📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 রাজ-সভাসদ

📄 রাজ-সভাসদ


কথিত আছে আবদুর রহমান তাঁহার রাজত্বকালে চার ব্যক্তি দ্বারা প্রভাবিত ছিলেন । তাঁহাদের একজন ছিলেন ধর্মবেত্তা, একজন ছিলেন গায়ক, একজন ছিলেন খোজা ও চতুর্থ জন ছিলেন এক নারী । ধর্মবেত্তা ছিলেন বার্বার ফকিহ আবু মুহাম্মদ ইয়াহিয়া বিন ইয়াহিয়া (মৃঃ ২৩৪ হিঃ/৮৪৮ খ্রীঃ) । কর্ডোভার হাকামের প্রাসাদ অবরোধকারী জনতার প্রধান নেতা ছিলেন তিনি । ইয়াহিয়া অনুধাবন করেন যে রাজ্যের ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য শত্রুতা ত্যাগ করিয়া ফকিহদের উচিত উদীত শাসকের অন্তর জয় করা । তাঁহার পরামর্শে বিচারকদের নিয়োগ করা হইত । তিনি নিজে কোন পদ গ্রহণ করেন নাই । ইহার ফলে রাজ প্রাসাদে তাঁহার প্রভাব বৃদ্ধি পায় ।

গায়ক ছিলেন ইরানী জিরইয়াব ১ তাঁহার উপনাম ছিল আবুল হাসান আলী ইবনে নাফি (৭৮৯-৮৫৭ খ্রীস্টাব্দ) । তিনি ছিলেন আমীরের খুবই প্রিয় । ২ তিনি বিখ্যাত গায়ক ইসহাক আল মাওসীলির শিষ্য ছিলেন । তিনি তাঁহার গুরুর আদেশ অমান্য না করিয়া আফ্রিকার উদ্দেশ্যে বাগদাদ ত্যাগ করেন । ৩ জিরইয়াব কায়রোওয়ানে আগলাবিদ শাসক প্রথম জিয়াদাত উল্লাহর (৮১৬-৮৩৭) রাজদরবারে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন । ৪ প্রথম হাকামের আমন্ত্রণে তিনি ৮২১ খ্রীঃ স্পেনের উদ্দেশ্যে ইফ্রিকীয়া ত্যাগ করেন । কিন্তু তাঁহার স্পেনে পৌঁছার পূর্বেই আমীরের মৃত্যু ঘটে । ইহুদী গায়ক আল-মনসুর তাহাকে দ্বিতীয় আবদুর রহমানের দরবারে লইয়া যান । আমীর তাঁহাকে বসবাসের জন্য একটি চমৎকার গৃহ দান করেন । ৫

জিরইয়াব শ্রেষ্ঠত্বে স্পেনের অন্য গায়কদের অতিক্রম করিয়াছিলেন কারণ তিনি শুধু গায়ক ছিলেন না । তিনি ছিলেন একাধারে কবি, জ্যোতির্বিদ, ঐতিহাসিক ও ভূগোল বিশারদ । তিনি বাগদাদবাসীদের আচার আচরণ প্রসাধন ও খাদ্যে বিভিন্ন প্রকারের ইরানী রীতিনীতি স্পেনে প্রবর্তন করেন এবং স্পেনবাসীদিগকে পোষাক পরিচ্ছদে সুরুচির ব্যবহার শিক্ষা দিয়াছিলেন । জিরইয়াব স্পেনে একটি সংগীত বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন । ৬ প্রচলিত বীণায় চারটি তার সংযোজিত ছিল । জিরইয়াব ইহাতে পঞ্চম তার সংযোগ করেন । ৭ জিরইয়াবের শিষ্যদের শিক্ষাদানের পদ্ধতির বিস্তারিত বর্ণনা প্রদান করিয়াছেন মাক্কারী । ৮ বিদ্যালয়টি স্পেনে উমাইয়া খিলাফতের পতনের পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল ।

সুলতানা তারুবের প্রিয়পাত্র রাজপ্রসাদের তত্ত্বাবধায়ক ক্রীতদাস নাসর ছিল খোজা । আরবী বলিতে পারিত না এইজন্য গান বাদ্য ও কাব্য চর্চায় মগ্ন থাকিতেন বলিয়া নাসর ও তারুবের বিরাট প্রভাব ছিল রাজ্যের প্রশাসন ব্যবস্থার উপর । সুলতানা তারুব ছিলেন অতিমাত্রায় লোভী । আমীরের প্রদত্ত জিনিষে তিনি কখনই তৃপ্ত ছিলেন না । তারুবের নিজের পুত্র আবদুল্লাহর পরিবর্তে মুহাম্মদকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করায় যুবরাজ মুহাম্মদকে বিষ প্রয়োগের জন্য তারুব ৮৫০ খ্রীস্টাব্দে নাসেরকে প্ররোচিত করেন । এই ষড়যন্ত্র ফাঁস হইয়া গেলে মুহাম্মদের জন্য প্রস্তুত করা বিষ নাসর নিজে পান করে । এইরূপে খোজা নাসর নিজের হাতে মৃত্যুবরণ করে ।

টিকাঃ
১। এক প্রকার কালো পাখিকে জিরিয়াব বলে। ইহা তোতা পাখীর চেয়ে বেশি স্মরণশক্তির অধিকারী, হোল, পৃঃ ১৬৯।
২। জে রিবেরা, হিস্টোরিয়া ডি লা কনকুয়েজটা ডি ইস্পানা, মাদ্রিদ, ১৯২৬ মূল পৃঃ ৬৮ (অনুবাদ পৃঃ ৫৩-৫৪)।
৩। সেভিলের ও কারমোনার নেতা, তাঁহার দুই পুত্র আবদুর রহমান ও মুহম্মদকে রেখে তিনি ২৯৮ হিঃ/ ৯১০-১১ খ্রীঃ মৃত্যুবরণ করেন; লেভি প্রভেঙ্কাল, হিস্টোরিয়া, ১ম খণ্ড, পৃঃ ৩৬৮।
৪। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৩৮৬।
৫। আল-বেয়ানুল আল-মাগরিব, হোল কর্তৃক উদ্ধৃত, আন্দালুস, পৃঃ ১৬৪।
৬। ফার্মার, হিস্ট্রি অব দ্যা এ্যারাবিয়ান মিউজিক, পৃঃ ১১৮-১৯।
৭। গায়ানগোস, ১ম খণ্ড ১১৬-১২১: হোল পৃঃ ১৬৭ দেখুন।
৮। হোল, আন্দালুস, পৃঃ ১১৬; লেভি প্রভেঙ্কাল, লা ইস্পানা, পৃঃ ৭২ দেখুন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তুদমির ও মেরিদার বিদ্রোহ

📄 তুদমির ও মেরিদার বিদ্রোহ


তাঁহার রাজত্বের প্রথম দিকে শহরবাসীদের অসন্তুষ্টির জন্য বিশৃঙ্খলা দেখা দেয় । ৯ ২০৭ হিঃ/ ৭২২ খ্রীঃ ইয়ামানী ও মুজারীগণ পুনরায় তুদমিরে গোত্রীয় গৃহযুদ্ধ শুরু করে । তুদমিরের রাজধানী লোরকা হইতে মুরসিয়ায় স্থানান্তরিত করা হয় । ৮২৮ খ্রীঃ সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় । ২১২ হিঃ/ ৮২৮ খ্রীঃ মেরিদার খ্রীস্টান ও ইহুদীগণ প্রাক্তন কর আদায়কারী মাহমুদ ইবনে আবদুল জব্বার ও সুলায়মান বিন মারতিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে । ১০ লুইস বিদ্রোহীদের প্ররোচিত করেন । ১১ ৮২৮ খ্রীস্টাব্দে বিদ্রোহীরা কর আদায়কারীদের গৃহ লুণ্ঠন করে ও কতিপয় কর আদায়কারীকে হত্যা করে । রাজকীয় বাহিনী প্রত্যাহারের শর্তে মেরিদার বিদ্রোহীগণ আত্মসমর্পণ করে । আমীর নিজে অভিযান পরিচালনা ও শহর অবরোধ করিলে বিদ্রোহীগণ তাহাদের কার্য হইতে বিরত হয় । ১২ এই অভিযানে ৭,০০০ হাজার বিদ্রোহী নিহত হয় ।

টিকাঃ
৯। ইবনে ইজারী, বেয়ান, ২য় খণ্ড, পৃঃ ৯৪।
১০। ই. জি. গমেজ, হিস্টোরিয়া ডি ইস্পানা, ৪র্থ খণ্ড, পৃঃ ১৩৯-৪১ দেখুন।
১১। ইস্পানা সাগরেদা, ১৩শ খণ্ড, পৃঃ ৪১৬ দেখুন।
১২। ডম বাকেটের সংগ্রহ, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৩৭৯ রেনাউদ কর্তৃক উদ্ধৃত। (অনুবাদ এইচ. কে. শেরওয়ানী) মুসলিম কলোনিস, পৃঃ ১১৩-১১৪ দেখুন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 টলেডোর বিদ্রোহ

📄 টলেডোর বিদ্রোহ


মেরিদাতে শান্তি স্থাপনের পরপরই টলেডোতে সাংঘাতিক বিদ্রোহ দেখা দেয় । এই বিদ্রোহে অংশ গ্রহণ করে খ্রীস্টান, নব মুসলিম ও ইহুদীগণ । হাশিম নামে এক কর্মকার নব মুসলিম ছিলেন ইহার নেতা । ৮২৯ খ্রীঃ টলেডোতে প্রত্যাবর্তনের পর সে প্রতিশোধ হিসাবে আরব ও বার্বারদের গৃহ লুণ্ঠন করে । ইবনে ওয়াসিম সেনাবাহিনী লইয়া টলেডো অভিমুখে অগ্রসর হন । হাশিম পরাজিত ও নিহত হয় । ৮৩৪ খ্রীঃ যুবরাজ উমাইয়ার নেতৃত্বে টলেডোতে শান্তি আনিবার জন্য একদল সেনা প্রেরিত হয় কিন্তু এই অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয় । শেষ পর্যন্ত ইহা ৮৩৭ খ্রীস্টাব্দের ১৬ই জুন ২২২ হিঃ ৯ই রজব যুবরাজ ওয়ালিদ বিন হাকামের প্রবল আক্রমণের পর তাঁহার অধিকারে আসে । রাজধানী দেশের মধ্যবর্তী স্থলে অবস্থিত হওয়ায় শাসকদের দুর্বলতা সত্ত্বেও বহিরআক্রমণের হাত হইতে রক্ষা পায় ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 খ্রীস্টান নেতাদের আক্রমণ

📄 খ্রীস্টান নেতাদের আক্রমণ


সত্যিকার সীমান্ত বলিতে আন্দালুসের উত্তরে কিছু ছিল না । আবদুর রহমানের শাসনের প্রথম দিকে লিওনের নেতা দ্বিতীয় আলফন্সো মদিনাত আল সালিম (মেদিনা সেলী) এবং আরাগোনা আকস্মিকভাবে আক্রমণ করে । গথিক মার্চের কাউন্ট বরেল মুসলিম রাজ্য আক্রমণ করে ৮২৩ ও ৮২৬ খ্রীঃ । খ্রীস্টানগণ সম্পূর্ণ রূপে পরাভূত হয় এবং তাহাদের দুর্গশহর লিওন হয় লুষ্ঠিত । ১৩

৮৩৮ খ্রীস্টাব্দে মুসলিম সেনাদের অভিযানের ফলে আস্তুরিয়া, গ্যালেসিয়া, আলেভা এবং ক্যাস্টাইল আক্রান্ত হয় । পাম্পলোনা পুনর্দখল করা হয় । বার্সিলোনা ও গ্যালেসিয়া মুসলমানদের অধিকারে আসে । ১৪ ৮৩৯ খ্রীস্টাব্দে রাজা লুইস মেদিনাসেলী আক্রমণ করেন কিন্তু প্রচুর ক্ষতিসহ পশ্চাদপসারণ করিতে বাধ্য হন । ১৫ লুইসের মৃত্যুর পর তাঁহার পুত্রগণ লানগুয়েডক অধিকারের জন্য যুদ্ধ করেন । এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করিয়া মুসলমানগণ রোন নদীর মোহনা দিয়া প্রভেন্সে প্রবেশ করে । ১৬ ৮০ খ্রীস্টাব্দের জুন মাসে দ্বিতীয় আবদুর রহমান স্বয়ং গ্যালেসিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন । পর পর দুই বার আস্তুরিয়াসের শাসনকর্তা আলফন্সোর উত্তরাধিকারী এবং পুত্র রামিরোর বিরুদ্ধে ৮৪৬ খ্রীঃ অন্য দুইটি অভিযান পরিচালিত হয় ।

টিকাঃ
১৩। এইচ. কে. শেরওয়ানী, মুসলিম কলোনিস, পৃঃ ১১৫।
১৪। ডম বাকেটের সংগ্রহ, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৩০৮, মুসলিম কলোনিস, পৃঃ ১১৬।
১৫। মাক্কারী, ১ম খণ্ড, পৃঃ ১৬১।
১৬। মুসলিম কলোনিস, পৃঃ ১১৮।

ফন্ট সাইজ
15px
17px