📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্পেনীয় ক্ষুদ্র শাসকগণ

📄 স্পেনীয় ক্ষুদ্র শাসকগণ


একাদশ শতাব্দীর প্রথম দিকে হাজীবের হস্ত হইতে ক্ষমতা চলিয়া যায়। দশম শতাব্দীর মাঝামাঝি সময় হইতেই প্রশাসন ক্ষেত্রে উমাইয়া শাসকদের কোন কর্তৃত্ব ছিল না। প্রদেশগুলি কেন্দ্র হইতে বিচ্ছিন্ন হইতে শুরু করে। রাজনৈতিক গুরুত্ব কেন্দ্র হইতে প্রদেশগুলিতে স্থানান্তরিত হয়। দৃশ্যপট হইতে আরব রাজতন্ত্র অপসারিত হয়। দেশের রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থার সুযোগ লইয়া আরব বার্বার ও স্লাভ নেতাগণ তাহাদের নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করেন। উমাইয়া সাম্রাজ্য বিচ্ছিন্ন হইবার পর সাময়িক ভাবে বহু রাজ্যের উদ্ভব ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজাকে আলেকজান্ডারের পরবর্তীকালের উত্তরাধিকারীদের সহিত তুলনা করা যাইতে পারে। ক্ষুদ্র রাজ্যকে বাগদাদের রেইস ডে তাইফাস (মুলুকুল তাওয়াইফ) বলিয়া অভিহিত করা হইত। ১০০৯ খ্রীঃ আল আন্দালুসের ঐক্য বিনষ্ট হইতে আরম্ভ করে। তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা হারায় এবং গভর্নরগণ ও অন্যান্য আঞ্চলিক নেতৃবর্গ তাহাদের নিজের হস্তে ক্ষমতা গ্রহণ করে। মার্চসমূহের গভর্নরদের হস্তে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরদার হইতে পারে না। নিম্ন, মধ্য ও উচ্চ মার্চের রাজধানী যথাক্রমে বাদাজোজ, টলেডো ও সারাগোসায় ছিল। অবশিষ্ট মুসলিম ভূখণ্ড ক্ষুদ্র ত্রিশটি রাজ্যে বিভক্ত হইয়া যায়। উহার মধ্যে কতিপয় রাজ্যের অস্তিত্ব অল্পদিনে বিলুপ্ত হয়। অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্র এবং রাষ্ট্রের অস্তিত্ব ও উহার সম্প্রসারণের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার দরুন বিলুপ্ত হয়। এই সময়ের রাজনৈতিক পরিবেশ ছিল খুবই বিশৃঙ্খলাপূর্ণ।

বেশ কয়েক বৎসর তাহারা তাহাদের মূল্যবান স্বাধীনতাকে রক্ষা করে। কিন্তু জনগণ নিরাপত্তাহীন ভবিষ্যতের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া হতাশ হইয়া ওঠে এবং অতীতকে স্মরণ করিয়া অনুশোচনা প্রকাশ করিতে শুরু করে। তাইফাদের মধ্য হইতে কয়েকজন মাত্র সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। শক্তিকে সম্বল করিয়া একে অপরের সহিত বিশ্বাসঘাতকতা ও তাহাদের জনগণকে ব্যবহার করিয়া রাজ্যের সীমানা বৃদ্ধি করিতে সক্ষম হয়। গোত্রীয় প্রধানগণ ক্রমে ক্রমে তাহাদের যুদ্ধংদেহী মনোভাব হারাইয়া ফেলে এবং তাহাদের আরব ও বার্বার সেনাগণের জায়গা দখল করে খ্রীস্টান বেতনভুক্ত সৈনিকগণ। এই সৈনিকদের উপরই দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা নির্ভর করিত।

টিকাঃ
১। এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস, লস রিইয়েচ ডি তাইফাস, মাদ্রিদ, ১৯২৬. পৃঃ ১৬।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ

📄 ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ


রাজনৈতিক ও সামরিক গুরুত্ব হ্রাস পাইলেও নেতাগণ সাংস্কৃতিক, কৃষি ও উদ্যান উন্নয়নে একে অপরের সহিত প্রতিযোগিতা করিত। কর্ডোভার গোত্রীয় প্রধানগণ তাহাদের সামর্থ অনুসারে রাজপ্রাসাদের জাঁকজমকের অনুকরণ করিত। ক্ষুদ্ররাজ্যে শাসকগণ খুবই কর্মতৎপর ছিলেন এবং মন্ত্রীগণকে ইচ্ছা মাফিক কোণঠাসা করিয়া রাখিত। অপরদিকে নিকৃষ্ট চরিত্রের শাসকগণ তাহাদের মন্ত্রীদের দ্বারা পরিচালিত হইত। মন্ত্রীগণ শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাহারা একদিকে শাসকগণকে জাঁকজমক ও জ্ঞানচর্চায় নিয়োজিত রাখিত অপরদিকে নিজেদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য শক্তি সঞ্চয় করিত।

বার্বার, আন্দালুসীয় ও নওমুসলিমদের লইয়া পৃথক পৃথক তিনটি গোত্র গড়িয়া ওঠে। উমাইয়া সাম্রাজ্য পতনের পর বার্বার ও স্লাভগণ বেশি লাভবান হয়। বার্বার শাসকগণ গ্রানাডা ও গোয়াদালকুইভির দ্বীপসহ উহার দক্ষিণ উপকূল অধিকার করে। স্লাভগণ দেশের পূর্ব দিকে অগ্রসর হইয়া উপকূলীয় শহর আলমেরিয়া ভ্যালেন্সিয়া ও তোরতোসা অধিকার করে। কিন্তু তাহারা বার্বার ও আন্দালুসীয়দের ন্যায় রাজ্য প্রতিষ্ঠা করা হইতে বিরত থাকে। কতিপয় আরব অভিজাত তাহাদের নীতি অব্যাহত রাখে। তাহাদের এই আভিজাত্যের বিরুদ্ধে তৃতীয় আবদুর রহমান ও হাজীব আল-মনসুর প্রত্যক্ষ আক্রমণ চালান। একইভাবে মুসলমানগণ অবশিষ্ট মুসলিম স্পেনে তাহাদের প্রভুত্ব ও প্রভাব বিস্তার করে। আন্দালুসীয় শাসকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল আব্বাসীগণ। আলমুত্তাদিদ সেভিলের ক্ষুদ্ররাষ্ট্রকে পূর্বে ও দক্ষিণ-পূর্বে বিস্তৃত করেন এবং কর্ডোভা ও গ্রানাডার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। জাঁকজমকে সেভিলের রাজপ্রাসাদ কর্ডোভার রাজপ্রাসাদের সমকক্ষ ছিল।

উল্লেখযোগ্য ক্ষুদ্র শাসকদের মধ্যে কর্ডোভার বানু জাওহার, মালাগা ও আলজেসিরার বানু হাম্মুদ, সারাগোসার বানু হুদ এবং সেভিলের বানু আব্বাস ছিলেন আরব। গ্রানাডার বানু জিরি ও টলেডোর বানু জুনুন ছিলেন বার্বার এবং দক্ষিণপূর্ব স্পেনের ও বেলিয়ারিক দ্বীপপুঞ্জের ক্ষুদ্র স্লাভ শাসকগণ যেমন আলমেরিয়ার খায়রান মুরসিয়ার জুহাইর, দেনিয়ার মুযাহিদ ও অন্যান্য শাসকগণ ছিলেন স্লাভ। এই ক্ষুদ্র শাসকগণ সর্বদা একে অপরের সহিত যুদ্ধে লিপ্ত থাকিত এমন কি অপরকে ধ্বংস করিবার জন্য খ্রীস্টানদিগকেও সাহায্য করিত। ইফ্রিকার দুই শক্ত বার্বার শাসক মুরাবিতিন ও মুওয়াহিদীনদের কবলে পড়িয়া তাহারা দুর্বল হইয়া পড়ে।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 কর্ডোভার জাহওয়ারী রাজবংশ

📄 কর্ডোভার জাহওয়ারী রাজবংশ


উমাইয়াদের শাসনের শেষ যুগে কর্ডোভার সিংহাসনে চতুর্থ আবদুর রহমানের ভ্রাতা হিশামের স্থলে রাজপ্রাসাদের জনৈক প্রভাবশালী সদস্য আবুল হাজম ইবনে জাহওয়ার সিংহাসনে আরোহণ করেন। তাঁহার পূর্বপুরুষ আবু ওবায়দা আল কালবী আরব দেশ হইতে স্পেনে আগমন করিয়াছিলেন। তৃতীয় হিশাম ইবনে জাহওয়ারকে ভক্তি শ্রদ্ধা করিতেন। কিন্তু তাঁহার প্রধান মন্ত্রী হাকাম তাঁহাকে ঘৃণা করিতেন। হাকাম ইবনে জাহওয়ারকে ক্ষমতা হইতে অপসারণ করিতে ব্যর্থ হন। হাকামের অবিরাম প্রচেষ্টায় ইবনে জাহওয়ার সতর্কতা অবলম্বন করেন। তিনি শুধু হাকামকে অপসারণের ষড়যন্ত্রেই লিপ্ত হইলেন না রাজত্ব উৎখাতের চেষ্টায়ও আত্মনিবেশ করিলেন। তাঁহাকে এই ষড়যন্ত্রে সহযোগিতা করিলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ যাহারা উমাইয়া শাসনের শেষ আমলে দেশকে শাসন করিবার জন্য কর্ডোভায় প্রতিষ্ঠিত হইয়াছিলেন। কিন্তু তিনি জনগণকে বিশ্বাস করিতে পারিতেছিলেন না কারণ জনগণের আনুগত্য ছিল রাজতন্ত্রের প্রতি। তাঁহার উদ্দেশ্য সাধনের জন্য তিনি একজন দুর্বল শাসকের অনুসন্ধানে ছিলেন। তিনি তৃতীয় হিশামের আত্মীয় জনৈক উমাইয়াকে সিংহাসন দখল করিবার জন্য বিদ্রোহ করিতে প্ররোচিত করিলেন। তিনি কর্ডোভাবাসীদের সহযোগিতায় তৃতীয় হিশাম ও তাঁহার প্রধান মন্ত্রী হাকাম ইবনে মাইককে ক্ষমতাচ্যুত করেন। হিশামকে কারারুদ্ধ করে পরে নির্বাসিত করা হয়। খেলাফতের অবসান ঘোষণা করা হইলে ১০৩১ খ্রীস্টাব্দে উপদেষ্টা পরিষদ রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তাহারা জাহওয়ারকে উপদেষ্টা পরিষদের সভাপতি নির্বাচিত করেন এবং তাঁহার উপর রাষ্ট্র পরিচালনার সর্বময় ক্ষমতা ন্যস্ত করেন।

টিকাঃ
২। এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস্, লস রিইয়েচ, পৃঃ ২১, ২৮: আল-আন্দালুস, ৬ষ্ঠ খণ্ড, ১৯৪১. পৃঃ ১৮: আল-বোরনোজ, লা ইস্পানা মুসালমানা, ২য় খণ্ড, পৃঃ ৪৪-৫৩।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবুল হাজম ইবনে জাহওয়ার

📄 আবুল হাজম ইবনে জাহওয়ার


আবুল হাজম ইবনে জাহওয়ার ছিলেন একজন আত্মোৎসর্গিত ও নিঃস্বার্থ প্রশাসক। বার্বারদের ক্ষমতা গ্রহণের পর আরব নেতাগণ দ্বিতীয় হিশামের নিকট আত্মসমর্পণ করেন। তাঁহার নিকট আত্মসমর্পণ ব্যতীত ইবনে জাহওয়ারের অন্য কোন উপায় ছিল না। সুতরাং আরব ও স্লাভগণ বার্বার শক্তির বিরুদ্ধে একমাত্র নেতার অধীনে একতাবদ্ধ হন। ১০৩৫ খ্রীঃ তিনি কর্ডোভাবাসীকে দ্বিতীয় হিশামের প্রতি আনুগত্য প্রকাশে উদ্বুদ্ধ করেন। কিন্তু আবুল কাসিম যখন দ্বিতীয় হিশামের সহিত কর্ডোভার সিংহাসনে আরোহণ করিতে চেষ্টা করেন, জাহওয়ার ইহার বিরোধিতা করেন। তিনি খোৎবা হইতে হিশামের নাম অপসারণ করেন এবং খলিফাকে প্রতারক ও ভণ্ড হিসাবে জনগণের নিকট প্রচার করেন। আবুল কাশেম বাধ্য হইয়া ভগ্নহৃদয়ে সেভিলে প্রত্যাবর্তন করেন।

সিনেটের দুইজন সদস্য মুহাম্মদ ইবনে আব্বাস ও আবদুল আজিজ ইবনে হাসান উপদেষ্টা হিসাবে কাজ করে। তিনি উদ্ধত বার্বারগণকে বরখাস্ত করেন। বানু ইফরানের বিরুদ্ধে কর্ডোভাবাসীদের কোন অভিযোগ না থাকায় তিনি তাহাদিগকে বহাল রাখেন এবং ন্যাশনাল গার্ডদের দ্বারা অন্যদের জায়গা পূরণ করেন। তিনি কখনও রাজা উপাধি গ্রহণ করেন নাই এবং তিনি তাঁহার জীর্ণ কুটিরে বাস করিতেন এবং সিনেটের অনুমোদন ব্যতীত তিনি কখনও কাহাকেও কোন উপঢৌকন দিতেন না। তাঁহার দক্ষ প্রশাসনের কারণে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের মূল্য কমিয়া যায় এবং জনগণের মধ্যে শান্তি ফিরিয়া আসে কিন্তু অতীতের জাঁকজমক ও রাজনৈতিক প্রাধান্য কখনও ফিরিয়া আসে নাই।

টিকাঃ
৩। এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস্, লস রিইয়েচ, পৃঃ ২১, ২৮: আল-আন্দালুস, ৬ষ্ঠ খণ্ড, ১৯৪১. পৃঃ ১৮: আল-বোরনোজ, লা ইস্পানা মুসালমানা, ২য় খণ্ড, পৃঃ ৪৪-৫৩।

ফন্ট সাইজ
15px
17px