📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 সিংহাসনে আরোহণ

📄 সিংহাসনে আরোহণ


হিশামের মৃত্যুর পর তাঁহার পুত্র হাকাম ১ (আবুল আস নামে পরিচিত) ১৮০ হিঃ/৭৯৬ খ্রীস্টাব্দের সফর মাসে পিতার স্থলাভিষিক্ত হন । সিংহাসনে আরোহণকালে তাঁহার বয়স ছিল বাইশ বৎসর । ২ তিনি পূর্ববর্তী হাজীব (প্রধান মন্ত্রী) আবুল ওয়ালিদের পুত্র আবদুল করিমকে তাঁহার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ।

টিকাঃ
১। তাঁহার মাতার নাম ছিল জাখরাফ (ইবনুল খাতিব, দ্যা খেলাফত-ই-মুয়াহিদীন পৃঃ ১৩; রিয়াসত আলী, ১ম খণ্ড, পৃঃ ৩৫৭ দেখুন)
২। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড পৃঃ ১২৮।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ফুকাহাদের মধ্যে হাকামের অজনপ্রিয়তা

📄 ফুকাহাদের মধ্যে হাকামের অজনপ্রিয়তা


হাকাম ছিলেন বুদ্ধিমান ও চতুর । তিনিই সর্বপ্রথম আন্দালুসীয় যুবরাজ যিনি জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ পরিবেশে থাকিতেন । মদাসক্ত এই যুবরাজ ছিলেন উদার ও মহৎ চরিত্রের অধিকারী । মদাসক্তির কারণে ধর্মীয় নেতাদের সহিত তাঁহার মতবিরোধের সৃষ্টি হয় । এই সমস্ত ধর্মীয় নেতাগণ ছিলেন সীমাহীন ক্ষমতার অধিকারী । হাকাম ইহাদের সুযোগ-সুবিধা ও ক্ষমতা হ্রাস করেন । রাজ্যের মধ্যে মালিক ইবনে আনাসের শিষ্যগণ ছিল খুবই শক্তিশালী । তাহারা সীমাহীন সুযোগ-সুবিধা ও ক্ষমতা ভোগ করিয়া আসিতেছিল । হাকাম সেই সমস্ত সুযোগ-সুবিধা দিতে অস্বীকৃতি জানান । এবং ঘোষণা করেন যে, রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে ধর্মগুরুদের অংশ গ্রহণ করা উচিত নহে । হিশামের মৃত্যুর পর রাজদরবারে পরিবর্তনের সূচনা হয় । নতুন আমীর ধর্মবিরোধী না হইলেও তিনি ছিলেন ভোগ বিলাসিতার প্রতি আকৃষ্ট । তিনি ধর্মীয় অনুশাসন মোতাবেক জীবন যাপনের ব্যাপারে খুবই উদার মনোভাব গ্রহণ করেন । আমীরের এইরূপ কার্যকলাপ ও চরিত্র ধর্মবেত্তাদের নিকট ছিল আপত্তিজনক ।

দেশের শাসনব্যবস্থা ধর্মীয় ভাবাপন্ন শাসক কর্তৃক পরিচালিত হউক ইহাই ছিল তাহাদের কাম্য । ধর্মবেত্তাদের এই আন্দোলনে সমর্থন প্রদান করেন নব মুসলিমগণ (মুয়াল্লাদুন) যাহাদের উপর তাহাদের বিরাট প্রভাব ছিল । ফুকাহাদের আহবানে নব মুসলিমরা সাড়া দেয় । সেই সময়ের সর্বাপেক্ষা নাম করা ধর্মবেত্তা ছিলেন বার্বার ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া লাইছ । ইয়াহিয়া এবং ইসা ইবনে দিনার টলেডোতে আত্মগোপন করেন সেখানে ইতিমধ্যে স্বাধীনতার জোর দাবী উত্থাপিত হয় । স্বাধীনতার দাবী উত্থাপকদের মধ্যে ছিলেন ইয়াহিয়া বিন নাসর ইয়াহসুবী, মুসা বিন সালিম খাওলানী, ইবনে আবিকাব, আবু ইয়াহিয়া জাকারিয়া মাতর গাসমানী । তাঁহারা ছিলেন স্পেনে ইসলামের স্তম্ভ স্বরূপ ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 হাকামের চাচার বিদ্রোহ

📄 হাকামের চাচার বিদ্রোহ


হাকামের চাচা সুলায়মান ও আবদুল্লাহ তখনও জীবিত ছিলেন । হিশামের মৃত্যু ও হাকামের উত্তরাধিকার নির্বাচনের সংবাদ শুনিয়া তাহারা পুনরায় সিংহাসন অধিকারের চেষ্টা করেন । সুলায়মান তাঞ্জিয়ারে বিপুল সংখ্যক সেনা সংগ্রহ করেন । আবদুল্লাহ তাঁহার টলেডোর জায়গীর হইতে পলায়ন করিয়া ভাইয়ের নিকট আগমন করেন । সেখান হইতে সুলায়মান ভ্যালেন্সিয়ায় গমন করেন । হাকাম ছিলেন সুদক্ষ সেনাপতি ও তাঁহার সেনাবাহিনী ছিল অভিজ্ঞ ও সুশিক্ষিত । ১৮৫ হিঃ/৮০১ খ্রীস্টাব্দে সুলায়মান খারিশের নিকট তৃতীয় বার পরাজিত হন । মেরিদাতে পলায়নকালে তিনি ধৃত হইয়া নিহত হন । ৩ সুলায়মানের সমর্থকদেরও অধিকাংশ নিহত হয় । আবদুল্লাহ আশ্রয় গ্রহণ করে ভ্যালেন্সিয়ায় । ৪ কিছুদিন পর তাহাকে ক্ষমা প্রদর্শন করা হয় । পরে তিনি তাঞ্জিয়ারে অবসর জীবন যযাপন করেন এবং তাঁহার দুই পুত্র আসবাগ ও কাসিমকে জামিন হিসাবে কর্ডোভায় প্রেরণ করেন ১৮৬ হিঃ/৮০২ খ্রীস্টাব্দে । হাকাম তাঁহার ভগ্নিকে আসবাগের সহিত বিবাহ দেন এবং তাহাকে মেরিদার গভর্নর নিযুক্ত করেন ।

টিকাঃ
৩। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ১০২, ১১০, ১১১, ১১৪।
৪। রিয়াসত আলী, পৃঃ ৩৬৯-আসবাগ; স্কট, হিস্ট্রি অব দ্যা মূরিশ ইম্পায়ার ইন ইউরোপ, ১ম খণ্ড, পৃঃ ৪৪৪-ইসবাহ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ফ্রাঙ্কদের সহিত যুদ্ধ

📄 ফ্রাঙ্কদের সহিত যুদ্ধ


হাকাম যখন তাঁহার চাচার বিরুদ্ধে যুদ্ধ অভিযানের প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন সেই সময় দক্ষিণ-ফ্রান্স হইতে মুসলমানদের উচ্ছেদের সংবাদ আসে । নারবোনের ও গেরোনার মুসলমানগণ চার্লমানের পুত্র লুইস কর্তৃক বিতাড়িত হয় । লুইস তাঁহার ভ্রাতা চার্লসকে সঙ্গে লইয়া এবরো নদীর তীরে অগ্রসর হন । আমীর ভীষণ বিপদের সম্মুখীন হন । তিনি কয়েকজন অভিজ্ঞ সেনাপতিকে বিশেষ করিয়া আবদুল করিম বিন মুগিছের নেতৃত্বে ৭৯৭ খ্রীস্টাব্দে বিরাট এক সেনাবাহিনীকে সীমান্তে প্রেরণ করেন । এই অভিযানে অভাবিত সাফল্য লাভ হয় । অতি অল্প সময়ের মধ্যে স্পেন ফ্রান্সের সীমান্তে অবস্থিত গেরোনা, হুয়েস্কা এবং লেরিদার মত হৃত শহরগুলিকে পুনরুদ্ধার করেন । পর্বতমালা অতিক্রম করিয়া আমীর সাময়িকভাবে দক্ষিণ-ফ্রান্স পুনরায় অধিকার করেন । এই বিজয়ের পর তাঁহাকে আল মুজাফফর নামে অভিহিত করা হয় ।

ফন্ট সাইজ
15px
17px