📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 কর্ডোভাবাসীদের বিদ্রোহ

📄 কর্ডোভাবাসীদের বিদ্রোহ


পূর্ব বর্ণনা অনুযায়ী হাকাম ফিকাহ শাস্ত্রবিদদের নিকট প্রিয় ছিল না । হাকামের কঠোর ও কর্কশ ব্যবহারের জন্য গোয়াদালকুইভিরের দক্ষিণে অবস্থিত শহরগুলিতে বিদ্রোহের জন্য উস্কানী প্রদান করা হয় । ৮১৩ খ্রীস্টাব্দে মারাত্মক বিদ্রোহ দেখা দেয় । ধর্মবেত্তাগণ কর্ডোভাবাসীদের মধ্যে বিদ্রোহের ইন্ধন যোগাইতে থাকে । আমীরের বিরুদ্ধে বিদ্রোহে জনগণকে উত্তেজিত করিবার কার্যে ধর্মবেত্তাগণের মধ্যে যিনি সর্বাপেক্ষা বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন—তিনি ছিলেন তালুত । ১৫ একদিন রমজান মাসে ১৯৮ হিঃ/মে ৮১৪ খ্রীস্টাব্দে আমীরের জনৈক দেহরক্ষী এক অস্ত্র নির্মাতাকে হত্যা করে । অতঃপর অস্ত্রশস্ত্রে সজ্জিত এক জনতা আমীরকে হত্যা করিবার জন্য প্রাসাদ ঘেরাও করে । হাকাম এবং তাঁহার চাচা ওবায়দুল্লাহ উভয় দিক হইতে এমন ক্ষিপ্রতার সহিত আক্রমণ করেন যে কর্ডোভাবাসীরা হতভম্ব হইয়া পড়ে । ৩৬ জন নেতাসহ বিশ্বাসঘাতকের মোট সংখ্যা ছিল ৩০০ শত । আররাবাল দেল সুরের অধিবাসীদিগকে তিন দিনের মধ্যে কর্ডোভা ত্যাগ করিতে বলা হয় । ১৬ প্রায় ৮০০০ হাজার পরিবার মরক্কোর ফেজ-এ আশ্রয় গ্রহণ করে । আরও ১৫,০০০ হাজার নির্বাসিত ব্যক্তি আলেকজান্দ্রিয়ার পথে দেশ ত্যাগ করেন এবং সেখান হইতে ক্রিটে গমন করিয়া সেখানে আবু হাফস ওমর আল বালুতির নেতৃত্বাধীনে এক স্বাধীন রাষ্ট্র স্থাপন করে । ৯৯১ খ্রীস্টাব্দে গ্রীকদের নিকট থেকে ক্রিট অধিকার পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল । ১৭

টিকাঃ
১৫। কালেকশনস অব দ্যা হিস্ট্রোরিয়ানস্ ডি ফ্রান্স, ২য় খণ্ড, পৃঃ ৫৬, রেনাউদ কর্তৃক উদ্ধৃত (অনুবাদ এইচ. কে. শেরওয়ানী) মুসলিম কলোনিস, পৃঃ ১৯৭।
১৬। বাকেটের সংগ্রহ, ৫ম খণ্ড, পৃঃ ৬২. রেনাউদ কর্তৃক উদ্ধৃত, ১ম খণ্ড, পৃঃ ১০৮।
১৭। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১৭৬।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বেলেয়ারিক দ্বীপপুঞ্জের দখল

📄 বেলেয়ারিক দ্বীপপুঞ্জের দখল


স্পেন এবং ফ্রান্সের শহরসমূহকে রক্ষার জন্য আরবরা তাহাদের নৌবাহিনীর উপর নির্ভর করিত । হাকামের রাজত্বকালে উমাইয়ারা তাহাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করিতে চেষ্টা করেন । ৮০৮ খ্রীস্টাব্দে স্পেনীয় মুসলমানরা সার্দিনিয়ায় এক ১৮ নিষ্ফল আক্রমণ পরিচালনা করেন । ৮১৩ খ্রীস্টাব্দে কর্ডোভার নৌবাহিনী প্রায় ৫০০ শত যুদ্ধবন্দীকে ১৯ আটক করে এবং প্রভেন্সের নাইস এলাকার চতুর্দিক এবং রোমকে ধ্বংসস্তূপে পরিণত করে । ২০২ হিঃ/৮১৮ খ্রীস্টাব্দে মুসলিম নৌবাহিনী ইভিজা, মেজোরকা ও সার্দিনিয়া দ্বীপপুঞ্জে এক অভিযান পরিচালনা করেন এবং বেলেয়ারিক দ্বীপপুঞ্জ দখল করিয়া নেন । তাহারা ৮২০ খ্রীস্টাব্দে পুনরায় সার্দিনিয়া আক্রমণ করেন ।

টিকাঃ
১৮। মাজমুয়া-আল-আখবার আন্দালুস, পৃঃ ১২৪, ১২৬।
১৯। ঐ, পৃঃ ১২৭, ১২৮।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 চরিত্র ও কৃতিত্ব

📄 চরিত্র ও কৃতিত্ব


প্রথম হাকাম ছিলেন জ্ঞানী, বিচক্ষণ ও কৃতসংকল্প । তিনি জাঁক জমকের সহিত দেশ শাসন করিয়াছেন । তিনি গুপ্তচর ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করেন । ২০ তিনি ছিলেন সুবিচারক ও ধৈর্য্যশীল । যাহারা আইন ভঙ্গ করিত ও অত্যাচারের দোষে দোষী সাব্যস্ত হইত মুসলমান অমুসলিম নির্বিশেষে তিনি তাহদিগকে শাস্তি প্রদান করেন । ২১ প্রধান বিচারপতি মুশাৱ বিন ইমরান আমীরকে পর্যন্ত রাজকীয় ভুল সংশোধনে বাধ্য করেন । ২২ আল বাকরীর মতে, তাঁহার সময় আদায়কৃত করের বাৎসরিক পরিমাণ ছিল ৬০০,০০০ হাজার দিনার । ২৩ বেতনভুক্ত নিয়মিত সেনাবাহিনী গঠিত হয় এবং রাজ প্রাসাদের প্রবেশদ্বারে রক্ষিবাহিনী নিযুক্ত করা হয় । তিনি কঠোর হস্তে রাজ্য শাসন করেন এবং বিদ্রোহীদের দমন করেন । আমীর একজন উচ্চমানের কবি ছিলেন । তিনি কবি ও গায়কদের দ্বারা পরিবৃত্ত হইয়া থাকিতে ভালবাসিতেন । হাকাম স্পেনের সিংহাসন রক্ষার্থে মরক্কোর ইদ্রিসী শাসকদের সহিত ৮০৫ খ্রীস্টাব্দে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মৈত্রীচুক্তি সম্পাদন করেন । হাকাম ভোগ বিলাসিতার প্রশ্রয় দিলেও রাজনীতির ক্ষেত্রে তিনি নিজেকে একজন সফল শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেন ।

টিকাঃ
২০। লেভি প্রভেঙ্কাল, ১ম খণ্ড, পৃঃ ১৬৪, ৩য় খণ্ড, পৃঃ ৩২।
২১। গায়ানগোস, ১ম খণ্ড, পৃঃ ২১৩।
২২। লেভি প্রভেঙ্কাল, ৩য় খণ্ড, পৃঃ ৩২।
২৩। আখবার মাজমুয়া, পৃঃ ১২৯-৩০।

ফন্ট সাইজ
15px
17px