📄 ৯৮. স্বামীর নাম না নেয়া
৯৮. আমাদের সমাজে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকেনা। ইসলামে কি স্বামীকে নাম ধরে ডাকা নিষেধ?
না, ইসলামে স্বামীর নাম ধরে ডাকা নিষেধ নয়। স্বামীর নাম ধরে না ডাকাটা একটা সামাজিক কুপ্রথা।
হাদিসে পাওয়া যায়, মহিলা সাহাবীগণ তাদের স্বামীর নাম নিতেন, নাম ধরে ডাকতেন।
সমাজিক প্রথা পালন করতে গিয়ে আমাদের দেশে মহিলারা অনেক আজগুবি আচরণ করে। আমি শুনেছি, এক মহিলার স্বামীর নাম ছিলো 'আকবর'। ছেলের নাম ছিলো 'বাদল'। ঐ মহিলা সালাতে বারবার 'আল্লাহু আকবর' বলার পরিবর্তে বলতো 'আল্লাহু বাদলের বাপ'।
আরেক মহিলার স্বামীর নাম ছিলো 'রহমতুল্লাহ'। এই মহিলা কাউকে সালাম দেয়ার সময় বলতো: আসসালামু আলাইকুম খোকার বাপ। সালাত শেষে সালাম ফেরানোর সময়ও একই কথা বলতো。
সুতরাং ভিত্তিহীন রসম রেওয়াজ পরিত্যাগ করুন।
📄 ৯৯. রান্নার পর না খেয়ে প্রথা অনুযায়ী স্বামীর জন্যে অপেক্ষা করা
৯৯. বাড়িতে খাবার রান্না বান্না করার পর মহিলারা নিজেরা না খেয়ে পুরুষদের জন্যে অপেক্ষা করতে থাকে। সমাজে প্রচলন আছে পুরুষদের আগে মহিলাদের খাওয়া নিষেধ। এটা কি ঠিক?
এটা ভ্রান্ত ধারণা। মহিলাদের এধরণের ভ্রান্ত প্রথা পালন করা উচিত নয়। ভ্রান্ত প্রথা ভাঙ্গা উচিত।
তবে কোনো মহিলা একত্রে খাওয়ার উদ্দেশ্যে নিজের স্বামীর জন্যে অপেক্ষা করাতে দোষ নেই।