📄 হাদীছ গ্রন্থসমূহের প্রকারভেদ
হাদীছ গ্রন্থসমূহকে মুহাদ্দিছগণ কয়েকভাগে ভাগ করে থাকেন। যেমন-
(১) আল-জামে' (الجامع): যে হাদীছ গ্রন্থে আক্বীদা, আহকাম, আদব, তাফসীর, ফিতান, মানাক্বিব ও সিয়ার এই ৮টি বিষয় সম্পর্কে হাদীছ জমা করা হয়, তাকে 'জামে' বলা হয়। যেমন- ছহীহ বুখারী, ছহীহ মুসলিম ও জামে' তিরমিযী।
(২) আস-সুনান (السنن): যে হাদীছ গ্রন্থে শুধুমাত্র আহকাম তথা ফিক্বহী মাসআলা বিষয়ক হাদীছ জমা করা হয়, তাকে 'সুনান' বলা হয়। যেমন- সুনানে আবুদাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনু মাজাহ।
(৩) আল-মুসনাদ (المسند): যে হাদীছ গ্রন্থে ছাহাবীগণের নামের উপর ভিত্তি করে হাদীছ জমা করা হয়, তাকে 'মুসনাদ' বলা হয়। যেমন- মুসনাদে আহমাদ, মুসনাদে হুমায়দী, মুসনাদে বাযযার।
(৪) আল-মু'জাম (المعجم): যে হাদীছ গ্রন্থে শায়খ বা উস্তাদগণের নামের উপর ভিত্তি করে হাদীছ জমা করা হয়, তাকে 'মু'জাম' বলা হয়। যেমন- ইমাম ত্বাবারানীর তিনটি মু'জাম। যথা- আল-মু'জামুল কাবীর, আল-মু'জামুল আওসাত্ব এবং আল-মু'জামুছ ছাগীর।
(৫) আল-মুসতাদরাক (المستدرك): কোন মুহাদ্দিছ তার বইয়ে যে শর্তারোপ করেছেন, সে শর্ত অনুযায়ী কিছু হাদীছ তার বইয়ে আনা থেকে বাদ পড়ে গেছে। পরবর্তীতে অন্য কোন মুহাদ্দিছ এসে সেই বাদ পড়া হাদীছগুলোকে জমা করলে তাকে 'মুসতাদরাক' বলা হয়। যেমন- ইমাম হাকেমের 'মুসতাদরাক আলাছ ছহীহাইন'।
(৬) আল-মুসতাখরাজ (المستخرج): কোন মুহাদ্দিছ একটি বই সংকলন করলেন। পরবর্তীতে অন্য কোন মুহাদ্দিছ এসে ঐ বইয়ের হাদীছগুলোকে নিজের সানাদে বর্ণনা করলে তাকে 'মুসতাখরাজ' বলা হয়। যেমন- আবু নু'আইম ইসফাহানীর 'মুসতাখরাজ আলাছ ছহীহাইন'।
(৭) আল-আজযা (الأجزاء): যে বইয়ে শুধুমাত্র একজন রাবীর হাদীছ জমা করা হয় অথবা শুধুমাত্র একটি বিষয়ের উপর হাদীছ জমা করা হয়, তাকে 'জুয' বলা হয়। যেমন- ইমাম বুখারীর 'জুযউ রফইল ইয়াদাইন'।
(৮) আতরাফ (الأطراف): যে বইয়ে হাদীছের কিছু অংশ উল্লেখ করে পুরো সানাদ উল্লেখ করা হয়, তাকে 'আতরাফ' বলা হয়। যেমন- হাফেয মিযযীর 'তুহফাতুল আশরাফ'।
(৯) মাশীখা (المشيخة): যে বইয়ে উস্তাদগণের নামের উপর ভিত্তি করে হাদীছ আনা হয় এবং উস্তাদের জীবনীও আলোচনা করা হয়, তাকে 'মাশীখা' বলা হয়।
(১০) আল-ইলাল (العلل): যে বইয়ে ইল্লাতযুক্ত হাদীছ জমা করা হয় এবং ইল্লাত সম্পর্কে আলোচনা করা হয়, তাকে 'ইলাল' বলা হয়। যেমন- ইমাম দারাকুৎনীর 'ইলাল'।
📄 প্রসিদ্ধ কিছু কিতাব পরিচিতি
নিম্নে প্রসিদ্ধ কিছু হাদীছ গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল:
১. মুওয়াত্তা ইমাম মালেক (موطأ الإمام مالك): জন্ম ৯৩ হিঃ, মৃত্যু ১৭৯ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) হাদীছ সংকলনের প্রথম নির্ভরযোগ্য গ্রন্থ। (খ) গ্রন্থটি হাদীছ ও ফিক্বহের অপূর্ব সমাহার। (গ) ইমাম শাফেঈ (রহঃ) বলেন, 'কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে মুওয়াত্তা ইমাম মালেক'।
২. মুসনাদে আহমাদ (مسند أحمد): জন্ম ১৬৪ হিঃ, মৃত্যু ২৪১ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) ছাহাবীগণের নামের উপর ভিত্তি করে সংকলিত সবচেয়ে বড় হাদীছ গ্রন্থ। (খ) শায়খ আহমাদ শাকের ও শু'আইব আরনাউত্ব (রহঃ)-এর তাহক্বীক্ব অনুযায়ী হাদীছ সংখ্যা প্রায় ৩০ হাযার। (গ) ইমাম আহমাদ (রহঃ) বলেন, 'যে হাদীছ মুসনাদে আহমাদে নেই, সে হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা যাবে না'।
৩. ছহীহ বুখারী (صحيح البخاري): জন্ম ১৯৪ হিঃ, মৃত্যু ২৫৬ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। (খ) হাদীছ ছহীহ হওয়ার সর্বোচ্চ শর্তারোপ করা হয়েছে। (গ) ফিক্বহী মাসআলা উদঘাটনে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ। (ঘ) হাদীছের পুনরাবৃত্তিসহ হাদীছ সংখ্যা ৭৩৯৭ এবং পুনরাবৃত্তি ছাড়া হাদীছ সংখ্যা ২৭৬১।
৪. ছহীহ মুসলিম (صحيح مسلم): জন্ম ২০৪ হিঃ, মৃত্যু ২৬১ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) ছহীহ বুখারীর পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। (খ) একটি হাদীছের সকল সানাদকে এক জায়গায় জমা করা হয়েছে। (গ) হাদীছ শাস্ত্রের পরিভাষা বিষয়ক ইলম হাছিলের জন্য বইটির ভূমিকা অতুলনীয়। (ঘ) হাদীছ সংখ্যা প্রায় ৭৫৬৩।
৫. সুনানে আবুদাউদ (سنن أبي داود): জন্ম ২০২ হিঃ, মৃত্যু ২৭৫ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। (খ) শুধুমাত্র আহকাম বিষয়ক হাদীছ জমা করা হয়েছে। (গ) হাদীছ বর্ণনার পর হাদীছের অবস্থা সম্পর্কে লেখকের মন্তব্য রয়েছে। (ঘ) হাদীছ সংখ্যা প্রায় ৫২৭৪।
৬. জামে' তিরমিযী (جامع الترمذي): জন্ম ২০৯ হিঃ, মৃত্যু ২৭৯ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। (খ) হাদীছ বর্ণনার পর হাদীছের অবস্থা ও ফিক্বহী মাসআলার উপর আলোচনা করা হয়েছে। (গ) হাদীছ ছহীহ ও যঈফ নির্ণয়ে ইমাম তিরমিযীর নিজস্ব পরিভাষা রয়েছে। (ঘ) হাদীছ সংখ্যা প্রায় ৩৯৫৬।
৭. সুনানে নাসাঈ (سنن النسائي): জন্ম ২১৫ হিঃ, মৃত্যু ৩০৩ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। (খ) ইমাম নাসাঈর মূল গ্রন্থ হচ্ছে 'আস-সুনানুল কুবরা'। পরবর্তীতে তিনি সেখান থেকে ছহীহ হাদীছগুলো চয়ন করে 'আল-মুজতাবা' নামে গ্রন্থ রচনা করেন, যা সুনানে নাসাঈ নামে প্রসিদ্ধ। (গ) ছহীহ বুখারী ও মুসলিমের পর সবচেয়ে কম যঈফ হাদীছ বিশিষ্ট গ্রন্থ। (ঘ) হাদীছ সংখ্যা প্রায় ৫৭৫৮।
৮. সুনানে ইবনু মাজাহ (سنن ابن ماجه): জন্ম ২০৯ হিঃ, মৃত্যু ২৭৩ হিঃ।
বৈশিষ্ট্য: (ক) সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। (খ) ফিক্বহী মাসআলা অনুযায়ী সুন্দরভাবে অধ্যায় সাজানো হয়েছে। (গ) কুতুবে সিত্তার মধ্যে সবচেয়ে বেশী যঈফ হাদীছ বিশিষ্ট গ্রন্থ। (ঘ) হাদীছ সংখ্যা প্রায় ৪৩৪১।
📄 জীবিত শ্রেষ্ঠ কিছু মুহাদ্দিছের নাম
১. শায়খ শু'আইব আরনাউত্ব।
২. শায়খ আব্দুল্লাহ সা'দ।
৩. শায়খ আব্দুল করীম খুযাইর।
৪. শায়খ মাহের ফাহল।
৫. শায়খ ছালেহ লুহাইদান।
৬. শায়খ ছালেহ উছায়মী।
৭. শায়খ আব্দুল মুহসিন আব্বাদ।
৮. শায়খ আব্দুল আযীয ত্বারীফী।
৯. শায়খ আবু ইসহাক্ব আল-হুওয়াইনী।
১০. শায়খ মুহাম্মাদ 'আমর আব্দুল লতীফ।