📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 দক্ষিণাংশে ইয়ামানীদের বিদ্রোহ

📄 দক্ষিণাংশে ইয়ামানীদের বিদ্রোহ


ইউসুফ পরাজিত ও নিহত হওয়ার পরেও আবদুর রহমানের বিপদ বিদূরিত না হওয়ায় তাহাকে অন্যান্য বিদ্রোহী নেতাদের মোকাবিলা করিতে হয় । ইয়ামানী ও বার্বারগণ তাহার পুরুষানুক্রমিক শাসনকে পছন্দ করিতেছিল না । ফলে একাধিক বিদ্রোহ দেখা দেয় । আবদুর রহমান তাহার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করার পর কর্ডোভার আশেপাশে বিদ্রোহকে দমন করিবার জন্য অগ্রসর হন । ৭৬০ খ্রীস্টাব্দে আরজাক বিন নোমান গাসসানী আলজিরিয়াতে বিদ্রোহ ঘোষণা করিয়া মদীনা সিদোনীয়া এবং সেভিল দখল করেন । ২১

ইয়ামানী নেতা আবুল সাববাহ সেভিলের গভর্নর, মুসারাহর যুদ্ধের পর আবদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল । আবুল সাববাহ ৭৬৬ খ্রীষ্টাব্দে ক্ষমতাচ্যুত ও নিহত হন । ইহাতে অন্যান্য ইয়ামানী নেতাগণ বিরূপ হইয়া ওঠেন । আবুল সাববাহর ক্ষুব্ধ আত্মীয়-স্বজন যেমন আবদুল গাফফার বিন হামিদ, আমির বিন তালুত, আবু কুলসুম বিন ইয়াসুব এবং হায়াত বিন মুলামিস ২২ বিদ্রোহী হইয়া ওঠেন এবং বহু মুজারীকে নিহত করেন । আমীর আবদুর রহমান দ্রুত উত্তর সীমান্ত হইতে কর্ডোভাতে ফিরিয়া আসেন এবং দক্ষিণাংশে বিদ্রোহ দমনের জন্য অগ্রসর হন । কর্ডোভা প্রদেশে বেমবেজার নামে পরিচিত মাইসার নদীর তীরে ৭৭৪ খ্রীষ্টাব্দে ইয়ামানীদের সহিত তিনি যুদ্ধে লিপ্ত হন । আমীরের বার্বার অনুচরদের দ্বারা প্ররোচিত হইয়া বহু সংখ্যক বার্বার যাহারা বিদ্রোহে যোগদান করিয়াছিল দলত্যাগ করে । ইয়ামানীরা পরাজিত হয়, তাহাদের ২০,০০০ হাজার সৈন্য নিহত হয় এবং তাহাদের ক্ষমতা বিলুপ্ত হয় । নিয়েবলার ইয়ামানী বিদ্রোহী নেতা মাতারী পরাজিত ও নিহত হন ।

টিকাঃ
২১। ঐ, পৃঃ ২৭৩; ঐ, পৃঃ ৭১-৭২।
২২। মাজমুয়া আখবার, আন্দালুস, পৃঃ ১০১।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 টলেডোতে বিদ্রোহ

📄 টলেডোতে বিদ্রোহ


টলেডোর প্রাক্তন গভর্নর হিশাম বিন উরওয়াহ ২৩ ৭৬১ খ্রীস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করেন । শহর অবরুদ্ধ হইলে বিদ্রোহী নেতা আত্মসমর্পণ করিতে বাধ্য হন এবং তাহার পুত্রকে জামিন হিসাবে প্রেরণ করেন । কিন্তু তিনি পুনরায় বিদ্রোহ ঘোষণা করেন এবং আমীরকে অবরোধ প্রত্যাহারে বাধ্য করেন । ২৪ শহরে প্রত্যাবর্তন করিয়া আমীর হিশামের পুত্র যিনি জামিন ছিলেন তাহাকে হত্যা করেন । ২৫ চারি বৎসর পর ৭৬৪ খ্রীস্টাব্দে টলেডো আত্মসমর্পণ করতে বাধ্য হয় । বদর বিদ্রোহী নেতাকে কর্ডোভাতে আনিয়া ফাঁসি দেন । তামামা বিন আলকামা টলেডোর গভর্নর নিযুক্ত হন ।

টিকাঃ
২৩। ঐ, পৃঃ ১০১, ১০৪।
২৪। ইবনুল কুতাইবার মতে, আলা আল-মুগীত বেজার প্রধান ছিলেন। এবং আব্বাসীয়দের সমর্থনে ক্ষমতাসীন হয়েছিলেন।
২৫। ইবনুল আছির, ৫ম খণ্ড, পৃঃ ৪৪০; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ৪২৩; আল-মাক্কারী, ২য় খণ্ড, পৃঃ ৬৭।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্পেনে আব্বাসীয় পতাকা

📄 স্পেনে আব্বাসীয় পতাকা


প্রথম আবদুর রহমান আব্বাসীয় খলিফা আল মনসুরের নামে খুতবা পাঠ করিতেন । পরবর্তীকালে আবদুল মালেক বিন ওমর বিন মারওয়ান পরামর্শে আব্বাসীয় খলিফাদের নামপাঠ স্থগিত করেন । যদিও তিনি নিজেকে তখন পর্যন্ত খলিফা না বলিয়া আমীর বলিতেন । আব্বাসীয় খলিফা মনসুর কায়রোওয়ানের ওয়ালী আলা বিন মুগিস ইয়াহসুবীকে আন্দালুসীয়া আক্রমণের আদেশ প্রদান করেন । আলা বিন মুগিস ১৪৬ হিঃ/৭৬৩ খ্রীস্টাব্দে বেজা প্রদেশে আগমন করেন এবং ইয়ামানীদের সাহায্যে আব্বাসীয় কাল পতাকা উত্তোলন করেন । ২৬ তাহার সহিত বেজায় বসবাসকারী বহু মিশরীয় এবং ওয়াসীত বিন মুগিস ও উমাইয়া বিন কুতনের ন্যায় বহু নেতা যোগদান করেন । আলা তাহার পর সেভিলের দিকে অগ্রসর হন এবং সেখানে ইয়ামানীদের সমর্থন লাভ করেন । আমীর সেভিলের দিকে অগ্রসর হন আলাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে । আলা সঙ্কটজনক অবস্থা দেখিয়া কারমোনার দিকে পশ্চাদপসারণ করেন । বদর সিকোনীয়ার গিয়াস বিন আল কামাহকে আব্বাসীয় প্রতিনিধির সহিত যোগদানে বাধা দান করিয়া দ্রুত কারমোনার দিকে অগ্রসর হন এবং সেখানে আমীর বদরের সহিত যোগ দান করেন । আলা কারমোনা অবরোধ করেন । শহরটি সুরক্ষিত হওয়ায় অধিকার করা সহজ ছিল না । অবরোধ দুই মাস স্থায়ী হয় । ২৭ আমীর ওবায়দুল্লাহর সহিত যোগ দেন । আকস্মিক এক রাত্রে আমীর আক্রমণ করে । ফলে ভীষণ যুদ্ধ হয় । যুদ্ধে প্রথম আবদুর রহমানের সেনাবাহিনী আলার অশ্বারোহী সৈন্য দলকে ছত্রভঙ্গ করিয়া দেয় । আলা তাহার ৭,০০০ হাজার বার্বার সমর্থকসহ নিহত হন । ২৮ এই বিদ্রোহকে দমন করিয়া আলার ছিন্ন মস্তক ও আব্বাসীয় খলিফার নিকট হইতে প্রাপ্ত অভিষেক পত্র জনৈক বণিকের মাধ্যমে আব্বাসীয় খলিফার নিকট মক্কায় প্রেরণ করেন । খলিফা তাহাকে সাকর কুরাইশ বলিয়া অভিহিত করেন ।

টিকাঃ
২৬। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৭; স্টোরি অব দ্যা মেডিরাজ (স্পেন) ৩৬ খণ্ড, পৃঃ ৩২।
২৭। ইবনুল আছির, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৪২, ৪৩, ৪৫; মাজমুয়া, পৃঃ ১১৩-১৬।
২৮। ইবনুল আছির, ৫ম খণ্ড, পৃঃ ৩৮২; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ১১৩; নাফলুল-তিব, ১ম খণ্ড, পৃঃ ১৫৫।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বার্বারদের বিদ্রোহ

📄 বার্বারদের বিদ্রোহ


আবদুর রহমান তৎপর বার্বার শক্তিকে নির্মূল করিতে আত্মনিয়োগ করেন । গোয়াদিয়ানা নদীর তীরে শান্তাব্রীয়াতে তাঁহাদের এই বিদ্রোহ দশ বৎসর স্থায়ী হইয়াছিল । তাহাদের নেতা আবদুল্লাহ অথবা সুফিয়ান বিন আবদুল ওয়াহেদ শাকনা ২৯ নামে পরিচিত ছিলেন । তিনি ছিলেন মিনক্সাসাহ বার্বারদের স্কুল শিক্ষক । তিনি নিজেকে রসুলের বংশধর ফাতেমী বলিয়া দাবি করিতেন এবং ১৫১ হিঃ/৭৬৮ খ্রীস্টাব্দে শান্তাব্রীয়াতে নিজকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন । তিনি একাধারে নয় বৎসর আবদুর রহমানকে বিব্রত রাখেন । ৭৭৭ খ্রীস্টাব্দে তাহার দুই সমর্থকের হস্তে তিনি নিহত হন । ৩০

টিকাঃ
২৯। ঐ, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৬৩; ঐ, ৪র্থ খণ্ড, পৃঃ ১৮০।
৩০। কুব্বাত, আল-সাকরাহ (দ্যা ডোম অব দ্যা রক) বিল্ট টু ডাইভার্ট দ্যা এটেনশন অব দ্যা পিলগ্রিমেজ ফ্রম কা'বা হোইজ ওয়াজ আন্ডার দ্যা অকোপেশন অব আব্দুল্লাহ ইবনে যুবাইর ইন ৭২হিঃ/৬৯১-৯২ A.D.

ফন্ট সাইজ
15px
17px