📄 চরিত্র ও কৃতিত্ব
প্রথম মুহাম্মদ ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী কিন্তু সংকীর্ণমনা ও লোভী ছিলেন। তিনি শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সহিত যুদ্ধ করেন। রাজনৈতিক বিচক্ষণতার অভাবে তাহার শাসন আমলে স্পেনের বিভিন্নাংশে স্বাধীন ও আধাস্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তিনি সরকারী কর্মচারী ও সেনাবাহিনীর বেতন হ্রাস করেন এবং পুরাতন মন্ত্রীদের অপসারণ করিয়া তদস্থলে কম বেতনের অল্প বয়সী অনভিজ্ঞ লোকদিগকে নিযুক্ত করেন। তিনি বহু সংখ্যক খ্রীস্টান কর্মচারী ও সৈনিককে অপসারণ করেন। সুশিক্ষিত ও ধীরস্থির খ্রীস্টান গমেজকে ৮৫২ খ্রীঃ প্রধান সচিব হিসাবে নিযুক্ত করেন। অর্থনৈতিক ব্যাপারসমূহ আমীর স্বয়ং দেখাশুনা করিতেন। ইহাতে দুর্নীতি পরায়ণ কর্মচারীরা অসন্তুষ্ট ছিল। এই ব্যবস্থা অবলম্বনের ফলে তাহাদের জন্য দুর্নীতির সমস্ত দরজা বন্ধ হইয়া যায়।
একবার এক কোষাধ্যক্ষের হিসাবে ১৫ দীরহামের গরমিল হয়। আমীরের নজরে এই গরমিল ধরা পড়ে তিনি সংশোধনের জন্য হিসাবের খাতা সচিব ও কোষাধ্যক্ষের নিকট ফেরৎ পাঠান। তাহারা উভয়ে এই ভুল বাহির করিতে অসমর্থ হওয়ায় আমীর নিজে শেষ পর্যন্ত এই ভুল দেখাইয়া দেন। ইহার পরে কর্মচারীরা তাহাকে ঘৃণা করিত কিন্তু ফকিহগণ তাহার সুবিচার ও গোঁড়া খ্রীস্টানদের দমন করায় তাহাকে ভালবাসিতেন। তিনি ছিলেন একধারে কবি, সাহিত্যিক ও বাগ্মী। তিনি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করিতেন। প্রথম মুহাম্মদ রাষ্ট্রপরিচালনায় কর্ডোভা মসজিদের কাজির পরামর্শ গ্রহণ করিতেন। মুক্ত বুদ্ধির অধিকারী আমীর প্রাচ্য-চিন্তাবিদ ও হাদিসবেত্তা বাকী ইবনে মাখলাদকে অনুপ্রাণিত করেন। আন্দালুসের শিয়া মতাবলম্বীদের মধ্যে বাকী ছিলেন সুপরিচিত। বিখ্যাত ধর্মীয়তত্ত্ব বিশারদ ইবনে আবী শায়বাহর মতবাদের উপর তিনি বক্তৃতা করেন। মালেকীদের এবং হাদীসের সমর্থক স্পেনের অন্যান্য ধর্মীয় আইনের প্রবক্তাদের বিরুদ্ধেও তিনি সমালোচনা করেন। আইন বিজ্ঞানের ব্যাপারে বাকী হাদিসের অন্তর্নিহিত আদর্শের অনুসরণে মুক্ত চিন্তার মাধ্যমে আইন প্রণয়নের সমর্থক ছিলেন। মুতাজিলা মতবাদের সমর্থক বিখ্যাত আল জাহিজের গ্রন্থাবলী তাঁহার সময়ে উসমান ইবনে আল মুসান্না ও ফারাজ ইবনে সাল্লামা স্পেনে আনেন। ৭ প্রথম মুহাম্মদের শাসন আমলে প্রাচ্যের একজন বিখ্যাত চিকিৎসাবিদ স্পেনে আগমন করেন ৮ এবং সেখানে একটি চিকিৎসক পরিবারের সূচনা করেন। কর আদায়ের সুবিধার্থে তিনি বিশপ হোস্টেজেসিসকে খাজনা, জিজিয়া ও বাৎসরিক দর্শনী দাতাদের একটি তালিকা প্রস্তুত করিবার নির্দেশ দেন। ৯ ২৬০ হিঃ/৮৭৩ খ্রীস্টাব্দের দুর্ভিক্ষে এবং ১০৮০ খ্রীস্টাব্দের মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য রিলিফের ব্যবস্থা করা হয়। ১০ পিতার ন্যায় মুহাম্মদও সৌন্দর্য ও জাঁকজমক-প্রিয় ছিলেন। তাঁহার সময় কর্ডোভা মসজিদ সম্প্রসারিত হয়। এই সংযোজনের ফলে মসজিদের সারির সংখ্যা ৮ হইতে ১৫ সারিতে উন্নীত হয়। ৩০০ পাউণ্ড ওজনের একটি স্বর্ণমূর্তি নির্মাণ করিয়া উহাকে মণিমুক্তা ও মূল্যবান পাথরে সুসজ্জিত করা হয়। মুহাম্মদের আদেশে মূর্তিটিকে খ্রীস্টানদের স্বর্ণগীর্জায় দান করা হয়।
টিকাঃ
৭. ইবনুল ফারাজী, টীকা-৮৮৯ ও ১০৩৬।
৮. ইবনুল খাতিব, আমল পৃঃ ২৫।
৯. কন্ট্রিবিউশনস্, পৃঃ ৯৬, ১০৪।
১০. আল-জোকসানী মূল পৃঃ ১৭৮-৭৯, (অনুবাদ, পৃঃ ২২০-২২২)।