📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ওমর ইবনে হাফসুনের সহিত যুদ্ধ

📄 ওমর ইবনে হাফসুনের সহিত যুদ্ধ


উপরে উল্লিখিত বিদ্রোহসমূহের মধ্যে ওমর ইবনে হাফসুনের বিদ্রোহ ছিল মারাত্মক । তিনি রাজ্যের বিশৃঙ্খল অবস্থার সুযোগ গ্রহণ করিয়া সর্বত্র তাঁহার আধিপত্য বিস্তার করিতে চেষ্টা করেন । আবদুল্লাহ ৮৮৯ খ্রীস্টাব্দে তাঁহার বিরুদ্ধে চল্লিশ দিনের এক অভিযান চালাইয়া মাত্র কয়েকটি গ্রাম উদ্ধার করিয়া বহু কষ্টে রাজধানীতে প্রত্যাবর্তন করেন । আমীর পুনরায় ওমরের বিরুদ্ধে সৈন্য বাহিনী লইয়া অগ্রসর হন এবং এই শর্তে চুক্তি সম্পাদিত হয় যে, আমীরের প্রতিনিধি হিসাবে সে তাহার দখলীকৃত এলাকা শাসন করিতে থাকিবে । কিন্তু ওমরের সমর্থকগণ এই শান্তি চুক্তিকে অপছন্দ করে এবং আলজেসিরার বার্বার নেতা আবু হারবকে আক্রমণ করে ও দুর্গগুলি দখল করিয়া নেয় । আবদুল্লাহ কঠিন চাপে পড়িয়া আরব নেতাদের দমনের জন্য ওমরের সাহায্য প্রার্থনা করেন । ইব্রাহিমের নেতৃত্বে ওমর রাজকীয় বাহিনীতে যোগদান করেন । তাঁহার এই যোগদানের পিছনে ছিল অন্য উদ্দেশ্য । তিনি জায়েনের ইবনে মুসতানাহর সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইয়া নিজের শক্তি বৃদ্ধি করেন এবং শেষ পর্যন্ত ইব্রাহিম ইবনে খামীর ও অন্যান্য রাজ কর্মচারীদের কারারুদ্ধ করেন ।

কর্ডোভার খ্রীস্টানদের সমর্থনে ওমর দেশের উত্তরাংশে প্রভাব বিস্তার করেন এবং রাজধানী পর্যন্ত অগ্রসর হন । ওমর, এচিজা এবং পোলে দখল করিয়া নেন । আরবদের মধ্যেও তাঁহার ক্ষমতা প্রতিষ্ঠার জন্য ৮৯০ খ্রীস্টাব্দে বোবাষ্ট্রোতে তাঁহার ক্ষমতা লাভের দশ বৎসর পর উত্তর আফ্রিকার আব্বাসীয় গভর্নর ইবনে আগলাবের মাধ্যমে আব্বাসীয় খলিফা মুতাদিদ বিল্লাহর তরফ হইতে অভিষেক প্রার্থনা করেন । ১০ খ্রীস্টাব্দে মরক্কোর ফাতেমীয়দের সহিত মৈত্রী সম্পর্ক গড়িয়া তোলেন ৫ । দীর্ঘকালব্যাপী তাঁহার বিদ্রোহ স্পেনে উমাইয়া শাসনের দুর্বলতার পরিষ্কার প্রমাণ দেয় ।

টিকাঃ
৫। ওয়াট, পৃঃ ৪৪।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 পোলের যুদ্ধ

📄 পোলের যুদ্ধ


আবদুল্লাহর আর্থিক অবস্থা খুবই সঙ্গীন হইয়া ওঠে । রাজকোষ শূন্য হইয়া পড়ে ফলে সেনাদের বেতন দেওয়া সম্ভব হয় না । দেশকে পুনরায় একত্রিকরণে আমীরের নীতি ব্যর্থতায় পর্যবসিত হয় । সুবিধাজনক শর্তে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব উদ্ধত ওমর প্রত্যাখান করেন । অনন্যোপায় আমীর সাহস সঞ্চার করিয়া শক্তিশালী শত্রুকে আক্রমণ করিবার সিদ্ধান্ত গ্রহণ করেন । তাঁহার সেনাপতি আবদুল মালিক বিন উমাইয়াহ ৪,০০০ হাজার নিয়মিত সৈন্য এবং ১০,০০০ হাজার নতুন সংগৃহীত সৈন্যকে লইয়া পোলের দিকে অগ্রসর হন । ওমর ৩০,০০০ হাজার সুদক্ষ সৈন্যের এক বাহিনী লইয়া দুর্গ হইতে দেড় ক্রোশ দূরে নদীর তীরে শিবির স্থাপন করেন । ১২ই মুহররম শুক্রবার ২৭৮ হিঃ/১৬ এপ্রিল ৮৯১ খ্রীস্টাব্দে যুদ্ধ শুরু হয় ।

উমাইয়াহ সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হওয়া সত্ত্বেও আবদুল্লাহ নিজে যুদ্ধে অংশ গ্রহণ করেন নাই । আমীরের সেনাবাহিনী পূর্ণ শক্তি ও সাহসিকতার সহিত যুদ্ধ করে । অপরদিকে প্রাণপণ চেষ্টা করিয়াও ওমর পরাজিত হন । কিছু সংখ্যক সৈন্য লইয়া ওমর পোলে দুর্গে আশ্রয় গ্রহণ করেন । আরবদের পশ্চাদ্ধাবনের তীব্রতায় বাকি অংশ এচিজার দিকে পলাইয়া যায় । বিপদের পূর্বলক্ষণ দেখিয়া ইবনে হাফসুন ও ইবনে মস্তানাহ পোলে এবং আর্কিডোনা দুর্গ ত্যাগ করিয়া বার্বারদের পশ্চাৎ অপসারণ করেন । আবদুল্লাহ প্রচুর যুদ্ধ সামগ্রী ও ধন সম্পদসহ পোলে দুর্গ অধিকার এবং এচিজা অবরোধ করিলে অতিসহজে উহার পতন ঘটে । অতঃপর তিনি বোবাষ্ট্রো অভিমুখে যাত্রা করেন । বোবাষ্ট্রো অবরোধ করা হয় । কিন্তু অপরাজিত থাকে । পরিশ্রান্ত সেনাবাহিনী আর্কিডোনা ও এলভিরার মধ্য দিয়া কর্ডোভা প্রত্যাবর্তন কালে জায়েনে আত্মসমর্পণ করে ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 পরবর্তী ঘটনাসমূহ

📄 পরবর্তী ঘটনাসমূহ


ইতিমধ্যে ওমর তাঁহার সুনাম ও প্রতিপত্তি বহুগুণে হারাইয়া ফেলেন । উত্তর আফ্রিকায় ইবনে আগলাব তাঁহার দূতগণকে উদাসীনতা ও অবহেলার সহিত গ্রহণ করেন । তিনি আব্বাসীয় খলিফার নিকট হইতে গভর্নর হিসাবে কোন নিয়োগপত্র না পাওয়ায় ইবনে হাফসুন আমীরের সহিত সন্ধি স্থাপন করেন ও তাঁহার পালক পুত্রকে জামিন হিসাবে রাখেন । আবদুল্লাহ তাঁহার নিজ পুত্রকে জামিন হিসাবে চাহিলে তিনি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন । ফলে যুদ্ধ শুরু হয় । ওমর তাঁহার হারান এলাকা পোলে, এচিজা, আর্কিডোনা ও এলভিরা পুনরুদ্ধার করেন । পরে তিনি জায়েন অধিকার করেন । ক্ষমতা ও সাফল্যগর্বে গর্বিত ওমর ৮৯৯ খ্রীস্টাব্দে সপরিবারে খ্রীস্টান ধর্ম গ্রহণ করেন ৬ । তাঁহার ধর্মত্যাগের সাথে সাথে তাঁহার যোগ্য কর্মচারী আনাতোলের পুত্র ইয়াহিয়া তাঁহাকে ত্যাগ করেন এবং তাঁহার একজন শক্তিশালী মিত্র কানিয়াতের বার্বার নেতা আও সাজা বিন আল খালিত আবদুল্লাহর নিকট আত্মসমর্পণ করেন । গৃহযুদ্ধ অরাজকতা ও বিশৃঙ্খলতায় জর্জরিত জনগণ শান্তির আশায় দলে দলে আবদুল্লাহর নিকট আত্মসমর্পণ করে ।

আমীর ৯০১ খ্রীস্টাব্দে ওমরের সহিত শান্তি চুক্তি স্থাপন করেন । ইবনে হাফসুন সারাগোসার বানুকাসি ও লিওনের রাজার সহিত ইবনে হাজ্জাজ মিলিত হন ৭ । ইবনে হাফসুনকে শত্রু শিবির হইতে বিচ্ছিন্ন করিবার উদ্দেশ্যে আবদুল্লাহ তাঁহার পুত্রকে জামিন হিসাবে গ্রহণ না করার সিদ্ধান্ত লইয়া হাজ্জাজের অন্তর জয় ও আনুগত্য লাভ করিতে সমর্থ হন । নবম শতাব্দীতে স্পেনের খ্রীস্টান ও মুসলমানদের ক্ষমতা দখলের প্রতিযোগিতা ছিল ধর্মনিরপেক্ষ ধরনের । ১লা রবিউল আউয়াল ৩০০ হিঃ/১৫ই অক্টোবর ৯১২ খ্রীস্টাব্দে ৬৮ বৎসর বয়সে এই আমীরের মৃত্যু হয় ৮ । স্পেনের মুসলমান শাসনের একখানি পূর্ণ ইতিহাস গ্রন্থ উর্দু ভাষায় রচনার জন্য আজমগড়ে প্রকাশিত হয় ।

টিকাঃ
৬। আন্দালুস, স্পেন আন্ডার দ্যা মুসলিমস্, পৃঃ ১৬৩।
৭। গমেজ, হিস্টোরিয়া, ৪র্থ খণ্ড, পৃঃ ২৩৮ দেখুন।
৮। ইবনুল ফারাজী, নং ১৯৯; আর গুয়েন্ট, দ্যা গভর্নরস্ এ্যান্ড জাজেস অব ইজিপ্ট, পৃঃ ৫৪৮

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্বাধীন আমীরদের শাসন আমলের পর্যালোচনা

📄 স্বাধীন আমীরদের শাসন আমলের পর্যালোচনা


আরব, বার্বার নবমুসলিম এবং খ্রীস্টানগণ পৃথকভাবে এবং কখনও কখনও সম্মিলিতভাবে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে । তাহারা প্রত্যেকে নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা গড়িয়া তুলিতে সচেষ্ট হন কিন্তু কৃতকার্য হইতে পারেন নাই । প্রথম আবদুর রহমান ও হিশাম তাঁহাদের উদারতা ও মহত্ত্বের মাধ্যমে জনগণের নিকট ইসলামী সংস্কৃতিকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করিতে চেষ্টা করেন কিন্তু প্রথম হাকাম তাঁহার বিলাসিতাপূর্ণ জীবন যাপন ও ক্ষমতার অপব্যবহার দ্বারা নবমুসলিমদিগকে তাঁহার নিকট হইতে দূরে রাখেন ।

ধর্মীয় আন্দোলন দমন করা হয় বটে কিন্তু সংখ্যাগুরু খ্রীস্টানদের কিছু অংশ মুসলিম শাসন স্বীকার করিতে অস্বীকৃতি জানায় । আরব শাসনের প্রতি অসন্তুষ্ট ও বৈরীভাবাপন্ন বার্বার ও নব মুসলিমগণ বিদ্রোহে যোগদান করে । শক্তিশালী শাসকগণই উহাদিগকে বশে রাখিতে পারিতেন । আরব ও বার্বারদের পুরাতন উপজাতীয় শত্রুতা, দেশী-বিদেশী বিরোধ, প্রথম হাকাম ও আবদুল্লাহর রাজত্বকালে এমনকি হাজীব আল-মনসুরের পরেও সাংঘাতিক ভাবে আত্মপ্রকাশ করে । এই সময় আরব এবং ইসলামী সংস্কৃতি স্বকীয়তা হারাইয়া ফেলে এবং তদস্থলে বহুজাতীয় সংমিশ্রণে স্পেনীয় মুসলিম সংস্কৃতি গড়িয়া ওঠে । গোত্রীয়, জাতিগত এবং ধর্মীয় বিরোধের কুফল থাকা সত্ত্বেও একটা ভাল ফল দেখিতে পাওয়া যায় । বহু যুগের কূপমণ্ডকতা হইতে মুসলমানগণ স্পেনীয়দিগকে মুক্ত করেন । তাহারা বুদ্ধিমান দৃঢ়চেতা সাহসী কর্মঠ জাতিতে পরিণত হয় এবং একমাত্র কর্ডোভার শাসকের নেতৃত্বে তাহাদের হারানো ক্ষমতা ও গৌরব নেতৃত্ব লাভ করতে সক্ষম হয় ।

ফন্ট সাইজ
15px
17px