📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 স্পেন হইতে বিদ্রোহীদের নির্বাসন

📄 স্পেন হইতে বিদ্রোহীদের নির্বাসন


হত্যালীলার কবল হইতে যাহারা প্রাণে রক্ষা পায় তাহাদের অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে হাকাম উজিরদের সহিত পরামর্শ করেন। হাকাম বিদ্রোহীদের সবাইকে হত্যার পরামর্শ বাতিল করেন এবং নির্বাসনের প্রস্তাব গ্রহণ করেন। ৩ ফোকাহাদের অনুসারী নব মুসলিমদের মজবুত ঘাঁটি গোয়াদালকুইভিরের দক্ষিণে সেকুন্দার আররাবেল দেল সুরকে ধূলিস্মাৎ করিয়া বিদ্রোহীদিগকে তিনদিনের মধ্যে স্পেন ত্যাগ অন্যথায় মৃত্যু বরণ করিবার আদেশ জারি করেন। ৪ ইয়াহিয়া তালুত ও অন্যান্য বিখ্যাত ধর্মীয় নেতাগণ মুক্তি লাভ করেন। বিদ্রোহীরা দেশ ত্যাগের অনুমতি না থাকায় তাহারা স্ত্রী, পুত্র ও ছোট ছোট বহনযোগ্য গাটরিসহ স্পেন ত্যাগ করে। ৫ যাত্রাপথে দস্যুদল ও চরিত্রহীন সেনাবাহিনীর লোকেরা ঝোপ জঙ্গলে আত্মগোপন করিয়া থাকিত তাহাদের যথাসর্বস্ব লুণ্ঠন করিবার উদ্দেশ্যে। যাহারা ধনসম্পত্তি রক্ষা করিবার চেষ্টা করে তাহারা নিহত হয়। গন্তব্যস্থল উপকূলে পৌছিবার পূর্বেই তাহাদের অনেকে লুণ্ঠিত ও নিহত হয়। উপকূলে পৌছিবার পর তাহারা দুই দলে বিভক্ত হইয়া একদল উত্তর-পশ্চিম আফ্রিকা ও অপর দল মিশর গমন করে।

টিকাঃ
৩। ইবন আল-কুতিয়া (জে রিবেরা) হিস্ট্রোরিয়া, মাদ্রিদ ১৯২৬, পৃঃ ৫৫-৫৭; অনুবাদ ৪৪-৪৬।
৪। ইবনে আব্বার, হুল্লাহ, পৃঃ ৩৮; ইবন আল-কুতিয়া, ইফতিতাহ আল-আন্দালুস, পৃঃ ৫০-৫১: মাজমুয়া আখবার আল-আন্দালুস, পৃঃ ১৩০, ১৩২, ১৫৯।
৫। হিস্ট্রি অব দ্যা মুরিশ ইম্পায়ার ইন ইউরোপ, ১ম খণ্ড ফিলাডেলফিয়া, ১৯০৪, পৃঃ ৪৬৭-৬৮।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 ফেজে পুনর্বাসিত কর্ডোভাবাসী

📄 ফেজে পুনর্বাসিত কর্ডোভাবাসী


আট হাজার পরিবার মরক্কোতে আশ্রয় গ্রহণ করে। ৬ দ্বিতীয় ইদ্রিস, তাহার পিতা প্রথম ইদ্রিস কর্তৃক ৭৮৯ খ্রীঃ প্রতিষ্ঠিত রাষ্ট্র ফাস-এ (ফেজ) তাহাদিগকে সাদরে গ্রহণ করেন। সেখানে পূর্বেই স্পেন হইতে উদ্বাস্তু আগমন করিয়াছিল। দ্বিতীয় ইদ্রিস কর্তৃক নবনির্মিত শহর, মাদিনাতুল আলীয়া অথবা আল কায়রোওয়ানের উপকণ্ঠে তাহারা বসতি স্থাপন করে। ৭ ৮ মাদিনাতুল আন্দালুস অথবা ইদওয়াতুল আন্দালুস (আন্দালুসীয় মহল্লা) নামে তাহারা পরিচিত হইয়া ওঠে। ৯ কায়রোওয়ান ও কর্ডোভার আরবগণ একে অপরকে ঘৃণা করিত। ১০ ফলে মহল্লার মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণ করিয়া তাহাদিগকে পৃথক করিয়া রাখা হইত। কর্ডোভার পারদর্শী বাগান রচনাকারী, স্থপতি ও শিল্পী উদ্বাস্তুগণ ফেজের অমূল্য সম্পদে পরিণত হয়। তাহাদের অভিজ্ঞ হাত ও কৌশল ব্যবহারে শহর ও শহরতলী উন্নত এবং সৌন্দর্যমণ্ডিত হইয়া গড়িয়া ওঠে।

টিকাঃ
৬। গমেজ. ই. গার্সিয়া, হিস্ট্রোরিয়া ডি ইস্পানা, ৪র্থ খণ্ড, মাদ্রিদ ১৯৫০, পৃঃ ১১১।
৭। পি. কে. হিট্টি, হিস্ট্রি অব দ্যা আরবস, পৃঃ ৫১২, টীকা-২।
৮। ক্রেমার, ডিসক্রিপশান ডি এল আফ্রিকো, পৃঃ ৬৯।
৯। লেভি প্রভেঙ্কাল, লা ফনডেশন, ১৯৩৮, পৃঃ ২৩-৫৩।
১০। ডজি, হিস্ট্রোয়ার, ২য় খণ্ড, পৃঃ ৩৫৫; আলবোরনোজ, লা ইস্পানা মুসলমানা, আর্জেন্টিনা, পৃঃ ১৩৬-৭।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তাহাদের পুনর্বাসন ও আলেকজান্দ্রিয়ার শাসন

📄 তাহাদের পুনর্বাসন ও আলেকজান্দ্রিয়ার শাসন


তাহারা ভূমধ্যসাগরের মধ্য দিয়া পূর্বদিকে যাত্রা শুরু করে এবং ১৯৯ হিঃ/ ৮১৪-৫১০ খ্রীঃ নাগাদ আলেকজান্দ্রিয়ার উপকূলে নঙ্গর করে। ১১ আলেকজান্দ্রিয়ার শহরতলীতে একত্রিত হইবার পূর্বে বিত্ত ও কপর্দকহীন অবস্থায় তাহারা বেলেয়ারিক দ্বীপপুঞ্জের অপর পাড়ে ও ইটালীতে বিক্ষিপ্ত অবস্থায় ঘুড়িয়া বেড়ায়। ১২ প্রথম হাকামের বিরুদ্ধে কর্ডোভাবাসীদের বিদ্রোহ ঘোষণার সমসাময়িক কালে বাগদাদে আব্বাসীয় খলিফা মামুনের বিরুদ্ধেও মিশরীয়গণ বিদ্রোহ করে। ১৩ ওবায়দুল্লাহ বিন আল-সারী আলেকজান্দ্রিয়াতে নিজেকে স্বাধীন শাসক বলিয়া ঘোষণা করেন। ১৪ এই বিশৃংখলাপূর্ণ অবস্থায় আলেকজান্দ্রিয়ার জনগণ তাহাদের নামমাত্র শাসক মামুনের অস্তিত্বকে বিপন্ন করিয়া তোলে। ফাহস আল বালুত উপত্যকার আবু হাফস উমর বিন-ইসা বিন-শোয়াইব আল বালুতী ১৫ এর নেতৃত্বে কর্ডোভার উদ্বাস্তুগণ আলেকজান্দ্রিয়াতে নিজেদিগকে প্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে বিদ্রোহের সুযোগ গ্রহণ করে। ১৬ তাহারা ২০০ হিঃ / ৮১৬ খ্রীঃ আলেকজান্দ্রিয়াতে স্বাধীনতা ঘোষণা করেন। ১৭ ১৮ কর্ডোভার মোহাজেরগণ আলেকজান্দ্রিয়ার গুরুত্বপূর্ণ বন্দর তাহাদের অধিকারে রাখে এবং বার বৎসরের অধিককাল শাসন করে। ১৯ তাহারা আব্বাসীয় আক্রমণ প্রতিহত করে এবং ভূমধ্যসাগরীয় উপদ্বীপসমূহে আকস্মিক অভিযান পরিচালনা করে। ২০ ক্রীট দ্বীপ সম্পূর্ণরূপে বিজীত হইবার বহু পূর্বে ইহার কিছু অংশ আবু হাফসের পুত্র শোয়ায়েব অধিকার করিয়াছিল। ২১

টিকাঃ
১১। স্টোরিয়া ডেল, মুসলমানি ডি সিসিলিয়া, ১ম খণ্ড, পৃঃ ১৬০; জি. উইট, এল ইজিপ্ট-ডি লা কনকুইটি আরব এ লা কনকুইটি অটোম্যান ইন দ্যা হিস্ট্রোয়ার ডেল নেশন ইজিপ্টাইন, জি. হাউটিয়াক্স, ৪র্থ খণ্ড, প্যারিস, ১৯৩৭, পৃঃ ৬৮-৬৯, ৭১-৭২।
১২। গাসপার ওয়াই রামীর, নাচিয়াত আল-আরব (ফ্রেন্স অনুবাদ) ২য় খণ্ড, পৃঃ ২৭৪; মাক্কারী, নাফলুল তিব, পৃঃ ২১৯; ইবনে আছির, ৪র্থ খণ্ড, পৃঃ ২৭৯-৮১।
১৩। রিয়াসত আলী, দ্যা তারিখ-ই-আন্দালুস, ১ম খণ্ড, আজমগড়, ১৯৫০, পৃঃ ৩৮৫।
১৪। ই. গার্সিয়া গমেজ, ৪র্থ খণ্ড, পৃঃ ১১১।
১৫। ঐ, পৃঃ ১১১; ইবনে খালদুন (ইবার ৪র্থ খণ্ড, পৃঃ ২১১) আল-জাব্বি, বাগেয়াত আল-মুলতামিস, মাদ্রিদ, ১৮৮৫, পৃঃ ৩৯৪।
১৬। কন্দে, হিস্টোরিয়া, ১ম খণ্ড, বার্সিলোনা, ১৮৪৪. পৃঃ ২৪৮-৫২।
১৭। ইবন আল খাতিব, দ্যা খেলাফত-ই মুয়াহিদ্দীন, পাণ্ডুলিপি নং ৩৭ (রয়‍্যাল একাডেমী অব হিস্ট্রি) মাদ্রিদ, পৃঃ ১৪৮। মারিয়ান, পৃঃ ২২৩।
১৮। বিশ বৎসরের অধিককাল।
১৯। মারিয়ান, হোমনেজ, পৃঃ ২২৩।
২০। আবদ-আল্লাহ আল-হুমাইদির হইতে কন্দে কর্তৃক উদ্ধৃত, ১ম খণ্ড, পৃঃ ২০৬।
২১। বাইজেন্স, ইট লাস আরবস, ১ম খণ্ড, ব্রুক্সেলেস, ১৯৩৫, পৃঃ ৫৪ টীকা-২।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আলেকজান্দ্রিয়া হইতে তাহাদের উৎখাত

📄 আলেকজান্দ্রিয়া হইতে তাহাদের উৎখাত


আব্বাসী খালিফা মামুন তাহার সাম্রাজ্যের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করেন। ২২ তিনি ২১০ হিঃ ৮২৫-৬ খ্রীস্টাব্দের এপ্রিল মাসে আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হন এবং কর্ডোভার মোহাজেরদিগকে শহর সমর্পণ অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হইতে বলেন। ২৩ আবু হাফস কঠিন চাপে পড়িয়া ২৪ এই শর্তে প্রথম প্রস্তাব গ্রহণ করেন যে, তাহার অনুসারীদের আব্বাসীয় সাম্রাজ্যের বাহিরে গমনের জন্য টাকা পয়সা ও স্বাধীনভাবে দেশ ত্যাগের সুযোগ দিতে হইবে। ২৫ আব্দুল্লাহ তাহার শর্ত গ্রহণ করেন। ৮২৬ খ্রীঃ জুনের পরবর্তী সময়ে চল্লিশটি জাহাজ যোগে স্ত্রী পুত্রসহ কর্ডোভার উদ্বাস্তুগণ আলেকজান্দ্রিয়া হইতে ক্রীট দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। ২৬ ক্রীট দ্বীপ অতি সহজে অধিকার করা যাইবে বলিয়া তাহারা ইহাকে নতুন বাসস্থান হিসাবে নির্বাচন করে।

টিকাঃ
২২। ইবনে খাল্লিকান, বায়োগ্রাফিক্যাল ডিকস্সারী (দে স্নান কর্তৃক ফ্রেন্স অনুবাদ) ২য় খণ্ড, প্যারিস ১৮৪৩, পৃঃ ৪৮-৫৩।
২৩। রিয়াসত আলী, তারিখ-ই-আন্দালুস, ১৯৫০, ১ম খণ্ড, পৃঃ ৩৮৬।
২৪। কিন্দি, কিতাব আল-ওমর, এইস গেস্ট কর্তৃক সম্পাদিত, লেডেন, ১৯১২, পৃঃ ১৫৮, ১৬১; রিয়াসত আলী, তারিখ-ই আন্দালুস, ১ম খণ্ড, পৃঃ ৩৮৬।
২৫। ভ্যাসিলেভ, পৃঃ ৫৫।
২৬। ইবনে আছির, ৪র্থ খণ্ড, ২৭৯, ২৮১; আল-মাক্কারী, ১ম খণ্ড, পৃঃ ২১৯; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ৪৭, ১২৭, ২১১; ভ্যাসিলেত, পৃঃ ৫২, ৫৫।

ফন্ট সাইজ
15px
17px