📄 দ্বিতীয় ইদ্রিস
দ্বিতীয় ইদ্রিস ছিলেন দয়ালু ও দাতা। তিনি প্রতিদিন দরিদ্রদের মধ্যে ৫০০ স্বর্ণমুদ্রা বিতরণ করিতেন। তিনি বন্দীদের মুক্তিদান করেন এবং দেশ হইতে বহিষ্কৃত ব্যক্তিদের দেশে প্রত্যাবর্তনের আহবান জানান। এতদসত্ত্বেও তিনি ছিলেন দুর্বল শাসক। গ্রানাডার রাজা বাদিসের দাবীতে তিনি তাঁহার সুযোগ্য প্রধান মন্ত্রী মুহাম্মদকে হস্তান্তর করেন। দ্বিতীয় ইদ্রিসের বিরুদ্ধে তাঁহার পিতৃব্য পুত্র মুহাম্মদ বিদ্রোহ ঘোষণা করেন ও অতি সহজে মালাগা দখল করেন। জনগণ দ্বিতীয় ইদ্রিসকে মুক্ত করিয়া সিংহাসনে বসাইতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ইদ্রিস অতি দ্রুত আইন-শৃঙ্খল ফিরাইয়া আনেন এবং ১০৫৫ খ্রীস্টাব্দে তাঁহার মৃত্যু পর্যন্ত শান্তিপূর্ণভাবে শাসনকার্য পরিচালনা করেন। বাদিস বিন হাব্বুস অতি সহজে ১০৫৭ খ্রীস্টাব্দে মালাগা অধিকার করেন এবং হাম্মুদিদের নির্বাসিত করেন।
টিকাঃ
৪। প্রিটো ওয়াই ভাইভস্, লস রিইয়েচ, পৃঃ ২৪-২৮।
📄 গ্রানাডার বানুজিরি রাজবংশ
গ্রানাডার বানুজিরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাওবী বিন জিরি নামে জনৈক বার্বার নেতা। এই রাজবংশ ১০৯০ খ্রীঃ হইতে মুরাবিতিনদের দ্বারা অধিকৃত হওয়া পর্যন্ত প্রায় আশি বৎসর স্বাধীনভাবে গ্রানাডা শাসন করেন। বার্বারদের সানহাজাহ গোত্রের শাখা ছিল জিরিড বংশ। দুইজন জিরি যুবরাজ বুলুগগিন ও আল মনসুর তাঁহাদের শাসনে অসন্তুষ্ট হইয়া উচ্চাকাঙ্ক্ষী নেতা জাওবী বিন জিরির সহিত যোগদান করে। উমাইয়া শাসনামলে বার্বারগণ বিশেষ শক্তি হিসাবে পরিগণিত হয়। বানুজিরি-রাজবংশ খলিফা সুলায়মান মনসুরের নিকট হইতে জায়গীর হিসাবে এলভিরা গ্রহণ করেন।
📄 জাওবী
জাওবী বিন জিরি প্রথমে এলভিরা হইতে স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। পরে জেনিল নদীর তীরে গ্রানাডায় তাঁহার নতুন রাজধানী স্থাপন করেন। তিনি কর্ডোভার গৃহযুদ্ধে আলী বিন হাম্মদের পক্ষে এবং আবদুর রহমান আল মুরতাজার বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি ফাতেমীদের সমর্থক ছিলেন। তাঁহার পূর্ব পুরুষের দেশ ইফ্রিকিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে জাওবী তাঁহার ভ্রাতুষ্পুত্র হাব্বুস বিন মাকসানকে গ্রানাডা শাসনের দায়িত্ব অর্পণ করিয়া ৪১০ হিঃ ১০১৯-২০ খ্রীস্টাব্দে উত্তর আফ্রিকায় প্রবেশ করেন। কিন্তু তাঁহার এই আকাঙ্ক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত হয় না এবং তিনি মৃত্যুবরণ করেন।
📄 হাব্বুস
নতুন শাসক হাব্বুস বিন মাকসান নিজেকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন এবং রাজকীয় টাইটেল 'হাজীব সাইফ-উদ-দৌলা' খেতাব গ্রহণ করেন। তিনি রাজ প্রাসাদ, মসজিদ ও বহু অট্টালিকা নির্মাণ করিয়া রাজধানীকে সুন্দর করিয়া গড়িয়া তোলেন। গ্রানাডার চতুর্দিকে প্রাচীর দ্বারা সুরক্ষিত করা হয়। রাজকীয় প্রাসাদ নির্মাণ করিয়া ইহাকে সৌন্দর্যমন্ডিত করা হয়। হাব্বুস জায়েন ও কাবরা অধিকার করিয়া তাঁহার ক্ষুদ্র রাজ্যের সীমা সম্প্রসারণ করেন। তিনি সাধারণ জীবন যাপন করিতেন এবং রাজ্য শাসনের ভার স্যামুয়েলের উপর ন্যস্ত করিয়াছিলেন। হাব্বুস ১০৩৮ খ্রীস্টাব্দে মৃত্যু বরণ করেন।