📘 মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে > 📄 অলংকরণ-শিল্প

📄 অলংকরণ-শিল্প


মুসলিম শিল্পীরা নতুন নতুন শিল্পবিশ্বের প্রতি মনোযোগী হয়েছিলেন, যেখানে মানুষ ও প্রাণীর চিত্রাঙ্কন ঠাঁই পায়নি এবং প্রকৃতিকে নিজ স্বার্থে ব্যবহার করারও প্রয়োজন পড়েনি। এখানেই তাদের প্রতিভার স্ফূরণ ঘটেছে, তাদের উদ্ভাবনশক্তি, চিন্তার সক্রিয়তা, সূক্ষ্ম অনুভূতি ও মৌলিক রুচিবোধের উজ্জ্বল প্রকাশ ঘটেছে। এসব নতুন বিশ্বের একটি হলো অলংকরণ-বিশ্ব।

সৌন্দর্য সৃষ্টিই ছিল ইসলামি আর্ট বা শিল্পের দায়িত্ব। সৌন্দর্য সৃষ্টির গুরুত্বপূর্ণ উপাদানগুলোর অন্যতম হলো অলংকরণ। অলংকরণ এমন নির্ভেজাল শিল্পকর্ম, যার একমাত্র উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি। এখানে শিল্পকর্মের কাঠামো তার বিষয়বস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে মিলে গেছে এবং উভয়টি মিলে বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য সৃষ্টির এক সুসংগত ঐক্যের সৃষ্টি করেছে। এই ব্যাপারটি আমরা শিল্পের আর কোনো প্রকারে পাই না।

**ইসলামি অলংকরণ-শিল্পের বৈশিষ্ট্য**
ইসলামি অলংকরণ-শিল্প অনন্য বৈশিষ্ট্যাবলির অধিকারী, মুসলিমদের জাগরণের সভ্যতাকেন্দ্রিক উপস্থিতি তুলে ধরতে এর প্রভাব ছিল ব্যাপক। তা ছাড়া ইসলামি অলংকরণ-শিল্প উচ্চ মাত্রায় উৎকর্ষ লাভ করেছে। নকশা ও নির্মাণের দিক থেকে যেমন, তেমনই বিষয়বস্তু ও শৈলীর দিক থেকেও।

মুসলিম প্রযুক্তিবিদরা অনুপম গঠনযুক্ত ও দৃশ্যমানতায় উজ্জ্বল আলংকারিক রেখা ব্যবহার করেছেন এবং সামগ্রিকতার বিচারে অলংকরণের এমনসব নমুনা তৈরি করেছেন যেখানে তাদের ভাবনা স্পর্শ করেছে অন্তিমতাকে, যেখানে রয়েছে পৌনঃপুনিকতা, নতুনত্ব, অনুবর্তন ও বিজড়ন। তারা উদ্ভাবন করেছেন তারকা-বহুভুজ (star polygon) এবং পাতা-কাটা নকশার নানা আঙ্কিক। আরবীয় লতানো ও ফুলেল অলংকরণের আরও কিছু শৈলী তারা উদ্ভাবন করেছিলেন, ইউরোপীয়রা যার নাম দিয়েছে আরাবেস্ক (Arabesque)। আরাবেস্কের প্রথম প্রকাশ ঘটে হিজরি চতুর্থ/খ্রিস্টীয় দশম শতকে ফাতিমীয় অলংকরণ-শিল্পে আল-আযহার জামে মসজিদে। তারপর থেকে অলংকরণের এই আরবীয় শৈলী বেশ কয়েকটি দেশে অত্যন্ত সমাদর পায়। ইসলামি স্থাপত্যের অলংকরণবিদরা কাঠ, পাথর ও মার্বেলের ওপর সমতল ও নিমজ্জিত খোদাইচিত্রে শ্রেষ্ঠত্বের পরিচয় দেন এবং রঙিন উপকরণের ব্যবহার ও নকশার অভিনবত্বেও পরিচয় দেন অসাধারণ দক্ষতার।

উদ্ভিজ্জ উপাদান ও জ্যামিতিক উপাদানকে এই শিল্পের বিনির্মাণে মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এসব উপাদানের মধ্যে কখনো সহযোগিতামূলক সংশ্লেষ ঘটেছে এবং কখনো সম্পূর্ণ আলাদারূপে ব্যবহৃত হয়েছে। ফলে অলংকরণ-শিল্পের দুটি ফর্ম বা শৈলী দাঁড়িয়ে গেছে : একটি হলো ফুলেল ও লতায়িত অলংকরণ এবং অপরটি হলো জ্যামিতিক অলংকরণ।

**ফুলেল ও লতায়িত অলংকরণ**

ফুলেল ও লতায়িত অলংকরণ বিভিন্ন উদ্ভিদের পাতা ও নানা ধরনের ফুলের তৈরি মোটিফের ওপর নির্ভরশীল। ফুলেল ও লতায়িত অলংকরণ কয়েকটি শৈলীতেই উৎকর্ষ লাভ করেছে; যেমন: একক ও জোড়া অলংকরণ, মুখোমুখি ও আলিঙ্গনাত্মক অলংকরণ। একক অলংকরণ অধিকাংশ সময় একগুচ্ছ উদ্ভিজ্জাতীয় উপাদানের সমন্বয়ে গঠিত হয়, যা আন্তঃপ্রবিষ্ট, আন্তঃবিজড়িত ও পারস্পরিক অনুরূপ, একটি শৃঙ্খলিত রূপ নিয়ে যার পুনরাবৃত্তি ঘটে থাকে।

মুসলিম শিল্পীরা তাদের কল্পনাশক্তির প্রয়োগ ঘটিয়েছেন বলে তারা অলংকরণশিল্পে প্রকৃতির অনুকরণ থেকে অনেকটা বেরিয়ে আসতেও সক্ষম হন। ফলে পাতা ও ফুলের নকশাগুলো জ্যামিতিক কারুকার্যের রূপ নেয়, যেখানে জীবিত উপাদানের মৃত্যু ঘটে। বিমূর্ত রীতির ধারণাটি এখানে সক্রিয় থাকে। দেয়াল ও গম্বুজের অলংকরণে ফুলেল ও লতানো অলংকরণের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শিল্পকর্মে (যেমন : তামা ও কাঁচের তৈজসপত্র ও চীনামাটির বাসনকোসন) এবং বইয়ের পৃষ্ঠা ও বাঁধাইয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই অলংকরণ।

**জ্যামিতিক অলংকরণ**

ইসলামি অলংকরণশিল্পের এটি আরেকটি প্রকার। জ্যামিতিক রেখার ব্যবহারে ও রুচিস্নিগ্ধ শৈল্পিক কাঠামো প্রকাশের ক্ষেত্রে মুসলিমরা অনন্য প্রতিভার স্বাক্ষর রাখেন। বিভিন্ন ধরনের বহুভুজ, তারকা-আকৃতি, আন্তঃপ্রবিষ্ট বৃত্ত ইত্যাদি অলংকরণের বিস্তার ঘটে। এসব অলংকরণে ভবন ও অট্টালিকা সজ্জিত হয়ে ওঠে। কাঠ ও পিতলের শিল্পকর্মে এবং ছাদ ও দরজার নির্মাণেও জ্যামিতিক অলংকরণ ব্যবহার করা হয়। মুসলিমরা যে জ্যামিতিক জ্ঞানে প্রাগ্রসর ছিলেন, এটা তারই প্রমাণ।

মুসলিমরা অলংকরণশিল্পে নানা ধরনের বৃত্তাকার জ্যামিতিক আকৃতি উদ্ভাবনে সক্ষম হয়েছিলেন। এগুলোর মধ্যে রয়েছে ষড়ভুজ, অষ্টভুজ ও দশভুজ। এগুলোর সঙ্গে আরও রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ ও পঞ্চভুজ। এসব আকৃতির আন্তঃপ্রবেশন ঘটিয়ে অলংকরণের নতুন নতুন প্যাটার্ন তৈরি করা হয়েছে। কিছু জায়গা পূরণ করা হয়েছে এবং কিছু ফাঁকা রাখা হয়েছে এভাবে ক্রমান্বয়ে অংশ থেকে পূর্ণতায়, আংশিক পূর্ণতা থেকে পরিপূর্ণ পূর্ণতায় নিয়ে যাওয়া হয়েছে, ফলে এসব মনোমুগ্ধকর ও নয়নাভিরাম অলংকরণের অসংখ্য রূপ তৈরি হয়েছে।

মুসলিম শিল্পীদের চিন্তাভাবনা ও ধ্যানজ্ঞান ছিল নতুন ও অভিনব কাঠামো তৈরি করা, যার মূলে থাকবে কোণ-ছেদকের জটিল জড়াজড়ি বা জ্যামিতিক কাঠামোর জোড়। এতে আরও বেশি শান্ত ও পরিমিত সৌন্দর্যের প্রকাশ ঘটবে।

বহুল ব্যবহৃত জ্যামিতিক আকৃতিগুলোর মধ্যে রয়েছে : সংলগ্ন বৃত্ত ও আন্তঃপ্রবিষ্ট বা জোড় বৃত্ত, বিনুনি, ভাঙা-ভাঙা রেখা ও জড়াজড়ি রেখা।

যেসব আঙ্কিকের জ্যামিতিক অলংকরণ ইসলামি শিল্পকে বিশিষ্টতা দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো : বিভিন্ন সংখ্যক ভুজবিশিষ্ট তারকা-আকৃতি, গঠিত ফর্ম বা কাঠামোকে বলা হয় তারকা প্লেট (Stellar plates)। অলংকরণের এই আঙ্কিকটিকে কাষ্ঠ ও ধাতব শিল্পকর্মে, কুরআন ও গ্রন্থাবলির সোনালি রঙে গিলটি করা পৃষ্ঠায় এবং ছাদের নকশায় ব্যবহৃত হয়।

ফরাসি শিল্প-ঐতিহাসিক ও শিল্প-সমালোচক অঁরি ফকিলোন (Henri Focillon) ইসলামিক আর্ট সম্পর্কে গভীর পর্যবেক্ষণধর্মী সূক্ষ্ম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি এমনকিছু ভাবতে পারি না যা প্রাণকে তার বাহ্যিক আবরণ থেকে মুক্ত করে নিতে পারে এবং আমাদেরকে তার নিহিত বিষয়বস্তুর প্রতি আকর্ষিত করতে পারে। অথচ ইসলামি অলংকরণশিল্পে জ্যামিতিক কারুকার্য ও নকশাগুলোর ক্ষেত্রে এ ব্যাপারটিই ঘটেছে। এসব কারুকার্য ও নকশা সূক্ষ্ম গণিতভিত্তিক চিন্তার ফসল। এই গণিত মূলত দার্শনিক চিন্তা ও আধ্যাত্মিক ব্যঞ্জনার বর্ণনাত্মক অলংকরণের একটি শৈলীতে পরিণত হয়েছে। তবে আমাদের এ কথা বলতেই হবে যে, এই বস্তুনিরপেক্ষ অলংকরণশৈলীতে রেখা ও নকশার মধ্যে উচ্ছল প্রাণের উন্মেষ ঘটেছে। রেখা ও নকশার কাঠামোগুলোতে আনুপাতিক হারে বেড়েছে; কখনো কখনো আলাদা-আলাদাভাবে রয়েছে এবং কখনো কখনো জড়াজড়ি করে রয়েছে। যেন এখানে এক উচ্ছল প্রাণশক্তি রয়েছে এবং সেটাই এসব কাঠামোর মধ্যে সংশ্লেষ ঘটিয়েছে, আবার দূরত্বও তৈরি করেছে; তারপর আবার নতুন করে সেগুলোর মধ্যে সমন্বয় ঘটিয়েছে। অলংকরণের প্রতিটি কাঠামোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যাটা নির্ভর করে মানুষ এটিকে কোন দৃষ্টিতে দেখছে এবং দেখার সঙ্গে সঙ্গে তার মধ্যে কী ভাব উদিত হচ্ছে তার ওপর। এসব কাঠামো একই সময়ে একটি রহস্যের জন্ম দিচ্ছে এবং একটি রহস্যকে উন্মোচিত করছে, যা অনিঃশেষ শক্তি ও সম্ভাবনার পরিচয় বহন করে।

ইসলামি অলংকরণশিল্পে গুরুত্বপূর্ণ শৈলীগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপ: আত-তারসি', আত-তাকফিত, আত-তালবিস, আত-তাশিক, আত-তাতইম, আত-তাজসিস, আল-কারনাসা, আত-তাযবিক, আত-তাসফিহ, আত-তাওশি'।

অলংকরণশিল্পে ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: মার্বেল পাথর, চুন, কাঠ, ধাতব বস্তু, ইট, মোজাইক, চিত্রিত মৃৎপাত্র ও চিনামাটির পাত্র।

অলংকরণশিল্প এবং এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্যাবলির বর্ণনায় ফরাসি দার্শনিক রোজার গারাউডি (Roger Garaudy) যে মন্তব্য করেছেন তা এখানে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আরব অলংকরণশিল্পকে আলংকারিক ধারণার একটি বৈশিষ্ট্যসূচক ও প্রতিনিধিমূলক প্রকাশ বলে বোধ হয়। তা একই সময়ে বিমূর্ততা ও মূর্ততার মধ্যে সংশ্লেষ ঘটিয়েছে। আরব অলংকরণশিল্পের গাঠনিক উপাদানগুলোর মধ্যে সবসময়ই সমন্বয় সাধন করেছে সংগীত-প্রকৃতির দ্যোতনা ও বৌদ্ধিক জ্যামিতির ব্যঞ্জনা।

টিকাঃ
১০. সালেহ আহমাদ শামি, আল-ফননুল ইসলামি ইলতিযাম ওয়া ইবদা, পৃ. ১৬৯।
১১. ডালপালা, পাতা, ফুল, সর্পিল বস্তু ইত্যাদির কারুকার্যময় নকশা।
১২. ড. আহমাদ ফুয়াদ পাশা, আত-তুরাসুল ইলমিয়্যিল ইসলামিয়্যি.. শাইউন মিনাল মাযি আম যাদুন লিল-আতি, পৃ. ৪৪।
১৩. ড. আহমাদ ফুয়াদ পাশা, আত-তুরাসুল ইলমিয়্যিল ইসলামিয়্যি.. শাইউন মিনাল মাযি আম যাদুন লিল-আতি, পৃ. ১৭০-১৭৩।
১৪. সারওয়াত উকাশা, আল-কিয়ামুল জামালিয়্যা ফিল-ইমারাতিল ইসলামিয়‍্যা, পৃ. ৩৯।
১৫. রোজার গারাউডি: (১৩৩১ হি./১৯১৩ খ্রি.) ফরাসি দার্শনিক। সাংস্কৃতিক, ইতিহাস, সাহিত্য ও মানব বিজ্ঞানে বিশেষজ্ঞ উঁচুমানের গবেষক। বিভিন্ন দর্শন গবেষণার পর ইসলাম গ্রহণ করেন। বিভিন্ন রচনার মাধ্যমে তিনি জায়নবাদী রাজনীতির বিরোধিতা করেন।
১৬. রোজার গারাউডি, ফি সাবিলি হিওয়ারিল হাদারাত, পৃ. ১৭৪।

📘 মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে > 📄 আরবি লিপিকলা

📄 আরবি লিপিকলা


**আরবি লিপির নন্দনতাত্ত্বিক মূল্য**

আরবি লিপিকলা একটি বিশুদ্ধ ইসলামি শিল্প। এটি ইসলামধর্মের অন্যতম সৃষ্টি। আরবি লিপিকলার সঙ্গে ইসলামের পবিত্র গ্রন্থের দৃঢ় সম্পর্ক রয়েছে। আল-কুরআন নাযিল হওয়ার আগে কোনো জাতির মধ্যেই বর্ণ ও বর্ণমালা কোনো দৃশ্যমান শিল্প (দৃশ্যকলা) ছিল না। যদিও প্রত্যেক জাতির নিজস্ব ভাষা ছিল, ভাষা লেখার বিভিন্ন রীতি ছিল। তাদের ভাষার লেখ্য রীতি কেবল ভাষার অন্তর্গত ভাবকেই প্রকাশ করেছে, কারণ ভাষার লিখিত রূপ নিহিত ভাবেরই দৃশ্যমান প্রতীক। কিন্তু এসব প্রতীক বা চিহ্ন (বা বর্ণমালা) নন্দনতাত্ত্বিক বিচারে শিল্পের মর্যাদায় উন্নীত হয়নি। তাদের ক্ষেত্রে এ ব্যাপারটি ঘটেনি। কিন্তু আরবি বর্ণমালার ক্ষেত্রে এ ব্যাপারটিই ঘটেছে যথাযথভাবে, কারণ আল-কুরআন আরবি ভাষাকে মর্যাদার চাদরে মুড়িয়ে দিয়েছে।

ড. ইসমাইল ফারুকি বলেছেন, ওইসব সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কোনো জাতি-গোষ্ঠীর কেউ-ই-অর্থাৎ মেসোপটেমিয়ান জাতিসমূহ, হিব্রু জাতিসমূহ, ভারতীয় জাতিসমূহ, তাদের মতো গ্রিক ও রোমান জাতি-গোষ্ঠী... আরবরাও তাদের অন্তর্ভুক্ত-ভাষার দৃশ্যমান প্রতীকের সৌন্দর্য আবিষ্কারের চেষ্টা করেনি। 'লিখন' ছিল একটি স্থূল ব্যাপার, যা অধিকাংশ ক্ষেত্রে এখনো রয়েছে। একে ঘিরে বিশ্বের সংস্কৃতিগুলোতে কোনো নন্দনতাত্ত্বিক প্রচেষ্টা দানা বাঁধেনি। ভারতে, বাইজান্টাইন সাম্রাজ্যে, খ্রিষ্টধর্মাবলম্বী পশ্চিমে 'লিখন' কেবল ভাব-প্রকাশের দায়িত্ব পালন করেই ক্ষান্ত থেকেছে, অর্থাৎ ভাবের দৃশ্যমান প্রতীকরূপেই সীমাবদ্ধ থেকেছে। হিন্দুধর্মে ও খ্রিষ্টধর্মে ফিগারেটিভ আর্ট মূর্ত শিল্পকলার ক্ষেত্রে 'লিখন' একটি পরিপূরক ভূমিকা পালন করেছে। অর্থাৎ, তা কেবল ভাব-প্রকাশক প্রতীকরূপে শিল্পকর্মের বিষয়বস্তুকে প্রকাশ করেছে...। কিন্তু ইসলামের আবির্ভাব শৈল্পিক অভিব্যক্তি প্রকাশের উপাদান হিসেবে বর্ণমালা ও শব্দের সামনে নতুন নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। এই ক্ষেত্রে ইসলামি প্রতিভা সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। আরবি লিপিকলা আরাবিস্কের একটি প্রকরণ হিসেবে তার স্থান দখল করে নিয়েছে। ফলে আমাদের জন্য একে স্বতন্ত্র শিল্পকর্ম চিহ্নিত করা সহজ হয়েছে। এটি অবিমিশ্র ইসলামি শিল্পকলা। লিপিকলার চৈন্তিক বিষয়বস্তুর দিকে দৃষ্টিপাত না করেই এ কথা বলা যায়।

ড. মুস্তাফা আবদুর রহিম এ বিষয়টি জোরালোভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আরবি লিপিকলা একমাত্র শিল্প যার উদ্ভব ও বিকাশ ঘটেছে আরবে; এটি অবিমিশ্র আরব শিল্প, যা কোনোকিছুর প্রভাবে প্রভাবিত হয়নি, যার সঙ্গে কোনোকিছুর সংশ্লেষ ঘটেনি...। কতিপয় প্রাচ্যবিদ বলেছেন, তুমি যদি ইসলামি আর্ট সম্পর্কে জানতে চাও, তাহলে সরাসরি আরবি লিপিকলার প্রতি মনোযোগ দেওয়া উচিত।

আরবি তথ্যসূত্রগুলো, যেমন: আল-ইকদুল ফারিদ, খুলাসাতুল আসার, আল-বিদায়া ওয়ান-নিহায়া, আল-কামিল ফিত-তারিখ, আল-ফিহরিসত, সুবহুল আশা ও অন্যান্য উৎসগ্রন্থ এ ব্যাপারে একমত যে, আরবি লিপিকলা মুসলিমদের কাছে যে যত্ন ও পরিচর্যা লাভ করেছে এবং শৈল্পিক উৎকর্ষে মণ্ডিত হয়েছে, অন্যকোনো সভ্য জাতির বেলায় এটা ঘটেনি।

অল্প কালের মধ্যেই মুসলিম শিল্পীরা আরবি বর্ণমালাকে তার শ্রুত কর্তব্যের পাশাপাশি একটি দৃশ্যমান কর্তব্যে ভূষিত করেন। আরবি বর্ণমালা এই নান্দনিক ময়দানে প্রবেশ করামাত্রই তার বিকাশ দ্রুত এগিয়ে যায়। অলংকরণশিল্পের নকশা ও রেখাগুলোর সঙ্গে তার মিশ্রণ ঘটে, তা বরং অলংকরণশিল্পকে অনেক এগিয়ে দেয়। আরবি লিপিকলা ও অলংকরণশিল্পের মধ্যে রয়েছে দৃঢ় সহযোগিতামূলক সম্পর্ক।

এই মৌলিক শিল্পের প্রতি মুসলিমদের যে মনোযোগ ও পরিচর্যা এবং তাদের যে বহুবিধ উৎকর্ষ সাধন তার সবকিছু এখানে আমি উল্লেখ করতে পারব না। উদাহরণ হিসেবে কয়েকটি লিপির উল্লেখ করছি: কুফি লিপি, নাসখি লিপি, সুলুস লিপি, আন্দালুসি লিপি, রুকআ লিপি, দিওয়ানি লিপি, তা'লিক (ফার্সি) লিপি, ইজাযা লিপি ইত্যাদি।

এসব লিপির বহু শাখালিপি রয়েছে, যা আরবি লিপিকলাকে সমৃদ্ধ ও ঐশ্বর্যমণ্ডিত করেছে। ফলে আরবি লিপির রয়েছে মানিয়ে নেওয়ার যোগ্যতা, তা সর্বাবস্থায় ও সব জায়গায় নিজের ভূমিকা পালন করতে পারে। শাখালিপির কয়েকটি উদাহরণ উল্লেখ করা যায়। কুফি লিপির শাখালিপি হলো কুফি আল-মুওয়াররাক, কুফি আল-মুযহির, কুফি আল-মুনহাসির, কুফি আল-মুআশশাক বা আল-মুযাফফার বা আল-মুওয়াশশাহ। দিওয়ানি লিপির একটি শাখালিপি হলো জালি আদ-দিওয়ানি। সুলুস লিপির শাখালিপি হলো জালি আস-সুলুস। অন্য লিপিগুলোরও শাখালিপি রয়েছে।

**মুসলিম শিল্পীদের সৃজনশীলতা**
মুসলিম শিল্পীরা কখনো কখনো একাধিক লিপিকে একই পটে সাজিয়েছেন। এতে লিপির সৌন্দর্য ও চাকচিক্য আরও বৃদ্ধি পেয়েছে। ফলে এই শিল্প সৃজনশীলতায় নতুনত্ব ও অভিনবত্বের দিকে এগিয়ে গেছে। লিপিশিল্পে যে প্রতিযোগিতা ছিল তা একে পূর্ণতা দিয়েছে, এর সৌন্দর্য বৃদ্ধি করেছে, নান্দনিক উৎকর্ষের চূড়ায় পৌঁছে দিয়েছে।

লিপিকলায় মুসলিম শিল্পীরা কেবল হরফ-বিন্যাস ও তার সৌন্দর্য-বর্ধনে ক্ষান্ত থাকেননি; বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিনবত্বের সৃষ্টি করেছেন, সৃজনশীলতা ও মৌলিকতার পরিচয় দিয়েছেন। তারা স্বয়ং হরফকেই অলংকরণের উপাদান হিসেবে প্রস্তুত করেছেন। ফলে লিপির পটগুলো নান্দনিক আলংকারিক পটে রূপান্তরিত হয়েছে। মুসলিম শিল্পীরা পটের ওপর কী অসীম দক্ষতা ও নিয়ন্ত্রণের পরিচয় দিয়েছেন তাতে আপনি অবশ্যই বিস্মিত হবেন। তারা হরফকে দিয়ে একই সময়ে দুটি কাজ করিয়ে নিয়েছেন। একটি হলো ভাব প্রকাশের কাজ, অপরটি হলো অলংকরণের কাজ। তারা দ্বিতীয় কাজকে প্রথম কাজের সাজরূপে উপস্থাপন করেছেন!

মুসলিম শিল্পীরা আরবি লিপিকলায় অভিনবত্ব ও সৃজনশীলতার শিখরে পৌঁছেও ক্ষান্ত থাকেননি, তারা হরফের ডানায় চড়ে শিল্পের নতুন নতুন দিগন্তে ভ্রমণ করেছেন। হরফ এখানে কাঠামোগত শিল্পের (ফিগারেটিভ আর্টের) হাতিয়ার হিসেবে জায়গা করে নিয়েছে। চাকচিক্যময় নান্দনিক শিল্পের কার্যকরী উপাদানে পরিণত হয়েছে। লিপির আলংকারিক পটের ওপর চোখ পড়ামাত্র প্রথম মুহূর্তে পটে আপনি একটি চিত্র দেখতে পাবেন, সেটা হতে পারে পাখির, হতে পারে কোনো প্রাণীর, ফলের বা প্রদীপের। কিন্তু আপনি একটু খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবেন যে চিত্রটি আরবি হরফ ও শব্দ ছাড়া কিছু নয়। এগুলো শিল্পীদেরই আবিষ্কার। বাহ্যিক চিত্রের সঙ্গে এসব শব্দ ও হরফের অর্থগত সামঞ্জস্য থাকে। এটাই অভিনবত্ব।

আরবি লিপিকলার ক্ষেত্রে মুসলিমদের ঐতিহ্য এমনই ঐশ্বর্যপূর্ণ। তাদের এমন কৃতিত্ব ও সৃজনশীলতা আরবি লিপিকলাকে ইসলামি সভ্যতার জন্য যুগ যুগ ধরে ও ইসলামি বিশ্বের সব ভূখণ্ডে এক অনন্য শিল্পরূপে ভাস্বর করে তুলেছে।

টিকাঃ
১৭. সালেহ আহমাদ শামি, আল-ফননুল ইসলামি ইলতিযাম ওয়া ইবদা, পৃ. ১৯৬।
১৮. ড. ইসমাইল ফারুকি (১৩৩৯-১৪০৬ হি./১৯২১-১৯৮৬ খ্রি.): বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত। ফিলিস্তিনি বংশোদ্ভূত। দর্শনশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা করেছেন আমেরিকায় ও পাকিস্তানে। আমেরিকায় অবস্থিত International Institute of Islamic Thought-এর প্রধান ছিলেন।
১৯. মাজাল্লাতুল মুসলিমিল মুআসির, সংখ্যা ২৫, ১৪০১ হি.।
২০. পরিশিষ্ট, আল-আনবাউল কুয়েতিয়্যাহ, সংখ্যা ৫১৭, তারিখ: ১৬/০৭/১৯৮৬ খ্রি.।
২১. নাজি যাইনুদ্দিন, মুসাওয়ারুল খাত্তিল আরাবি, পৃ. ৩১৫।
২২. সালেহ আহমাদ শামি, আল-ফননুল ইসলামি ইলতিযام ওয়া ইবদা, পৃ. ১৯৮।
২৩. মুসলিম বিজেতারা তাদের দ্বীন ও শরিয়তের প্রচারের জন্য এই লিপিকেই মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। হিজরি চতুর্থ শতাব্দীর পূর্বে লিখিত মুসহাফগুলো কুফি লিপিতেই লেখা হয়েছে। কুফার আলেমগণই কুফি লিপির উৎকর্ষ সাধন করেন। দেখুন, নাজি যাইনুদ্দিন, মুসাওয়ারুল খাত্তিল আরাবি, পৃ. ৩৩৯।
২৪. সালেহ আহমাদ শামি, আল-ফননুল ইসলামি ইলতিযাম ওয়া ইবদা, পৃ. ১৯৮-১৯৯।
২৫. সালেহ আহমাদ শামি, আল-ফননুল ইসলামি ইলতিযাম ওয়া ইবদা, পৃ. ১৯৯।
২৬. প্রাগুক্ত, পৃ. ২০০-২০৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00