📄 সাঞ্চো ও তুতাহর (থিওডা) কর্ডোভা আগমন
৯৫৫ খ্রীস্টাব্দের আগস্ট মাসে তৃতীয় অর্ডোনোর মৃত্যুর পর তাহার উত্তরাধিকারী স্থুলাকায় সাঞ্চো তাহার ভ্রাতা কর্তৃক সম্পাদিত চুক্তিসমূহ মানিতে অস্বীকার করেন । ৯৫৪ খ্রীঃ টলেডোতে নিযুক্ত গভর্নর আহম্মদ ইবনে ইয়ালা ৯৫৭ খ্রীঃ লিওনিজদের চরমভাবে পরাজিত করেন । ১০ লিওনিজরা ক্যাস্টিল অধিপতি ফারনান গঞ্জালেজের সহযোগিতায় পরাজিত সাঞ্চোকে অনতিবিলম্বে বিতাড়িত করে এবং সাঞ্চোর পিতৃব্য পুত্র চতুর্থ অর্ডোনোকে তাহার স্থলে নেতা নির্বাচিত করেন । নাভাররের বৃদ্ধা রাণীর প্রতিনিধির সহিত সাঞ্চো পাম্পলোনায় আশ্রয় গ্রহণ করেন এবং তাহার প্রতিদ্বন্দ্বী পিতৃব্য পুত্র চতুর্থ অর্ডোনোর বিরুদ্ধে আবদুর রহমানের সাহায্য প্রার্থনা করেন । আলোচনা চলাকালীনই খলিফা তাহার ইহুদী চিকিৎসক হাসডাই এবনে শাপরুটকে সাঞ্চোর অতিরিক্ত স্থূলতার চিকিৎসার জন্য নিয়োগ করেন । হাসডাই ছিলেন কর্ডোভার আমদানী রফতানী শুল্ক বিভাগের ইন্সপেক্টর জেনারেল । সাঞ্চো ও তাহার পিতামহী তুতাহ স্বয়ং কর্ডোভা আগমন করেন এবং রাজকীয় সামরিক সাহায্যের বিনময়ে দশটি দুর্গ হস্তান্তরের অঙ্গীকার করেন । রাজকীয় বাহিনী সাঞ্চোর পক্ষে ৯৫৯ খ্রীঃ জামোরা ও পরবর্তী বৎসর অভিয়েডো দখল করেন । চতুর্থ অর্ডোনো বোরগোসে পলায়ন করেন ও ফার্ডিনান্ড ফারনান গঞ্জালেজ বন্দী হন । ৯৬০ খ্রীস্টাব্দের দিকে সাঞ্চো পুনরায় লিওন গ্যালেসিয়া ও নাভাররেতে আধিপত্য বিস্তার করেন সত্য কিন্তু খলিফার আধিপত্য স্বীকার করিয়া নেন । উমাইয়া শাসনের ধ্বংস সাধন ও মুসলিম সভ্যতার মূল উৎপাটনের উদ্দেশ্যে পরিচালিত খ্রীস্টান আক্রমণকে প্রতিহত করা হয় । এক কথায় মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণ শেষ সীমায় পৌছে ও আইবেরিয় উপদ্বীপের বিজয় অভিযান সমাপ্ত হয় । এইরূপে সাম্রাজ্য বিস্তারের কার্য দশম শতাব্দীর শেষ পর্যন্ত চলে ।
টিকাঃ
১০। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৪২৭ ও ৪২৯।
📄 ফাতেমীয়দের সহিত যুদ্ধ
দেশের উত্তর অঞ্চলে যখন অভিযান চলিতেছিল সেই সময় তৃতীয় আবদুর রহমানকে উত্তর আফ্রিকার ফাতেমীয়দের মোকাবেলা করিতে হয় । ফাতেমীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ফলে স্পেন বিপদের সম্মুখীন হয় । ফাতেমীয়দের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করিবার উদ্দেশ্যে ও মৌরিতানিয়াতে তাহাদের সাম্রাজ্য বিস্তারে বাঁধা প্রদানের জন্য তিনি দক্ষিণ উপকূলে দুর্গ নির্মাণ করেন এবং শক্তিশালী নৌবাহিনী গড়িয়া তোলেন এবং পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রসমূহকে বিদ্রোহে ইন্ধন যোগায় ।
ফাতেমীয় সামাজ্যের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদী ওমর ইবনে হাফসুনের সহিত মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিলেন । তিনি গোপনে সংবাদ সংগ্রহের জন্য স্পেনে গুপ্তচর প্রেরণ করেন । সেভিলের বানু ইসহাক গোত্রের নেতা আহমদ ফাতেমীদের সমর্থনে স্পেনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে । ১১ মাহদীকে উত্তর আফ্রিকায় প্রভাব বিস্তার করিতে দিলে স্পেনে তিনি বিপদাপন্ন হইবেন ভাবিয়া আবদুর রহমান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন । ৩১৯ হিঃ/ ৯৩১ খ্রীঃ সিউটা আধিকার করিয়া সেখানে প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করেন এবং আহমদ বিন মোহাম্মদ বিন ইলিয়াস ও ইউনুস বিন সাঈদ নামে দুইজন সেনাপতির অধীনে জিব্রাল্টায় নৌবাহিনী মোতায়েন করেন । আবদুর রহমান তাহার অনুগত প্রজাদের সাহায্যে উত্তর-পশ্চিম আফ্রিকা অধিকার করেন । আলজিরিয়া এবং ওরয়ানের বার্বারগণ তাহার আধিপত্য স্বীকার করিয়া নেয় । নুকুরের ক্ষুদ্র আরব শাসকসহ স্থানীয় ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যসমূহ যাহারা ফাতেমীদের আক্রমণ হইতে আত্মরক্ষা করিতেছিল, তাহাদিগকে তাহার সমর্থনে সমবেত করিতে সক্ষম হন । মাগরাওয়ার সাহায্যে উমাইয়া খলিফা তাহিরাত ব্যতীত মৌরিতানিয়ার সমগ্র ভূখণ্ড অধিকার করেন । পরে তৃতীয় আবদুর রহমান উত্তর স্পেনের খ্রীস্টানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকাকালে ৯৫২ খ্রীঃ চতুর্থ ফাতেমী শাসক আল মুইজ সিংহাসনে আরোহণ করেন এবং স্পেনীয় প্রতিদ্বন্দ্বীদিগকে উত্তর আফ্রিকা হইতে বিতাড়িত করেন ।
তিনি আলেকজান্দ্রিয়া যাইবার পথে আবদুর রহমানের বাণিজ্যপোত, মাহদীয়ায় গমনকারী একটি সিসিলিয় বাণিজ্যজাহাজের গতিরোধ করে । মুইজ সিসিলির গভর্নরকে আন্দালুসীয়ার উপকূলভাগ আক্রমণ করিবার আদেশ করেন । এবং গভর্নর আদেশ পালন করেন । তিনি আলমেরিয়া বিধ্বস্ত করিয়া কিছু সংখ্যক বন্দী লইয়া সিসিলি প্রত্যাবর্তন করেন । আবদুর রহমান তাহার প্রতিনিধি এডমিরাল গালিবকে উত্তর আফ্রিকার উপকূল ভাগে লুণ্ঠন ও ধ্বংসাত্মক কার্য পরিচালনার জন্য প্রেরণ করেন । আহমদ বিন ইয়ালার নেতৃত্বাধীনে অপর একটি অভিযানে প্রেরিত হয় । এই অভিযানে উত্তর আফ্রিকার উপকূলের অন্তর্গত কালাব্রিয়ার নিকট অবস্থিত মারছা আল-খারাজ-এ অগ্নি সংযোগ এবং সুসা ও তাবারকাহ পল্লীসমূহের ধ্বংস সাধন করা হয় । ৯৫৯ খ্রীঃ ফাতেমী সেনাপতি জাওহারের আক্রমণের পর আফ্রিকায় তৃতীয় আবদুর রহমানের অধিকারে শুধু তাঞ্জিয়ার ও সিউটা অবশিষ্ট থাকে ।
টিকাঃ
১১। গায়ানগোস, ২য় খণ্ড, পৃঃ ১৪৬।
📄 কৃতিত্ব ও অবদান
তৃতীয় আবদুর রহমানের দীর্ঘ রাজত্বকাল মুসলিম স্পেনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় । স্পেনের উমাইয়া শাসকের মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ শাসক । তাঁহার দীর্ঘদিনের সফল শাসনে দেশ এবং জাতির উন্নতি সাধিত হয় । আরব ও বার্বার অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা খর্ব করা হয় এবং দেশ ও নগরসমূহে সুদক্ষ প্রশাসন ব্যবস্থা কায়েম করেন । ১২ চুক্তির শর্তসমূহ নিষ্ঠার সহিত পালন করা হয় । ১৩
বার্বার খ্রীস্টান এবং স্লাভদের সমন্বয়ে গঠিত ১৩,৭৫০ জন নিয়মিত সৈন্য বাহিনীকে আবদুর রহমান ভরণপোষণ করিতেন । খলিফা প্রশাসন ব্যবস্থার ভারসাম্য রক্ষার্থে স্লাভ ও মুক্তব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করিয়াছিলেন । বদর ইবনে আহমদ ৯২১ খ্রীষ্টাব্দ পর্যন্ত তৃতীয় আবদুর রহমানের দক্ষিণ হস্ত ছিলেন । তৃতীয় আবদুর রহমান পূর্ববর্তী শাসকদের নির্ধারিত সমস্ত বেআইনী কর মওকুফ করেন । সেনাবাহিনী ও পণ্য সামগ্রীর দ্রুত গমনাগমনের জন্য আবদুর রহমান পুরাতন রাস্তাগুলিকে মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাই করেন না বরং দেশের সর্বত্র নতুন নতুন রাস্তাও নির্মাণ করেন । পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রাজপথের মাঝে মাঝে চকিদারের ব্যবস্থা ছিল । সরকারি গৃহ নির্মাণ ও মেরামতে প্রচুর টাকা ব্যয় হইত । ১৪ দেশের সর্বত্র পয়ঃপ্রণালী, সেতু ও দুর্গ নির্মিত হয় । সর্বসাধারণের চিকিৎসার জন্য হাসপাতাল, পথিকের জন্য বিশ্রামাগার ও এতিমদের জন্য এতিমখানা নির্মিত হয় । এইরূপে স্পেন পশ্চিম ইউরোপে সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত হয় ।
টিকাঃ
১২। এস. এম. ইমামউদ্দিন, সাম অ্যাস্পেক্টস অব দ্যা সোশিও ইকনোমিক এ্যান্ড কালচারাল হিস্ট্রি অব মুসলিম স্পেন, লেডেন, ১৯৬৫, পৃঃ ৫৪।
১৩। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৪৪৫।
১৪। ইবনে ইজারী, বাইয়ান, পৃঃ ২১২/৩২৭; লেভি প্রভেঙ্কাল, লা ইস্পানা, পৃঃ ৪৫-৪৭. ও লাজাসিওন, পৃঃ ৩৩-৩৪।
📄 খলিফা উপাধি গ্রহণ
সুন্নী মতে রাষ্ট্রের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান-যাহার অধীনে পবিত্র মক্কা, মদীনা ও বায়তুল মুকাদ্দাস থাকে তাহাকে খলিফা বলা হয় । মক্কা, মদীনা ও বায়তুল মুকাদ্দাস নগরী বাগদাদের আব্বাসী খলিফার অধিকারে ছিল । প্রথম আব্দুর রহমান নিজেকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন ও স্বীয় নামে খোতবা প্রচলন করেন । দশম শতাব্দীতে আব্বাসীয় খলিফাগণ তাঁহাদের রাজনৈতিক ক্ষমতাই শুধু হারান না বরং ধর্মীয় ও নৈতিক সমর্থনও তাঁহাদের হ্রাস পায় । এই সুযোগে মাহদীয়ার ফাতেমী শাসক ৯০৯ খ্রীঃ নিজেকে খলিফা বলিয়া ঘোষণা করেন । আবদুর রহমান নিজের ক্ষমতাকে সুসংহত ও সুপ্রতিষ্ঠিত করিয়া ৩১৬ হিঃ/ ৯২৯ খ্রীঃ তিনি নিজেকে খলিফা বলিয়া ঘোষণা করেন । তিনি "আমীরুল মোমেনীন" ও "আল-নাসির লিদিন আল্লাহ" খেতাব ধারণ করেন । ১৫ আন্তর্জাতিক বাণিজ্যে ফাতেমী ও বাইজান্টাইন শাসকদের সহিত প্রতিযোগিতার উদ্দেশ্যে তৃতীয় আবদুর রহমান স্বর্ণমুদ্রার প্রচলন করেন ।
টিকাঃ
১৫। এইচ. কে. শেরওয়ানী, মুসলিম কলোনিস, পৃঃ ১৫৫-৫৭।