📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আল মাহদীর রাজধানী পুনরুদ্ধার

📄 আল মাহদীর রাজধানী পুনরুদ্ধার


মাহদী বার্সিলানোর কাউন্ট এবং তোরতোসার শাসক ওয়াদিহর সহিত সন্ধি স্থাপন দ্বারা শক্তি সঞ্চয় করিয়া সুলায়মান আল মুস্তাইন বিল্লাহকে আক্রমণ করেন । ১ ২ যুদ্ধে জয়লাভ করিয়া মাহদী কর্ডোভা পুনর্দখল করেন । কিন্তু তিনি রাজধানীতে শান্তি স্থাপনে ব্যর্থ হন । বার্বারগণ পুনরায় একত্রিত হইয়া স্পেনের দক্ষিণ-পশ্চিম অংশ হঠাৎ আক্রমণ করে এবং কর্ডোভা ও দেশের বিভিন্ন অধিবাসীদের লাঞ্ছিত করে ।

টিকাঃ
১. এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস, লস রিইয়েচ ডি তাইফাস, মাদ্রিদ, ১৯২৬. পৃঃ ১৪।
২. এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস্, ঐ. পৃঃ ১৫-১৬।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 অভিভাবকত্ব হইতে দ্বিতীয় হিশামের মুক্তি

📄 অভিভাবকত্ব হইতে দ্বিতীয় হিশামের মুক্তি


ওয়াদিহর নেতৃত্বে স্লাভগণ মাহদীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় ও মাহদীকে হত্যা করে এবং খলিফা দ্বিতীয় হিশামকে তাঁহার হাজীবের অভিভাবকত্ব হইতে মুক্ত করে । ৪০০ হিঃ জুলহাজ/১০১০ খ্রীঃ জুন মাসে দ্বিতীয় হিশাম দ্বিতীয় বারের মত খলিফা ঘোষিত হন । হিশামের প্রথম কাজ ছিল তাঁহার প্রধান মন্ত্রী রূপে ওয়াদিহকে নিয়োগ ও বার্বারদের সহিত শান্তি চুক্তি সম্পাদন করা । ৩

টিকাঃ
৩. এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস্, ঐ. পৃঃ ১৬।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 দ্বিতীয় দফা সুলায়মান শাসক নিযুক্ত

📄 দ্বিতীয় দফা সুলায়মান শাসক নিযুক্ত


১০১২ খ্রীঃ বার্বারগণ কর্ডোভা লুণ্ঠন করে এবং কর্ডোভাবাসিদিগকে দ্বিতীয় বারের মত সুলায়মানকে খলিফা হিসাবে গ্রহণ করিতে বাধ্য করে । স্লাভগণ বার্বারদের অনুসরণ করিয়া কর্ডোভায় প্রবেশ করে এবং ধ্বংসযজ্ঞে লিপ্ত হয় । হিশাম এশিয়ায় পলাইয়া যায় অথবা বিশৃঙ্খল অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে । তাঁহার জীবন অবসানের সঙ্গে সঙ্গে উমাইয়া শাসনের শেষ গৌরবের পরিসমাপ্তি ঘটে । ১০১৩ খ্রীঃ কর্ডোভার কাজি ইবনে জাকওয়ান বার্বারদের নিকট শহর সমর্পণ করেন ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আলী বিন হাম্মুদ

📄 আলী বিন হাম্মুদ


সুলায়মান বার্বারদিগকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপদে নিয়োগ করেন । কর্ডোভাবাসিরা তাঁহার শাসনে অতিষ্ঠ হইয়া সিউটার গভর্নর আলী বিন হাম্মুদকে সিংহাসন দখল করিবার উদ্দেশ্যে আহ্বান জানায় । আলী বিন হাম্মুদ ৪০৫ হিঃ/১০১৫ খ্রীঃ সুলায়মানকে হত্যা করিয়া সিংহাসনে আরোহণ করেন । ক্ষমতা গ্রহণের অল্পদিনের মধ্যে তিনি নিহত হন । তাঁহার ভ্রাতা কাসিম সিংহাসনে আরোহণ করেন কিন্তু তিনি ছিলেন খুবই দুর্বল প্রকৃতির এবং ১০১৮ খ্রীঃ কর্ডোভা হইতে বিতাড়িত হন ।

ফন্ট সাইজ
15px
17px