📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তৃতীয় ইউসুফ

📄 তৃতীয় ইউসুফ


তৃতীয় ইউসুফ দুই বৎসরের জন্য ক্যাস্টিলীয়দের সহিত একটি চুক্তি সম্পাদন করেন । ১৪১০ খ্রীস্টাব্দে এই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয় । তিনি ইহার মেয়াদ বৃদ্ধি করিতে চাহিলে ক্যাস্টিলীয়গণ অস্বীকৃতি জানায় । ক্যাস্টিলের যুবক রাজার অভিভাবক ও চাচা ফার্ডিনান্ড মুসলমানদের নিকট হইতে আন্তেকুয়েরা জবর দখল করে । সমস্ত খ্রীস্টানদের মুক্তির শর্তে তাহাদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় ।

জিব্রাল্টারের মুসলমানগণ গভর্নরদের অত্যাচারে জর্জরিত হইয়া আফ্রিকানদিগকে জিব্রাল্টার আক্রমণে আহবান জানান । জিব্রাল্টার অধিকারের জন্য ফেজের সুলতান ফায়েজ তাঁহার ভ্রাতা আবু সাঈদকে প্রেরণ করেন । কিন্তু আমীর তৃতীয় ইউসুফের পুত্র আহম্মদ অধিক সংখ্যক সেনাবাহিনী লইয়া আফ্রিকানদের পরাজিত ও আবু সাঈদকে বন্দী করেন । ভাইয়ের নিকট হইতে সিংহাসন নিরাপদে রাখিবার উদ্দেশ্যে ফেজের সুলতান তাঁহার ভ্রাতার সহিত যথেচ্ছা ব্যবহার করিবার জন্য ইউসুফকে আহ্বান জানান । কিন্তু গ্রানাডার রাজা সাঈদকে মুক্তি দিয়া সেনাবাহিনীসহ সুলতানকে যথাযোগ্য শিক্ষা প্রদানের জন্য প্রেরণ করেন । সুলতান শোচনীয়ভাবে পরাজিত হন এবং সাঈদ সিংহাসন দখল করেন । গ্রানাডা ও ফেজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় ।

তৃতীয় ইউসুফ অবশিষ্ট জীবন শান্তিতে অতিবাহিত করেন । এবং প্রশাসন ব্যবস্থার উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন । সুবিচার, দানশীলতা ও অন্যান্য সৎ কাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন । বিরোধ মীমাংসার জন্য বহু খ্রীস্টান গ্রানাডায় ইউসুফের নিকট আগমন করে । ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তিনি সৈনিকদের খেলা ধুলায় উৎসাহিত করিতেন । সীমান্ত প্রদেশসমূহে শান্তি প্রতিষ্ঠিত হয় । তিনি যুদ্ধকালীন সময়েও খ্রীস্টানদের মুক্তি দান করেন । কিন্তু খ্রীস্টানগণ উহার বিপরীত করিত । শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় দেশের অর্থ প্রাচুর্য ফিরিয়া আসে । জনসাধারণের মধ্যে আমোদ-আহ্লাদ ও বিলাসী জীবন যাপনের প্রবণতা বৃদ্ধি পায় । প্রজাকুলকে শোক সাগরে ভাসাইয়া ১৪১৭ খ্রীস্টাব্দে ইউসুফ ইহলোক ত্যাগ করেন ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 অষ্টম মুহাম্মদ

📄 অষ্টম মুহাম্মদ


অষ্টম মুহাম্মদ "আল-আয়তাহার" (বাম হস্ত) উপাধি ধারণ করিয়া তাঁহার পিতা তৃতীয় ইউসুফের স্থলাভিষিক্ত হন । কর্মবিমুখতার দরুন তিনি জনগণের অপ্রিয় হইয়া ওঠেন । পারিষদবর্গের তুলনায় খোজা ও ক্রীতদাসদের তিনি অধিক গুরুত্ব প্রদান করিতেন । তিনি খেলাধুলা ও গণ-উৎসবাদি বন্ধ করিয়া দেন । আবেন ছেরাগেছ (বানু আল সাররাজ) ও জেগরিস (ছাগরী, সীমান্তের অধিবাসী) সম্প্রদায় তাঁহার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া তিউনিসিয়া হইতে তাঁহাকে বিতাড়িত করে ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 নবম মুহাম্মদ ও অষ্টম মুহাম্মদ পুনরায় ক্ষমতা গ্রহণ

📄 নবম মুহাম্মদ ও অষ্টম মুহাম্মদ পুনরায় ক্ষমতা গ্রহণ


অষ্টম মুহাম্মদ সিংহাসন চ্যুত হইবার পর নবম মুহাম্মদ ক্ষমতায় আসীন হন । তিনি বিখ্যাত বানু সাররাজ পরিবারকে বিতাড়িত করেন । বানু সাররাজের কিছু লোক ক্যাস্টিলের রাজা ও তিউনিসীয় আমীরের সহিত যোগদান করিয়া নবম মুহাম্মদকে সিংহাসন চ্যুত ও হত্যা করে এবং অষ্টম মুহাম্মদকে সিংহাসনে পুনরায় বসান ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 চতুর্থ ইউসুফ ও অষ্টম মুহাম্মদের তৃতীয়বার ক্ষমতায় আরোহণ

📄 চতুর্থ ইউসুফ ও অষ্টম মুহাম্মদের তৃতীয়বার ক্ষমতায় আরোহণ


চতুর্থ ইউসুফ বিন আল-আহমার দ্বিতীয় জন-এর সাহায্যে ১৪৩১ খ্রীঃ জুলাই মাসে জোরপূর্বক সিংহাসন দখল করেন । ইহার কয়েক মাসের মধ্যে তাঁহার মৃত্যু ঘটে এবং অষ্টম মুহাম্মদ তৃতীয় বার সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তাঁহার সাম্রাজ্যের সীমা সঙ্কুচিত হইতে থাকে । তাঁহার শাসনের সমগ্র সময় গণ-অসন্তোষের মধ্যে অতিবাহিত হয় । জিমেনা হুয়েস্কা ও হুয়েলমা শহরগুলি একের পর এক খ্রীস্টানদের হস্তে চলিয়া যায় । ১৪৪৫ খ্রীস্টাব্দে তাঁহার ভ্রাতুষ্পুত্র দশম মুহাম্মদ বিন উসমান কর্তৃক কারারুদ্ধ হন । মুহাম্মদ বিন উসমান আল হামরা প্রাসাদ অধিকার করেন ।

ফন্ট সাইজ
15px
17px