📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবু আমীর মুহাম্মদের অভ্যুত্থান

📄 আবু আমীর মুহাম্মদের অভ্যুত্থান


দ্বিতীয় হিশামের রাজত্বকালে আমীরদের স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় । খলিফাকে তাঁহার প্রাসাদে বন্দী করিয়া তাঁহাকে সকল প্রকার রাজনৈতিক অধিকার হইতে বঞ্চিত করা হয় । দ্বিতীয় হাকামের মৃত্যুর পর সাম্রাজ্যের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দেয় তাহার কারণ সর্বজন বিদিত । এই আমীরী স্বেচ্ছাচারের প্রতিষ্ঠাতা ছিলেন আবু আমীর মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবু আমীর । তিনি সামান্য অবস্থা হইতে নিজ চেষ্টার দ্বারা প্রধান মন্ত্রীর পদ অলংকৃত করেন । তাঁহার প্রপিতামহ আব্দুল মালিক আল মাফিরী ছিলেন ইয়ামানের অধিবাসী । ৪ ৫

আবু আমীর মুহাম্মদ ৯৪২ খ্রীঃ জন্মগ্রহণ করেন । বাল্যকাল হইতে তিনি রাজনৈতিক ক্ষমতা লাভের আশা পোষণ করিতেন । কর্ডোভা বিশ্ববিদ্যালয় হইতে তিনি আইন শিক্ষা লাভ করেন । দ্বিতীয় আল হাকামের প্রসাদের বাহির দরজার নিকট তিনি তাঁহার অফিস স্থাপন করিয়াছিলেন । আবু আমীর মুহাম্মদের সহিত জনৈক খোজার ঘনিষ্ঠতা হয় । সেই খোজা তাঁহাকে সুলতানা সুবহের সহিত পরিচয় করাইয়া দেয় । ৯৬৭ খ্রীঃ রাণী তাঁহাকে তাঁহার জ্যেষ্ঠ পুত্র আবদুর রহমানের জমিদারীর নায়েব নিযুক্ত করেন । ৩৬১ হিঃ/ ৯৭২ খ্রীঃ তিনি কর্ডোভার সাহিবুল শুরতাহ নিযুক্ত হন । যোগ্যতা ও তোষামদের দ্বারা তিনি উচ্চ পদে অধিষ্ঠিত হন এবং একত্রিশ বৎসর বয়সে তিনি পাঁচ হইতে ছয়টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন । ৬ ৭

সুদূর পশ্চিম ইফ্রিকিয়াতে বার্বার সরদারদের বিদ্রোহ দমনে গালিব প্রচুর অর্থ ব্যয় করেন । দ্বিতীয় হাকাম আবু আমীর মুহাম্মদকে অর্থ দফতরের কন্ট্রোলার জেনারেল এবং মৌরিতানিয়ার প্রধান বিচারক নিযুক্ত করেন । তিনি আফ্রিকায় গমন করিয়া প্রাদেশিক প্রশাসন ও সামরিক বিভাগের সহিত প্রত্যক্ষভাবে পরিচিত হন । গালিব পরবর্তীকালে নিজ কন্যা আসমাকে তাঁহার সহিত বিবাহ দেন । ইফ্রিকিয়ায় অর্জিত অভিজ্ঞতা ও এই বৈবাহিক সম্পর্ক পরবর্তীকালে তাঁহাকে ক্ষমতা লাভে সাহায্য করে । দ্বিতীয় আল-হাকামের মৃত্যুর সময় আবু আমীরের অবস্থা ছিল খুবই শোচনীয় । রজব ৩৬৬ হিঃ/ ফেব্রুয়ারি ৯৭৭ খ্রীঃ আবু আমীর খ্রীস্টানদের দমন করিবার উদ্দেশ্যে কর্ডোভা হইতে যাত্রা করেন এবং তাহাদিগকে দমন করিয়া প্রচুর গানিমত লইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করেন । ইহার ফলে কর্ডোভায় তাঁহার সুখ্যাতি বৃদ্ধি পায় ।

টিকাঃ
৪. মাক্কারী, (গায়ানগোস) ১ম খণ্ড, পৃঃ ১৭৮।
৫. আল-মনসুর ছিলেন আব্দুল মালেকের অষ্টম অধঃস্তন বংশধর।
৬. ১০ম শতাব্দীতে ২০ দিনারে একটি পরিবার মণ্ডলে ১ বৎসর ভদ্রোচিতভাবে চলিতে পারিত।
৭. ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৪৬১।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 সভাসদদের সহিত আবু আমীরের সম্পর্ক

📄 সভাসদদের সহিত আবু আমীরের সম্পর্ক


আবু আমীর মুহাম্মদ তাঁহার শ্বশুর গালিবের সহায়তায় হাজীব জাফর ইবনে উসমান আল মুশাফীকে ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিগণ যাহারা তাঁহার ক্ষমতা গ্রহণে বিরোধিতা করিয়াছিলেন তাহাদিগকে অপসারণ করেন । তিনি শেষ আঘাত হানেন রাজকীয় দেহরক্ষী স্লাভদের উপর, যাহারা গালিবের প্রতি বিশেষ অনুগত ছিল । মঞ্চে একমাত্র বিরোধী জেনারেল গালিব অবশিষ্ট থাকেন । আবু আমীরের সৌভাগ্য গালিব খ্রীস্টানদের সহিত যুদ্ধকালে নিহত হন । তিনি খলিফাকে প্রাসাদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করেন এবং উৎসব অনুষ্ঠান ব্যতীত সরকারি কর্মচারীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে নিষেধ করেন । কর্ডোভাতে উমাইয়াদের দ্বারা নির্মিত প্রাসাদ আল কাজার হইতে নতুন নগরী মদিনাতুল জাহিরাতে প্রশাসনিক সদর দফতর স্থানান্তর করিয়া বাহিরের জগত হইতে ইহাকে বিচ্ছিন্ন করিয়া ফেলেন ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আলেমদের সহিত তাঁহার সম্পর্ক

📄 আলেমদের সহিত তাঁহার সম্পর্ক


সুলতানা সুব্‌হর সহিত তাহাদের পূর্ব সম্পর্ক লইয়া কর্ডোভায় বিরূপ সমালোচনা হয় । খলিফার সহিত তাঁহাকেও হত্যা করিতে ফকিহগণ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তৃতীয় আবদুর রহমানের অপর পৌত্রকে সিংহাসনে বসাইতে চেষ্টা করেন । ৮ বিচারক ও আলেমদের সন্তুষ্ট করিবার জন্য আল-মনসুর আল হাকামের লাইব্রেরিতে সংরক্ষিত দর্শনের গ্রন্থসমূহ জ্বালাইয়া দেন এবং বহু দার্শনিককে নির্বাসিত করেন । ইহার পরও তাহাদের সমর্থন লাভের জন্য তিনি স্বহস্তে কোরআন শরীফ নকল করেন ।

টিকাঃ
৮. ধ্বংসের এই বিভীষিকাময় চিত্র টলেডোর সাঈদ কর্তৃক আমাদের নিকট পৌঁছিয়াছে।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 সেনাবাহিনীর পুনর্গঠন

📄 সেনাবাহিনীর পুনর্গঠন


প্রধানমন্ত্রী মুশাফীকে উৎখাত করিবার পর আল-মনসুর প্রধান সেনাপতির প্রভাব হইতে নিজেকে মুক্ত করিতে চেষ্টা করেন । তিনি প্রথম পদক্ষেপ গ্রহণ করেন সেনাবাহিনীকে তাঁহার আয়ত্তে আনিবার জন্য । আরব বার্বার এবং স্পেনীয়দের লইয়া সেনাবাহিনী গঠন করা হয় । গালিবের পক্ষপাতিত্ব ও অবহেলার দরুন সেনাবাহিনী পূর্বের শৃঙ্খলাবোধ হারাইয়া ফেলে । উত্তর আফ্রিকা হইতে নতুন সেনা সংগ্রহ করিয়া তিনি খলিফার সেনাবাহিনীকে শক্তিশালী করিয়া গড়িয়া তোলেন । ৯ বার্বার সৈন্যগণ দুই শ্রেণীর ছিল— মুরতাজিকা (বেতনভোগী নিয়মিত সেনা) ও মুত্তাবিয়া (স্বেচ্ছাসেবক বাহিনী) । দেশের উত্তরাঞ্চলের খ্রীস্টানগণও অধিক সংখ্যায় কর্ডোভার সেনাবাহিনীতে যোগদান করে । গোত্রীয় আদর্শে গঠিত মুসলিম সেনাবাহিনী উহাদের বৈশিষ্ট্য হারাইয়া ফেলে । আল-মনসুর আরব সৈন্যদিগকে বার্বার ও খ্রীস্টান বেতনভোগী সৈন্যদের মধ্যে ভাগাভাগী করিয়া দেন ।

টিকাঃ
৯. লা ইস্পানা, পৃঃ ১৩৭-৩৮।

ফন্ট সাইজ
15px
17px