মধ্যে যতগুলি বিধান আছে তা সকলের জন্য। যদিও সরাসরি সম্বোধন রাসূল (স)-এর স্ত্রীগণের প্রতি। কিন্তু তাদের মাধ্যমে গোটা উম্মতের প্রতি।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 তাঁরা পবিত্র মহিলা ছিলেন

📄 তাঁরা পবিত্র মহিলা ছিলেন


তাছাড়া পর্দার উদ্দেশ্য এই যে, সমাজের মধ্যে পর্দাহীনতার ফলে যে ফেৎনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বন্ধ করা। এখন প্রশ্ন হল, ফেৎনা কি শুধুমাত্র রাসূল (স)-এর স্ত্রীগণের বের হওয়ার দ্বারা সৃষ্টি হবে? (নাউযুবিল্লাহ) তাঁরা এমন পবিত্র রমনী যে, পৃথিবীর বুকে তাদের মত পবিত্র নারী জন্ম নেয়নি। তাদের দ্বারাই কি ফেৎনার আশংকা ছিল? অন্যান্য মহিলাদের বের হওয়ার দ্বারা কি ফেৎনার আশংকা নেই? যখন রাসূল (স) এর স্ত্রীগণকে এই নির্দেশ দেয়া হয়েছে, তোমরা পর্দার সাথে বের হও, তো অন্যান্য নারীদেরকে আরো বেশী করে এই নির্দেশ দেয়ার কথা। এই জন্য যে, তাদের দ্বারা ফেৎনার আশংকা বেশী ।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 পর্দার বিধান সমস্ত নারীর জন্য

📄 পর্দার বিধান সমস্ত নারীর জন্য


এছাড়া অন্য এক আয়াতে সমস্ত মুসলিম উম্মাহকে সম্বোধন করা হয়েছে। এরশাদ হচ্ছে -
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ ) সূরা আহযাব : ৫৯( يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَا بِيْبِهِنَّ
অর্থাৎ হে নবী নিজের স্ত্রীগণকে, কন্যাদেরকে এবং সমস্ত মোমেনদের নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চেহারার উপর চাদর ঝুলিয়ে দেয়।
এর চেয়ে অধিক পরিষ্কার এবং স্পষ্ট নির্দেশ আর হতে পারেনা। جَلَابِيبُ শব্দটি جلْبَابٌ -এর বহুবচন। “জিলবাব” ঐ চাদরকে বলা হয় যা নারীরা এভাবে পরিধান করত, মাথা থেকে পা পর্যন্ত তার সম্পূর্ণ শরীর যাতে ঢাকা থাকত। এছাড়া কুরআন মজীদ শুধু মাত্র চাদর পরার নির্দেশ দেয়নি, বরং "يدنين" শব্দ যুক্ত করেছে, যার অর্থ উক্ত চাদর সম্মুখ ভাগে ঝুলিয়ে দাও। যাতে চেহারাও খোলা না থাকে এবং ঐ চাদরে ঢেকে যায়। এর চেয়ে অধিক স্পষ্ট বিধান আর কি হতে পারে?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00