📄 সংস্কৃতির সংকট
এক.
বহুকাল ধরে মুসলমান সমাজকে এক হীনম্মন্যতার রাহু কুরে কুরে খাচ্ছে। মুসলমান সমাজের মধ্যে এই যে এভাবে একটা সংকীর্ণতার ভাব আর নানামুখী দারিদ্রের লক্ষণ উঁকি দিচ্ছে তা যেমন একদিকে করুণ, অন্যদিকে আমাদের পরাজয়ী মনোভাবের ইঙ্গিতবহ। বেশ কিছু সময় ধরে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান আর টেকনোলজির জগৎ থেকে পিছিয়ে পড়েছে, তাদের মধ্যে সৃষ্টিশীলতা ও কর্মশীলতার উত্তাপ নিভে গেছে বললেই চলে। এ কালে মুসলমানরা জগৎসভায় খুব বড়ো কিছু Contribute করতে পারছে বলে মনে হয় না। এ বাস্তবতা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন হলেও সেটি অত্যন্ত তীব্রভাবে সত্য।
অথচ বহুদিন পর্যন্ত মুসলমানরা জ্ঞান-বিজ্ঞানের নানা দিকে অগ্রসর ছিলেন এবং আমাদের এই উপমহাদেশেই ইংরেজ, ফরাসি, পর্তুগীজ যেসব পরিব্রাজক সে সময় এসেছে, তারা মুসলমানদের অর্জন দেখে রীতিমতো অবাক হয়েছে। এটা তো স্বতঃসিদ্ধ কথা- যে সমাজ নতুন কোনো চিন্তাধারা উপস্থিত করতে পারে না, সময়ের হিসাবে সেটা Backward হয়ে যায়। এই Backwardness বা পশ্চাৎবর্তিতা ঠেকাতে তাই প্রয়োজন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আসা, নতুন নতুন কর্মপদ্ধতি ও কৌশল গ্রহণ করে সময়ের চ্যালেঞ্জকে মোকাবিলা করা। গত প্রায় ৩-৪শ বছর ধরে মুসলমান সমাজে এই সৃষ্টিশীলতার প্রবাহ আটকে গেছে। বিশেষ করে বাঙালি মুসলমানদের ওপর প্রকৃত দুর্যোগ নেমে আসে ১৭৫৭ সালের পলাশীর বিপর্যয়ের ভেতর দিয়ে। এই বিপর্যয়ের ভেতর দিয়ে যেমন এখানে কলোনির শাসন শুরু হয় এবং কলোনির সুবাদেই সাম্রাজ্যবাদী শক্তি ও তার এ দেশীয় বরকন্দাজরা বাঙালি মুসলমান সমাজকে পুরোপুরি ভেঙে-চুরে ওলট-পালট করে দেয়। এর ফলে বাঙালি মুসলমানের ভেতর শিক্ষিত শ্রেণি প্রায় বিলুপ্ত হয়ে যায়।
আবার এর পাশাপাশি রাষ্ট্রিক বিরূপতার কারণে বাঙালি মুসলমান ব্যবসায়ী, জমিদার ও ধনিকশ্রেণির অস্তিত্বও বিপন্ন হয়ে ওঠে। ফল হয় পরবর্তী প্রায় দু'শ বছর ধরে বাঙালি মুসলমানের সামনে আদর্শ সমাজ বলে কিছুই থাকে না। এরকম একটা পরিস্থিতি হীনম্মন্যতার জন্ম দেবে এটাই স্বাভাবিক। বাঙালি মুসলমান চোখ মেলে দেখতে পেল এমন কিছু নেই, যা দিয়ে তারা নিজেরা গর্ব করতে পারে। কারণ তার চারিদিকে তাকিয়ে সে দেখতে পায়, অন্য সমাজের লোক- তারাই শিক্ষিত, জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর, ধনে ও প্রাচুর্যে প্রতাপশীল। আর এভাবেই তাদের মধ্য শুরু হয় অনুকরণশীলতা। উনবিংশ শতাব্দীতে প্রতিবেশী হিন্দু সমাজ ইংরেজের পৃষ্ঠপোষণায় জেগে উঠল। বিশেষ করে ইংরেজি শিক্ষা গ্রহণ করে এবং ইংরেজের আমলাতন্ত্রে চাকরি নিয়ে সামাজিক ও সাংস্কৃতিকভাবে তারা প্রতিষ্ঠা পেল। তখনকার বাঙালি মুসলমান সমাজ তাই দেখে মনে করল- এই ভাবে এই পথ ধরে অগ্রসর হতে পারলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। ওরা যে আদর্শ মেনে নিয়েছে, সেইটা মেনে নেওয়াই এখন আমাদের বড়ো কর্তব্য। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়- এই হীনম্মন্যতা ও অনুকারিতার পথ ধরে সেদিন বাঙালি মুসলমান সমাজে, উনবিংশ শতাব্দীর কলকাতায় যে বাবু সংস্কৃতির চর্চা চলত, যা তখনকার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে বাঙালি সংস্কৃতি হিসেবে পরিচিত পেয়েছিল, তা অবলীলায় ঢুকে পড়ল। বলার অপেক্ষা রাখে না, এই বাঙালি সংস্কৃতির ভূত আজও আমাদের ছাড়েনি। শুধু বাঙালি মুসলমান নয়; লক্ষ করলে বোঝা যায়- এই হীনম্মন্যতা আজ পুরো মুসলিম দুনিয়াকেই ছেয়ে ফেলেছে। মুসলমানদের একাংশের মধ্যে এরকম একটা চৈতন্য কাজ করছে একালে পাশ্চাত্য দুনিয়া যেহেতু জ্ঞান-বিজ্ঞান ও টেকনোলজিতে বহু দূর এগিয়ে গেছে, সুতরাং তাদের আদর্শ ও চিন্তা-ভাবনা অনুকরণ করাই শ্রেয়। কিন্তু ভাবনার বিষয় হলো- কেন মুসলমানের মধ্যে এ ধরনের বিচ্যুতি ও বিকৃতি এলো?
মুসলমানের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আছে নিজস্ব ইতিহাস ও ট্রাডিশন, আছে নিজস্ব ধর্মবোধ। এসব কিছুই একদিন শুরু হয়েছিল মদিনা থেকে। তারপর এ সংস্কৃতি ইতিহাসের বিভিন্ন বাঁক ঘুরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিকশিত হয়েছে। তা দামেশক, বাগদাদ হোক অথবা স্পেন, তুরস্ক, মিশর, সুদান, মধ্য এশিয়া, উপমহাদেশ বা সুদূর ইন্দোনেশিয়া হোক- সেটা মুসলমানের নিজস্ব কালচার। মুসলিম ঐক্য বা সংহতির মূলে আছে এই বৈশ্বিক মুসলিম কালচার সম্বন্ধে একটা গর্ববোধ। এই বোধটা এ কালের মুসলমানের মধ্যে একেবারে অনুপস্থিত বলা যায়। নিজের তাহজিব-তমুদ্দুন নিয়ে এই গর্ববোধ নেই বলে, নিজের Tradition থেকে একটা বড়ো রকমের ছেদ তৈরি হয়ে যাওয়ার ফলে মুসলমানের মধ্যে সৃষ্টিশীলতার সেই তুফান বন্ধ হয়ে গেছে বলা চলে। মূলধারা থেকে বিচ্যুত হয়ে গেলে কোনো সমাজের পক্ষেই নতুনতর কোনো কিছু দেওয়া সম্ভব হয় না।
সেই মূলধারাটা কী? আমাদের যে ক্লাসিকাল ঐতিহ্য, আমাদের যে ক্লাসিকাল ভাষা-সাহিত্য, তার সাথে আমরা একেবারেই যোগ হারিয়ে ফেলেছি। বিশেষ করে এ কথাটা বাঙালি মুসলমানদের জন্য সর্বতোভাবে সত্য। আমাদের আদর্শের ভিত প্রস্তুত হয়েছে সেই মদিনায়। কুরআন- হাদিস হচ্ছে আমাদের আকরগ্রন্থ। এ হচ্ছে আমাদের বিশ্বাস, কনস্টিটিউশন আর ম্যাগনাকার্টা। এগুলোকে বাদ দিয়ে মুসলমান সমাজের অস্তিত্ব কল্পনাও করা যায় না। মুসলমানের এসব বাণী ও আদর্শের বার্তা এসেছে আরবি ভাষার মাধ্যমে, কতকটা ফারসি ও উর্দুর পথ ধরে। বলা চলে- এসবের সাথে আমরা এখন সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে গেছি। এসব ভাষার সাথে আমাদের যোগও ছিন্ন হয়ে গেছে। এভাবে এ কালের জেনারেশন বড়ো হয়ে উঠছে নিজের ঐতিহ্যকে না জেনেই। অনেক শিক্ষিত ছেলে আছে, যারা আধুনিক নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করেছে কিংবা কারিগরী জ্ঞান লাভ করেছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে- ইসলামের মৌলিক অনেক বিষয় সম্বন্ধেই তারা অনবহিত রয়ে গেছে। কুরআন-হাদিসের প্রাথমিক জ্ঞানটুকুও তাদের নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার, পুরো একটা জেনারেশন একটা Tradition gap-এর মধ্যে পড়ে গেছে এবং এই Tradition-টাকে এখানে এখন অনেকে বলছে- একটা বিদেশি জিনিস। সেই কারণেই এখানে এখন অনেকেই সংশয়ের মধ্যে পড়ে গেছে, তাহলে আমরা কে ও আমাদের Tradition বলে কি কিছুই নেই? এরকম একটা দিক-বিদেশহীন অবস্থায় আমাদের হাত পাততে হচ্ছে, সেই উনিশ শতকের মতো কখনও কলকাতার বাবু সংস্কৃতির কাছে, কখনও পশ্চিমের ধ্যানধারণার দিকে। আমাদের ফিরে যেতে হচ্ছে বঙ্কিমের আদর্শে, শুনতে হচ্ছে রবি ঠাকুর আমাদের আদর্শ। রবি বাবুই আমাদের সবেধন নীলমণি, এর বাইরে আমাদের আর কিছু নেই। মুসলমানের মধ্যে এরকম একটা Tradition gap তৈরি হোক, সেরকম চেষ্টা ঔপনিবেশিক শক্তি সেকালেই করেছিল, একালেও তার ধারাবাহিকতা প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।
রকরম ট্রাডিশন-বিচ্যুত একটা সমাজকে ইচ্ছামতো ব্যবহার করা যায় এবং এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যলুপ্তি তাতে সহজসাধ্য হয়ে উঠবে। সে কারণেই এখানকার Education policy-কে বিভিন্ন সময় এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে সেখানে ইসলামি আদর্শের কোনো ছাপ একেবারেই না থাকতে পারে। ভাবটা এমন- মুসলমান শিক্ষিত হোক অসুবিধা নেই, কিন্তু ইসলাম যেন তার বোধে ও মননে আদৌ কাজ করতে না পারে। ঔপনিবেশিক আমলে তো বটেই; উত্তর ঔপনিবেশিক সময়ে এসেও এখানকার Education policy-কে সর্বতোভাবে ইসলামমুক্ত করার জন্য হাতিয়ার উচিয়ে রাখা হয়েছে। ইসলামি শিক্ষা ও কার্যক্রমের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও পরিকল্পনা তো আছেই। এদেশে স্কুল পর্যায়ে আরবি ভাষা বাধ্যতামূলক করার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে নানা রকম যুক্তি দেওয়া হয়েছে। লক্ষ করুন যুক্তিগুলো কত অদ্ভূত ও অবৈজ্ঞানিক- আরবি একটি বিদেশি ভাষা, এটা শিশুর ওপর চাপিয়ে দিলে শিশুর মনোবিকাশকে ব্যাহত করবে। অথবা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষার চেষ্টাকে বলা হয়েছে এতগুলো ভাষা যদি শিশুর ওপর চাপিয়ে দেওয়া হয়, তবে নাকি শিশুর মনোবৈকল্য ঘটবে।
দুনিয়ার সব ভাষাতাত্ত্বিকরা স্বীকার করেছেন অনেকগুলো ভাষা একযোগে শিখতে কোনোই অসুবিধা নেই এবং ভাষা আয়ত্ত করবার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শৈশবকাল। একই কথার প্রধিতধ্বনি করেছেন একালের আমেরিকার রেডিক্যাল বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক প্রথিতযশা নোয়াম চমস্কিও। অবাক করার বিষয় হচ্ছে- যেসব যুক্তি আরবি ভাষার বিরুদ্ধে দেয়া হয়েছে, সেসব কথা কিন্তু ইংরেজি ভাষা সম্পর্কে বলা হয়েছে, কখনও শুনিনি। প্রকৃতপক্ষে বাঙালি মুসলমানের ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ফোর্ট উইলিয়ামের কাল থেকে। বাঙালি মুসলমানের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে ফোর্ট উইলিয়ামের পণ্ডিত ও পাদরিরা ছিনতাই করে নিতে চেয়েছিল। উত্তর ঔপনিবেশিককালে এসে বাঙালি মুসলমান জড়িয়ে পড়েছে ভাষার রাজনীতির এক চক্রে। রাজনীতির এই চক্র বাঙালি মুসলমানকে তার ঐতিহ্যের বিরাট বিশ্ব থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। ভাষার রাজনীতি যেমন একদিকে বাঙালি মুসলমানকে তার ধর্ম, সভ্যতা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তেমনি বাকি বিশ্বের সাথে জানাজানির পথকেও করে তুলেছে ক্রমহ্রাসমান। ফলে বাঙালি মুসলমান হয়ে উঠেছে সাংস্কৃতিকভাবে এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। এই বিচ্ছিন্নতা তার জন্য নিয়ে এসেছে এক নিরালম্ব হতাশার কাল; যে হতাশা তার কর্মশীলতা ও সৃষ্টিশীলতা উভয়ই কেড়ে নিয়েছে।
এটা তো ইতিহাসের সত্য, মুসলমানরা বাংলাদেশে আসার পর এখানে তারা একটা উন্নত সভ্যতা ও সংস্কৃতির আদর্শ তৈরি করতে পেরেছিল। বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্যে তারা যে একটা বড়ো রকমের অবদান রাখতে পেরেছিল তা বলাই বাহুল্য। এটা কী করে সম্ভব হয়েছিল? লক্ষ করলে দেখা যায়- সেকালেও মুসলমানদের মধ্যে সৈয়দ সুলতান বা আলাওলের মতো বড়ো মাপের প্রতিভাবান কবির জন্ম হয়েছিল। এরা বাংলা চর্চা করেছেন, বাংলা ভাষায় কবিতা লিখেছেন। কিন্তু মুসলমান সংস্কৃতি বলতে যা বুঝি- তার থেকে তারা কখনও বিচ্ছিন্ন হয়ে যাননি কিংবা যে আরবি-ফারসির মাধ্যমে এ দেশে মুসলিম সংস্কৃতির মূল ধারাটা প্রবাহিত হয়ে এসেছে তার সাথে এরা খুব ভালোভাবে পরিচিত ছিলেন। এরা বাংলার সাথে সাথে আরবি-ফারসির চর্চাও করেছেন, ফলে এরা আমাদের যা দিতে পেরেছেন, তার মূল্য যথেষ্ট। এ ধারার শেষ উজ্জ্বল প্রতিনিধি হয়েছেন কাজী নজরুল ইসলাম। তাঁর পক্ষে বড়ো মাপের মৌলিক কাজকর্ম করা সম্ভব হয়েছিল এই কারণে যে, তিনি বাঙালি মুসলমানের এই Cultural Base-টা সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন। সংস্কৃতির জগতের পাশাপাশি সেকালের রাজনীতিবিদরাও মুসলমানের এই ঐতিহ্যের ধরনটা সম্বন্ধে অজ্ঞাত ছিলেন না। সেকারণেই আমরা এক সময় নওয়াব সলিমুল্লাহ, ফজলুল হক প্রমুখের মতো রাজনীতিবিদ পেয়েছি- যারা একসময় বাংলার গণজীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সমর্থ হয়েছিলেন। এই ঐতিহ্যের যোগটা ছিন্ন হয়ে গেছে বলেই কী সংস্কৃতির জগতে, কী রাজনীতির জগতে- সবর্ত্রই একটা বন্ধ্যাত্ব ও ঊষরতার কাল শুরু হয়েছে।
ঐতিহ্যের এই ফলবতী চেহারাটা বুঝতে আমরা একটু ইউরোপের দিকে নজর দিতে পারি। আজকে যারা ইংল্যান্ডে-ফ্রান্সে-জার্মানিতে-ইতালিতে সাহিত্য চর্চা করেন বা এসব ভাষায় বড়ো বড়ো সাহিত্যিক হিসেবে সমাদৃত হয়েছেন, তাদের সবারই কমবেশি ইউরোপের ক্লাসিকাল সাহিত্য গ্রিক ও ল্যাটিনের সাথে যোগাযোগ রয়েছে। শেলি, কিটস, ব্রাউনিং থেকে শুরু করে ইংল্যান্ডের তাবত কবিরা তো বরাবরই গ্রিস আর ইতালিকে তাদের মনোরাজ্যে স্বপ্নের আর কিংবদন্তির দেশ বানিয়ে রেখেছেন। এখন পর্যন্ত ইংল্যান্ডের কালচার, ফ্রান্সের কালচার, ইতালির কালচার বুঝতে হলে গ্রিক-ল্যাটিন ভাষা ও সংস্কৃতির কাছে গিয়ে বুঝতে হবে। এই গ্রিক-ল্যাটিন কালচারের ধারাটা বুঝতে পারলেই একালের ইংল্যান্ড বা ইউরোপের অন্যান্য কালচারের স্বরূপ আমরা বুঝতে পারব। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ইউরোপের সবাই তো আর এই ভাষা জানেন না বা সরাসরি এসব ভাষা চর্চা করেন না। সেটা হয়তো এক অর্থে ঠিক, কিন্তু এই ঐতিহ্যের সাথে তারা সম্পর্কচ্যুত হয়ে যাননি। তরজমার মাধ্যমে এই গ্রিক বা হেলেনীয় কৃষ্টি, কালচার ও দর্শনকে তারা ঠিকই বুঝে নিচ্ছেন। এখনও হোমারের ইলিয়ড-ওডেসি, দান্তের ডিভাইন কমেডি, ভার্জিলের কবিতা কিংবা সফোক্লিসের নাটক যেভাবে ইউরোপের মনোজগতকে আচ্ছন্ন করে রেখেছে, তা দেখলে বিস্মিত হতে হয়। এমনকি শেক্সপিয়র বা গ্যাটের সাহিত্যও আজ ইংল্যান্ড বা জার্মানির ঐতিহ্য নয়; এটি পুরোপুরি ইউরোপের কমন কালচারের অংশ হয়ে উঠেছে। এই যে কমন ঐতিহ্যের ব্যাপারটা, তার থেকে আমরা সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছি। কালচারের যে প্রবাহটা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মধ্যে চলে আসছিল, তার যেন হঠাৎ করেই ছেদ পড়ে গেছে। আগেই বলেছি, এখানে ভাষা আন্দোলন-কেন্দ্রিক সংস্কৃতি বা রাজনীতি এই মুসলিম সংস্কৃতির প্রবাহকে বেশখানি ক্ষুণ্ণ করেছে। এ ছাড়া মুসলিম দেশগুলোতে সেক্যুলার ন্যাশনালিজমের প্রাদুর্ভাবও এই কালচার দুর্বল হয়ে যাওয়ার পেছনে কতকটা দায়ী। আগে আমাদের এখানে বাংলার পাশাপাশি আরবি-ফার্সির চর্চা চলেছে। ধর্মের ভাষা হিসেবে আমরা আরবি পড়েছি। কুরআনের ভাষা হিসেবে এটির মর্ম আমরা বিশেষভাবে বুঝবার চেষ্টা করেছি। সাদি-জামি-রুমির সাহিত্য এ দেশের ঘরে ঘরে পঠিত হয়েছে এবং এর রস আস্বাদন করে বাঙালি মুসলমান আপ্লুত হয়েছে। ইকবাল, গালিবকে আমাদের কখনও পর মনে হয়নি। এইভাবে একই ব্যক্তির মধ্যে বহুভাষার সৃষ্টিশীলতার এক জঙ্গম তৈরি হয়েছে। বাঙালি মুসলমানও এর মধ্যে পেয়েছে আন্তর্জাতিকতার বোধ, এক বিশ্ব মুসলিম মনন ও চৈতন্য এর মধ্যে গড়ে উঠেছে।
এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে আরবি-ফারসির চর্চাটা যেন পুরোপুরি মাদরাসার দায়িত্ব হয়ে উঠেছে। আরও বিশেষভাবে বললে বলতে হয়, এসব মাদরাসায় যারা ছাত্র হিসেবে আসছে, তারা অনেকটা অর্থনৈতিকভাবে সমাজের নীচুতলার অংশ থেকেই আসছে। ফলে এসব ভাষা বা ঐতিহ্যের সাথে এদের কিছুটা পরিচয় হলেও পুরো সমাজটার ওপর তাদের প্রভাব বলয় সৃষ্টি হতে পারছে না। ফলে বর্তমান যুগের একটা ছেলে, যে কিনা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, তাদের মনে একটা দ্বন্দ্ব বা সংশয় জেগে ওঠাই স্বাভাবিক। কারণ, একদিকে তাদের আরবি-ফারসির সাথে কোনো সম্পর্ক নেই, ঐতিহ্য সম্বন্ধে তারা একবারেই অজ্ঞ। অন্যদিকে সে যখন নিজস্ব সামাজিক, পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশের দিকে তাকায়, তখন তার জীবনের অনেক ব্যাপারই তার নজরে আসে- যার কোনো সঠিক ব্যাখ্যা সে এই তথাকথিত বাঙালি কালচারের মধ্যে খুঁজে পায় না। এইভাবে সে নিজের মধ্যে ক্রমাগত এক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ইতিহাসবিদ টয়েনবি কালচার সম্বন্ধে একটা সুন্দর কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, কালচারের একটা সার্কেল (Circle) বা চক্র থাকে। সেটা কী রকম? যেমন আজকের ইউরোপীয় কালচার হচ্ছে একটা পশ্চিম ইউরোপীয় কালচার। তার পেছনে রয়ে গেছে একটা খ্রিষ্টান কালচার, আর তার পেছনে রয়েছে গ্রিক ও রোমান কালচার বা হেলেনীয় কালচার। লক্ষ করুন, একটা হলো হেলেনীয় কালচার, তার মধ্যে রয়েছে খ্রিষ্টান কালচার, তার মধ্যে আবার আছে পশ্চিম ইউরোপীয় কালচার এবং সবশেষে যে কালচারটি রয়ে গেছে, সেটি হচ্ছে ব্রিটিশ কালচার বা ইউরোপের অন্যান্য কালচার। ইউরোপীয় কালচার আমরা কোনোদিনই বুঝতে পারব না; যদি না আমরা এই চক্রটার সামগ্রিক পরিচয় পাই। বাঙালি মুসলমানের কালচারটা বুঝতে গেলেও এরকম একটা চক্রের আশ্রয় আমাদের নিতে হবে। বাঙালি মুসলমানের কালচারের মধ্যে আছে বাংলাদেশের কালচার, তার মধ্যে আছে একটা মুসলমান কালচার, আবার তার মধ্যে আছে আরব-ইরানের কালচার, আরো বিশেষ করে বললে মদিনার কালচার। বাঙালি মুসলমানের কালচারের এই চক্রটা টুটে-ফেটে গিয়েছে কলোনির কালে। ফলে এখন তাদের সামনে উপস্থিত হয়েছে এক ক্রান্তি ও সংকটের মুহূর্ত।
দুই.
বাঙালি মুসলমানের সংস্কৃতির মূল প্রবাহটা বিচ্যুত হয়ে পড়েছে- এ কথা আগে বলেছি। এই বিচ্যুতি থেকে উদ্ধার না পেলে আমরা মুসলমান হিসেবে টিকতে পারব না। সেজন্য চাই আমাদের আদর্শের পুনরাবিষ্কার। আমাদের আদর্শ কেমন, আমাদের মূল্যবোধের স্বরূপ, আমাদের জীবনের ধারণা, আমাদের Social structure এগুলো পুরোপুরি জানা চাই। সেটা করতে হলে আমাদের ইতিহাস জানতে হবে, ঐতিহ্য সম্বন্ধেও পুরোপুরি অবহিত হওয়া জরুরি। যিনি লেখাপড়া জানেন, যার মধ্যে জ্ঞান আছে, তিনি মোকাবিলা করতে পারবেন বাঙালি মুসলমানের সংস্কৃতি ও পরিচয়ের বিরুদ্ধে যে ঝড় ধেয়ে আসছে তার। কিন্তু যিনি জানেন না, তিনি কী করে মোকাবিলা করবেন? প্রতিবাদই-বা করবেন কী করে? আসলে এটিই হচ্ছে আমাদের সমস্যা। এই না জানার সমস্যা এখন বাঙালি মুসলমানের কালান্তক রোগে পরিণত হয়েছে। এই অজ্ঞানতার সুযোগে আমাদের যা গিলিয়ে দেওয়া হচ্ছে, তাই আমরা অবলীলাক্রমে গলধকরণ করে ফেলছি। আমাদের স্কুল-কলেজের বইপত্র, টেক্সট বুক বলে যা চালানো হচ্ছে, তা আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কতখানি তুলে ধরতে পেরেছে? এগুলো দিয়ে ছাত্রছাত্রীদের মগজ ধোলাই শুরু হয়। তারপর আমাদের মিডিয়া- যার পুরোটাই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে বাঙালি সংস্কৃতির বলয়ের লোকজন, তার প্রভাব তো আছেই। এর কোনো প্রতিবাদ হচ্ছে না এবং এভাবেই একটা জেনারেশন বেড়ে উঠছে যারা তাদের অতীত সম্বন্ধে কিছুই জানে না। অসংখ্য বই দিয়ে দেশটাকে ছেয়ে ফেলা হয়েছে। এর কিছু আসছে কলকাতা থেকে, কিছু এখানেই ছাপা হচ্ছে। এসব বইয়ের একটাই উদ্দেশ্য- কলকাতার বাবু সংস্কৃতিকে সর্বস্তরে পূজনীয় ও আদর্শ স্থানীয় করে তোলা। যেহেতু এর কোনো সবল প্রতিবাদ নেই, তাই এখনকার জেনারেশন ভাবছে- এটাই তাদের কাছে গ্রহণযোগ্য এবং একে সাথে নিয়ে চলায় সুবিধা বেশি। অথচ এরা জানেই না, এর সাথে আমাদের সত্যিকার কালচারের কোনো মিল নেই। আর এভাবেই আমাদের ছেলেরা রবীন্দ্রনাথকে অবধারিত করে নিচ্ছে, কুরআন বাদ দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করছে। কোনো কোনো ক্ষেত্রে ট্রাডিশনাল আরবি নামগুলো বর্জন করে বাঙালিত্বের নামে হিন্দু নাম ধারণ করছে। এভাবে হিন্দুর সভ্যতা ও সংস্কৃতি আমাদের মধ্যে চলে আসছে।
আজকাল একটা অদ্ভুত জিনিস নজরে পড়ছে। এতকাল বিয়ের অনুষ্ঠানে নওশা সাধারণত আচকান-পায়জামা ও শেরওয়ানি পরে আসতেন। এখন একটা পরিবর্তন দেখছি, কোনো কোনো ক্ষেত্রে নওশা সুট-প্যান্ট পরতে শুরু করেছেন; অন্যদিকে শেরওয়ানি তারা বর্জন করছেন। এ পরিবর্তনটা অনেকের চোখে পড়তেও পারে, নাও পারে, কিন্তু এ পরিবর্তন এক সুদূর প্রসারী ইংগিত দেয়। বিয়ের অনুষ্ঠানে শেরওয়ানি পরা ছিল আমাদের এখানকার কালচার। সেই কালচারের ভিত নাড়িয়ে দিতে উদ্যত হয়েছে এখানকার বাঙালিবাদীরা। সেদিন হয়তো বেশি দূরে নয় আমাদের শুনতে হবে বিয়ের অনুষ্ঠানে শেরওয়ানি না পরাটাই আদর্শ, ওটাই বাঙালি কালচার। এই একটা জিনিস স্পষ্ট- আমরা এখন একটা উন্নত মতাদর্শ ও কালচার বাদ দিয়ে একটা নিকৃষ্ট জিনিসকে গ্রহণ করতে যাচ্ছি বাঙালি কালচার নামে। এর প্রতিবাদ জরুরি।
মুসলমানরা যখন এ দেশে আসে তখন তারা এক উন্নত সভ্যতা সাথে করে নিয়ে এসেছিল। এ কোনো আবেগাচ্ছন্ন উক্তি নয়; এটি সর্ববাদী সম্মত ঐতিহাসিক সত্য। আল-বেরুনির 'কিতাবুল হিন্দ' পড়লে দেখা যায়, মুসলমানরা আসার আগে এখানকার সংস্কৃতি কতদূর অন্ধকারাচ্ছন্ন ছিল। নরবলি, সতীদাহ, বর্ণপ্রথা- এগুলো আর যা-ই হোক সভ্যতার অংশ বলা চলে না। বাদশাহ বাবর তাঁর স্মৃতিকথায় একই রকম কথা বলেছেন। বাবরনামা থেকে উদ্ধৃতি দিচ্ছি: এদেশের কৃষক ও নিম্নশ্রেণির লোকেরা প্রায় উলঙ্গ অবস্থাতেই চলাফেরা করে। অল্প এক টুকরা কাপড় কোনো রকমে মালকোছার মতো পরে তারা তাদের নগ্নতা ঢাকে। এটাকে তারা বলে লেঙ্গুটি। মেয়েদের কাপড়েরও একই অবস্থা। তবে তাদের কাপড় একটু বড়ো। তারা এ কাপড় কোমরেও বাঁধে, আবার একটা দিক মুড়িয়ে ঘোমটাও দেয়।¹
এরকম একটা সংকীর্ণতার জালে আবদ্ধ সমাজে ইসলাম এক পরিচ্ছন্ন ও উদার মানবতাবাদী সংস্কৃতির অভ্যুত্থান ঘটিয়েছিল, যার প্রভাব ভারতে বিশেষ করে বাংলার গণজীবনে সুদূরপ্রসারী হয়েছিল। এসব কথা শুধু মুসলমান নয়; হিন্দু ও ব্রিটিশ ইতিহাসবিদেরাও সংকীর্ণতা সত্ত্বেও স্বীকার করতে বাধ্য হয়েছেন। একটা গৌরবোজ্জ্বল ইতিহাস হাতের কাছে থাকা সত্ত্বেও আমরা বেমালুম আত্মবিস্মৃত হয়ে গেছি, বাছবিচারের ক্ষমতা আমাদের অনেকখানি লুপ্ত হয়েছে এবং অন্যের নিকৃষ্ট মালকে আমরা সংস্কৃতির নামে রীতিমতো আত্মস্থ করে ফেলছি। আমরা যখন বলি, বঙ্কিম-রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির অংশ, সূর্যসেন-ক্ষুদিরাম আমাদের জাতীয় বীর, তখন আমাদের ইতিহাস জ্ঞানের দারিদ্র্য ধরা পড়ে। আমাদের আদর্শবোধ ও ধর্মবোধের বেহাল অবস্থার কথা চোখে আঙুল দিয়ে স্পষ্ট করিয়ে দেয় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। বঙ্কিম-অরবিন্দ-রবীন্দ্রনাথ-সূর্যসেন প্রমুখ সবাই নানা রকম প্রতিভা ও বিদ্যাবুদ্ধির অধিকারী ছিলেন। তারা সবাই স্ব-সমাজের জন্য বড়ো রকমের অবদান রেখেছিলেন সন্দেহ নেই। একটা জিনিস লক্ষ করার মতো, ঔপনিবেশিক যুগে ইংরেজের সহযোগিতায় বাঙালি হিন্দুর মধ্যে যে জাগরণ এসেছিল এরা সবাই তাতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন। বিশেষ করে এরা ইউরোপের সংস্পর্শে এলেও সকলেই সেই পুরাতন হিন্দু কালচারকে নতুন ব্যাখ্যা দিয়ে তরুণ হিন্দু সমাজের কাছে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের মতো কবি, যিনি 'মানুষের ধর্ম' নামে এক বই লিখেছিলেন এবং সেখানে উদারমানবতাবাদ চর্চার পক্ষে ওকালতি করেছিলেন, সেই তিনিও শান্তি নিকেতনে প্রাচীন ভারতের আদর্শে প্রাণিত হয়ে তপোবন ও ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শান্তি নিকেতন বা বিশ্বভারতীতে যেসব প্রথা ও পদ্ধতি চালু করা হয়, তা পুরোপুরি প্রাচীন ঔপনিষদিক রীতি অনুসারে করা হয়েছিল। এ জিনিসটাই লক্ষ করার মতো, এই যে এভাবে একজন নিজের কালচারের মধ্যে ফিরে আসছে। কিন্তু আমাদের বাঙালি মুসলমান সমাজের কারও কারও মধ্যে একটা মস্তিষ্ক বিকৃতি হয়। কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, হুমায়ুন কবীরের মতো সাহিত্যিকরা বললেন অন্য কথা। তাদের ধারণা ছিল- আমরা বাঙালি। আমরা যে ইসলাম অনুসারী, এই ধর্মটা আমরা গ্রহণ করেছি বাইরের প্রয়োজনে। এটা ছেড়ে দিলেই আমাদের মুক্তির লক্ষ্য অর্জিত হবে। ওদুদ সাহেব তার ‘শাশ্বত বঙ্গ’ বইতে এসব কথাই বলতে চেয়েছেন। বিশেষ করে তার প্রবন্ধের বাণীগুলো যদি কেউ গ্রহণ করে, তবে তার পক্ষে স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে গৌরব করার কিছু থাকে না। এই গৌরবহীনতা ও আত্মহীনতার পথে আজও কেউ কেউ এগুচ্ছেন- এ নিছক আত্মহনন ছাড়া কিছু নয়। আত্মহননের পথে কেউ কি কোনো বড়ো কিছু অর্জন করতে পারে? এরকম নজির পৃথিবীর কোথাও নেই। এর থেকে ফিরে আসা দরকার। এর জন্য চাই ইতিহাসের চর্চা, জ্ঞান-বিজ্ঞানের চর্চা। নতুন করে ইসলাম সম্পর্কে চিন্তা-ভাবনা প্রয়োজন। সেই পথেই আসতে পারে আমাদের জাতীয় মুক্তি; অন্য কোনোভাবে নয়।
টিকাঃ
১. জহীর-উদ্দীন মুহম্মদ বাবুর, বাবুরনামা (তরজমা: ইবরাহীম খাঁ)। ঢাকা: বাংলা একাডেমী, ১৯৮৩।
📄 সংস্কৃতির ধারা
লোক সংস্কৃতি সব দেশে থাকে। একটি সমাজের বহু বছরের ভাঙা-গড়া আর বিবর্তনের মধ্যে লোক সংস্কৃতির বিকাশ ঘটে। মানুষের জীবনের অনেক স্থূল চাহিদা থাকে। লোক সংস্কৃতি তার অভাব পূরণ করে। কিন্তু একটা দেশের সংস্কৃতি বলতে কেবল সে দেশের লোক সংস্কৃতিকে বোঝায় না। তার চেয়েও উঁচু স্তরের একটা সংস্কৃতি থাকে। এই উঁচু স্তরের সংস্কৃতি ওই সমাজ বা জাতির সৃষ্টিশীলতা, মননশীলতা ও বৈদগ্ধের প্রতীক হয়ে দাঁড়ায়। এই উঁচু স্তরের সংস্কৃতি ছাড়া একটা জাতির অগ্রসরমানতাকে চিহ্নিত করা যায় না।
আমাদের দেশেও লোক সংস্কৃতির একটা ধারা আছে। গানে, গাঁথায়, কাহিনিতে, কিংবদন্তিতে, ধাঁধাঁয়, প্রবচনে, যাত্রায়, বৈশাখী নবান্নের উৎসবে এই ধারা প্রবহমান। এই জনসংস্কৃতি লোক রঞ্জনের এক অপূর্ব উৎসব। এর কাজ সাধারণ মানুষকে আনন্দ দেওয়া। আনন্দ দেওয়ার বাইরেও সংস্কৃতির একটা কাজ আছে। অন্তহীন অন্বেষণ, গভীরতর অনুভূতি, নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা, জীবনের লক্ষ্য নির্দেশ- এসব কিন্তু লোক সংস্কৃতি দিয়ে চলবে না; তার জন্য চাই উচ্চতর সংস্কৃতি।
এ দেশে যখন ইসলাম আসে, তখন এখানকার লোক দলে দলে মুসলমান হয়ে যায়। ইসলাম এখানে খালি হাতে আসেনি। তার ভান্ডারে ছিল মহামূল্যবান ঐশ্বর্য। নতুন চিন্তা, নতুন সংস্কৃতি, নতুন বিশ্বাস, নতুন মূল্যবোধ। এখানে একটি নতুন মুসলমান সমাজ তৈরি হয়। তাদের ধর্ম হয় ইসলাম। নামকরণ হয় আরবিতে। কতকক্ষেত্রে পরিবর্তন হয় পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, জীবনাচারে। এই যে নতুন সমাজ তৈরি হয়, সে সমাজ এখানকার আঞ্চলিক ইতিহাসের মধ্যে নিজের অতীতকে পুরোপুরি খুঁজে পায় না। পায় ইসলামের ইতিহাসে। তেমনি এর সংস্কৃতিও সম্বন্ধ খোঁজে ইসলামের সংস্কৃতির মধ্যে। এই নতুন বিশ্বাস ও মূল্যবোধের নাম প্যান ইসলাম। একই সাথে টেরিটোরিয়াল, আবার সুপরা-টেরিটোরিয়াল। কয়েকশ বছরের মুসলিম শাসনে এই সংস্কৃতি আরও সংহত হয়। হয় বহুপ্রসূ। এই সংস্কৃতি এখানকার উচ্চতর সংস্কৃতি হিসেবে জায়গা করে নেয়। এই সংস্কৃতিকে ভরিয়ে তোলেন রাজন্যবর্গ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। এরই আলো ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে।
এর মানে এই নয়, এই সংস্কৃতির চাপে লোক সংস্কৃতি হারিয়ে যায়। প্রত্যেকে যে যার জায়গায় অবস্থান করে। সংষর্ঘ যে হয় না এমন নয়। প্রাচীন বঙ্গের ঐতিহ্য, পালযুগের ঐতিহ্য, বৌদ্ধ যুগের ঐতিহ্যের সাথে ইসলামের জোড়া কীভাবে লাগবে! কিংবা লোক সংস্কৃতির যেসব উপাদান এই সব ঐতিহ্য থেকে পাওয়া, তার সাথেই-বা ইসলাম কী করে মিল-মিশাল করবে! ইসলাম সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু সমন্বয়ে নয়। ইসলাম তার মূল্যবোধের ব্যাপারে নিরপেক্ষ। এজন্য মঙ্গল প্রদীপ, সিঁদুর, উলু, অন্নপ্রাসন, লক্ষ্মীর সরা, রামায়ণের গান লোক সংস্কৃতির অংশ হয়েও ইসলামের নয়। ইসলাম লোক সংস্কৃতির ওইটুকু গ্রহণ করে, যেটুকু তার মূল্যবোধের সাথে সহনীয়। মুসলিম সংস্কৃতির এই গ্রহণ-বর্জনের মাত্রা নির্ধারণের দায়িত্ব এককভাবে ইসলামের হাতে।
ইসলামের ইতিহাস শুরু সেই খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে। কিন্তু ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস তার চেয়ে প্রাচীন। সেই ইতিহাসের সাথে ইসলাম তার নিজের ইতিহাসের সহাবস্থান করে নেয়। যেখানে সহাবস্থান সম্ভব হয় না সেখানে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ সংস্কৃতির সংঘর্ষ। ইসলাম এদেশে আসে তুর্ক, মোঘল, পাঠানদের হাত ধরে। এরা সবাই মুসলমান নামে পরিচিত হয়। এর আগে ভারতে এসেছিল শক-হুনরা। এরা কিন্তু হিন্দু বনে যায়। তাই তাদের সাথে কোনো সংঘর্ষ হয় না। হয় মুসলমানদের সাথে। কারণ, তারা তাদের ধর্ম ও সংস্কৃতির ব্যাপারে ছাড় দিতে রাজি হয় না। এইভাবে ভারতের লোকসংখ্যার চারভাগের একভাগ এক সময় হিন্দুধর্ম ত্যাগ করে। হিন্দু অতীতের সাথে যোগসূত্র ছিন্ন করে। তারা মুসলমান হয়ে যায়। এরই চূড়ান্ত পরিণতি এক সময় ভারত বিভাগ হয়ে যায় এবং পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্র ইসলামী জাহানের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান দ্বিধা-বিভক্ত হলেও বাংলাদেশের মুসলিম মানস কিন্তু ইসলামি জাহানের সাথে জুড়ে আছে।
ইতিহাসের এই ধারাভঙ্গ হয় যখন ইউরোপীয়রা এদেশ দখল করে নেয়। তারা নিয়ে আসে নতুন মূল্যবোধ। সেই মূল্যবোধকে বলা হয় আধুনিকতা। সেই আধুনিকতাও অতীতের সাথে সম্বন্ধ একরকম ছিন্ন করতে চায়- বিশেষ করে ইসলামের সাথে। ইসলামের সংস্কৃতি ধর্মমূলক। আবার সংস্কৃতির সাথে ইসলামের সম্বন্ধ খুব গভীর। কিন্তু আধুনিকতা সংস্কৃতিকে ধর্মবর্জিত উপাদান দিয়ে গড়তে চায়। যদিও এ চিন্তা অনেকটা সোনার পাথরবাটির মতো। ধর্ম ছাড়া কোনো সমাজ, কোনো সংস্কৃতি চিন্তাই করা যায় না। এশিয়ায় না, আফ্রিকায় না, এমনকি ইউরোপেও না। পশ্চিমের রাষ্ট্রগুলো সেক্যুলার দাবি করে, কিন্তু তাদের সমাজ-সংস্কৃতি মোটেই সেক্যুলার নয়। পশ্চিমের সংস্কৃতি গড়ে উঠেছে কতকটা গ্রিক-রোমান ঐতিহ্য ও খ্রিষ্টীয় ঐতিহ্যের মিল-মিশালে। সেখানকার বড়ো বড়ো ক্যাথেড্রাল, ইস্টার, গুড ফ্রাইডে, বড়ো দিন পশ্চিমের সমাজের সেক্যুলারইজেসনের কথা বলে না। ধর্মের প্রেরণা সংস্কৃতিকে অমরত্ব দিয়েছে। কোথাও কোথাও অমৃত। অজন্তা-ইলোরার শৈল ভাস্কর্য, তাজমহল, আলহামরা, মস্ক অফ কর্ডোভা, ইউরোপের বড়ো বড়ো গথিক ক্যাথেড্রালগুলো শিল্প হিসেবে তুলনাহীন। ডালি, পিকাসো, মাইকেল অ্যাঞ্জেলোর শিল্পকর্মের চেয়ে এর গুরুত্ব কম নয়। ডালির শিল্প, পিকাসোর শিল্প শিল্পানুভূতি সৃষ্টি করে; ধর্মানুভূতি নয়। ওগুলো দুটিই করে।
আমাদের আধ্যাত্মিকতাও দরকার, আধুনিকতাও দরকার। দুটো মিলেই সংস্কৃতির ভান্ডার পরিপূর্ণ হয়ে উঠবে। অবশ্য আধুনিকতা বলতে আমি বিজ্ঞানকেই বোঝাই; আধ্যাত্মিকতাবর্জিত পশ্চিমের নীতি ও মূল্যবোধ নয়। ধর্মের সঙ্গে শিল্প ও বিজ্ঞানকে আমরা মিলিয়ে নিতে চাই। ইউরোপের রেনেসাঁ আধ্যাত্মিকতাকে অস্বীকার করতে চেয়েছিল। রেনেসাঁর নায়করা ঈশ্বরকে অভ্রান্ত মনে করেননি। ঈশ্বরকে বাদ দিয়ে তারা জগতের সব রহস্য ভেদ করতে চেয়েছিলেন। এই যে সীমাহীন স্বাধীনতা রেনেসাঁর লক্ষণ। মনে রাখা দরকার, সীমাহীন স্বাধীনতা একধরনের স্বেচ্ছাচারও বটে। রেনেসাঁ ইউরোপকে স্বেচ্ছাচারীও বানিয়েছিল। সাম্রাজ্যবাদ রেনেসাঁর হাত ধরেই তৈরি হয়। পরস্বাপহরণ, পররাজ্য লুণ্ঠন, শিশু হত্যা, নারী হত্যা, যুদ্ধ-বিগ্রহ এসবই রেনেসাঁসের আরেক পিঠ; যেমন চাঁদের আরেক পিঠে কলঙ্ক।
ইউরোপীয়রাই এদেশে রেনেসাঁ-রিফরমেশন-এনলাইটেনমেন্টের খবর নিয়ে আসে। সেই চিন্তায় উজ্জীবিত হয় প্রথমদিকে হিন্দুরাই। কলকাতাকে কেন্দ্র করে একধরনের কলোনির রেনেসাঁ গড়ে ওঠে। ইউরোপের সঙ্গে পা মেলানোর জন্য কলকাতার হিন্দুরা উন্মুখ হয়ে ওঠে। হিন্দুদের দেখাদেখি একসময় মুসলমানরাও এগিয়ে আসে। তারাও ইংরেজি শিখতে শুরু করে। সেই সুবাদেই তারা ইউরোপের চিন্তা-ভাবনার সঙ্গে পরিচিত হন। মুসলমান সমাজের একটা অংশ ধীরে ধীরে ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন করার জন্য উঠে-পড়ে লাগেন। তাদের মধ্যে রেনেসাঁর হাওয়া লাগে। সেক্যুলারিজমের চিন্তা-ভাবনাও পল্লবিত হয়। তাদের ভেতরকার মুসলিম সংস্কৃতির ভিত নড়বড়ে হয়ে যায়। এরাই সংস্কৃতিকে ধর্মনিরপেক্ষ করার জন্য ওকালতি শুরু করেন। গত শতকের ত্রিশের দশকে ঢাকায় শিখা গোষ্ঠী গড়ে ওঠে। এর কাণ্ডারী ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। এদের কাজকর্ম অনেকটা উনিশ শতকের কলকাতার হিন্দু কলেজের ইয়ং বেঙ্গলের মতো ছিল। এরা চেয়েছিলেন ইয়ং বেঙ্গলের মতো বুদ্ধির মুক্তি। মানে শাস্ত্রের, ধর্মের প্রভাব থেকে মুক্তি। ইউরোপের রেনেসাঁ, সেক্যুলার হিউম্যানিজম এদের খুব টেনেছিল। মুসলিম সমাজের তারা পরিবর্তন চেয়েছিলেন এই আঙ্গিকে। কিন্তু মুসলিম সমাজ ইসলামকে বাদ দিয়ে কীভাবে তাদের সংস্কৃতির বিবর্তন ঘটাবে- এই গভীর প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি। এরা সবাই ধার্মিক মুসলমান পরিবারের সন্তান ছিলেন, কিন্তু সংস্কৃতির দিক দিয়ে ইসলামকে তারা ত্যাগ করেছিলেন। কিছুটা ইউরোপীয় আর কিছুটা কলকাতাকেন্দ্রিক উনিশ শতকীয় হিন্দু সংস্কৃতির মিল-মিশাল দিয়ে তারা তাদের কল্পস্বর্গ গড়ে তুলেছিলেন। এরা ছিলেন যত না মুসলমান, তার চেয়ে কট্টর বাঙালি।
এই শিখা গোষ্ঠীর একজন ছিলেন মোতাহের হোসেন চৌধুরী। তিনি একটা অদ্ভুত বই লিখেছিলেন, নাম 'সংস্কৃতি কথা'। তাতে তিনি বলেছিলেন- ধর্ম হচ্ছে অশিক্ষিত লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মানুষের ধর্ম। নিজের সংস্কৃতি সম্বন্ধে হীনমন্যতা কতদূর জন্মালে আর নিজের শিকড় থেকে কতদূর বিচ্ছিন্ন হয়ে গেলে এ ধরনের বালখিল্য উক্তি করা সম্ভব। চৌধুরী সাহেবের কথা মানতে হলে এ কথা আমাদের বিশ্বাস করতে হবে, শিক্ষিত লোক ধর্মানুসারী হতে পারে না। চৌধুরী সাহেবরা যাদের মস্তজ্ঞান করেছিলেন, সেই উনিশ শতকীয় বিবর্তনের পথিকৃৎ বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ প্রমুখ অনেকেই অধার্মিক ছিলেন না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাদের কাজকর্ম রীতিমতো সাম্প্রদায়িকতা ও মৌলবাদের পর্যায়ে পড়ে। নিজেদের যুক্তিতে তারা নিজেরাই হেরে যান। এসব করে তারা শুধু শুধু নিজেদেরই প্রতারিত করেছেন। চৌধুরী সাহেব কিংবা তার মতানুসারীদের একটা সমস্যা হলো- তারা প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন ইসলামকে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টান ধর্ম- কোনো কিছুই তাদের ব্যাখ্যাত আধুকিতা ও প্রগতির প্রতিবন্ধক নয়; কেবল ইসলাম ছাড়া। এ চেতনা ও মনোভাবকে এক ধরনের সাম্প্রদায়িকতাই বলা যায়।
শিখাপন্থিদের চিন্তা-ভাবনা অনুসরণ করেছেন পরবর্তীকালে আরও কেউ কেউ। আব্দুল হক, আহমদ শরীফ, বদরুদ্দীন উমর প্রমুখ। এরা আরেক ধাপ এগিয়ে বললেন বাঙালিত্বের সাধনার কথা। এই সাধনার মানে কী? আমরা বাংলা ভূখণ্ডে বাস করি, বাংলা ভাষায় কথা বলি, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি মাছ খাই- এটা কি বাঙালিত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়? না। তারা বললেন- হিন্দু ও মুসলমান সংস্কৃতির সমন্বয়ের কথা। মানে আরেকটা দ্বীন-ই-ইলাহি। হিন্দু মুসলমানের সংস্কৃতি থেকে কিছু কিছু গ্রহণ করবে। মুসলমানও নেবে হিন্দুর থেকে। এইভাবে পরস্পর পরস্পরের মধ্যে হারিয়ে যাবে। এই হারিয়ে যাওয়ার সংস্কৃতি আসলে একধরনের জগাখিচুড়ি সংস্কৃতি। এরকম চেষ্টা উপমহাদেশে যে হয়নি তা নয়, কিন্তু হালে পানি পায়নি। আকবর চেষ্টা করেছিলেন। দিল্লিশ্বর ও জগদীশ্বর হয়েও তিনি সফল হতে পারেননি। তার সেনাপতি মানসিংহই এর প্রতিবাদ করেছিলেন। আকবরের আরেক বংশধর দারা শিকোহর কাজকর্মও সুবিধা অর্জন করতে পারেনি। নানক, কবীর, সামাদ ও আমাদের দেশের বাউলপন্থি সন্যাসীদের লোকজ কাজকর্মও বৃহত্তর জনসমাজে সাড়া পায়নি। বৃহত্তর হিন্দু সমাজে বা মুসলমান সমাজে এ ধরনের জনসমর্থনহীন কার্যকলাপ কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। যার জন-আবেদন নেই, তাকে প্রতিষ্ঠা করতে যাওয়া বৃথা। আমাদের বাঙালি জাতীয়তাবাদী সেক্যুলার বুদ্ধিজীবীরা সেই দুঃসাধ্য সাধনায় মেতে উঠেছেন।
এই সমস্ত বুদ্ধিজীবীরা আজকাল লোক সংস্কৃতির উজ্জীবনের কথা বলছেন। তারা যে সেক্যুলার ও সমন্বয়ী বাঙালি সংস্কৃতির কথা বলেন, তার জন্য এক ধরনের প্রতীক দরকার। সেই প্রতীক হিসেবে লোক সংস্কৃতির কথা এসেছে। ইসলামকে বাদ দিয়ে তারা যে সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান, তারও প্রতীক এটা। আটশ বছর ধরে যে উচ্চতর সংস্কৃতি এখানকার জনগণের মনমানসিকতা ও কর্মধারাকে নিয়ন্ত্রণ করছে, তার বিকল্প হিসেবে তারা লোক সংস্কৃতির বিকাশের ওপর জোর দিচ্ছেন। কিন্তু ওই উচ্চতর সংস্কৃতির বিকল্প লোক সংস্কৃতি হতে পারে না। যেমন- ইসলামের বিকল্প অন্য কিছু হতে পারে না। আটশ বছর যা সম্ভব হয়নি, তা হওয়ার সম্ভাবনা এখন একেবারেই নেই। লোক সংস্কৃতির জায়গায় লোক সংস্কৃতি থাকবে। ইসলামের জায়গায় ইসলাম থাকবে। যেমন- পহেলা বৈশাখের জায়গায় পহেলা বৈশাখ, ঈদ উৎসবের জায়গায় ঈদ উৎসব। যে যার জায়গায় থেকে ইতিহাস এগিয়ে যাবে। কখনোই একটির বিকল্প আরেকটি নয়। একটির বিকল্প হিসেবে আরেকটিকে দাঁড় করাতে গেলে তৈরি হবে সংকট। আমাদের ইতিহাসে এর নজির প্রচুর। সমন্বয় নয়; সহাবস্থানই আমাদের কাম্য।
টিকাঃ
১. মোতাহের হোসেন চৌধুরী, সংস্কৃতি কথা। ঢাকা: নওরোজ কিতাবিস্তান, ১৯৯৬।
📄 সংস্কৃতির সমস্যা
সংস্কৃতির সাথে রাজনীতির সম্পর্ক গভীর, যেন একটি আরেকটির ওপর পিঠ। কখনও সংস্কৃতি রাজনীতিকে তাতায়, আবার কখনও রাজনীতি সংস্কৃতির লক্ষ্য ঠিক করে। আমাদের উপমহাদেশে এর উদাহরণ প্রচুর। উনিশ শতকে নবগোপাল মিত্র নামে একজন হিন্দুমেলার প্রবর্তন করেন। এ মেলার উদ্দেশ্য ছিল- প্রাচীন হিন্দু ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটিয়ে হিন্দুর আত্মসম্মানবোধ ফিরিয়ে আনা। বেদের যুগকে, রামায়ণের যুগকে সাংস্কৃতিকভাবে ফিরিয়ে আনার এই চেষ্টায় সেকালের অনেক হিন্দু মনীষীই প্রচুর সময় দিয়েছিলেন। এর মধ্যে রবীন্দ্রনাথ একজন।
এই যে অতীতের সাথে বোঝাপড়া, এর মাধ্যমে হিন্দুরা একধরনের রিভাইভালিজমের স্বপ্ন দেখেছিলেন। সেই হিন্দুমেলা থেকে আসে স্বদেশী আন্দোলন। এ আন্দোলনের একটা রাজনৈতিক রূপও ছিল, কিন্তু এর অন্তর্নিহিত শক্তি ছিল প্রাচীন হিন্দু ঐতিহ্যের প্রতি সম্ভ্রমবোধ। স্বদেশী আন্দোলনের প্রাণ ছিলেন বঙ্কিমচন্দ্র, পরে শ্রী অরবিন্দ। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ ছিল সেকালে হিন্দু রিভাইভালিস্টদের বাইবেল। স্বদেশী আন্দোলনের একটা প্রতিক্রিয়া হয়েছিল। যেমন ধ্বনির হয় প্রতিধ্বনি। ভারতবর্ষ কখনোই এক জাতি-ধর্মের দেশ ছিল না। ছিল মিশ্র জাতি-ধর্মের দেশ। এক জাতি-ধর্মের দেশ হলে হিন্দু রিভাইভাল এক পথে এগোতো। মিশ্র ধর্মের হওয়ায় এখানে হিন্দু রিভাইভাল মুসলমানদের শঙ্কিত করে তুলল। হিন্দুর সাজ সাজ রব মুসলমানকে করে তুলল স্বাতন্ত্র্যকামী। সেখান থেকে এলো মুসলিম রিভাইভালের চিন্তা। তাই পরে যখন কংগ্রেসের কোনো কোনো সেক্যুলার নেতা হিন্দু-মুসলমান মিলনের কথা বললেন, তখন তা কাজে লাগল না। কারণ, রাজনৈতিক মিলনের আগেই সাংস্কৃতিক বিভাজন পুরো হয়ে গেছে।
দেখা গেল- যে আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন হিসেবে শুরু হলো, শেষ পর্যন্ত তা ঠেকল গিয়ে রাজনৈতিক আন্দোলনে। হিন্দু রিভাইভালের বিপরীতে দাঁড়াল মুসলিম রিভাইভাল। এরপরে হিন্দুর রাজনীতি ও সংস্কৃতি বনাম মুসলিম রাজনীতি ও সংস্কৃতি। সেখান থেকে কংগ্রেস বনাম মুসলিম লীগ। একসময় ভারত ভাগ দিয়ে তার পরিণতি। ভাগ হয়েও কি সবকিছুর শেষ হয়েছে। স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের নেতারা বলেছিলেন, ভারত যাবে সেক্যুলারিজমের পথে। রাষ্ট্র পরিচালনায় ধর্মের, সম্প্রদায়গত কোনো সংস্কৃতির প্রাধান্য থাকবে না। মানবিকতা, মানবকল্যাণ হবে নতুন রাষ্ট্রের মূলকথা। কিন্তু কংগ্রেসের সেই নেতারাই যারা সেক্যুলারিজমের কথা বললেন, তারাই সবাই মিলে ভারতের অন্যতম রাষ্ট্রীয় সংগীত করলেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে। হিন্দু রিভাইভালিজমের সেই প্রতীক এলো সেক্যুলার ভারতের পরিচয় দিতে। এইভাবে বর্তমানের ভারত হাত মিলালো তার অতীতের সাথে। সেক্যুলার ভারত সখ্যতা গড়ল তার মৌলবাদী সত্তার সাথে। এ অনেকটা আজকালকার পশ্চিম বাংলার কমিউনিজমের মতো। একই সাথে কমিউনিজম চলছে, আবার দুর্গাপূজা, কালীপূজাও চলছে। সংস্কৃতি, জাতীয়তাবাদ কখন কীভাবে আত্মপ্রকাশ করবে তা বলা কঠিন। এখানে যারা পাকিস্তান আন্দোলনকে, দ্বিজাতিতত্ত্বের চেতনাকে অহর্নিশ মধ্যযুগীয় ও অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে তিরস্কার করেন, তারা এ ঘটনাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন তা জানি না।
উনিশ শতকের হিন্দু মেলার সাথে অনেকখানি তুলনা চলে আমাদের ঢাকায় ষাটের দশক থেকে চালু হওয়া বৈশাখী মেলার। এর উদ্যোক্তারা ঠিক হিন্দু মেলাকে সামনে রেখে এ মেলার শুরু করেছিলেন কিনা তা বলতে পারি না। তবে হিন্দু মেলার অনেক চরিত্র বৈশিষ্ট্যই বৈশাখী মেলা আত্মস্থ করেছে। হিন্দু মেলার অভিমুখ ছিল রাজনীতি ও হিন্দু ঐতিহ্যের পুনরুজ্জীবন। বৈশাখী মেলার অভিমুখও হলো রাজনীতি ও বাঙালিত্বের জাগরণ। মজার ব্যাপার হলো- বাঙালি বলতে ধর্ম নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষীকে বোঝালেও বাঙালির ঐতিহ্য হিসেবে মেলার উদ্যোক্তারা শুধু প্রাচীন বাংলার ঐতিহ্য, বৌদ্ধ যুগের ঐতিহ্য, হিন্দু যুগের ঐতিহ্যকে টেনে নিয়ে আসেন। বাংলা ভাষাভাষীদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাই বেশি; অথচ তাদের ঐতিহ্যগুলোই থাকে এখানে অনুপস্থিত। পহেলা বৈশাখের উদ্যোক্তাদের এ ফাঁকির দিকটি না ধরতে পারলে তাদের গোপন অভিসন্ধি বোঝা যাবে না।
লোকজ উৎসব হিসেবে পহেলা বৈশাখের গুরুত্ব আমাদের সমাজে সব সময় ছিল। আমাদের গ্রামের প্রধান জনসমাজের অর্থনৈতিক বুনিয়াদ এখনও কৃষিভিত্তিক। এই দিকটি বিচার করেই বাংলা সনের গণনার সিলসিলা আরম্ভ হয় বাদশাহ আকবরের কাল থেকে। নতুন বছরকে গ্রহণ করার জন্য কৃষিভিত্তিক এই সমাজে তাই তখন থেকেই একধরনের সামাজিক প্রস্তুতিও তৈরি হয়েছিল। নববর্ষের দিনে গ্রামে-গঞ্জে মেলা হতো। সেসব মেলায় বারোয়ারি, লোকগীতি, যাত্রা, কবিগান, পালাগান এসব চলত। কোথাও কোথাও মৃৎশিল্পীরা তাদের তৈরি করা জিনিস মেলায় নিয়ে আসতেন। আর এসব মেলায় বিক্রি হতো নানান রকম মিষ্টি। সেসব মিষ্টির নামও ছিল হরেক রকমের। কোথাও কোথাও ঘোড়দৌড়ও হতো। এই উৎসব একান্তই আমাদের গ্রামীণ কৃষিসমাজের সার্বজনীন আনন্দোৎসব।
গ্রামীণ জীবনের সাথে মিশে যাওয়া এই লোকজ উৎসবের সাথে কিন্তু হাল আমলে চালু হওয়া নাগরিক পহেলা বৈশাখের কোনো সম্পর্ক নেই। এর উদ্যোক্তারা পহেলা বৈশাখের লোকজ চরিত্রকে সামনে রেখে এটির মধ্যে কৌশলে একটি নাগরিক চরিত্র দেওয়ার চেষ্টা করছেন এবং একশ্রেণির শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সেক্যুলার ব্যক্তি এই উৎসবের ভেতর দিয়ে গত কয়েক দশক ধরে তারা তাদের রাজনৈতিক লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। এরা বলছেন- পহেলা বৈশাখ হচ্ছে সকল বাংলাভাষীর ধর্ম নির্বিশেষে এক সার্বজনীন উৎসব। আদতে এটির মধ্যে বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীর কোনো ঐতিহ্যের ছাপ না থাকায় এটি হয়ে উঠেছে একটি সাম্প্রদায়িক উৎসব। কিন্তু পহেলা বৈশাখের লোকজ চরিত্র দিয়ে আড়াল করে রাখায় তাদের উদ্দেশ্যমূলক কার্যক্রম সকলের কাছে স্পষ্ট নয়। উনিশ শতকের হিন্দু মেলার পথ ধরে তৈরি হয়েছিল হিন্দু জাতীয়তাবাদ। আজকালকার পহেলা বৈশাখের পথ ধরে বিকাশ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। অথচ আমাদের যে লোকজ পহেলা বৈশাখ, তা বৃহত্তর অর্থে গ্রামসমাজে আজও এক আনন্দোৎসব। রাজনৈতিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা তার কাম্য নয়।
হিন্দু মেলার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার- বিশেষ করে রবীন্দ্রনাথ। নাগরিক পহেলা বৈশাখ ও তার পৃষ্ঠপোষকদের জন্য রবীন্দ্রনাথ হচ্ছে এক অনন্ত প্রেরণা। তারা মনে করেন, রবীন্দ্রনাথই বাঙালি জাতিসত্তার প্রধান প্রতীক। যদিও লোকজ পহেলা বৈশাখে রবীন্দ্রনাথের স্থান একেবারেই নেই। উনিশ শতকের হিন্দু জাতীয়তাবাদ মুসলিম স্বার্থের বৈরী হয়ে উঠেছিল। এই জাতীয়তাবাদ সেদিন মুসলিম জাতীয়তাবাদের প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছিল। বৈশাখী মেলার বাঙালি জাতীয়তাবাদও একইভাবে এখানকার মুসলিম মানস, চৈতন্য ও জাতীয়তাবোধকে চায় খর্ব করে দিতে। এই খর্বকারীরা কলকাতার হিন্দু সংস্কৃতি ও পশ্চিমের সেক্যুলার মূল্যবোধের মিল-মিশাল দিয়ে নিজেদের জন্য একটি সংস্কৃতি তৈরি করে নিয়েছেন এবং সংস্কৃতির দিক দিয়ে তারা ইসলামকে পুরোপুরি ত্যাগ করেছেন। হাল আমলের এই নাগরিক বৈশাখী উৎসবে তাই যোগ হয়েছে মঙ্গল শোভাযাত্রা, উলুধ্বনি, শঙ্খরব, উলকি, রাখিবন্ধন প্রভৃতি হিন্দুত্ববাদী সংস্কৃতি- যাকে ঘটা করে বলা হচ্ছে বাঙালি সংস্কৃতি। এই সংস্কৃতিকে এখন দাঁড়ানো হয়েছে এ অঞ্চলের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে। এমনিভাবে এই মেলা উনিশ শতকের হিন্দুমেলার ঐতিহ্যকে পুরোপুরি গিলে ফেলে এখানকার মুসলিম জাতীয়তাবাদের ভিত নড়বড়ে করে দিতে চাইছে।
এখানকার সেক্যুলারিস্টরা তাদের প্রাক-ইসলামি অতীত নিয়ে এখন যথেষ্ট গৌরব বোধ করছেন। তারা শ্লাঘা বোধ করতে আরম্ভ করেছেন প্রাক-ইসলামি হিন্দু ঐতিহ্য, বৌদ্ধ ঐতিহ্য প্রভৃতি নিয়ে। পাল যুগের ঐতিহ্য, সেন যুগের ঐতিহ্য এখন তাদের কাছে দূরবর্তী কিছু নয়। মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক খাঁটি বাঙালি এখন এমন কথাও বলছেন, মুসলমানরা এ দেশে না এলেই ভালো করত। তাহলে এ দেশের অসাম্প্রদায়িক সমন্বয়ী সংস্কৃতির পূর্ণ বিকাশ হতে পারত। বঙ্কিমচন্দ্রের মতো এরাও এখন বখতিয়ার খিলজিকে স্রেফ আক্রমণকারী হিসেবেই দেখছেন। মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসকে এখন বলা হচ্ছে অন্ধত্ব ও মৌলবাদ। ঔদার্যের নামে প্রকৃতপক্ষে চলছে দ্বীন-ই-ইলাহি মার্কা সংস্কৃতি বিকাশের চেষ্টা। কোনো কোনো বাঙালি মুসলমানের ইসলামপূর্ব ঐতিহ্যের কাছে আশ্রয় নেওয়ার এই লক্ষণকে বদরুদ্দীন উমর বলেছেন বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন। আসল কথা হচ্ছে- এ একধরনের স্বদেশ ত্যাগ। এক ধরনের কালচারাল মাইগ্রেশন। বৃক্ষের পক্ষে মূল অস্বীকার করা আর বাঙালি মুসলমানের পক্ষে ইসলাম উপেক্ষা করা একই কথা। ইসলামই হচ্ছে বাঙালি মুসলমানের প্রকৃত স্বদেশ, প্রকৃত কালচারাল হোমল্যাণ্ড। মজার ব্যাপার হলো- নিজের অতীতকে, নিজের ধর্মকে, নিজের ঐতিহ্যকে বাদ দিয়ে যখন অন্যের কাছে এমনি করে হাত পাতা হয়, তখন তাকে আত্মহনন ছাড়া কীই-বা বলা যায়। এর মস্ত উদাহরণ হচ্ছে- আজকের আরবরা। পশ্চিমের প্ররোচনায় একসময় তারা আরব জাতীয়তাবাদের দিকে ঝুঁকেছিল এবং বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক তুর্কি খিলাফতকে ধ্বংস করতে পশ্চিমি সাম্রাজ্যবাদকে পূর্ণ সহায়তা দিয়েছিল। সেসময় মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার তুলতে তাদের বিবেক বাধেনি। আমাদের সেক্যুলারিস্টদের মতো আরব সেক্যুলারিস্টরাও এখন তাদের প্রাক-ইসলামি অতীত নিয়ে করে একধরনের গৌরববোধ। প্রাক-ইসলামি কবি ইমরুল কায়েস, তারাফা, যুহাইর, আনতারা প্রমুখকে নিয়ে তাদের শ্লাঘার শেষ নেই। ইসলামপূর্ব যুগকেও তারা আগের মতো আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারাচ্ছন্ন যুগ হিসেবে মনে করে না। এমন কথাও তারা বলছেন- প্রাক-ইসলামি পৌত্তলিক কবিরা যদি আরবি ভাষার সত্যিকার বিকাশ না ঘটাতেন, তবে কুরআনের মত মহাগ্রন্থ আরবিতে রচিত হতে পারত না। কুযুক্তি বোধ হয় একেই বলে।
এই আরব ন্যাশনালিস্ট ও সেক্যুলারিস্টরা পাশ্চাত্যের ধামা ধরে বহুরকম আরব ঐক্যের কথা আমাদের শুনিয়েছেন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো চেতনা বা মূল্যবোধ- তা সোশালিজম বা ন্যাশনালিজম যা-ই হোক, কোনোটিই তাদের ঐক্যের ভিতকে মজবুত করতে পারেনি। সাম্রাজ্যবাদের পা ধরে তারা যে আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাও শেষ হয়ে গেছে সাম্রাজ্যবাদীদের বিশ্বাসঘাতকতায়। প্রথম মহাযুদ্ধোত্তর তুর্কি খিলাফতের পতনের পর আরবদের ঐক্যবদ্ধ রাষ্ট্র তৈরির পরিকল্পনা ভেস্তে যায় পাশ্চাত্যের মদদে ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ভেতর দিয়ে। এই ক্ষুদ্র ইজরাইলের উৎপাতে আজ আরবরা অসহায়। সেক্যুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম সর্বোপরি সাম্রাজ্যবাদের হাতের পুতুল হয়ে থাকা- কোনো কিছুই তাদের স্বপ্নভঙ্গ ঠেকাতে পারেনি। এই অসহায় আরবদের দেখে আমাদের এখানকার সেক্যুলারিস্টরা কিছুটা হলেও শিক্ষা নিতে পারেন।
টিকাঃ
১. বদরুদ্দীন উমর, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা। ঢাকা: গ্রন্থনা, ১৯৬৯।
📄 বিশ্বায়নের প্রেক্ষিতে জাতীয় সংস্কৃতির ভূমিকা
এক.
পুঁজিবাদের দর্শন হচ্ছে মুনাফা, প্রবৃদ্ধি ও ভোগ। লাভ আর ভোগ- এই হচ্ছে ধনবাদী দর্শনের প্রত্যয় এবং এই প্রত্যয় দিয়েই তারা পৃথিবীর যাবতীয় সবকিছুর মূল্য নির্ধারণ করে থাকে। পুঁজিবাদ ইনসাফ চেয়েছে, সাম্য চেয়েছে, দারিদ্র দূরীকরণ করতে চেয়েছে- এ কথা কেউ জোর গলায় বলতে পারবে না। তাই গত কয়েকশ বছর ধরে ধনবাদী দর্শন পৃথিবীকে নানারকমভাবে নিয়ন্ত্রণ করলেও সকলের আরাধ্য সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ন্যায়বিচারের ধারণা ও মূল্যবোধ কিন্তু আজও প্রতিষ্ঠিত হয়নি।
ইউরোপে রেনেসাঁর পথ ধরে ধনতন্ত্রের জয়জয়কার শুরু হয়। সেই ধনতন্ত্র আবার এগিয়ে চলে সাম্রাজ্যবাদের ঘাড়ে সওয়ার হয়ে। অনেক তাত্ত্বিকের মতে- কলোনিগুলো ছিল ধনবাদী দর্শনের বিশেষ একটি রূপ। ইউরোপের বণিকশ্রেণি কলোনির ধনসম্পদ লুটে নেওয়ার জন্য তৈরি করেছিল সাম্রাজ্যবাদী একটি ছক। সেই ছক ধরেই কীভাবে কলোনির সংস্কৃতি, রাজনীতি ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ ও কালে পরিবর্তিত করে দেওয়া যায়, তার সব চেষ্টাই হয়েছিল। চরিত্রের দিক দিয়ে সেদিনের ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও আজকের পাশ্চাত্য উদ্ভূত বিশ্বায়নের ধারণার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। কমিউনিজমের পতন, ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি প্রভৃতি ঘটনা পশ্চিমের দেশগুলোকে নতুন করে উজ্জীবিত করেছে। এ প্রেক্ষিতেই পশ্চিমের পণ্ডিতেরা নিয়ে এসেছেন ইতিহাস শেষ হয়ে যাওয়ার তত্ত্ব। এক্ষণে ধনবাদী রাষ্ট্রগুলোর সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিশ্ব নিয়ন্ত্রণের নতুন মওকা খুঁজে পেয়েছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে বিশ্বায়ন।
বিশ্বায়ন নামের মধ্যে একটা চমক আছে। মনে হতে পারে, এটি বোধ হয় জগ্দব্যাপী একটা প্রক্রিয়া- যার মধ্যে পুরো মানবপ্রজাতি নানাভাবে জড়িয়ে আছে এবং এর মধ্যে পৃথিবীর ভবিষ্যৎ মঙ্গল ও পারস্পরিক সৌহার্দ্যের ইঙ্গিত রয়েছে। মূলত এটি হচ্ছে পশ্চিমের নয়া সাম্রাজ্যবাদী একটা কৌশল, যার লক্ষ্য হচ্ছে- একটি বিন্দু থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমের ধনবাদী রাষ্ট্রগুলো এই পৃথিবীর সব রকমের ব্যাবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক বৈচিত্র্য, বিশ্বাস ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করবে। এর মূলে আছে ধনবাদী দর্শনের ভোগাকাঙ্ক্ষা। সব নীতি, মূল্যবোধ এখানে নিয়ন্ত্রিত হচ্ছে অধিক মুনাফা আর অধিক ভোগের আশায়। এমন একটা বিশ্বাস ও প্রত্যয় অহর্নিশ সৃষ্টি করা হচ্ছে, যেন লাভ ও ভোগ ছাড়া সভ্যতার কোনো অর্থ নেই। জীবন মানেই আরও আরও ভোগ। সাম্রাজ্যবাদের যুগে ঔপনিবেশিক শক্তি গায়ের জোরে পুরো দেশটা দখল করে নিত, পরে সেখানে মতাদর্শগত আধিপত্য বিস্তার করে পুরো সমাজ থেকে নিজেদের শাসন ও কর্তৃত্বের সমর্থনে একটা বৈধতা জোগাড় করার চেষ্টা করত। এই বৈধতা দিতেন ঔপনিবেশিক শক্তির পেটোয়া সমাজনেতা ও বুদ্ধিজীবীরা। মনে পড়বে আমাদের এখানে ব্রিটিশ কলোনির সমর্থনে রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রমুখ নানারকম লেখালিখি ও বক্তৃতা-বিবৃতি দিয়েছেন। বিশ্বায়নের যুগে এসে সাম্রাজ্যবাদী শক্তির এই কৌশল পরিবর্তিত হয়েছে; কিন্তু লক্ষ্য রয়েছে অবিচল।
প্রথম প্রথম মনে হয়, বিশ্বায়ন একটি নিষ্কলুষ ব্যাপার। উন্নত ও অনুন্নত দেশের মধ্যে পারস্পরিক পুঁজি ও বাণিজ্যের অবাধ প্রবাহ, অভিগমন (Immigration) ও নির্গমন (Migration), প্রযুক্তির আদান-প্রদান, তথ্যের অবাধ বিনিময় প্রভৃতির মাধ্যমে পুরো পৃথিবীটাই যেন একটা global village বা বিশ্বগ্রামে পরিণত হতে চলেছে। প্রকৃতপক্ষে ধনবাদী রাষ্ট্রসমূহ বিশ্বায়নের প্রতিটি ক্ষেত্রে এমন আধিপত্য বিস্তার করে আছে যে, অনুন্নত দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রায় লুপ্ত হতে চলেছে এবং তাদের স্বার্থরক্ষার কোনো উপায় আর থাকছে না। ধনবাদী দেশগুলোই আজ নির্ধারণ করে দিচ্ছে, দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোটি। স্বাধীন দেশ বলে আর কিছু থাকছে না। বিশ্বায়ন পালটে দিচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেমের সেই পুরোনো ছককাটা ধারণা।
একালের ইনফরমেশন টেকনোলজি এমন একটা গতিময়তা সৃষ্টি করেছে যে, Nation State Boundary'র ব্যবধান ভেঙে চুরমার করে দিচ্ছে। ভৌগোলিক ব্যবধান দিয়ে এখন আর আকাশ সংস্কৃতির আগ্রাসন ঠেকানো যাচ্ছে না। একালে ইন্টারনেট, ওয়েবসাইট প্রভৃতি দেশের ধারণাকেই রীতিমতো মুছে দিচ্ছে। উন্নত তথ্য ও বৈজ্ঞানিক প্রযুক্তির জোরে সাম্রাজ্যবাদী দেশসমূহ অনুন্নত বিশ্বকে আজ নিজের নজরদারির মধ্যে নিয়ে এসেছে। তাদের ইশারায় দুর্বল দেশগুলো স্বাধীনতা একরকম বিসর্জন দিতে চলেছে। এ কাজে সাম্রাজ্যবাদের সহযোগী হচ্ছে জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ববাণিজ্য সংস্থা। এ সমস্ত সংস্থাকে এখন সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ রীতিমতো রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠানে পরিণত করে ছেড়েছে। বিশ্বায়ন তাই ধনবাদী-সাম্রাজ্যবাদী দর্শনের আধিপত্য প্রতিষ্ঠার চমৎকার হাতিয়ার হয়ে উঠেছে। শুধু পুঁজির আধিপত্য নয়; বিশ্বায়ন চাইছে পৃথিবী জুড় এক ভোগবাদী পণ্য সংস্কৃতিকে ছড়িয়ে দিতে। সাম্রাজ্যবাদের নীতি-নির্ধারকরা বিলক্ষণ জানে এই ভোগ্যপণ্যবাদ, এই সুপারমার্কেটজাত কালচার যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অনুন্নত ও গরিব দেশের জনসাধারণের নিজস্ব ঐতিহ্যজারিত যে প্রতিরোধ ক্ষমতা তা অচিরেই নিঃশেষ হয়ে যাবে। আর এই নিঃশেষিত অনুন্নত শ্রেণিকে স্থায়ীভাবে দাবিয়ে রাখা তখন অবশ্যই সহজতর হবে।
দুই.
সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, কতক ক্ষেত্রে অর্থনীতি। সাম্রাজ্যবাদী রাজনীতি ও অর্থনীতি এখন অনুন্নত দুনিয়ায় বিশেষ করে ইসলামপ্রধান দেশগুলোর সংস্কৃতি ও মূল্যবোধকে দুমড়ে-মুচড়ে দেওয়ার জন্য মুখিয়ে উঠেছে। সাম্রাজ্যবাদী রাজনীতির দিকটি প্রথমে উলটে-পালটে দেখা যাক। কমিউনিজমের পতনের পর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এক কল্পিত শত্রুর খোঁজে দুনিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং ইসলামকে এখন তাদের মতাদর্শিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছে। এরই আধুনিক পরিণতি হিসেবে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ইসলামপ্রধান দেশগুলোকে নিষ্ঠুর রণক্ষেত্রে পরিণত করেছে। উন্নত তথ্যপ্রযুক্তির জোরে সাম্রাজ্যবাদ বিরামহীনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। কাউকে আঘাত করতে হলে আগে তার চরিত্র হনন করা চাই। ইসলাম মানেই বর্বরদের ধর্ম। সাম্রাজ্যবাদের এই নিষ্ঠুর প্রচারণা আজ এমন মাত্রায় পৌঁছেছে যে, এভাবে ইসলামকে আঘাত হানার পক্ষে তারা একটা পূর্বপরিকল্পিত বৈধতাও অর্জন করতে শুরু করেছে।
ইসলামপ্রধান দেশগুলোতে সাম্রাজ্যবাদ তার সব রকমের অন্যায় কাণ্ডের বিরোধীতাকারীদের নাম দিয়ে দিচ্ছে মৌলবাদী- আর মৌলবাদী মানেই সন্ত্রাসী। মৌলবাদী বলা হচ্ছে তাদেরকেই, যারা নাকি ইসলামের ন্যায়নীতি, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে নিজেদের ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রিক সংহতি ধরে রাখতে চায়। সুতরাং ইসলামপন্থিরাই আজ পাশ্চাত্যের যত ক্ষোভ ও বিষোদ্গার। কারণ, তারা ভালোভাবেই জানে, এই ইসলামপন্থিরাই পাশ্চাত্যের ধনবাদী ও ভোগবাদী দর্শন কায়েমের পথে বড়ো বাধা। সাম্রাজ্যবাদ ইসলামপ্রধান দেশগুলোতে ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে উচ্চবাচ্য করে না। কারণ, এরা তাদের সহযোগী শক্তি। দুয়েকটি ব্যতিক্রম ছাড়া আজকে মুসলিম বিশ্বের সেক্যুলার বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিকরাই সাম্রাজ্যবাদের বশংবদ। এই বশংবদ লোকজনকে দিয়েই আজ পাশ্চাত্য মুসলিম দেশগুলোতে একটা স্থিতিহীন পরিবেশ জিইয়ে রেখেছে- যাতে মুসলিম উম্মাহ কার্যকর অর্থে মাথা তুলে দাঁড়াতে না পারে।
তিন.
সাম্রাজ্যবাদের রাজনৈতিক নীতি ও কার্যক্রম যতখানি স্থূল, অর্থনৈতিক নীতি ঠিক সেরকম নয়। সহজে এর অকল্যাণকর দিক প্রতিভাত হয় না। ধনবাদী অর্থনীতি নীরবে একটি ভোগবাদপ্রবণ পণ্য সংস্কৃতি গড়ে তোলে। এটি থেকে তৈরি হয় Commodity Fetishism বা পণ্যের আরাধনা। তথ্যপ্রযুক্তির জোরে এই পণ্য সংস্কৃতি আজ শহর ছেড়ে গ্রামেও হানা দিচ্ছে। পরিণতিতে মানুষের মধ্যে জন্ম নিচ্ছে আত্মসর্বস্বতা, আত্মকেন্দ্রিকতা ও জনবিচ্ছিন্নতা। এর বিপজ্জনক প্রভাব গিয়ে পড়ছে আমাদের মূল্যবোধের ওপর। মূল্যবোধের অবক্ষয় আজ সমাজের স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।
এতকাল সাম্রাজ্যবাদ Multi culturalism-সাংস্কৃতিক বহুত্বের তত্ত্ব ফেরি করে বেড়িয়েছে। যদিও সে প্রথমাবধি এই বহুত্বের চিন্তা-ভাবনা কাজে-কর্মে কখনও প্রতিষ্ঠিত করেনি। কলোনির মানুষের ওপর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ত্রিনিদাদ প্রভৃতি স্থানের আদিবাসীদের ওপর সাম্রাজ্যবাদ যে ব্যবহার করেছে, তা সাংস্কৃতিক বহুত্বের ধারণাকে নাকচ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন বিশ্বায়নের যুগে সাম্রাজ্যবাদ স্বরূপে আত্মপ্রকাশ করেছে। তারা এখন বিভিন্ন মানুষ ও সমাজের পৃথক আত্মপ্রকাশ ও সৃজনশীলতায় আদৌ বিশ্বাসী নয়। বিশ্বায়ন সংস্কৃতির Homogenization -সমরূপকরণে বিশ্বাসী। বিশ্বায়ন সংস্কৃতিকে ছাঁচে ঢেলে নিজের মতো করে ভাঙতে চায়, গড়তে চায়। সংস্কৃতির স্বাধীন অস্তিত্বে সে বিশ্বাস করে না। এই Monolithic-একমার্গী চিন্তা নিষ্ঠুর স্বৈরাচারকেও হার মানায়।
বিশ্বায়ন রাতদিন প্রচার করে যাচ্ছে, ভোগ আর ভোগের উপকরণের কথা, বহুজাতিক কোম্পানিগুলোর তৈরি পণ্য-সামগ্রীর কথা, তাদের বাজার সৃষ্টির কথা। ভোগের উপকরণসহ আমরা রাতদিন ভোগবাদের জয়গান শুনে চলেছি- রেডিওতে, টিভিতে, বসার ঘরে, শোয়ার ঘরে। তথ্যপ্রযুক্তির কল্যাণে এভাবে আমরা নিজের অজান্তেই এই ভোগবাদের, এই পণ্য সংস্কৃতির সমর্থক হয়ে উঠছি। আমাদের মন-মগজ ধোলাই হয়ে যাচ্ছে। আমাদের ভেতরের যে জান্তব সত্তা, যে ভোগবাদী বৈশিষ্ট্য- যা চাপা পড়ে থাকে, এখন অনুকূল পরিবেশে মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের মানবিক সত্তা চাপা পড়ে যাচ্ছে। আমরা স্বার্থান্ধ হয়ে পড়ছি, পশুত্বের দিকে এগিয়ে যাচ্ছি।
বিশ্বায়ন মুক্তবাজার, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উন্নয়নের আদর্শের ধারণা প্রচার করেছে। এই সাথে খবর ও চিন্তার মুক্তপ্রবাহের কথা বলছে। আপাতদৃষ্টিতে এসব কথার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রিত হচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থে। ভোগ্যপণ্যের প্রচারের জন্য মুক্ত সংবাদ প্রবাহ দরকার। এভাবেই পুরো পৃথিবী জুড়ে তারা বাজার তৈরির জন্য নিজেদের মতাদর্শ প্রচার করে এবং তাদের পক্ষে প্রস্তুত করে এক মানসভূমি। এই পথেই মিডিয়া আধিপত্য আজ মুসলিম দেশগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। একালে আমাদের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোতে রক মিউজিক, কম্পিউটার গেমসের ছড়াছড়ি। ধীরে ধীরে এটি নগর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলেও বিস্তারিত হচ্ছে। মূলত মার্কিন বিনোদনশিল্প অসামান্য দক্ষতায় এটির বাজার সৃষ্টি করেছে, আর আমাদের তরুণরা কোনো ভূত-ভবিষ্যৎ চিন্তা না করে হুমড়ি খেয়ে পড়ছে এর ওপর।
এই রক মিউজিক, কম্পিউটার গেমসের পরিণতি কী হচ্ছে? আমাদের শিশুরা এখন ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার নিয়ে পড়ে থাকছে, কার্টুনের মধ্যে ডুবে যাচ্ছে। এভাবেই তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে সব রকমের সৃজনশীলতা, বিকাশশীলতা, স্বতঃস্ফূর্ততা, ঐতিহ্যবোধ। তার ভেতর ঢুকে পড়ছে অস্থিরতা, অনিশ্চয়তা। এই শিশু যখন বড়ো হবে তখন সে হয়ে উঠবে একটা বিষাদগ্রস্ত পুরুষ অথবা নারী। জাতিকে তার দেওয়ার বড়ো একটা কিছু থাকবে না। পশ্চিমের রক মিউজিকের মতো করে আমাদের দেশেও কিছু সংগীতগোষ্ঠী গড়ে উঠেছে। এই সব মিউজিকের সাথে আছে ড্রাগের সম্পর্ক। পাড়ায় পাড়ায় গজিয়ে উঠা এইসব উচ্চগ্রামের রক মিউজিকের দল কি প্রমোদ বিতরণ করছে, না আমাদের তরুণদের মাদকাসক্ত বানিয়ে ছাড়ছে?
প্রকৃতপক্ষে এই মাদকাসক্তি সমাজের গভীর পর্যন্ত বিস্তারিত হয়েছে। এখন গ্রামে-গঞ্জেও ভিডিও, ভিসিডি ডালভাত। বিশ্বায়িত সংস্কৃতির আওতায় এইসব ভিডিও-ভিসিডির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ব্যাবসা রমরমা। তেমনি রমরমা নীল ছবি সহ নানা ধরনের যৌন উত্তেজক ছবির ব্যাবসা। এখন আবার শুরু হয়েছে নিয়ন্ত্রহীন সাইবার ক্যাফের কালচার। অবাধ তথ্যপ্রযুক্তির সুযোগে পশ্চিমের যত রকমের পাপ আমাদের মধ্যে ঢুকছে, ওরা ব্যবসা করছে। মোটকথা মাদকাসক্তি, নীল ছবি প্রভৃতি তরুণদের নৈতিক শক্তিকে ভেঙে দিয়েছে। তারা আজ দিশেহারা। তাদের সামনে কোনো আদর্শ নেই, মডেল নেই। ফলে সমাজে সৃষ্টি হচ্ছে ভয়ানক এক অরাজক পরিস্থিতি। সন্ত্রাস, খুন ধর্ষণ, ছিনতাই আমাদের সমাজের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পশ্চিমের মুক্ত যৌনতার (Free sex) ধারণা আমাদের সমাজে ভালোরকম প্রবেশ করেছে। নরনারীর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকছে না। এখন আমাদের তরুণদের মধ্যে প্রেম নেই; আছে ভোগেচ্ছা বা যৌনলিপ্সা। মানবিক মূল্যবোধ গুঁড়িয়ে যাচ্ছে। সেখানে জায়গা নিচ্ছে একধরনের কৃত্রিমতা। প্রবৃত্তি আর যন্ত্রের কাছে হেরে যাচ্ছে মানুষ। এই ভোগ্যপণ্যবাদ যতবেশি করে আমাদের দেশে ঢুকছে, ততই আমরা হয়ে উঠছি উন্মুল, স্বার্থপর।
এখন পণ্য উৎপাদনে যত বেশি খরচ হয়, তার চেয়ে বেশি অর্থ ঢালা হচ্ছে পণ্যের বিজ্ঞাপনে। পণ্যের গুণাগুণ নয়; পণ্যের প্রচারণাই মূখ্য। সেই প্রচারণার সামনে পরাভূত হচ্ছে মানুষ। লক্ষ করুন- নিয়ন্ত্রণহীন ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশের জীবনযাত্রা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। আমরা কী পরব, কী খাব, পোশাকের ফ্যাশন কী হবে- সবই ঠিক করে দিচ্ছে এইসব চ্যানেলগুলো। এই কাজে বহুজাতিক কোম্পানিগুলো ব্যবহার করছে চিত্রতারকাদের, ক্রিকেট স্টারদের। আজকাল আমরা নিত্য প্রয়োজনীয় সবকিছু ব্যবহার করি স্টারদের কথামতো। এমনকি নারীর বক্ষ সৌষ্ঠব কেমন হবে তাও নির্ধারণ করে দিচ্ছে তথ্যপ্রযুক্তি। টুইগি, নওমি ক্যামবেল, পামেলা এন্ডারসনদের মডেল বানিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে- নারীর ফিগার কেমন হবে, ফ্যাশন কেমন হবে, তাদের বুকের আকৃতি কেমন হবে। এই অ্যাড কালচার এখন আমাদের দেশেও বেশ রমরমা।
যেভাবে পণ্যের বিজ্ঞাপন করা হচ্ছে- তাতে বিভ্রম হয়, আমরা ঢাকা আছি না নিউইয়র্কে! আমাদের দেশেও বহুজাতিক কোম্পানিগুলো এখানকার কারও কারও সহযোগিতায় চালু করেছে ফটোসুন্দরী প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা। এদেরকেই বেছে বেছে পরে অ্যাডের কাজে ব্যবহার করা হয়। পণ্যের বিজ্ঞাপনে এইসব মডেল হওয়া নারী কোনো দেশীয় কিংবা ধর্মীয় মূল্যবোধ মানছে না। চতুর্দিকে তারা পণ্যের প্রসারের পাশাপাশি কাম-হুতাশন জ্বালিয়ে দিতে ব্যস্ত। এদের অন্দরমহল অন্ধকারাচ্ছন্ন। টিভি পর্দায় এদের ঝলমলে ছবি দেখা গেলেও দুয়েকটি ঘটনা যখন বিচ্ছিন্নভাবে প্রকাশ পায়, তাতেই পূতি-দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বৈশ্বিকভাবে যে সুন্দরী প্রতিযোগিতা হয়, তার উদ্দেশ্যও মোটামুটি একই। এখন তো আবার বহুজাতিক কোম্পানিগুলোর উদ্যোগে তৃতীয় বিশ্বের সুন্দরীদের বেছে বেছে বিশ্ব সুন্দরীর কাতারে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরাই পরে বিজ্ঞাপনের মডেল হবে আর তৃতীয় বিশ্বে বহুজাতিক কোম্পানিগুলোর ভাগ্য খুলবে।
বিশ্বায়ন শুধু নারীকে বিজ্ঞাপনের মডেল বানিয়ে সন্তুষ্ট নয়; তার দেহকেও ব্যবসার উপজীব্য বানিয়ে ছেড়েছে। পশ্চিমে Sex Industry একটা রমরমা ব্যবসা। এর অনুকরণে তৃতীয় বিশ্বের কোনো কোনো দেশে এই প্রমোদশিল্পকে রীতিমতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। যেমন- থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া। অনেকেরই নজরে আসার কথা, এইসব দেহব্যবসায়ী নারীদের আমাদের দেশেও একটা সামাজিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা হচ্ছে- যাতে এই ব্যাবসাকে একটা স্বাভাবিক ও নিয়মিত ব্যবসা হিসেবে গণ্য করা হয়। এদেরকে আজকাল বলা হচ্ছে যৌনকর্মী। এদের পেশাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য বহুজাতিক কোম্পানিগুলো দেদারসে টাকা ঢালছে। সভা করে, সেমিনার করে, লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের নানা রকমভাবে ব্যবহার করে এদের পক্ষে একটা মতামত গড়ে তোলার চেষ্টা হচ্ছে। সাম্রাজ্যবাদের পদলেহী এখানকার এনজিওগুলো পয়সার বিনিময়ে এদের পেশাকে তুলে ধরার জন্য ইতোমধ্যে সভা- সমাবেশ পর্যন্ত করেছে। নৈতিক ও ধর্মীয় বিষয় তো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, কোথায় এইসব হতভাগ্য নারীদের পুনর্বাসনের চেষ্টা হবে, তা না করে বিশ্বায়ন আজ আমাদের মতো দেশগুলোতে এই অপরাধী পেশাধারীদের শিকড় বিস্তৃত করে দিচ্ছে।
বিশ্বায়ন নিয়ে সবচেয়ে ভয় হলো- এটি পরিবারব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেয়। পশ্চিমে পরিবার-সংসার বলে কিছু নেই। সেখানে মানুষ শুধু নিজের জন্য; মানুষের জন্য নয়। পরিবারব্যবস্থার মূল শক্তি হলো নর-নারীর পারস্পরিক বিশ্বাস। বিশ্বাসহীনতা আজ পশ্চিমি সভ্যতার গভীরে পৌঁছে গেছে। সেখানে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে করে না। তাহলে পরিবারব্যবস্থা টিকবে কী করে? এরই পরিণতি হিসেবে সন্তানরা হারায় পরিবারের নিশ্চিত আশ্রয়, তারা ভাসমান হয়ে যায়। বিশ্বায়ন তথ্যপ্রযুক্তির জোরে পরিবারগুলোতে ঢুকে যাচ্ছে। বিশ্বায়নের ভোগ্যপণ্যজাত সংস্কৃতি পরিবারের প্রেমময়, স্নেহময় পরিবেশকে তোয়াক্কা করে না। এর কাছে নর-নারীর পারস্পরিক যৌনতাই মূখ্য। তাই প্রথাগত বিয়ের বাইরে যৌনসঙ্গী হিসেবে নারী-পুরুষের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়ন এইভাবে শুধু পরিবারকেই ভাঙছে না; মানুষের পারস্পরিক বিশ্বাসকেও উচ্ছন্নে দিচ্ছে।
বিশ্বায়নের সুপারমার্কেটজাত কালচার ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেয়। প্রযুক্তি আর বাজার দখল করে নেয় তার মানবিক সত্তা। বাজারী সংস্কৃতির প্রকোপে পড়ে সমাজ হয়ে যায় নীতিশূন্য, ভাবশূন্য। এই নীতিশূন্য সমাজই নিয়ন্ত্রণ করে ব্যক্তিকে। ব্যক্তির ভেতরে সৃষ্টি হয় এক বিচ্ছিন্নতাবোধ। তার সামাজিক বাঁধন আলগা হয়ে যায়। ফলে ব্যক্তি স্রোতে ভেসে যায়। এর সাথে তার মানবীয় সম্পদও ভেসে চলে যায়। ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে পড়লে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর। মানুষ যে সম্পর্ক নিয়ে বাঁচে, জীবনকে মূল্যবান করে তোলে তা আর অবশিষ্ট থাকে না। বিশ্বায়ন মানুষের কাছ থেকে তার মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। মানবিক হয়ে উঠার জন্য মানুষের যে লড়াই, বিশ্বায়ন আজ তার বিরুদ্ধেই দাঁড়িয়েছে।
চার.
বিশ্বায়নের এই রাজনৈতিক সাংস্কৃতিক, অর্থনৈতিক আগ্রাসন থেকে বাঁচার উপায় কী? পুরো মুসলিম উম্মাহ আজ বিশ্বায়নের ধাক্কায় বিপর্যস্ত ও অরক্ষিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে গা বাঁচানোর নীতি নিয়েছে। মুসলিম দুনিয়ার লেখক, শিল্পী, কবি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজকর্মীরা এ বিষয়টাকে আজও যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দেননি। বিশেষ করে ফিল্ম, টেলিভিশন, অডিও, ভিডিও, সংগীত, নাটক, কলা, সংস্কৃতি বা সংবাদমাধ্যম জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। সেই সচেতনতা সৃষ্টির পক্ষে তাদের বর্তমান ভূমিকা যথেষ্ট নয়। পাশ্চাত্য আর ইসলাম প্রধান দেশগুলোর মধ্যে শুধু ভৌগোলিক পার্থক্য নেই; উভয়ের জীবনবোধ, দর্শন ও সংস্কৃতির মধ্যেও রয়েছে বিরাট দূরত্ব। পাশ্চাত্যের দর্শন ইহমুখী, ভোগবাদী। বাজারের নিয়ম অনুযায়ী এক ক্ষণস্থায়ী মূল্য দিয়েই সবকিছুর বিচার হয়। মানুষের শাশ্বত মূল্যকে যাচাই করা হয় না। ইসলাম একই সাথে ইহমুখী ও পরলোক চিন্তার সমন্বয়। বস্তু ও আত্মার সমন্বয়ে গড়ে উঠেছে এর দর্শন। এই পৃথিবীর ক্ষণস্থায়িত্ব সম্পর্কে ইসলাম অনুসারীরা যথেষ্ট সচেতন। তাই নৈতিকতার মানদণ্ডে সবকিছুর মূল্য বিচার করতে হয় তাদের। এই নৈতিক শক্তি দিয়েই আজ ইসলাম অনুসারীদের বিশ্বায়নের ভোগবাদী সংস্কৃতির মোকাবিলায় বুক বেঁধে দাঁড়াতে হবে।
আজও কোনো মুসলিম রাষ্ট্র বিবিসি, সিএনএন প্রভৃতির সমকক্ষ ইলেকট্রনিক্স মিডিয়া চালু করতে পারেনি। না আছে তাদের হাতে রয়টার, এএফপি'র মতো তথ্য মাধ্যম। তথ্য-প্রযুক্তির প্রায় পুরোটাই করায়ত্ব করে আছে পাশ্চাত্য এবং এর মোকাবিলায় মুসলমানদের প্রস্তুতি নিতান্তই সামান্য। বিজ্ঞানের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে জগৎ-সংসারে তাদের দৃশ্যমান ভূমিকা নেই। মুসলিম জনসাধারণ আজ দরিদ্র, নেতৃত্বশূন্য ও অনৈক্যের শিকার। তারা নিজেদের সম্পর্কে সচেতনও নয়। সংস্কৃতির মধ্য দিয়ে জীবনচর্চার একটা দিক নির্দেশিত হয়, মানুষ নিজের জীবনে যার ব্যবহারিক চর্চা করে থাকে। ইসলামের জীবনানুগ চর্চার মধ্য দিয়ে মুসলমানদের সেই সংস্কৃতির পুনরুভ্যুত্থান ঘটতে পারে। এই সংস্কৃতির চর্চা ছাড়া মুসলমানের মধ্যে সৃজনশীলতা আসবে না, বিকাশশীলতা তৈরি হবে না। মনে রাখা দরকার, সৃজনশীলতা দিয়েই সৃজনশীলতার মোকাবিলা সম্ভব। সেক্ষেত্রে মুসলিম দেশগুলোর লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীদের ভূমিকা অপরিসীম। তাদের নিজ নিজ জনগণকে সচেতন করে তুলতে হবে, শুধু তাই নয়- এই সচেতনতাকে যথেষ্ট রকম বাড়াতেও হবে। জনগণ সচেতন না হলে ঐক্যবদ্ধ হবে না। আর ঐক্য ছাড়া পাশ্চাত্যকে প্রতিরোধ করার চেষ্টা নিষ্ফল হবে।
বহুকাল ধরে পাশ্চাত্য প্রচার-প্রোপাগান্ডা চালিয়ে ইসলামের একটি ভয়ানক ও কুৎসিত ইমেজ গড়ে তুলেছে। তার সংস্কৃতি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করেছে। আজকের সংস্কৃতিকর্মীদের ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা ভাঙতে হবে। এজন্য তাদেরকে আধুনিক গণমাধ্যমগুলোর সর্বোৎকৃষ্ট ব্যবহার জানতে হবে এবং প্রয়োজনে এসব প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে গড়ে তুলতে হবে। আমাদের সমস্যা হচ্ছে- আমাদের বুদ্ধিজীবিরা, সংস্কৃতিসেবীরা অনেকেই পশ্চিমি চিন্তা-ভাবনায় প্রভাবিত। মুসলমানদের নিজস্ব সমস্যাকেও তারা পশ্চিমের আয়নায় দেখতে পছন্দ করেন। এই অন্ধ অনুকারিতা ছেড়ে ইসলামি চিন্তা ও নৈতিকতার আলোয় যুগ সমস্যার সমাধান খুঁজতে হবে। অনুকরণ করে পৃথিবীতে কেউ মাথা জাগাতে পারে না। পশ্চিমের ইহবাদী ও ভোগবাদী দর্শনের বিপনী ইসলামি নৈতিকতা আজও একটি শক্ত ও দুর্ভেদ্য দুর্গের মতো। এইডস, সমকামিতা, ড্রাগ, বিবাহ বিচ্ছেদ, কুমারী মাতা, লিভিং টুগেদার, ফ্রি সেক্স প্রভৃতি অপসংস্কৃতি-কুসংস্কৃতি পশ্চিমের সম্পদ। মুসলমানরা যখন থেকে ইসলাম ছেড়েছে, তখন থেকেই এই রোগ তাদের সমাজে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। পশ্চিমের সামাজিক বন্ধন ও সংহতি বলে কিছু নেই। ওখানকার সংস্কৃতি গ্রহণ করতে গেলে আমাদের সামাজিক সংহতিও আলগা হয়ে যাবে। বিশ্বায়নের নামে অপসংস্কৃতির যে সয়লাব মুসলিম দেশগুলোতে ঢুকে পড়ছে, তার প্রতিরোধ একমাত্র ইসলামি নৈতিকতার অভ্যুত্থান ঘটিয়েই সম্ভব।
দীর্ঘদিন ধরে কলোনির আবহাওয়ায় থাকতে থাকতে আমরা পরাভূত মানুষ হিসেবে বিশ্বকে দেখতে শিখেছিলাম ইউরোপের চোখ দিয়ে। এমনকি ওই চোখ দিয়ে আমরা নিজেদের দেখতেও অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ইউরোপীয় পণ্ডিত ও তাত্ত্বিকরা আধুনিকতা ও প্রগতির মডেল হিসেবে পাশ্চাত্যকেই তুলে ধরেছিলেন। বিশ্বকে দেখার ও বিবেচনা করার এই দৃষ্টিভঙ্গি কতটা ন্যায়সংগত- তা আজ পুনর্বিচার করে দেখা দরকার। পশ্চিমি সভ্যতার শক্তি কতটুকু, তার নৈতিক বল কী রকম, এই সভ্যতা বৃহত্তর অর্থে মানব প্রজাতির জন্য কতটুকু মঙ্গলজনক, তা আজ বিশ্লেষণের দাবি রাখে। পশ্চিমি সভ্যতা তার ইহবাদী ও ভোগবাদী দর্শন দিয়ে বিশ্ব জুড়ে যে নৈতিক সংকট সৃষ্টি করেছে, বিশ্বায়ন তারই একটি প্রক্রিয়া; বলা চলে একটি প্রান্তিক অবস্থা। এই প্রান্তিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে একটি নৈতিক মডেলকে আমাদের আঁকড়ে ধরা প্রয়োজন। সেই বিকল্প হিসেবে ইসলামি নৈতিকতাকে আজ আমরা গ্রহণ করতে পারি।