📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 টলেডোতে বিদ্রোহ

📄 টলেডোতে বিদ্রোহ


টলেডোর প্রাক্তন গভর্নর হিশাম বিন উরওয়াহ ২৩ ৭৬১ খ্রীস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করেন । শহর অবরুদ্ধ হইলে বিদ্রোহী নেতা আত্মসমর্পণ করিতে বাধ্য হন এবং তাহার পুত্রকে জামিন হিসাবে প্রেরণ করেন । কিন্তু তিনি পুনরায় বিদ্রোহ ঘোষণা করেন এবং আমীরকে অবরোধ প্রত্যাহারে বাধ্য করেন । ২৪ শহরে প্রত্যাবর্তন করিয়া আমীর হিশামের পুত্র যিনি জামিন ছিলেন তাহাকে হত্যা করেন । ২৫ চারি বৎসর পর ৭৬৪ খ্রীস্টাব্দে টলেডো আত্মসমর্পণ করতে বাধ্য হয় । বদর বিদ্রোহী নেতাকে কর্ডোভাতে আনিয়া ফাঁসি দেন । তামামা বিন আলকামা টলেডোর গভর্নর নিযুক্ত হন ।

টিকাঃ
২৩। ঐ, পৃঃ ১০১, ১০৪।
২৪। ইবনুল কুতাইবার মতে, আলা আল-মুগীত বেজার প্রধান ছিলেন। এবং আব্বাসীয়দের সমর্থনে ক্ষমতাসীন হয়েছিলেন।
২৫। ইবনুল আছির, ৫ম খণ্ড, পৃঃ ৪৪০; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ৪২৩; আল-মাক্কারী, ২য় খণ্ড, পৃঃ ৬৭।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্পেনে আব্বাসীয় পতাকা

📄 স্পেনে আব্বাসীয় পতাকা


প্রথম আবদুর রহমান আব্বাসীয় খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ করিতেন । পরবর্তীকালে আবদুল মালেক বিন ওমর বিন মারওয়ান পরামর্শে আব্বাসীয় খলিফাদের নামপাঠ স্থগিত করেন । যদিও তিনি নিজেকে তখন পর্যন্ত খলিফা না বলিয়া আমীর বলিতেন । আব্বাসীয় খলিফা মনসুর কায়রোওয়ানের ওয়ালী আলা বিন মুগিস ইয়াহসুবীকে আন্দালুসীয়া আক্রমণের আদেশ প্রদান করেন । আলা বিন মুগিস ১৪৬ হিঃ/৭৬৩ খ্রীস্টাব্দে বেজা প্রদেশে আগমন করেন এবং ইয়ামানীদের সাহায্যে আব্বাসীয় কাল পতাকা উত্তোলন করেন । ২৬ তাহার সহিত বেজায় বসবাসকারী বহু মিশরীয় এবং ওয়াসীত বিন মুগিস ও উমাইয়া বিন কুতনের ন্যায় বহু নেতা যোগদান করেন । আলা তাহার পর সেভিলের দিকে অগ্রসর হন এবং সেখানে ইয়ামানীদের সমর্থন লাভ করেন । আমীর সেভিলের দিকে অগ্রসর হন আলাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে । আলা সঙ্কটজনক অবস্থা দেখিয়া কারমোনার দিকে পশ্চাদপসারণ করেন । বদর সিকোনীয়ার গিয়াস বিন আল কামাহকে আব্বাসীয় প্রতিনিধির সহিত যোগদানে বাধা দান করিয়া দ্রুত কারমোনার দিকে অগ্রসর হন এবং সেখানে আমীর বদরের সহিত যোগ দান করেন । আলা কারমোনা অবরোধ করেন । শহরটি সুরক্ষিত হওয়ায় অধিকার করা সহজ ছিল না । অবরোধ দুই মাস স্থায়ী হয় । ২৭ আমীর ওবায়দুল্লাহর সহিত যোগ দেন । আকস্মিক এক রাত্রে আমীর আক্রমণ করে । ফলে ভীষণ যুদ্ধ হয় । যুদ্ধে প্রথম আবদুর রহমানের সেনাবাহিনী আলার অশ্বারোহী সৈন্য দলকে ছত্রভঙ্গ করিয়া দেয় । আলা তাহার ৭,০০০ হাজার বার্বার সমর্থকসহ নিহত হন । ২৮ এই বিদ্রোহকে দমন করিয়া আলার ছিন্ন মস্তক ও আব্বাসীয় খলিফার নিকট হইতে প্রাপ্ত অভিষেক পত্র জনৈক বণিকের মাধ্যমে আব্বাসীয় খলিফার নিকট মক্কায় প্রেরণ করেন । খলিফা তাহাকে সাকর কুরাইশ বলিয়া অভিহিত করেন ।

টিকাঃ
২৬। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৭; স্টোরি অব দ্যা মেডিরাজ (স্পেন) ৩৬ খণ্ড, পৃঃ ৩২।
২৭। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৪২, ৪৩, ৪৫; মাজমুয়া, পৃঃ ১১৩-১৬।
২৮। ইবনুল আছির, ৫ম খণ্ড, পৃঃ ৩৮২; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ১১৩; নাফলুল-তিব, ১ম খণ্ড, পৃঃ ১৫৫।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বার্বারদের বিদ্রোহ

📄 বার্বারদের বিদ্রোহ


আবদুর রহমান তৎপর বার্বার শক্তিকে নির্মূল করিতে আত্মনিয়োগ করেন । গোয়াদিয়ানা নদীর তীরে শান্তাব্রীয়াতে তাঁহাদের এই বিদ্রোহ দশ বৎসর স্থায়ী হইয়াছিল । তাহাদের নেতা আবদুল্লাহ অথবা সুফিয়ান বিন আবদুল ওয়াহেদ শাকনা ২৯ নামে পরিচিত ছিলেন । তিনি ছিলেন মিনক্সাসাহ বার্বারদের স্কুল শিক্ষক । তিনি নিজেকে রসুলের বংশধর ফাতেমী বলিয়া দাবি করিতেন এবং ১৫১ হিঃ/৭৬৮ খ্রীস্টাব্দে শান্তাব্রীয়াতে নিজকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন । তিনি একাধারে নয় বৎসর আবদুর রহমানকে বিব্রত রাখেন । ৭৭৭ খ্রীস্টাব্দে তাহার দুই সমর্থকের হস্তে তিনি নিহত হন । ৩০

টিকাঃ
২৯। ঐ, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৬৩; ঐ, ৪র্থ খণ্ড, পৃঃ ১৮০।
৩০। কুব্বাত, আল-সাকরাহ (দ্যা ডোম অব দ্যা রক) বিল্ট টু ডাইভার্ট দ্যা এটেনশন অব দ্যা পিলগ্রিমেজ ফ্রম কা'বা হোইজ ওয়াজ আন্ডার দ্যা অকোপেশন অব আব্দুল্লাহ ইবনে যুবাইর ইন ৭২হিঃ/৬৯১-৯২ A.D.

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 শার্লমান ও আরব নেতাদের মৈত্রী

📄 শার্লমান ও আরব নেতাদের মৈত্রী


৭৫৯ খ্রীস্টাব্দে নারবোনের পতনের এক বৎসর পর বার্সিলানোর গভর্নর সুলায়মান নিজেকে কর্ডোভার সার্বভৌম শাসক বলিয়া ঘোষণা করিবার জন্য পেপিনের সাহায্য কামনা করেন । প্রথম আবদুর রহমানকে তাহার শাসন আমলের শেষাংশে পূর্ব স্পেনের আরব নেতা আবুল আসওয়াদ ও আবদুর রহমান বিন হাবিব এবং বার্সিলানোর কালবী সম্প্রদায়ভুক্ত গভর্নরের ঐক্যবদ্ধ শক্তির মোকাবিলা করিতে হয় । তাহারা স্পেন হইতে আবদুর রহমানকে বিতাড়িত করিতে চাহিয়াছিল । জোটভুক্ত তিন মিত্র ফ্রান্সের রাজা শার্লমানকে স্পেন আক্রমণের জন্য আহবান জানান । পরিকল্পনা মাফিক শার্লমান যাত্রা শুরু করেন । ১৬১ হিঃ/৭৭৭ খ্রীস্টাব্দে শার্লমান পীরেনীজ পর্বত অতিক্রম করিয়া স্পেনে পৌঁছে । অভ্যন্তরীণ মতভেদের দরুন মৈত্রীবন্ধন ব্যর্থতায় পর্যবসিত হয় । ১৬২ হিঃ/ ৭৭৮ খ্রীঃ সারাগোসায় শার্লমান হুসায়েন বিন ইয়াহিয়া আল আনসারীর হাতে শোচনীয়ভাবে পরাজিত হন । ৩১ কোন প্রকার সাফল্য ব্যতীতই শার্লমানকে স্পেন হইতে ফ্রান্সে ফিরিয়া যাইতে হয় । শার্লমান-সেনাবাহিনী যে সময় পীরেনীজ পর্বতশ্রেণী অতিক্রম করিতেছিলেন, সেই সময় বাস্কুয়াস সেনাবাহিনীর পশ্চাদভাগ আক্রমণ করিয়া সম্পূর্ণভাবে ধ্বংস সাধন করে । ৩২ আবদুর রহমান কর্তৃক সারাগোসা অবরুদ্ধ হয় । অবশেষে ১৬৪/৭৮০ খ্রীস্টাব্দে রাজকীয় বাহিনী সারাগোসার দুর্গ অধিকার করে । ৩৩ ইহার পর আবদুর রহমান দৃষ্টি নিবন্ধ করেন আসওয়াদের প্রতি । রাজকীয় বাহিনী বিদ্রোহীদের আক্রমণ করে । শেষ পর্যন্ত আবুল আসওয়াদ ৭৭৮ খ্রীস্টাব্দে গোয়াদালিমার নদীর তীরে পরাজিত হয় ও তাহার ৪,০০০ হাজার সৈন্য নিহত হয় । ৩৪

টিকাঃ
৩১। নাফলুল-তিব, ১ম খণ্ড, পৃঃ ৭২
৩২। ঐ, ১ম খণ্ড, পৃঃ ৭২।
৩৩। শাকিয়া আব্দুল্লাহ বিন মুহম্মদ, ডজি, পৃঃ ২০২ দেখুন।
৩৪। ইবনুল আছির, ৫ম খণ্ড, পৃঃ ৪৬৩-৬৪; আল মাক্কারী, ২য় খণ্ড, পৃঃ ৭৩।

ফন্ট সাইজ
15px
17px