📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্বাধীন আমীরদের শাসন আমলের পর্যালোচনা

📄 স্বাধীন আমীরদের শাসন আমলের পর্যালোচনা


আরব, বার্বার নবমুসলিম এবং খ্রীস্টানগণ পৃথকভাবে এবং কখনও কখনও সম্মিলিতভাবে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে । তাহারা প্রত্যেকে নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা গড়িয়া তুলিতে সচেষ্ট হন কিন্তু কৃতকার্য হইতে পারেন নাই । প্রথম আবদুর রহমান ও হিশাম তাঁহাদের উদারতা ও মহত্ত্বের মাধ্যমে জনগণের নিকট ইসলামী সংস্কৃতিকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করিতে চেষ্টা করেন কিন্তু প্রথম হাকাম তাঁহার বিলাসিতাপূর্ণ জীবন যাপন ও ক্ষমতার অপব্যবহার দ্বারা নবমুসলিমদিগকে তাঁহার নিকট হইতে দূরে রাখেন ।

ধর্মীয় আন্দোলন দমন করা হয় বটে কিন্তু সংখ্যাগুরু খ্রীস্টানদের কিছু অংশ মুসলিম শাসন স্বীকার করিতে অস্বীকৃতি জানায় । আরব শাসনের প্রতি অসন্তুষ্ট ও বৈরীভাবাপন্ন বার্বার ও নব মুসলিমগণ বিদ্রোহে যোগদান করে । শক্তিশালী শাসকগণই উহাদিগকে বশে রাখিতে পারিতেন । আরব ও বার্বারদের পুরাতন উপজাতীয় শত্রুতা, দেশী-বিদেশী বিরোধ, প্রথম হাকাম ও আবদুল্লাহর রাজত্বকালে এমনকি হাজীব আল-মনসুরের পরেও সাংঘাতিক ভাবে আত্মপ্রকাশ করে । এই সময় আরব এবং ইসলামী সংস্কৃতি স্বকীয়তা হারাইয়া ফেলে এবং তদস্থলে বহুজাতীয় সংমিশ্রণে স্পেনীয় মুসলিম সংস্কৃতি গড়িয়া ওঠে । গোত্রীয়, জাতিগত এবং ধর্মীয় বিরোধের কুফল থাকা সত্ত্বেও একটা ভাল ফল দেখিতে পাওয়া যায় । বহু যুগের কূপমণ্ডকতা হইতে মুসলমানগণ স্পেনীয়দিগকে মুক্ত করেন । তাহারা বুদ্ধিমান দৃঢ়চেতা সাহসী কর্মঠ জাতিতে পরিণত হয় এবং একমাত্র কর্ডোভার শাসকের নেতৃত্বে তাহাদের হারানো ক্ষমতা ও গৌরব নেতৃত্ব লাভ করতে সক্ষম হয় ।

ফন্ট সাইজ
15px
17px