📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল > 📄 ৭. শিরক এবং বিদ‘আত

📄 ৭. শিরক এবং বিদ‘আত


শিরক এবং বিদআত ধর্মের তথা ইসলামের ছদ্মবেশেই ইসলামের মধ্যে প্রবেশ করে। শিরকের মধ্যে আল্লাহকে অবশ্যই রাখা হয়। তবে,

১. আল্লাহ ও বান্দার মাঝখানে অন্যদেরকে মাধ্যম বানিয়ে নেয়া হয়, কিংবা ২. আল্লাহর সাথে কারো আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করা হয়, অথবা ৩. কাউকে আল্লাহর সমকক্ষ বানানো হয়, বা ৪. কাউকে আল্লাহর প্রাপ্য অধিকারে শরিক করা হয়, নতুবা ৫. কারো প্রতি আল্লাহর ক্ষমতা আরোপ করা হয়।

বিদ'আতও ধর্মের রূপ ধারণ করেই ইসলামে প্রবেশ করে এবং একাকার হয়ে থাকে। বিদআত হলো সেইসব নিয়ম কানুন, রসম রেওয়াজ, বা অনুষ্ঠান, বা কার্যক্রম, যা ধর্মের নামে চালু করা হয় এবং ধর্মীয় কাজ হিসেবে পালন করা হয়ে থাকে। অথচ আল্লাহর রসূল সা. নিজের কথা, কাজ বা অনুমোদন দ্বারা তা চালু করেননি। রসূলুল্লাহ সা. বলেছেন:

فَإِنَّ خَيْرَ الْحَدِيْثِ كِتَابُ اللهِ وَخَيْرُ الْهَدْيِ هَدَى مُحَمَّدٍ وَشَرُّ الاُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَة

অর্থ: জেনে রাখো, সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। আর সর্বোত্তম পথ ও পন্থা হলো মুহাম্মদের প্রদর্শিত পথ ও পন্থা। পক্ষান্তরে সর্ব নিকৃষ্ট কার্যক্রম হচ্ছে (দীনের মধ্যে) নবোদ্ভাবিত কার্যক্রম (বিদআত)। আর প্রতিটি বিদআতই (নবোদ্ভাবিত কর্মই) সুস্পষ্ট গোমরাহী। (সহীহ মুসলিম)

অপর বর্ণনায় রয়েছে, তিনি একথার পরে বলেছেন: 'আর প্রতিটি গোমরাহীই জাহান্নামে।'

আমাদের দেশে দীন ও শরিয়তের মধ্যে যেসব শিরক, বিদআত, কুফর, হারাম, মাকরূহ, যুলুম বিভিন্নভাবে প্রবেশ করেছে এবং একাকার হয়ে আছে, সে সম্পর্কে মুসলিম সমাজে সচেতনতা সৃষ্টি অতীব জরুরি। সে উদ্দেশ্যেই এ আলোচনা। এ আলোচনায় আমরা কতিপয় উল্লেখযোগ্য ভুল তুলে ধরবো। বইয়ের পরিসর সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে বক্তব্য সংক্ষেপ করা হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00