📄 তৃতীয় মুহাম্মদ আল-মুস্তাকফী
তৃতীয় মুহাম্মদ সিংহাসন অধিকার করিয়া 'আল মুস্তাকফী' উপাধি গ্রহণ করেন । ৪ ৫ যখন তিনি জনৈক অযোগ্য ব্যক্তিকে তাঁহার প্রধান মন্ত্রী নিয়োগ করেন তখন জনগণ হিংস্র হইয়া ওঠে । জনতা তাঁহার প্রধান মন্ত্রীকে হত্যা করে এবং তৃতীয় মুহাম্মদ নারীর ছদ্মবেশে পলাইবার সময় তাঁহার এক অফিসারের দ্বারা নিহত হন ।
টিকাঃ
৪. এমিলিও গার্সিয়া গমেজ, হিট্রোরিয়া ডি ইস্পানা, ৪র্থ খণ্ড, মাদ্রিদ, ১৯৫০, পৃঃ ৪৮৭, টীকা-৩৬।
৫. ঐ, পৃঃ ৪৫৬।
📄 মালাগার ইয়াহিয়া
ইয়াহিয়া কর্ডোভায় আগমন করিতে ছয় মাস বিলম্ব করেন । এই অন্তর্বর্তীকালে এক উপদেষ্টা পরিষদ কর্ডোভার শাসন পরিচালনা করে । সরকারের দায়িত্ব গ্রহণের পর ইয়াহিয়াও শান্তি স্থাপনে জনগণকে সন্তুষ্ট করিতে ব্যর্থ হন । কর্ডোভাবাসীরা হাম্মুদী ও আফ্রিকাবাসীদের উপর অসন্তুষ্ট হইয়া ওঠে ।
📄 তৃতীয় হিশাম আল-মুতাদ
জাওহারের পুত্র আবুল হাজমের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ হিশাম আল-মুতাদকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন । ১০২৯ খ্রীঃ ডিসেম্বর মাসে হিশাম কর্ডোভা আগমন করেন । হিশাম জনৈক অযোগ্য হাকামকে তাঁহার হাজীব নিযুক্ত করেন । তিনি বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করেন ও ধর্মনেতাদিগকে অসন্তুষ্ট করিয়া তোলেন । ১০৩১ খ্রীস্টাব্দে ডিসেম্বর মাসে ষড়যন্ত্রকারীগণ প্রধান মন্ত্রী হাকামকে হত্যা করে এবং হিশামকে সিংহাসন ত্যাগ করিতে বাধ্য করে । দেশ হইতে উমাইয়াদেরকে উৎখাত করা হয় ।
📄 উমাইয়া সাম্রাজ্যের পতন
এগারো শত খ্রীস্টাব্দে স্পেনের উমাইয়া সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হইয়া যায় এবং প্রত্যেক প্রদেশ স্বাধীনতা দাবী করে । আরব, স্পেনীয় স্লাভ অথবা বার্বার নেতাদের নেতৃত্বে মুলুকুল তাওয়াইফা নামে বহু সংখ্যক ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠিত হয় । ১০৩১ খ্রীস্টাব্দে সীমান্তবর্তী তিনটি প্রদেশ ব্যতীত আল আন্দালুসের তেরোটি শহর কমবেশি স্বাধীনতা ঘোষণা করে ।