📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ফুকাহাদের মধ্যে হাকামের অজনপ্রিয়তা

📄 ফুকাহাদের মধ্যে হাকামের অজনপ্রিয়তা


হাকাম ছিলেন বুদ্ধিমান ও চতুর । তিনিই সর্বপ্রথম আন্দালুসীয় যুবরাজ যিনি জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ পরিবেশে থাকিতেন । মদাসক্ত এই যুবরাজ ছিলেন উদার ও মহৎ চরিত্রের অধিকারী । মদাসক্তির কারণে ধর্মীয় নেতাদের সহিত তাঁহার মতবিরোধের সৃষ্টি হয় । এই সমস্ত ধর্মীয় নেতাগণ ছিলেন সীমাহীন ক্ষমতার অধিকারী । হাকাম ইহাদের সুযোগ-সুবিধা ও ক্ষমতা হ্রাস করেন । রাজ্যের মধ্যে মালিক ইবনে আনাসের শিষ্যগণ ছিল খুবই শক্তিশালী । তাহারা সীমাহীন সুযোগ-সুবিধা ও ক্ষমতা ভোগ করিয়া আসিতেছিল । হাকাম সেই সমস্ত সুযোগ-সুবিধা দিতে অস্বীকৃতি জানান । এবং ঘোষণা করেন যে, রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে ধর্মগুরুদের অংশ গ্রহণ করা উচিত নহে । হিশামের মৃত্যুর পর রাজদরবারে পরিবর্তনের সূচনা হয় । নতুন আমীর ধর্মবিরোধী না হইলেও তিনি ছিলেন ভোগ বিলাসিতার প্রতি আকৃষ্ট । তিনি ধর্মীয় অনুশাসন মোতাবেক জীবন যাপনের ব্যাপারে খুবই উদার মনোভাব গ্রহণ করেন । আমীরের এইরূপ কার্যকলাপ ও চরিত্র ধর্মবেত্তাদের নিকট ছিল আপত্তিজনক ।

দেশের শাসনব্যবস্থা ধর্মীয় ভাবাপন্ন শাসক কর্তৃক পরিচালিত হউক ইহাই ছিল তাহাদের কাম্য । ধর্মবেত্তাদের এই আন্দোলনে সমর্থন প্রদান করেন নব মুসলিমগণ (মুয়াল্লাদুন) যাহাদের উপর তাহাদের বিরাট প্রভাব ছিল । ফুকাহাদের আহবানে নব মুসলিমরা সাড়া দেয় । সেই সময়ের সর্বাপেক্ষা নাম করা ধর্মবেত্তা ছিলেন বার্বার ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া লাইছ । ইয়াহিয়া এবং ইসা ইবনে দিনার টলেডোতে আত্মগোপন করেন সেখানে ইতিমধ্যে স্বাধীনতার জোর দাবী উত্থাপিত হয় । স্বাধীনতার দাবী উত্থাপকদের মধ্যে ছিলেন ইয়াহিয়া বিন নাসর ইয়াহসুবী, মুসা বিন সালিম খাওলানী, ইবনে আবিকাব, আবু ইয়াহিয়া জাকারিয়া মাতর গাসমানী । তাঁহারা ছিলেন স্পেনে ইসলামের স্তম্ভ স্বরূপ ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 হাকামের চাচার বিদ্রোহ

📄 হাকামের চাচার বিদ্রোহ


হাকামের চাচা সুলায়মান ও আবদুল্লাহ তখনও জীবিত ছিলেন । হিশামের মৃত্যু ও হাকামের উত্তরাধিকার নির্বাচনের সংবাদ শুনিয়া তাহারা পুনরায় সিংহাসন অধিকারের চেষ্টা করেন । সুলায়মান তাঞ্জিয়ারে বিপুল সংখ্যক সেনা সংগ্রহ করেন । আবদুল্লাহ তাঁহার টলেডোর জায়গীর হইতে পলায়ন করিয়া ভাইয়ের নিকট আগমন করেন । সেখান হইতে সুলায়মান ভ্যালেন্সিয়ায় গমন করেন । হাকাম ছিলেন সুদক্ষ সেনাপতি ও তাঁহার সেনাবাহিনী ছিল অভিজ্ঞ ও সুশিক্ষিত । ১৮৫ হিঃ/৮০১ খ্রীস্টাব্দে সুলায়মান খারিশের নিকট তৃতীয় বার পরাজিত হন । মেরিদাতে পলায়নকালে তিনি ধৃত হইয়া নিহত হন । ৩ সুলায়মানের সমর্থকদেরও অধিকাংশ নিহত হয় । আবদুল্লাহ আশ্রয় গ্রহণ করে ভ্যালেন্সিয়ায় । ৪ কিছুদিন পর তাহাকে ক্ষমা প্রদর্শন করা হয় । পরে তিনি তাঞ্জিয়ারে অবসর জীবন যযাপন করেন এবং তাঁহার দুই পুত্র আসবাগ ও কাসিমকে জামিন হিসাবে কর্ডোভায় প্রেরণ করেন ১৮৬ হিঃ/৮০২ খ্রীস্টাব্দে । হাকাম তাঁহার ভগ্নিকে আসবাগের সহিত বিবাহ দেন এবং তাহাকে মেরিদার গভর্নর নিযুক্ত করেন ।

টিকাঃ
৩। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১০২, ১১০, ১১১, ১১৪।
৪। রিয়াসত আলী, পৃঃ ৩৬৯-আসবাগ; স্কট, হিস্ট্রি অব দ্যা মূরিশ ইম্পায়ার ইন ইউরোপ, ১ম খণ্ড, পৃঃ ৪৪৪-ইসবাহ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ফ্রাঙ্কদের সহিত যুদ্ধ

📄 ফ্রাঙ্কদের সহিত যুদ্ধ


হাকাম যখন তাঁহার চাচার বিরুদ্ধে যুদ্ধ অভিযানের প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন সেই সময় দক্ষিণ-ফ্রান্স হইতে মুসলমানদের উচ্ছেদের সংবাদ আসে । নারবোনের ও গেরোনার মুসলমানগণ চার্লমানের পুত্র লুইস কর্তৃক বিতাড়িত হয় । লুইস তাঁহার ভ্রাতা চার্লসকে সঙ্গে লইয়া এবরো নদীর তীরে অগ্রসর হন । আমীর ভীষণ বিপদের সম্মুখীন হন । তিনি কয়েকজন অভিজ্ঞ সেনাপতিকে বিশেষ করিয়া আবদুল করিম বিন মুগিছের নেতৃত্বে ৭৯৭ খ্রীস্টাব্দে বিরাট এক সেনাবাহিনীকে সীমান্তে প্রেরণ করেন । এই অভিযানে অভাবিত সাফল্য লাভ হয় । অতি অল্প সময়ের মধ্যে স্পেন ফ্রান্সের সীমান্তে অবস্থিত গেরোনা, হুয়েস্কা এবং লেরিদার মত হৃত শহরগুলিকে পুনরুদ্ধার করেন । পর্বতমালা অতিক্রম করিয়া আমীর সাময়িকভাবে দক্ষিণ-ফ্রান্স পুনরায় অধিকার করেন । এই বিজয়ের পর তাঁহাকে আল মুজাফফর নামে অভিহিত করা হয় ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 গথিক সীমান্তে সেনানিবাসের ভিত্তি স্থাপন

📄 গথিক সীমান্তে সেনানিবাসের ভিত্তি স্থাপন


দেশের সীমান্তের আপার মার্চ প্রতিরক্ষার জন্য সারাগোসা, মধ্য মার্চের জন্য টলেডো এবং নিম্ন মার্চের জন্য মেরিদাকে কেন্দ্র করিয়া উমাইয়া প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়া ওঠে । ৫ ফ্রাঙ্ক সম্রাট শার্লমান মুসলমানদেরকে উত্যক্ত ও বিরক্ত করার জন্য এবং ফ্রান্সকে আক্রমণের হাত থেকে রক্ষা করিবার উদ্দেশ্যে গথিক মার্চ নামে একটি সীমান্ত রাজ্য প্রতিষ্ঠা করে । গথিক মার্চে সেনানিবাস প্রতিষ্ঠিত হয় ৭৯৮ খ্রীস্টাব্দে । ১৮৫ হিঃ/৮০১ খ্রীস্টাব্দে ফ্রাঙ্কগণ বার্সিলোনা দখলের সিদ্ধান্ত গ্রহণ করেন । বার্সিলোনাতে অবস্থিত সেনাদল অবরোধকারীদের প্রতিহত করিবার জন্য এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে । কিন্তু খাদ্যের অভাবে তাহারা আত্মসমর্পণ করিতে বাধ্য হয় । গভর্নর জাইদ ৬ সাহায্যের আশায় কর্ডোভা গমন করেন । ৮৩৯ খ্রীস্টাব্দে রাজা লুইস মেদিনাসেলী আক্রমণ করেন কিন্তু প্রচুর ক্ষতিসহ পশ্চাদপসারণ করিতে বাধ্য হন । ৮ খ্রীস্টানগণ পুনরায় স্পেনে আক্রমণ করিয়া লুসিতানিয়া অধিকার করিয়া নেয় । আমীর নিজে ১৯৭ হিঃ/ ৮১২ খ্রীস্টাব্দে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন । শেষ পর্যন্ত ২০০হিঃ ৮১৬ খ্রীষ্টাব্দে কর্ডোভা ও আইক্স-লা-চ্যাপেল্লের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং ফ্রাঙ্কগণ গোলযোগ সৃষ্টি হইতে বিরত থাকে ফলে ইহা হাকামের শাসনের শেষ সাত বছর অবধি স্থায়ী হয় । ৯

টিকাঃ
৫। চার্লসের মৃত্যুর পর ৮০০ খ্রীঃ শার্লমান তাঁহার স্থলাভিষিক্ত হন। পরবর্তী বছর তিনি জনৈক আব্বাসীয় দূতকে বহু মূল্যবান উপঢৌকন দ্বারা তাঁহার রাজপ্রাসাদ আইকস্-লা-চাপেল্লিতে অভ্যর্থনা জানান।
৬। এইচ. কে. শেরওয়ানী, লিখিত জায়তুন নহে (মুসলিম কলোনিস, পৃঃ ১০১।)
৭। আমরুস খ্রীস্টান মাতার গর্ভে জন্মগ্রহণ করেন। এইচ. কে. শেরওয়ানী, মুসলিম কলোনিস্ পৃঃ ১০৫।
৮। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১০৮-১০৯।
৯। ই. জি. গোমেজ, হিস্টোরিয়া, ৪র্থ খণ্ড, পৃঃ ১০৪; ডজি বলেন যে, আমরুস হিঃ ১৯১/৮০৭ খ্রীঃ গভর্নর নিযুক্ত হন, স্পেনিশ ইসলাম, পৃঃ ২৪৬; রিয়াসত আলী, ১ম খণ্ড, পৃঃ ৩৬২।

ফন্ট সাইজ
15px
17px