📄 সামরিক অভিযান
বেসামরিক প্রশাসনের মত সামরিক ক্ষেত্রেও আবু আমীর মুহাম্মদ কৃতিত্বের পরিচয় দান করেন । ১০ ৩৭১ হিঃ/ ৯৮১ খ্রীঃ লিওনের রাজা তৃতীয় রামিরো, ক্যাস্টিলের কাউন্ট গার্সিয়া ফার্নান্ডেজ ও পাম্পলোনার রাজা সাঞ্চো আবারকার সম্মিলিত বাহিনীকে আবু আমীর মুহাম্মদের সেনাপতি রোয়েদাতে পরাজিত করেন । ১১ ১২ খ্রীস্টানদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভের পর তিনি ৯৮১ খ্রীঃ 'মনসুর বিল্লাহ' উপাধি গ্রহণ করেন । ৯৮৫ খ্রীঃ তিনি বার্সিলোনা অধিকার ও লুণ্ঠন করেন এবং কাউন্ট বরেলকে বিতাড়িত করেন । ইবনে আব্বারের মতে ইহা ছিল তাঁহার তেইশতম অভিযান । ১৩ দ্বিতীয় বেরমুডের অধীনে লিওনবাসীগণ ৯৮৭ খ্রীঃ পুনরায় বিদ্রোহ ঘোষণা করিলে ৯৮৮ খ্রীঃ তাহারা চূড়ান্তভাবে পরাজিত হয় । স্পেনের মুসলিম সাম্রাজ্যের সীমা পুনরায় পীরেনীজ পর্যন্ত বিস্তৃতি লাভ করে । ১৪
মৌরিতানিয়াতেও তাঁহার সেনাবাহিনী সফলতা অর্জন করে । জিরি বিন আতিয়া আবু আমীরের বিরুদ্ধে সুলতানা সুবহের সহিত যোগদান করেন । জিরিকে শাস্তি প্রদানের জন্য মনসুর তাঁহার পুত্র আবদুল মালিককে প্রেরণ করেন । ৯৯৭ খ্রীঃ কাসরে আবি দানিশে রক্ষিত যুদ্ধোপযোগী বেশ কিছু সংখ্যক যুদ্ধ জাহাজকে অভিজ্ঞ ও পারদর্শী নাবিক দ্বারা সুসজ্জিত করিয়া গ্যালেসিয়া অভিযানে প্রেরণ করা হয় । এই দুঃসাহসিক অভিযানে মনসুর বিরাট সফলতা অর্জন করেন । দক্ষিণে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলীয় অঞ্চল এবং সুদূর উত্তরে লিওন, সান্তিয়াগো, দি কম্পোস্টিলা ও কান্টাব্রিয়ান সমুদ্র পর্যন্ত তাঁহার সাম্রাজ্যের সীমা সম্প্রসারিত হয় ।
টিকাঃ
১০. হিস্ট্রি অব দ্যা আরবস, পৃঃ ৫৩২।
১১. লা ইস্পানা, পৃঃ ১৪৭-৪৮।
১২. গায়ানগোস, ২য় খণ্ড, পৃঃ ২১৮।
১৩. আ'মাল, পৃঃ ১১৯।
১৪. ম্যাককেব, মুরিশ স্পেন, পৃঃ ৬৩।
📄 চরিত্র ও কৃতিত্ব
আল-মনসুর তাঁহার সময়কার বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন । ১৫ রিওজার বিরুদ্ধে পরিচালিত শেষ অভিযানে প্রত্যাবর্তন কালে ২৭ শে রমজান ৩৯২ হিঃ/ ১০ই আগস্ট ১০০২ খ্রীস্টাব্দে একষট্টি বৎসর বয়সে এই বিখ্যাত বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি স্পেনের মুসলিম সাম্রাজ্যকে ধ্বংসের হাত হইতে রক্ষা করেন । তিনি তাঁহার রাজত্বকালে আরব সভ্যতা ও সংস্কৃতির উন্নতি সাধন করেন । ১৬ কর্ডোভা মসজিদকে আল-মনসুর সংস্কার ও সম্প্রসারিত করেন । তাঁহার সময়েই কর্ডোভা মসজিদ শেষবারের মত সম্প্রসারিত হয় । হাজীব আল-মনসুর আলেমদের দ্বারা প্রভাবিত হইয়া দর্শন সম্পর্কে লিখিত আলহাকামের লাইব্রেরির অসংখ্য গ্রন্থ জ্বালাইয়া দেন । ১৭
রাজনৈতিক দূরদর্শিতা ও রণকৌশলে তিনি সমকালীন ইউরোপে শ্রেষ্ঠ ছিলেন । তিনি ছিলেন সাহসী ও কর্মঠ । তিনি নিজে ছোট বড় সমস্ত কাজ-কর্মে তদারকি করিতেন । মনসুর ছিলেন উদারচেতা, দানশীল ও সুবিচারক । তিনি গরীব ও দুঃখীদের জন্য মুক্ত হস্তে দান করিতেন । সুবিচারের প্রতি তাঁহার একনিষ্ঠতা প্রবাদবাক্যে পরিণত হয় । তাঁহার শাসনকালে স্পেন উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করে । কর্ডোভা পশ্চিম গোলার্ধের এক উজ্জ্বল নগরী ও সুমার্জিত সংস্কৃতির ধারক হিসাবে পরিচিতি লাভ করে ।
টিকাঃ
১৫. গুরুনেবাউম, মেডিয়াভ্যাল ইসলাম, পৃঃ ৫৭।
১৬. মেলিস-ভ্যালিচরোসা, হিট্রোরিয়া ডি লা সায়েন্সিয়া ইস্পানোলা, বার্সেলোনা, ১৯৪৯, পৃঃ ২৭-২৮।
1৭. প্যালেন্সিয়া, লিটারেচার, পৃঃ ২৮৯।