📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তুলুসের যুদ্ধ

📄 তুলুসের যুদ্ধ


সামাহ শুধু একজন উত্তম প্রশাসকই ছিলেন না, তিনি সুদক্ষ সেনাপতি হিসাবেও খ্যাতি অর্জন করেন । শাসনভার গ্রহণ করিবার পরই তিনি শুনিতে পাইলেন যে, সেপ্টিমানিয়ার খ্রীস্টানগণ বিদ্রোহ ঘোষণা করিয়াছে । পীরেনীজের অপর প্রান্তে অবস্থিত এই সেপ্টিমানিয়া সপ্তনগরী নামে খ্যাত । নারবোন, আগদে, বেজিয়ার, লোদেভ, কারকাস্সোন, নিমেস ও মাগলোন নামে, সাতটি শহর সমন্বয়ে সেপ্টিমানিয়া গঠিত । রাজধানী নারবোনে সমুদ্র হইতে অতি সহজে প্রবেশের পথ ছিল । ফলে ইহা মুসলিম সেনাদের সামরিক তৎপরতার লীলাক্ষেত্রে পরিণত হয় । তিনি অতঃপর আকিতেনের রাজধানী তুলুস অভিমুখে যাত্রা শুরু করেন এবং ৭২১ খ্রীস্টাব্দের মে মাসে উহা অবরোধ করেন । আকিতেনের ডিউক ইউডেস শহর সেনাদলের সাহায্যার্থে বিরাট সেনাবাহিনী লইয়া আগমন করেন । সেনা সংখ্যার স্বল্পতা ও উভয় দিক হইতে আক্রান্ত হওয়া সত্ত্বেও সামাহ আরব সুলভ ক্ষিপ্রতার সহিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন । কিন্তু অপর্যাপ্ত সৈন্য সংখ্যার কারণে বীরত্ব নিষ্ফল পর্যবসিত হয় । প্রচণ্ড যুদ্ধের পর সামাহ নিহত হন । তাঁহার মৃত্যুতে সেনাদের মধ্যে হতাশার সৃষ্টি হয় । আবদুর রহমান বিন আবদুল্লাহ আল গাফিকীর নেতৃত্বে সামাহর সেনাদল যুদ্ধক্ষেত্র প্রভেন্স হইতে প্রত্যাবর্তন করে ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আনবাসাহ

📄 আনবাসাহ


সামাহর মৃত্যুর পর আবদুর রহমান কয়েকমাস গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন । আফ্রিকার গভর্নর জেনারেল বিশর বিন সাফওয়ান আনবাসাহ বিন সাহিম আল কালবিকে স্পেনের গভর্নর নিযুক্ত করেন । নতুন গভর্নর আবদুর রহমানকে পূর্ব স্পেনের লেফটেনেন্ট গভর্নর পদে পুনর্বহাল করেন ।

তিনি ফ্রান্সের বিরুদ্ধে পূর্ণ শক্তি সহকারে অভিযান পরিচালনা করিয়া কারকাসসোন, নিমেস ও অন্যান্য স্থান পুনর্দখল করেন । মুসলিম সেনারা উত্তর দিকে রোন উপত্যকা অতিক্রম করিয়া আউতুনে উপস্থিত হয় । মুসলিম বাহিনী ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারগুইণ্ডি প্রদেশ এবং পূর্বে সাউনে অধিকার করে । আনবাসাহ কারকাসসোনের খ্রীস্টানদের মিত্রতা ও সহযোগিতায় আত্মরক্ষা মূলক ও আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেন । জামিন ও বন্দীদের প্রতি তাঁহার মহানুভবতা এবং বিচক্ষণতাপূর্ণ ব্যবহার দক্ষিণ ফ্রান্সে মুসলমানদের অবস্থানকে শক্তিশালী করিতে সাহায্য করে । ৭২৫ খ্রীস্টাব্দের সেপ্টেম্বর মাসে আউতুন হইতে গানিমত সহ ফিরিবার পথে বাস্ক বিদ্রোহীদের হস্তে তিনি নিহত হন ।

আনবাসাহর মৃত্যুর পর গভর্নর পদটি স্পেনে নতুন বসতি স্থাপনকারী বিভিন্ন আরব গোত্রের মধ্যে বিতর্কের বস্তুতে পরিণত হয় এবং পরবর্তী পাঁচ বৎসরে পরপর একাধিক গভর্নর নিযুক্ত হন । তাঁহার সময়ে দেশের শাসন ব্যবস্থায় কোন উন্নতি পরিলক্ষিত হয় নাই এবং কোন নতুন অভিযানও পরিচালিত হয় নাই । হিসাম বিন উবায়েদ কিলাবীর সময় (৭২৯-৭৩০) পীরেনীজের অপর পার্শ্বে অবস্থিত লিওন, মাসোন এবং অন্যান্য স্থান মুসলমানদের হস্তগত হয় । কিন্তু আরব এবং বার্বারদের কোন্দল ও আত্মকলহের ফলে এই সব অঞ্চল হাতছাড়া হইয়া যায় ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবদুর রহমান আল গাফিকী

📄 আবদুর রহমান আল গাফিকী


খলিফা হিশাম বিন আবদুল মালিক স্বয়ং স্পেনের প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করেন এবং আবদুর রহমান বিন আবদুল্লাহ আল-গাফিকীকে স্পেনের গভর্নর নিযুক্ত করেন ।

আল গাফিকী ছিলেন সুদক্ষ প্রশাসক ও মহান সেনাপতি । দক্ষিণ আরব ও উত্তর আরবের হিমাইয়ার এবং মুদার নামক পরস্পর বিরোধী উভয় গোত্রের নিকটেই তিনি ছিলেন প্রিয় । তিনি রাজ্যের এক প্রান্ত হইতে অপর প্রান্তে ভ্রমণ করিয়া দেশের ভগ্ন প্রশাসন যন্ত্র ও বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করেন । তিনি জনগণের অভিযোগের সুবিচার করেন । ইউরোপে তারিক এবং মুসার সাহসিকতাপূর্ণ কার্যকে পুনরায় আরম্ভ করিয়ার উদ্দেশ্যে তিনি সীমান্তকে সুরক্ষিত করেন । আল গাফিকী ইটালী, জার্মানী ও গ্রীক সাম্রাজ্যকে ইউরোপের মুসলিম দখলকৃত বিস্তীর্ণ অঞ্চলের সহিত একত্রিত করিবার অসম্পূর্ণ কার্যকে সম্পূর্ণ করিবার উপযুক্ত ব্যক্তি বলিয়া নিজেকে মনে করিতেন । তিনি দক্ষিণ ফ্রান্সের উসমান বিন আবু নিসা নামক বার্বার নেতাকে শায়েস্তা করেন । উসমান বিন আবু নিসা আর্কিটেনের ডিউক ইউডেস-এর সহিত পারস্পরিক স্বার্থে একত্রিত হইয়া ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন । আল গাফিকী গিরি পীরেনীজের পশ্চিমে অবস্থিত অপর একটি গমনাগমনের পথ আবিষ্কার করেন এবং ৭৩২ খ্রীঃ বসন্তকালে ১,০০০০০ লক্ষ সৈন্য লইয়া এই পথে পাম্পলোনা অতিক্রম করিয়া রোনসেসভালেস গিরিপথের মধ্য দিয়া ফ্রান্সে প্রবেশ করেন । তবে এক লক্ষ সৈন্যের সংখ্যা অতিরঞ্জিত বলিয়া মনে হয় । তিনি রোন নদীর তীরে অবস্থিত আর্লেস আক্রমণ করিয়া তুমুল যুদ্ধের পর অধিকার করেন ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তুরস অথবা পইটিয়ার্সের যুদ্ধ

📄 তুরস অথবা পইটিয়ার্সের যুদ্ধ


আবদুর রহমান অতঃপর উত্তর-ফ্রান্স অভিমুখে অগ্রসর হন । অসহায় ইউডেস তাহার পুরাতন শত্রু ফ্রান্সের রাজা চার্লসের সহিত মতবিরোধ দূর করিয়া তাঁহার সাহায্য প্রার্থনা করেন । চার্লস তাঁহার আহবানে সাড়া দিয়া বিরাট সৈন্যবাহিনীসহ দক্ষিণ দিকে অগ্রসর হন । চার্লস এবং ইউডেস সম্পাদিত সন্ধি সম্পর্কে মুসলিম গোয়েন্দাদের ব্যর্থতায় আবদুর রহমান বিস্মিত হন । নদী এবং পাহাড়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সৈন্য মোতায়েন করিবার ফলে সামান্য সংখ্যক সৈন্য অবশিষ্ট থাকে । শৃঙ্খলা বোধহীন বার্বার সৈনিকগণ কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও লুণ্ঠন ও বর্বরোচিত কার্যে লিপ্ত হয় । গানিমতের মালের লোভে তাহাদের কর্তব্যবোধ এবং শৃঙ্খলার কথা ভুলিয়া যায় । ইহা ব্যতীত মুসলমানদের মধ্যে গোত্রীয় কোন্দল আবার মাথাচাড়া দিয়া ওঠে । এইরূপ বিশৃঙ্খল সেনাবাহিনী লইয়া খ্রীস্টানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ । রমজান ১১৪ হিঃ/৭৩২ খ্রীঃ অক্টোবর মাসে লোয়াইর নদীর তীরে সাড়ে বার মাইল উত্তর-পূর্বে অবস্থিত পইটিয়ার্সে ও তুরসের মধ্যবর্তী সমতল ভূমিতে উভয় পক্ষের সেনাদল মিলিত হয় । খণ্ডযুদ্ধে প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয় । ৯

এই খণ্ড যুদ্ধ চলাকালে কোন পক্ষই অপর পক্ষকে প্রকাশ্যে আক্রমণ করিতে সাহস পায়না । এই খণ্ড যুদ্ধ মুসলমানদের অনুকূলে থাকে এবং অবশেষে সাধারণ যুদ্ধ সংঘটিত হয় । যখন ফ্রান্সের পরাজয় অত্যাসন্ন সেই মুহূর্তে গানিমত সংগ্রহের জন্য মুসলিম সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় । আবদুর রহমান শৃঙ্খলা ফিরাইয়া আনিতে চেষ্টা করিয়া ব্যর্থ হন । দশম দিবস সন্ধ্যা বেলায় যুদ্ধপরিচালনা করিবার সময় তিনি নিহত হন । ১০ নেতার মৃত্যুতে মুসলিম সেনাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় । ১১ প্রতিনিধিত্বের প্রশ্নে তাঁহার সহযোগীদের মধ্যে সাংঘাতিক মতবিরোধ দেখা দেয় । সমস্যা সমাধানে ব্যর্থ হইয়া রাতের অন্ধকারে তাহারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ।

পশ্চাৎ অপসারণকারী মুসলিম সেনাদের পশ্চাদ্ধাবনে ফ্রাঙ্ক সেনাবাহিনী অতিরিক্ত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিল । অস্ত্রশস্ত্রসহ সম্পূর্ণ মুসলিম শিবির খ্রীস্টানদের হস্তগত হয় । চার্লস আহত মুসলমানদের হত্যা করিয়া "মারটেল হন্তা" উপাধি লাভ করেন । তিনি পুনরায় উত্তর দিকে অগ্রসর হন । কিন্তু আধুনিক ঐতিহাসিকের মতে, তুরসের যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ ঘটনা । কারণ তাহাদের মতে, ঐ যুদ্ধের ফলেই খ্রীস্টান-ইউরোপে মুসলমানদের অনুপ্রবেশ চিরতরে বন্ধ হইয়া যায় ।

ইহা সত্য যে কিছু সংখ্যক পশ্চাৎ অপসারণকারী মুসলিম পলাইয়া যায় এবং পুনরায় এই পথে ফ্রান্সে অনুপ্রবেশের চেষ্টা পরিত্যাগ করে । ওয়াদী লাক্কোর ন্যায় সমস্ত সেনাকে যুদ্ধক্ষেত্রে আনয়ন করিয়া সেই একই ভুলের পুনরাবৃত্তি করা হয় । এই যুদ্ধে চার্লস মার্টেল পরাজিত হইলে সম্পূর্ণ পশ্চিম ইউরোপের ভাগ্যবিপর্যয় ঘটিত । কারণ মুসলমানদের সম্ভাব্য আক্রমণকে প্রতিহত করিবার মত শক্তিশালী সেনা তাহাদের ছিলনা । এই যুদ্ধে মুসলমানদের পরাজয় ইউরোপে তাহাদের সাম্রাজ্য বিস্তারে ততটা অন্তরায় ছিল না, যতটা ছিল মুসলিম নেতাদের মধ্যে অনৈক্য, প্রতিদ্বন্দ্বিতা, আত্মকলহ সৃষ্টির কারণ । আরব এবং বার্বারদের জাতিগত উদাসীনতা এবং নব মুসলমানের আত্মতৃপ্তিহীনতা স্পেনের মুসলিম সমাজকে করে কলঙ্কিত । যোদ্ধা বলিয়া খ্যাত বার্বাররা অভিযোগ করে যে, তাহাদের দেওয়া হইয়াছে অনুর্বর মেসেতা এবং আরবরা ভোগ করিতেছে পূর্ব-দক্ষিণে স্পেনের উর্বর অঞ্চলসমূহ । দামেস্কের খলিফার দুর্বলতার সুযোগ লইয়া মুসলমানগণ স্পেনে সীমাহীন ক্ষমতা লাভ করে ও চরিত্রের গুণাবলী হারাইয়া ফেলে । তদুপরি মধ্যফ্রান্সের আবহাওয়া তাহাদের প্রকৃতির উপযোগী ছিল না । কারণ তাহারা আসে ভূমধ্যসাগরীয় অঞ্চল হইতে । পূর্ববিজিত এলাকায় বাকী সৈন্য মোতায়েন রাখিবার ফলে স্বল্প সংখ্যক সৈন্য দ্বারা মধ্যফ্রান্স দখলে রাখা অসম্ভব হইয়া পড়ে । ইহার পর আর আরবরা অভিযান পরিচালনা করিয়াছে বলিয়া প্রমাণ পাওয়া যায়না । মুসলমানগণ ৭৩৪ খ্রীস্টাব্দে এভিগনন অবরোধ করে এবং নয় বৎসর ধরিয়া লিওনসে লুণ্ঠন করে । ৭৫৯ খ্রীস্টাব্দ পর্যন্ত তাহারা যুদ্ধ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ স্থান নারবোন তাহাদের অধিকারে রাখে । চার্লস মারটেল ও তাহার উত্তরাধিকারীদের নেতৃত্বাধীনে পরিচালিত ফ্রাঙ্কদের অভিযান প্রতিহত করিবার জন্য আরবরা দক্ষিণাঞ্চলের উপজাতীয়দের সাহায্য কামনা করে ।

টিকাঃ
৯। হিট্টি, হিস্ট্রি অব দ্যা আরবস, লন্ডন ১৯৫১, পৃঃ ৫০১ ও টীকা-৩।
১০। পারেজা, ফিলিক্স এম. ইসলামোলোজিয়া, তমো-প্রথম, মাদ্রিদ, ১৯৫২-১৯৫৪, পৃঃ ১৬৩ দ্রষ্টব্য।
১১। রিয়াসত আলী, দ্যা তারিখ-ই আন্দালুস ১ম খণ্ড পৃঃ ১৮১।

ফন্ট সাইজ
15px
17px