📄 চতুর্থ আবদুর রহমান সাঞ্চোল
মুজাফফরের মৃত্যুর পর আমীরী শাসনের অবক্ষয় শুরু হয় । তাঁহার ভ্রাতা আবদুর রহমানের ডাক নাম সাঞ্চোল (Sanchol) জোর পূর্বক ক্ষমতা দখল করেন । দুর্বল খলিফা দ্বিতীয় হিশাম তাঁহার হাজীবের পদ গ্রহণে অনুমোদন করেন । এই সময় হইতে স্পেনের ইতিহাসে অরাজকতা বিশৃঙ্খলা ও ধ্বংসের ঘটনা বৃদ্ধি পায় । সাঞ্চোল ফুকাহাদের নিকট অপ্রিয় ছিলেন এবং ইসলামের পবিত্র আচার অনুষ্ঠান বিরোধী ছিলেন । তিনি হিশামের নিকট হইতে উমাইয়া খেলাফতের ভাবী উত্তরাধিকারী রূপে অনুমোদন লাভ করিতে সক্ষম হন । ইহাতে কোরায়েশ ও অপরাপর আরবগণের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয় ।
📄 দ্বিতীয় মুহাম্মদ আল মাহদী
চতুর্থ আবদুর রহমান ১০০৯ খ্রীঃ ক্যাস্টিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন । সেই সময় কর্ডোভাবাসী দ্বিতীয় হিশামকে জোরপূর্বক ক্ষমতা ত্যাগ করিতে বাধ্য করেন এবং দ্বিতীয় মুহাম্মদ আল মাহদীকে সিংহাসনে অধিষ্ঠিত করেন । ৩৯৯হিঃ/১০০৮ খ্রীঃ তাঁহাকে খলিফা ঘোষণা করা হয় । নতুন খলিফা আমীরী প্রাসাদ আল-মাদিনা তুল জাহিরাকে ধূলিস্মাৎ করিয়া দেয় । কর্ডোভা গৃহযুদ্ধের ফলে খণ্ডবিখণ্ড হইয়া যায় । মাহদী ছিলেন একজন অক্ষম রাজা । অমিতাচারী ও লম্পট মাহদী ধর্ম বেত্তাগণেরও কোপানলে পতিত হন ।
📄 সুলায়মান
মাহদী ছিলেন একজন দুশ্চরিত্র ব্যক্তি, সেইহেতু বার্বারগণ সুলায়মান বিন মুস্তাইন বিল্লাহকে ১০১০ খ্রীস্টাব্দে সিংহাসনে আরোহণ করায় । তিনি 'আল মুস্তাইন বিল্লাহ' উপাধি গ্রহণ করেন । বার্বার ও ক্যাস্টিলিয়ানগণ রাজধানীতে অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংস অত্যাচার চালায় । আল মাহদী তাহাদের অগ্রাভিযানে বাধা প্রদান করিতে ব্যর্থ হন ।
📄 আল মাহদীর রাজধানী পুনরুদ্ধার
মাহদী বার্সিলানোর কাউন্ট এবং তোরতোসার শাসক ওয়াদিহর সহিত সন্ধি স্থাপন দ্বারা শক্তি সঞ্চয় করিয়া সুলায়মান আল মুস্তাইন বিল্লাহকে আক্রমণ করেন । ১ ২ যুদ্ধে জয়লাভ করিয়া মাহদী কর্ডোভা পুনর্দখল করেন । কিন্তু তিনি রাজধানীতে শান্তি স্থাপনে ব্যর্থ হন । বার্বারগণ পুনরায় একত্রিত হইয়া স্পেনের দক্ষিণ-পশ্চিম অংশ হঠাৎ আক্রমণ করে এবং কর্ডোভা ও দেশের বিভিন্ন অধিবাসীদের লাঞ্ছিত করে ।
টিকাঃ
১. এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস, লস রিইয়েচ ডি তাইফাস, মাদ্রিদ, ১৯২৬. পৃঃ ১৪।
২. এন্টনিও প্রিটো ওয়াই ভাইভস্, ঐ. পৃঃ ১৫-১৬।