📄 নবম মুহাম্মদ ও অষ্টম মুহাম্মদ পুনরায় ক্ষমতা গ্রহণ
অষ্টম মুহাম্মদ সিংহাসন চ্যুত হইবার পর নবম মুহাম্মদ ক্ষমতায় আসীন হন । তিনি বিখ্যাত বানু সাররাজ পরিবারকে বিতাড়িত করেন । বানু সাররাজের কিছু লোক ক্যাস্টিলের রাজা ও তিউনিসীয় আমীরের সহিত যোগদান করিয়া নবম মুহাম্মদকে সিংহাসন চ্যুত ও হত্যা করে এবং অষ্টম মুহাম্মদকে সিংহাসনে পুনরায় বসান ।
📄 চতুর্থ ইউসুফ ও অষ্টম মুহাম্মদের তৃতীয়বার ক্ষমতায় আরোহণ
চতুর্থ ইউসুফ বিন আল-আহমার দ্বিতীয় জন-এর সাহায্যে ১৪৩১ খ্রীঃ জুলাই মাসে জোরপূর্বক সিংহাসন দখল করেন । ইহার কয়েক মাসের মধ্যে তাঁহার মৃত্যু ঘটে এবং অষ্টম মুহাম্মদ তৃতীয় বার সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তাঁহার সাম্রাজ্যের সীমা সঙ্কুচিত হইতে থাকে । তাঁহার শাসনের সমগ্র সময় গণ-অসন্তোষের মধ্যে অতিবাহিত হয় । জিমেনা হুয়েস্কা ও হুয়েলমা শহরগুলি একের পর এক খ্রীস্টানদের হস্তে চলিয়া যায় । ১৪৪৫ খ্রীস্টাব্দে তাঁহার ভ্রাতুষ্পুত্র দশম মুহাম্মদ বিন উসমান কর্তৃক কারারুদ্ধ হন । মুহাম্মদ বিন উসমান আল হামরা প্রাসাদ অধিকার করেন ।
📄 দশম মুহাম্মদ ও সাদ বিন আলী
দশম মুহাম্মদের শাসনকাল শান্তিপূর্ণ ছিল না । তিনি তাঁহার পিতার ভ্রাতুষ্পুত্র সাদ বিন আলী কর্তৃক ১৪৫৪ খ্রীঃ সিংহাসনচ্যুত হন । গৃহযুদ্ধে দেশ ধ্বংস স্তূপে পরিণত হয় । কোষাগার শূন্য হইয়া পড়ে । জনপদশূন্য সীমান্ত দুর্গসমূহ অরক্ষিত অবস্থায় খ্রীস্টানদের হস্তগত হয় । সাদ শান্তি স্থাপনের চেষ্টা করেন । কিন্তু ক্যাস্টিলের রাজা চতুর্থ হেনরী ইহাতে অস্বীকৃত হন এবং গ্রানাডা আক্রমণ করেন । রডরিগো পন্সে দ্য লিওন এবং মেদিনা সিদনীয়ার ডিউকের হস্তে ১৪৩২ খ্রীঃ বিখ্যাত দুর্গ আর্কিডোনা ও জিব্রাল্টার পতন ঘটে । ২ হতভাগ্য সাদ হেনরীর সার্বভৌমত্ব স্বীকার করিয়া বাৎসরিক বার হাজার দিনার কর দিতে রাজী হইয়া শান্তি স্থাপনের চুক্তি সম্পাদন করেন । ১৪৬৫ খ্রীস্টাব্দে তাঁহার মৃত্যু পর্যন্ত শান্তি বহাল থাকে ।
টিকাঃ
২. আমীর আলী, হিস্ট্রি অব দ্যা স্যারাসিনস, পৃঃ ৫৫৫।
📄 আবুল হাসান আলী
সাদের পুত্র আবুল হাসান (স্পেন: আল বুয়াসেন) 'আলি' উপাধি গ্রহণ করিয়া তাঁহার পিতার স্থলাভিষিক্ত হন । তিনি ছিলেন ধূর্ত ও সাহসী কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা বলিতে তাঁহার কিছু ছিল না । তাঁহার পিতা কর্তৃক স্বীকৃত বাৎসরিক কর দিতে সরাসরি অস্বীকৃতি জানাইলে খ্রীস্টানগণ গ্রানাডা রাজ্যের ধ্বংস সাধন করে ।
ক্যাথলিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আরাগণের ফার্ডিনান্ড ও ক্যাস্টিলের ইসাবেলার ক্ষমতা লাভের পর খ্রীস্টান আক্রমণ চরম আকার ধারণ করে । ফার্ডিনান্ড ১৪৬৯ খ্রীস্টাব্দে ইসাবেলাকে বিবাহ করিয়া তাঁহার ক্ষমতাকে সুসংহত করেন । ৩ ৪ ৫ উভয়ই ছিলেন চরম মুসলিম বিদ্বেষী । তাঁহারা মুসলমানদিগকে আক্রমণ করার সমস্ত সুযোগ গ্রহণ করেন । ১৪৮২ খ্রীঃ খ্রীস্টানগণ গ্রানাডার দক্ষিণ-পশ্চিমে সিয়েরা দে আল-হামাহ তীরে অবস্থিত আলহামাহ-এর শক্তিশালী দুর্গ দখল করে । খ্রীস্টানগণ মসজিদে অগ্নি সংযোগ করিয়া নারী ও শিশুদিগকে হত্যা করে । আবুল হাসান পর পর দুইবার আলহামাহ দুর্গ পুনর্দখলের প্রচেষ্টা চালাইয়া ব্যর্থ হন ।
টিকাঃ
৩. দ্যা হিস্ট্রি অব স্পেন, প্রথম খণ্ড, লন্ডন, ১৯৫৬, পৃঃ ১৫০, ১৫২।
৪. ক্যাস্ট্রো কর্তৃক উদ্ধৃত, পৃঃ ৪৩।
৫. আমীর আলী, স্যারাসিন্স, পৃঃ ৫৫৫।