📄 আল জাহরা প্রাসাদ ও কর্ডোভা মিনার
সরকারি ইমারত ব্যতীত সুন্দর ও মনোহর অট্টালিকা নির্মাণে খলিফার ছিল অসীম আগ্রহ । ২৯ বহু প্রশংসিত আলজাহরা প্রাসাদ ৯৩৬ খ্রীস্টাব্দের নভেম্বর মাসে খলিফার প্রিয়তমা উপপত্নী সুন্দরী শ্রেষ্ঠা আলজাহরার স্মরণে নির্মিত হয় । ৩০ নগরীকে সুরক্ষিত করিবার উদ্দেশ্যে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত করা হইয়াছিল । আল জাহরা প্রাসাদে ৪৩১৬টি থাম্বা ছিল । ৩১ কারিগরী নৈপুণ্যের জীবন্ত নিদর্শন চমৎকার আকৃতির ঝর্ণা দরবার কক্ষে স্থাপিত হয় । ৩২
কর্ডোভা নগরী পাঁচটি বৃহৎ জেলায় বিভক্ত ছিল । নগরীর রাস্তা ও উদ্যানে পানি সরবরাহের জন্য শীশার পাইপ ব্যবহৃত হইত । কর্ডোভাতে বসবাসকারী নাগরিকদের মধ্যে ছিল বিভিন্ন জাতির ও ধর্মের লোক । ৩৩ কর্ডোভা মসজিদের উত্তর দিকে এক সুদৃশ্য মীনার নির্মিত হয় । বর্গাকৃতির সুউচ্চ মিনারটি স্থাপত্য শিল্পের সর্বোকৃষ্ট নিদর্শন । খলিফা মসজিদের মিনার নির্মাণে এবং মসজিদের কারুকার্যে ২৬,৫৩০ দিনার ব্যয় করেন ।
টিকাঃ
২৯। ইবনে ইজারী, ২য় খণ্ড, পৃঃ ২৪৬।
৩০। উপপত্নী ও স্নাত নারীদের প্রতি তাহাদের প্রভুদের হৃদয়ের আকর্ষণ সম্পর্কিত কুফী অক্ষরে লিখিত কিছু সমাধিস্তম্ভ কর্দোভায় আবিষ্কৃত হইয়াছে।
৩১। ১০১৩ খ্রীঃ ইহা ধ্বংসস্তূপে পরিণত হয়। বর্তমানে স্পেনিশ সরকারের অধীন ইহা পুনরুদ্ধার প্রাপ্ত হইতেছে।
৩২। গুরুনে বাউম, মেডিয়াভ্যাল ইসলাম, পৃঃ ৫৭।
৩৩। রোমান স্লাভদের ন্যায় উমাইয়া স্লাভ ও খোঁজাগণ স্পেনে বিশেষ পদ লাভ করে এবং সরকারের উপর প্রভাব বিস্তার করে। তাহারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। সেনাবাহিনী হেরেম ও কৃষিক্ষেত্রে নিয়োজিত স্লাভদের উপর আমীর ও খলিফা একান্তভাবে নির্ভরশীল হইয়া পড়েন।
📄 সাকালিবাহ
উপজাতীয়দের লইয়া গঠিত সামরিক সংগঠনকে জুন্দ বলা হইত । ৩৪ আরব গোত্রসমূহের সামরিক প্রাধান্য খর্ব করিবার উদ্দেশ্যে তৃতীয় আবদুর রহমান স্থায়ী সামরিক বাহিনী গঠন করিবার সিদ্ধান্ত গ্রহণ করেন । তিনি আরব সেনা অপেক্ষা স্লাভদিগকে বেশি বিশ্বাসী বলিয়া মনে করিতেন । স্লাভ গার্ডগণ কর্ডোভাতে বিশেষ প্রাধান্য লাভ করে । ৩৫
টিকাঃ
৩৪। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৪৩০।
৩৫। আন্দালুস, পৃঃ ৪৭।
📄 একটি নতুন জাতির জন্ম
প্রাচীন আরব আভিজাত্যকে সম্পূর্ণরূপে বিলোপ করাই ছিল তৃতীয় আবদুর রহমানের উদ্দেশ্য । ৩৬ তৃতীয় আবদুর রহমান বহুজাতির সংমিশ্রণে প্রকৃতপক্ষে এক বৃহৎ-স্পেনীয় জাতি গড়িয়া তোলেন । তাঁহার শাসনকালে সকল জাতির সমান অধিকারের নীতি অনুসৃত হয় । খলিফার দৃষ্টিভঙ্গি ছিল খুবই উদার ।
টিকাঃ
৩৬। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৪৪৭।
📄 চরিত্র
তাঁহার চরিত্রের মাহাত্ম্য প্রশাসনিক ক্ষেত্রে বিশেষভাবে সফলতা আনয়ন করে । দৃঢ়চেতা সাহসী ও পরিশ্রমী খলিফা নিজেকে যুগোপযোগী বলিয়া প্রমাণিত করেন । ৩৭ প্রতিটি শহর ও নগরে স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় । সুবিচারের প্রতি তাঁহার একনিষ্ঠতা প্রবাদবাক্যে পরিণত হয় । খলিফা নিজেই নিজের রাজত্বের দৈনন্দিন কাজ তদারক করিতেন । তিনি ছিলেন একজন দয়ালু শাসক ।
টিকাঃ
৩৭। মাক্কারী, (গায়ানগোস) ২য় খণ্ড, পৃঃ ১৪৭।