📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 গথিক সীমান্তে সেনানিবাসের ভিত্তি স্থাপন

📄 গথিক সীমান্তে সেনানিবাসের ভিত্তি স্থাপন


দেশের সীমান্তের আপার মার্চ প্রতিরক্ষার জন্য সারাগোসা, মধ্য মার্চের জন্য টলেডো এবং নিম্ন মার্চের জন্য মেরিদাকে কেন্দ্র করিয়া উমাইয়া প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়া ওঠে । ৫ ফ্রাঙ্ক সম্রাট শার্লমান মুসলমানদেরকে উত্যক্ত ও বিরক্ত করার জন্য এবং ফ্রান্সকে আক্রমণের হাত থেকে রক্ষা করিবার উদ্দেশ্যে গথিক মার্চ নামে একটি সীমান্ত রাজ্য প্রতিষ্ঠা করে । গথিক মার্চে সেনানিবাস প্রতিষ্ঠিত হয় ৭৯৮ খ্রীস্টাব্দে । ১৮৫ হিঃ/৮০১ খ্রীস্টাব্দে ফ্রাঙ্কগণ বার্সিলোনা দখলের সিদ্ধান্ত গ্রহণ করেন । বার্সিলোনাতে অবস্থিত সেনাদল অবরোধকারীদের প্রতিহত করিবার জন্য এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে । কিন্তু খাদ্যের অভাবে তাহারা আত্মসমর্পণ করিতে বাধ্য হয় । গভর্নর জাইদ ৬ সাহায্যের আশায় কর্ডোভা গমন করেন । ৮৩৯ খ্রীস্টাব্দে রাজা লুইস মেদিনাসেলী আক্রমণ করেন কিন্তু প্রচুর ক্ষতিসহ পশ্চাদপসারণ করিতে বাধ্য হন । ৮ খ্রীস্টানগণ পুনরায় স্পেনে আক্রমণ করিয়া লুসিতানিয়া অধিকার করিয়া নেয় । আমীর নিজে ১৯৭ হিঃ/ ৮১২ খ্রীস্টাব্দে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন । শেষ পর্যন্ত ২০০হিঃ ৮১৬ খ্রীষ্টাব্দে কর্ডোভা ও আইক্স-লা-চ্যাপেল্লের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং ফ্রাঙ্কগণ গোলযোগ সৃষ্টি হইতে বিরত থাকে ফলে ইহা হাকামের শাসনের শেষ সাত বছর অবধি স্থায়ী হয় । ৯

টিকাঃ
৫। চার্লসের মৃত্যুর পর ৮০০ খ্রীঃ শার্লমান তাঁহার স্থলাভিষিক্ত হন। পরবর্তী বছর তিনি জনৈক আব্বাসীয় দূতকে বহু মূল্যবান উপঢৌকন দ্বারা তাঁহার রাজপ্রাসাদ আইকস্-লা-চাপেল্লিতে অভ্যর্থনা জানান।
৬। এইচ. কে. শেরওয়ানী, লিখিত জায়তুন নহে (মুসলিম কলোনিস, পৃঃ ১০১।)
৭। আমরুস খ্রীস্টান মাতার গর্ভে জন্মগ্রহণ করেন। এইচ. কে. শেরওয়ানী, মুসলিম কলোনিস্ পৃঃ ১০৫।
৮। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১০৮-১০৯।
৯। ই. জি. গোমেজ, হিস্টোরিয়া, ৪র্থ খণ্ড, পৃঃ ১০৪; ডজি বলেন যে, আমরুস হিঃ ১৯১/৮০৭ খ্রীঃ গভর্নর নিযুক্ত হন, স্পেনিশ ইসলাম, পৃঃ ২৪৬; রিয়াসত আলী, ১ম খণ্ড, পৃঃ ৩৬২।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 খন্দক বা পরিখা দিবস

📄 খন্দক বা পরিখা দিবস


ভিজিগথ সাম্রাজ্যের প্রাচীন রাজধানী টলেডো মুসলিম স্পেনের এক গুরুত্বপূর্ণ নগর ছিল । আমরুস বিন ইউসুফ—যিনি তালাভেরার ১০ শাসনকর্তা ছিলেন, শান্তি স্থাপনের জন্য সেখানে প্রেরিত হন । টলেডোবাসীদের সম্মতিক্রমে শহরের উত্তর-পূর্বে তাগুস নদীর উপর অবস্থিত পুলের সন্নিকটে সংরক্ষিত সেনাবাহিনী রাখিবার উদ্দেশ্যে তিনি একটি দুর্গ নির্মাণ করেন । যখন ভবিষ্যৎ শাসক যুবরাজ আবদুর রহমান খ্রীস্টান-স্পেনে যাইবার পথে ১৮১ হিঃ/৭৯৭ খ্রীস্টাব্দে নগর পরিদর্শনের জন্য আগমন করেন ১১ সেই সময় উক্ত দুর্গে শহরের গণ্যমান্য ব্যক্তিদেরকে অনুষ্ঠানে যোগ দানের জন্য আমন্ত্রণ জানান হয় । অনুষ্ঠানে যোগদানের পর গভর্নর তাহাদিগকে বিশ্বাসঘাতকতা করিয়া হত্যা করে এবং সমস্ত মৃতদেহকে একটি পরিখা বা দিঘীতে (Fosse) নিক্ষেপ করে । ইতিহাসে এই ঘটনা পরিখা দিবস "The Day of the Ditch" নামে খ্যাত । সঠিক মৃতের সংখ্যা জানা যায় না । এই সংখ্যা ৭০০ হইতে ৫,০০০ হাজার পর্যন্ত বলিয়া অনুমান করা হয় । ১২ টলেডোবাসীরা এইরূপে তাহাদের নেতাদিগকে হারায় । ১৩

টিকাঃ
১০। রাফায়েল, আলতামিরা, দ্যা ওয়েস্টার্ন খেলাফত, কেমব্রীজ মেডিয়াভ্যাল হিস্ট্রি, ৩য় খণ্ড, ১৯২২, পৃঃ ৪১৫।
১১। ইবনুল আছির, ১ম খণ্ড, পৃঃ ১৩৫-৩৭; ইবনুল কুতাইবা, পৃঃ ৪৫-৪৯; রিয়াসত আলী, ১ম খণ্ড, পৃঃ ৩৬২-৬৭ এবং ই. জি. গমেজ, হিস্টোরিয়া ডি ইস্পানা, ৪র্থ খণ্ড, পৃঃ ১০৩-১০৪।
১২। ইবনুল খাতিব, দ্যা খেলাফত-ই-মুয়াহিদীন, পৃঃ ১৬ দেখুন।
১৩। জে. রিবেরা (ইবনুল কুতিয়া) হিস্টোরিয়া ডি-ল্যা কনকুইজটা ডি ইস্পানা, মাদ্রিদ, ১৯২৬, মূল পৃঃ ৫৫-৫৭ (অনুবাদ পৃঃ ৪৪৪-৪৬)।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বেজা (বাজাটল) ও মেরি যাতে বিদ্রোহ

📄 বেজা (বাজাটল) ও মেরি যাতে বিদ্রোহ


আসবাগ বিন আবদুল্লাহ ছিলেন হাকামের চাচাত ভাই এবং ভগ্নিপতি । তিনি ছিলেন মেরিদার গভর্নর । আমীর এবং গভর্নরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হইয়াছিল । আসবাগ একজন উজিরকে বরখাস্ত করেন । আমীর হাকাম তাহাকে বরখাস্তের আদেশ প্রদান করেন । ইহাতে আসবাগ বিদ্রোহী হইয়া ওঠে । ৮০৬ খ্রীস্টাব্দে আমীর নিজে মেরিদা রওয়ানা হন । আসবাগের স্ত্রী যিনি আমীরেরও ভগ্নি তিনি তাঁহার স্বামীর পক্ষ হইতে ক্ষমা প্রার্থনা করেন । আমীর তাহাকে ক্ষমা করিয়া পূর্বপদে পুনর্বহাল করেন । লিসবনের ৯৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত বাজ্জাতে ৮০৭ ও ৮১৭ খ্রীস্টাব্দে হাজম বিন ওয়াহাব ও ওয়ালিদ একাধিকবার বেজায় বিদ্রোহ ঘোষণা করে এবং পরাজিত হইয়া শাস্তি ভোগ করে । ১৪ ৮০৭ খ্রীস্টাব্দে আলজেসিরায় খারিজী বিদ্রোহকেও দমন করা হয় ।

টিকাঃ
১৪। এ. এ. ভেসিলেভ, বাইজেন্স ইটলাস আরবস, ১ম খণ্ড, ১৯৩৫, পৃঃ ৪৯-৫৫।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 কর্ডোভাবাসীদের বিদ্রোহ

📄 কর্ডোভাবাসীদের বিদ্রোহ


পূর্ব বর্ণনা অনুযায়ী হাকাম ফিকাহ শাস্ত্রবিদদের নিকট প্রিয় ছিল না । হাকামের কঠোর ও কর্কশ ব্যবহারের জন্য গোয়াদালকুইভিরের দক্ষিণে অবস্থিত শহরগুলিতে বিদ্রোহের জন্য উস্কানী প্রদান করা হয় । ৮১৩ খ্রীস্টাব্দে মারাত্মক বিদ্রোহ দেখা দেয় । ধর্মবেত্তাগণ কর্ডোভাবাসীদের মধ্যে বিদ্রোহের ইন্ধন যোগাইতে থাকে । আমীরের বিরুদ্ধে বিদ্রোহে জনগণকে উত্তেজিত করিবার কার্যে ধর্মবেত্তাগণের মধ্যে যিনি সর্বাপেক্ষা বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন—তিনি ছিলেন তালুত । ১৫ একদিন রমজান মাসে ১৯৮ হিঃ/মে ৮১৪ খ্রীস্টাব্দে আমীরের জনৈক দেহরক্ষী এক অস্ত্র নির্মাতাকে হত্যা করে । অতঃপর অস্ত্রশস্ত্রে সজ্জিত এক জনতা আমীরকে হত্যা করিবার জন্য প্রাসাদ ঘেরাও করে । হাকাম এবং তাঁহার চাচা ওবায়দুল্লাহ উভয় দিক হইতে এমন ক্ষিপ্রতার সহিত আক্রমণ করেন যে কর্ডোভাবাসীরা হতভম্ব হইয়া পড়ে । ৩৬ জন নেতাসহ বিশ্বাসঘাতকের মোট সংখ্যা ছিল ৩০০ শত । আররাবাল দেল সুরের অধিবাসীদিগকে তিন দিনের মধ্যে কর্ডোভা ত্যাগ করিতে বলা হয় । ১৬ প্রায় ৮০০০ হাজার পরিবার মরক্কোর ফেজ-এ আশ্রয় গ্রহণ করে । আরও ১৫,০০০ হাজার নির্বাসিত ব্যক্তি আলেকজান্দ্রিয়ার পথে দেশ ত্যাগ করেন এবং সেখান হইতে ক্রিটে গমন করিয়া সেখানে আবু হাফস ওমর আল বালুতির নেতৃত্বাধীনে এক স্বাধীন রাষ্ট্র স্থাপন করে । ৯৯১ খ্রীস্টাব্দে গ্রীকদের নিকট থেকে ক্রিট অধিকার পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল । ১৭

টিকাঃ
১৫। কালেকশনস অব দ্যা হিস্ট্রোরিয়ানস্ ডি ফ্রান্স, ২য় খণ্ড, পৃঃ ৫৬, রেনাউদ কর্তৃক উদ্ধৃত (অনুবাদ এইচ. কে. শেরওয়ানী) মুসলিম কলোনিস, পৃঃ ১৯৭।
১৬। বাকেটের সংগ্রহ, ৫ম খণ্ড, পৃঃ ৬২. রেনাউদ কর্তৃক উদ্ধৃত, ১ম খণ্ড, পৃঃ ১০৮।
১৭। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১৭৬।

ফন্ট সাইজ
15px
17px