📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আলী বিন ইউসুফ

📄 আলী বিন ইউসুফ


আলী ডাকনাম। আবুল হাসান, ইউসুফ বিন আশুফিনের পুত্র ও উত্তরাধিকারী। ১১০৭ খ্রীস্টাব্দে সিংহাসনে আরোহণ কালে তাহার বয়স ছিল তেইশ বৎসর। তিনি আন্দালুসিয়ার শহর ও বিভিন্ন প্রদেশে অভিজ্ঞ ও অনুগত গভর্নরদিগকে নিয়োগ করেন। ইউসুফের পুত্র তামিম বানু হুদদের বিরুদ্ধে সারাগোসার জনসাধারন ও ভ্যালেন্সিয়ার গভর্নরের সাহায্যে এবরো উপত্যকার গুরুত্বপূর্ণ এলাকা সারাগোসা ১১১০ খ্রীস্টাব্দে অতি সহজে অধিকার করেন। মুরাবিতুন জেনারেল সির বিন আবুবকর পশ্চিম স্পেন আক্রমণ করিয়া লিসবন ও সানতারেন অধিকার করেন। আলীর ভ্রাতা আমিরের মৃত্যুর পর খ্রীস্টানগণ আরাগণের বিখ্যাত যোদ্ধা প্রথম আলফন্সো সারাগোসা, কালাতাইউদ এবং তাগুসের অদূরে অবস্থিত বহু প্রসিদ্ধ জায়গা ফ্রান্সবাসীদের সাহায্যে পুনরোধিকার করেন। পশ্চিম স্পেনের বিস্তীর্ণ এলাকা বর্তমানের পর্তুগাল ও ডুরো উপত্যকা আলী বিন ইউসুফের অধিকারে আসে। আলী নিজে বিরাট সেনাবাহিনী লইয়া খ্রীস্টান শক্তিকে ধ্বংস করিতে অগ্রসর হন। তিনি কর্ডোভা পৌছিয়া ইফ্রিকিয়ায় বিদ্রোহ সম্পর্কে অবহিত হন এবং ১১৪৫ খ্রীস্টাব্দে প্রত্যাবর্তন করিয়া মৃত্যুমুখে পতিত হন।

আলী তাহার পিতার ন্যায় যোগ্য ছিলেন না। তিনি রাজ্যের প্রশাসনিক কার্যে উদাসীন ছিলেন এবং অধিকাংশ সময় ধর্মকর্মে ধ্যানমগ্ন থাকিতেন। তিনি তাহার পত্নী কামারের নির্দেশে পরিচালিত হইতেন। প্রকৃত পক্ষে রাজ্য পরিচালিত হইত হারেম হইতে। জনগণ সুখে শান্তিতে ছিল না এবং অভিজাত শ্রেণী ক্ষমতা গ্রহণের চেষ্টায় লিপ্ত ছিল। বার্বারগণ তাহাদের ঐশ্বর্য ও ক্ষমতায় আসীন থাকিয়া ইসলাম বিরোধী আদেশ প্রদান ও অসংযত জীবন যাপনে লিপ্ত হয়।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আল মুয়াহিদুনদের শাসন

📄 আল মুয়াহিদুনদের শাসন


মুয়াহিদুন ছিলেন আটলাস পর্বতে বসবাসকারী জাতি মাসমুদাহ উপজাতির অর্ন্তগত। ১২ শত শতাব্দীর প্রারম্ভে মাসমুদা গোত্রের ধর্ম সংস্কারক ইফ্রিকিয়ায় আগমন করেন। তিনি ছিলেন আব্দুলাহ বিন তুমারাতের পুত্র আবু আব্দুল্লাহ মুহাম্মদ (সিঃ ১০৭৮-১১৩০)। তিনি আটলাসের হিন্তাতা গোত্রে ১০৮২ খ্রীঃ জন্মগ্রহণ করেন। তাহার পিতা ছিলেন সুস পল্লীর মসজিদের খাদেম। তিনি তাকালিদ বিরোধী, কোরআন সুন্না ও ইজমায়ে সাহাবাতে দৃঢ় বিশ্বাসী। মুসলিম মসিহর ন্যায় পরবর্তীকালে তিনি নিজেকে মাহদী (খোদার একত্ববাদ) মতবাদ প্রচার করিতেন। এই কারণেই তাহার অনুসারীদের মুয়াহিদুন বলা হইত। নতুন দৃষ্টিভঙ্গিতে তিনি ইসলামী আদর্শের প্রচার করিতে শুরু করেন। আল-মুয়াহিদুন (একত্ববাদীগণ) নামে পরিচিত অসংখ্য শিষ্য মরক্কো যাত্রা কালে তাহার অনুসরণ করে।

মাহদীর প্রথম ও প্রধান শিষ্য ছিলেন আবদুল মুমিন। তিনি ছিলেন নেদরোনার কুমিয়া গোত্রের ধনী বার্বার কুম্ভকার আলীর পুত্র। আবদুল মুমিন বুজাইয়াহর সন্নিকটে তাহার গুরুর সহিত মিলিত হন, যেখান হইতে ১১১৭/১৮ খ্রীঃ মাহদী মরক্কোর ফেজে গমন করিতে বাধ্য হন। মৃত্যু ভয়ে সেখান হইতে তিনি একদিনের দূরত্বে অবস্থিত পার্বত্য অঞ্চলের এক সুরক্ষিত দুর্গ তিনমালে গমন করেন। সেখানে তিনি রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন এবং ১১২১ খ্রীঃ নিজেকে মাহদী বলিয়া দাবী করেন। আব্দুল মুমিনকে তাহার উত্তরাধিকারী মনোনয়ন করিয়া ১১২৮-৩০ খ্রীস্টাব্দের মধ্যে মাহদী ইন্তেকাল করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবদুল মুমিনের হাস্তে মুরাবিতুনদের পরাজয়

📄 আবদুল মুমিনের হাস্তে মুরাবিতুনদের পরাজয়


আলী বিন ইউসুফ আল-মুরাবিত তাহার প্রথম জীবন শান্তি ও সমৃদ্ধির মধ্যে অতিবাহিত করেন কিন্তু তাহার শাসনের শেষ দিনগুলি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈদেশিক হস্তক্ষেপের শিকারে পরিণত হয়। ইউসুফের পুত্র তাশুফিন মুয়াহিদিনদের মোকাবিলা করিতে ব্যর্থ হন। মুয়াহিদিন অধিকৃত তিলিমসানের নিকটবর্তী এলাকায় তাহার সেনাবাহিনী পরাজিত হয়। ফেজ, সিউটা, তাঞ্জিয়ার, আগমাত আত্মসমর্পণ করে। তাশুফিন অনুপ্রবেশকারীদের বিতাড়িত করিতে অক্ষম হইয়া এগার মাসের অবরোধের পর ১১৪৬ খ্রীঃ মরক্কো আব্দুল মুমিনের নিকট সমর্পণ করেন। প্রায় সত্তর হাজার ক্ষুধার্ত ও দুর্ভিক্ষ প্রপীড়িত লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। আবদুল মুমিন তাহার তেত্রিশ বৎসরের রাজত্বকালে রাজ্যের সীমানা ১২৬০ খ্রীস্টাব্দের মধ্যে ত্রিপলী সীমান্তের অভ্যন্তরে সম্প্রসারিত করেন। ইহাই ছিল সর্বপ্রথম বৃহৎ মুসলিম সাম্রাজ্য যাহা গেডেস উপসাগর হইতে আটলান্টিক মহাসাগর এলাকা পর্যন্ত ও মুসলিম স্পেনের সম্মিলিত অঞ্চল লইয়া গঠিত হইয়াছিল।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 মুয়াহিদুনদের আগমনের পূর্বে স্পেনের অবস্থা

📄 মুয়াহিদুনদের আগমনের পূর্বে স্পেনের অবস্থা


যে সমস্ত বিবাদমান শক্তিসমূহের কারণে স্পেনে মুসলিম রাজ্যের ধ্বংস সাধিত হয়, মুরাবিতুনগণ সেই সমস্ত শক্তিকে স্বল্পদিনের জন্য ঐক্যবদ্ধ করেন। মুয়াহিদুনগণ ইফ্রিকিয়ায় মুরাবিতুনদের আরো সম্প্রসারণে উত্তর স্পেনের অগ্রাভিযানে বাধা প্রদান করেন। মুরাবিতুন শাসনের শুরুতে বিনা বাধায় কৃষি উন্নয়ন, কারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে কিন্তু কাব্য চর্চা ও দর্শনে জ্ঞান লাভকে উৎসাহিত করা হয় না। মুরাবিতুনগণ ধর্ম প্রচার ও দেশ বিজয়ে বেশি আগ্রহী ছিলেন। স্পেনে মুসলিম বিজয়ের পরে মুসা বিন নুসায়েরের সহিত সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করিয়া যে সমস্ত গীর্জা নির্মিত হইয়াছিল আলেমদের প্রভাবে সেগুলির ধ্বংস সাধন করা হয়।

আফ্রিকায় মুরাবিতুনের সহিত মুয়াহিদিনদের বিরোধ খ্রীস্টানদিগকে স্পেনের মুসলিম অধ্যুসিত এলাকা ধ্বংস সাধন ও মুসলমানদের উপর চরম অত্যাচার করার সুযোগ করিয়া দেয়। হোলের মতে, উত্তরাঞ্চলের খ্রীস্টানদের বিরুদ্ধে মুসলমানদের রক্ষার্থে ইউসুফের আগমনের পূর্ব পর্যন্ত স্পেনে দুই পুরুষের মুসলিম শাসন ছিল সর্বাপেক্ষা দুর্বল। ৬ স্পেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবগত হইয়া খ্রীস্টানদের নৌ-শক্তি একত্রিত হইয়া আলমেরিয়া আক্রমণ ও অধিকার করে। ৭ ১১৩৩ খ্রীঃ ক্যাস্টিলের সপ্তম আলফন্সো কর্ডোভা, সেভিল, কারমোনা ও কাডিজের ধ্বংস সাধন করেন। ১১৪৪ খ্রীঃ কালাতারাভা হইতে আলমেরিয়া পর্যন্ত সারা আন্দালুসিয়া খ্রীস্টানদের করায়ত্ত হয়। ১১৪৫ খ্রীঃ মুরাবিতুন শাসনের পতনের পর হইতে শুরু করিয়া মুয়াহিদিনদের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত স্পেনে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়িতেছিল।

টিকাঃ
৬। আন্দালুস, পৃঃ ২৬।
৭। ডজি, রিচারচেস, ২য় খণ্ড, ১৮১৮, পৃঃ ৩১২; স্পেনিশ ইসলাম, পৃঃ ৭২৬।

ফন্ট সাইজ
15px
17px