📄 ১১. অলি আল্লাহরা কবরে জীবিত, তাদের খুশি করা
১১. অলি আল্লাহদের জীবন মৃত্যু সমান কথা। আসলে অলি আল্লাহরা মরে না, তারা কবরে জীবিতই আছে। তাদের কাছে ফরিয়াদ করে, দোয়া প্রার্থনা করে, তাদেরকে এবং তাদের কবরকে সাজদা করে তাদেরকে খুশি করতে পারলে সব গুনাহ মাফ পাওয়া যাবে। তারা সুপারিশ করে পার করে নেবে।
নবী, অলি, বুযুর্গ ও পীরের মৃত্যু আর সাধারণ মুসলমানের মৃত্যুতে কোনো পার্থক্য নাই। মৃত্যু মৃত্যুই। মৃত্যুর পর দুনিয়ার সাথে সকলেরই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মৃত লোকেরা জীবিত লোকদের জন্যে কিছুই করতে পারে না। করার কোনো ক্ষমতাই তাদের থাকে না।
রসূলুল্লাহ সা.-এর মৃত্যু সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন : إِنَّكَ مِّيْتَ وَأَنَّهُمْ مَّيِّتُوْن
অর্থ: (হে মুহাম্মদ!) নিশ্চয়ই তোমার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। (সূরা ৩৯ যুমার: আয়াত ৩০)
রসূলুল্লাহ সা. বলেছেন: 'দোয়া ইবাদত'। বরং 'দোয়া ইবাদতের মস্তিষ্ক।' আর সাজদা করা তো বরং শ্রেষ্ঠ ইবাদত।
সুতরাং মৃত কিংবা জীবিত অলি, পীর, বুযুর্গদের কাছে ফরিয়াদ করা, প্রার্থনা করা, তাদের কবরে কান্নাকাটি করে কিছু চাওয়া এবং তাদেরকে ও তাদের কবরে সাজদা করার অর্থ তাদের ইবাদত করা। এসব কাজ অকাট্য শিরক। আল্লাহর রসূলের প্রতিপক্ষ মুশরিকরা একাজই করতো। এ জন্যেই তাদেরকে মুশরিক বলা হতো। যারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে প্রার্থনা ফরিয়াদ করে সেই মুশরিকদের ভ্রান্ত ধারণা কুরআনে উল্লেখ করা হয়েছে এভাবে:
وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
অর্থ: যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অলি হিসেবে গ্রহণ করেছে, তারা বলে: "আমরা (এই অলিদের) ইবাদত করি শুধু এই উদ্দেশ্যে যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে।" (সূরা ৩৯ যুমার: আয়াতাংশ ৩)
সুতরাং এরা এবং ঐ মুশরিকরা একই মুশরিক -যারা আল্লাহর রসূলের তাওহীদের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছিল। পার্থক্য শুধু এতোটুকু যে, তারা বলতো আমরা ইবরাহিমের ধর্মের উপর আছি। আর এরা বলে: আমরা মুহাম্মদের ধর্মের উপর আছি।
📄 ১২. দীনদারি ও বুযুর্গি প্রদর্শনের জন্যে খেতাব গ্রহণ
১২. দীনদারি ও বুযুর্গি প্রদর্শনের জন্যে খেতাব বা উপাধি গ্রহণ করা কি বৈধ?
আমাদের এ অঞ্চলে দীনদারি ও বুযুর্গি প্রদর্শনের উদ্দেশ্যে খেতাব আর উপাধির ছড়াছড়ি দেখা যায়। এসব উপাধি গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি আর সীমালংঘনের কোনো সীমা নাই। যেমন: অলিয়ে কামেল, আশেকে রসূল, মাহবুবে সোবহানী, কুতুবে রব্বানী, মুজাদ্দিদে যামান, অলিকুল শিরোমনি, গাউছ, গাউসুল আযম, ইমাম আযম, মুহিউস সুন্নাহ, ইমামুল আয়িম্মাহ, কুতুবে এরশাদ, হুজুর কেবলা, খাজা বাবা, গাউসুস সাকালাইন, হাদিয়ে যামান, মাহবুবে এলাহী ইত্যাদি। এসবগুলোই দীনদারি, বুযুর্গি, শ্রেষ্ঠত্ব, পাপীদের মুক্তিদাতা ইত্যাদি বুঝানোর জন্যে ব্যবহার করা হয়ে থাকে।
প্রথম কথা হলো এসবই সুন্নতের খেলাফ। আল্লাহর রসূল সা. এ ধরণের কোনো উপাধি গ্রহণ করেননি এবং তাঁর সাহাবীরাও তাঁকে এ ধরণের উপাধিতে ডাকেননি।
দ্বিতীয় কথা হলো, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবায়ে কিরাম। স্বয়ং আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাঁরা কেউ এ ধরণের উপাধি গ্রহণ করেননি। তাঁরা পরস্পরকে এ ধরণের উপাধি দেননি। উম্মতের শ্রেষ্ঠ বুযুর্গগণ এ ধরণের উপাধি গ্রহণ করেননি। তাবেয়ী, তাবে তাবেয়ী, ইমাম আবু হানিফা, শাফেয়ী, আহমদ, মালেক কেউ এ ধরণের উপাধি গ্রহণ করেননি।
দেখা যায়, জীবদ্দশাতেই এখন বহু লোক এসব উপাধি গ্রহণ করে। আবার অনেক ভালো লোককে মৃত্যুর পর লোকেরা এসব উপাধিতে ভূষিত করে। এসব উপাধির মধ্যে শিরক পর্যন্ত আছে।
তাহলে প্রশ্ন হলো, এ ধরণের উপাধি কাদের প্রয়োজন? জবাব একটাই, তাহলো: যাদের কোনো স্বার্থ বা গরজ আছে, তাদেরই এ ধরণের উপাধি প্রয়োজন। একটু ভাবলেই দেখা যায়, সুন্নতের খেলাফ হওয়া সত্ত্বেও এ ধরণের উপাধি গ্রহণ বা প্রদান করে সাধারণত: ১. জাহিল লোকেরা, ২. মতলব বাজ ও স্বার্থান্বেষী লোকেরা, ৩. ইসলামের নাম ব্যবহারকারী ধোকাবাজ লোকেরা। এসব উপাধি দ্বারা মুসলিম জনসাধারণকে বিভ্রান্ত করা হয়। এ প্রসংগে আল্লাহ পাক বলেন:
فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى
অর্থ: সুতরাং তোমরা নিজেরাই নিজেদেরকে শুদ্ধতার সার্টিফিকেট দিওনা। তিনিই অধিক জানেন- কে প্রকৃত মুত্তাকি।' (সূরা ৫৩ আন নাজম: আয়াত ৩২)
📄 ১৩. কাউকেও গাউসুল আযম বলা, আবদুল কাদের জিলানির নামে অলৌকিক কর্মকাণ্ডের মিথ্যা প্রচার
১৩. বলা হয়: আবদুল কাদের জিলানী গাউসুল আযম। মায়ের গর্ভে থাকতেই কুরআন মুখস্ত করেছেন। মেরাজে সিদরাতুল মুনতাহার পরে নবীকে অভয় দিয়েছেন- এগুলো কি ঠিক?
এ কথাগুলো থেকে বুঝা যায়, আবদুল কাদের জিলানি মানুষ ছিলেন না। কারণ এসব কথা মানব গুণাবলীর মধ্যে পড়ে না। এগুলো নিতান্তই জাহিল লোকদের কথাবার্তা যাদের মানবত্ব সম্পর্কে কোনো ধারণা নেই।
গাউছ মানে-ত্রাণকর্তা, পরিত্রাণদানকারী, উদ্ধারকারী। আর গাউসুল আযম মানে-সর্বশ্রেষ্ঠ ত্রাণকর্তা। গাউছ কথাটি আল্লাহ ছাড়া আর কারো জন্যে ব্যবহার করা উচিত নয়। কারণ তাহলে তা হবে শিরকের নামান্তর। আবদুল কাদের জিলানি কখনো নিজেকে গাউছ বা গাউছুল আযম দাবি করেন নাই। পরবর্তীকালে জাহিল লোকেরা তাঁকে এই উপাধি দিয়েছে।
আর বাকি বিষয়গুলো তো কোনো মানুষের জন্যে প্রযোজ্য নয়। আবদুল কাদের জিলানি তো নস্যি, স্বয়ং নবীর কাছে এ ধরনের অনেক অলৌকিক বিষয় দাবি করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন, আমিতো মানুষ, আমার পক্ষে এগুলো করে দেখানো সম্ভব নয়। দেখুন কুরআন কী বলে:
وَقَالُوا لَن تُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا • أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ মِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْحِيرًا . أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلاً • أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفَ أَوْ تَرْقَى فِي السَّمَاءِ وَلَن تُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَّقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولاً .
অর্থ: (কাফির মুশরিকরা) বলে: আমরা কখনো তোমার প্রতি ঈমান আনবোনা, যতোক্ষণ না তুমি ভূমি থেকে আমাদের জন্যে একটি ঝরণাধারা উৎসারিত করবে, অথবা তোমার খেজুর ও আংগুরের একটি বাগান হবে, যার ফাঁকে ফাঁকে তুমি অনেক নদী নালা, ঝরণাধারা প্রবাহিত করে নেবে, অথবা তুমি যেমন বলে থাকো, সে অনুযায়ী আকাশকে খণ্ডবিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সম্মুখে এনে উপস্থিত করাবে, অথবা তোমার স্বর্ণ দ্বারা নির্মিত একটি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহন করবে, কিন্তু তোমার ঐ আরোহনকে আমরা ততোক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না, যতোক্ষণ না তুমি ওখান থেকে আমাদের প্রতি একটি কিতাব নাযিল করবে যা আমরা পাঠ করবো। (হে নবী!) তুমি বলো: অতিশয় পবিত্র ও মহান আমার প্রভু! আমি কি একজন মানুষ রসূল ছাড়া আর কিছু? (সূরা ১৭ ইসরা: আয়াত ৯০-৯৩)
📄 ১৪. শাফায়াতের অলিক আশা
১৪. অনেক লোক নিজের আখিরাতের মুক্তির প্রচেষ্টা ছেড়ে দিয়ে পীর অলির শাফায়াতের আশায় মনগড়াভাবে তাদের খুশি করার চেষ্টা করছে। -এতে কি কোনো ফল পাওয়া যাবে?
প্রশ্ন হলো, যার শাফায়াতে পার পাওয়ার আশায় আপনি বুক বেঁধে আছেন, তার মুক্তির ব্যবস্থা করবে কে? তার বেহেশত কি নিশ্চিত? কে দিলো আপনাকে এই নিশ্চয়তা? ব্যাপারটা মনে হয় যেনো এমন যে, আপনার পীর অলির বেহেশতের নিশ্চয়তা দিচ্ছেন আপনি, আর আপনার মুক্তির দায়-দায়িত্ব পীরের বা অলির! মুক্তির এই সহজ সুন্দর ব্যবস্থা থাকতে মানুষ আল্লাহর কিতাব এবং নবীর অনুসরণের ঝামেলা পোহাতে যাবে কেন?
শাফায়াতের উদ্দেশ্যে মৃত কিংবা জীবিত লোকদের সাজদা করা, তাদের কাছে প্রার্থনা করা, ফরিয়াদ করা, মান্নত করা, তাদেরকে উসিলা ধরা, তাদেরকে ধ্যান করা- এসবই শিরক। আপনি নিজের মুক্তির ব্যবস্থা নিজে না করলে তারা আপনার কোনোই উপকার করতে পারবে না:
وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللهِ قُلْ أَتُنَبِئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ .
অর্থ: তারা আল্লাহ ছাড়া আর যাদের ইবাদত করে, সেদিন তারা তাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তারা বলে: 'আল্লাহর কাছে এরা আমাদের শাফায়াতকারী।' হে নবী বলো: তোমরা কি আল্লাহকে আকাশ ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছো, যা তিনি জানেন না? তিনি পবিত্র, তারা তাঁর সাথে যাদের শরিক করে তাদের থেকে তিনি অনেক ঊর্ধ্বে। (সূরা ১০ ইউনুস: আয়াত ১৮)
মনে রাখবেন, আপনার অলি আর পীর তো দূরের কথা, সেদিন জিবরাঈল পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া টু শব্দটি করতে পারবে না:
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَالَ صَوَابًا
অর্থ: সেদিন রূহ (জিবরিল) এবং সকল ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। দয়াময় রহমান যাকে অনুমতি দেবেন, সে ছাড়া কেউই টু শব্দটিও করতে পারবে না। আর অনুমতিপ্রাপ্ত ব্যক্তি যা বলবে একেবারে ন্যায় ও ন্যায্য কথা বলবে। (সূরা ৭৮ আন নাবা: আয়াত ৩৮)
وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
অর্থ: তারা (অনুমতি প্রাপ্তরা) সুপারিশ করবে শুধু ঐসব লোকদের জন্যে যাদের প্রতি তিনি (আল্লাহ) সন্তুষ্ট, আর তারা নিজেরাই তো তাঁর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। (সূরা ২১ আম্বিয়া: আয়াত ২৮)