📘 মুছত্বলাহুল হাদীছ > 📄 সানাদের প্রকারভেদ

📄 সানাদের প্রকারভেদ


◇ সানাদ ও মাতন ( السند والمتن ) : 'সানাদ'-এর পরিচয়: ছাদ পর্যন্ত পৌঁছার জন্য যেমন সিঁড়ি লাগে, তেমনি রাসূল (ছাঃ)-এর হাদীছ পর্যন্ত পৌঁছার জন্য মানব সিঁড়ি লাগে। মানুষের এই সিঁড়িকেই মূলত 'সানাদ' বলা হয়।

উদাহরণ: মনে কর! আমাকে আব্দুর রহমান নামের একজন এসে বলল, 'আপনি কি জানেন, আজ কাশিমপুর গ্রামের মাহমূদ মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে'?। আমি বললাম, 'তুমি কিভাবে জানলে'? সে বলল, 'আমাকে আল-আমীন বলেছে। তাকে নাকি মাহমুদের পাশের বাড়ীওয়ালা যুবায়ের বলেছে'। স্নেহের ছাত্ররা! এই যে সংবাদটা আব্দুর রহমান, আল-আমীন ও যুবায়ের নামের তিনজন ব্যক্তির মাধ্যমে আমার নিকট পৌঁছল, এই তিনজন ব্যক্তির সমষ্টিকেই 'সানাদ' বলা হয়।

'মাতন'-এর পরিচয়: মানব সিঁড়ির উপর ভিত্তি করে আমরা যে সংবাদ পাই, তাকেই 'মাতন' বা মূল টেক্সট বলে। যেমন উপরিউক্ত উদাহরণে 'কাশিমপুর গ্রামের মাহমূদ মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে' এই অংশটুকু মাতন।

সারর্মম : ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহঃ) সহ হাদীছের সংকলকগণের নিকটে হাদীছটা যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে পৌঁছেছে, তাদের সমষ্টিকে 'সানাদ' বলে এবং তাঁদের প্রত্যেককে আলাদাভাবে রিজালুল হাদীছ বা হাদীছের রাবী বলা হয়। আর যে হাদীছটি পৌঁছেছে সেটিই 'মাতন'। এককথায় 'সানাদ' যেখানে শেষ হয়, সেখান থেকে 'মাতন' শুরু হয়।

◇ সানাদের প্রকারভেদ ( أقسام السند ): সানাদ মূলত দুই প্রকার। যথা- (১) আলী বা উঁচু সনদ এবং (২) নাযিল বা নীচু সনদ। নিম্নে আলোচনা করা হল:

আলী বা উঁচু সনদের পরিচয়: যে সানাদে রাসূল (ছাঃ) ও রাবীর মাঝের স্তর কম সে সানাদকে আলী বা উঁচু সানাদ বলা হয়।

নাযিল বা নীচু সনদের পরিচয়: যে সানাদে রাসূল (ছাঃ) ও রাবীর মাঝের স্তর বেশী সে সানাদকে নাযিল বা নীচু সানাদ বলা হয়।

উপকারিতা:

আলী বা উঁচু সানাদ মুহাদ্দিছগণের খুব প্রিয়। তারা মাসের পর মাস সফর করেছেন আলী সানাদের জন্য।
কেননা রাসূল (ছাঃ)-এর সাথে স্তর যত কম হয় হাদীছে ভুলের সম্ভাবনা তত কম হয়। কুতুবে সিত্তাহ্র সংকলকগণের মধ্যে ইমাম বুখারী (রহঃ) প্রায় ১৬টি হাদীছ বর্ণনা করেছেন, যাতে রাসূল (ছঃ) ও ইমাম বুখারীর মাঝে স্তর বা রাবী মাত্র তিনজন।

উদাহরণস্বরূপ- ইমাম বুখারী (রহঃ) বলেন, حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ يَقُلْ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ .

'আমাকে মাক্কী বিন ইবরাহীম হাদীছ শুনিয়েছেন। তিনি বলেন, তাকে ইয়াযীদ বিন আবী উবাইদ হাদীছ শুনিয়েছেন, তিনি সালামা আল-আকওয়া (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করীম (ছাঃ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার নামে কোন কথা বলল অথচ আমি সেটা বলিনি, তাহলে তার বাসস্থান জাহান্নাম'।৭

অত্র হাদীছে ইমাম বুখারী ও রাসূল (ছাঃ)-এর মাঝে মাত্র তিনজন রাবী রয়েছে। এজন্য ইমাম বুখারীর অন্য সানাদগুলোর চেয়ে এই সানাদ আলী বা উঁচু সানাদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00