📘 নামাজে মন ফেরানো > 📄 আপনি কি জানেন আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন?

📄 আপনি কি জানেন আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন?


গা শিউরে উঠছে না এটা ভেবে? এটা সত্যি যে আমাদের মত নগণ্য, নাফরমান-অবাধ্য-পাপে নিমজ্জিত বান্দার পাঠ করা প্রতিটা আয়াতের জবাবও আল্লাহ তাআলা দেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন,
'আমার ও বান্দার মাঝে সালাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে আমার কাছে চায়।'

যখন বান্দা বলে, 'আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন', তখন আল্লাহ তাআলা বলেন,
| 'আমার বান্দা আমার প্রশংসা করেছে।'

বান্দা যখন বলে, 'আর-রহমানির রহীম', তখন আল্লাহ বলেন,
| 'আমার বান্দা আমার গুণাগুণ বর্ণনা করেছে।'

আর যখন বান্দা বলে 'মালিকি ইয়াওমিদ্দীন', তখন আল্লাহ বলেন,
| 'আমার বান্দা আমার মর্যাদার কথা বলেছে।'

যখন বান্দা বলে, 'ইয়্যাকা না'বুদু ওয়াইয়্যাকা নাস্তা'য়ীন'; 'আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই', তখন আল্লাহ বলেন,
'এটি আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা সেটাই পাবে, যা সে আমার নিকট চায়।'

আর যখন বান্দা বলে, 'ইহদিনাস সিরাতাল মুস্তাকীম, সিরাতল্লাযীনা আন'আমতা আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লীন'; 'আমাদেরকে সরল পথ দেখিয়ে দাও, সেই সমস্ত লোকদের পথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।' তখন আল্লাহ বলেন,
| 'এটি আমার বান্দার জন্য। আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চায়।[৬২]

মহাপরাক্রমশীল রবের সামনে পিপীলিকার চেয়েও নগণ্য এবং গুনাহগার বান্দা আমরা। কিন্তু তিনি আমাদের প্রতিটা কথার জবাব দেন এবং এখনো দিচ্ছেন!

সালাত এমনই শক্তিশালী এক ইবাদত। সুবহানআল্লাহ! এখন দেখুন, সূরা ফাতিহা পাঠের সময় অন্তত এই খেয়ালটাও যদি জাগ্রত করি, আল্লাহ আমার তিলাওয়াত শুনছেন, আমার প্রার্থনার জবাব দিচ্ছেন, তাহলে অন্য কিছু খেয়াল করার উপক্রম থাকবে কী?

টিকাঃ
[৬২] মুসলিম, সালাত অধ্যায়

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00