📄 অন্যান্য ফরয হুকুম ঠিক মতো পালন না করা
• মুসলিমদের ঠিক মতো যাকাত না দেয়া, রমাদানে ঠিক মতো রোযা (সিয়াম) পালন না করা, হাজ্জের সামর্থ্য থাকা সত্ত্বেও হাজ্জ না করা, সাবালিকা হওয়ার পরও পর্দা না করা, হালাল-হারাম বেছে না চলা, ইসলামের দাওয়াতী কাজ না করা, প্রতিবেশীর হক আদায় না করা, বাবা-মার হক আদায় না করা, গরীব আত্মীয়ের হক আদায় না করা, এতিমের হক আদায় না করা ইত্যাদি।
📄 ইসলামিক কালচার অনুসরণ না করা
• ইসলামিক কালচার একজন মুসলিমের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই ইসলাম মানব জীবনের সর্বক্ষেত্রে এর উপর খুব জোর দিয়েছে। আল্লাহর কুরআন ও রসূল -এর হাদীসে এর নানাদিক বর্ণনা করা হয়েছে এবং নারীপুরুষ নির্বিশেষে সকল মুসলিমকে তা পালন করার নির্দেশ দেয়া হয়েছে। দৈনন্দিন জীবনে কুরআন-হাদীস নির্দেশিত নিয়মগুলো মেনে চলার চর্চা যত অধিক করবে, একজন মুসলিম তত অধিক আল্লাহর প্রিয়পাত্র হতে পারবে। অন্যদিকে এই নিয়মগুলো অবহেলা করলে সে ইসলামের মূল শিক্ষা হতে দূরে সরে যাবে, ফলে আল্লাহর প্রিয় সে হতে পারবে না। এটা একটা সুস্পষ্ট ক্ষতি বটে। অথচ আমাদের দেশে খুব কম পরিবারই পাওয়া যাবে যেখানে ইসলামিক কালচারের প্রচলন রয়েছে। ইসলামিক কালচারের মধ্যে রয়েছে যেমন:
১. নাবী মুহাম্মাদের নাম মুখে বললে অথবা অন্য কাউকে বলতে শুনলে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” (তাঁর উপর রহমত ও শান্তি বর্ষিত হোক) বলা। এটা একটা দু'আ রসূলের জন্যে। তাঁর সহীহ হাদীস মেনে চলা অতি জরুরী।
২. অন্য সব নাবীদের নাম নিলে "আলাইহিস সালাম" (তাদের উপর শান্তি বর্ষিত হোক) বলা।
৩. সাহাবীদের কারো নাম মুখে বললে পুরুষ হলে "রাদিআল্লাহু আনহু" বলা এবং নারী হলে "রাদিআল্লাহু আনহা” (আল্লাহ তাদের উপর রাজী হোন) বলা।
৪. কিছু করার শুরুতে “বিসমিল্লাহ” (আল্লাহর নাম নিয়ে শুরু করছি) বলা। এবং নিজ বাসায় ঢুকার সময়ও বিসমিল্লাহ বলে ঢুকা।
৫. কোন সুসংবাদ শুনলে অথবা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে “আলহামদুলিল্লাহ” (সমস্ত প্রশংসা আল্লাহর) অথবা “মাশা-আল্লাহ” (আল্লাহ যা ইচ্ছা করেছেন) বলা। আল্লাহর দেয়া সব নিয়ামতের জন্যে কৃতজ্ঞতা জানিয়ে ঘনঘন 'আলহামদুলিল্লাহ' বলা।
৬. কেউ বিদায় নেয়ার কালে পরস্পর সালাম বিনিময় করে বিদায় নেয়া।
৭. আশ্চর্যজনক কিছু শুনলে অথবা প্রশংসা করতে চাইলে “সুবহান আল্লাহ” (আল্লাহ অতি পবিত্র ও মহান) বলা।
৮. কাউকে কিছুর জন্যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে হলে “জাযাকাল্লাহু খাইরান” (আল্লাহ তোমাকে উত্তম পুরষ্কার/বিনিময় দিন) বলা।
৯. কোন সমস্যায় পড়লে “তাওয়াক্কালুল্লাহ” (আমি আল্লাহর উপর নির্ভর করি) বলা।
১০. হাঁচি দিলে “আলহামদুলিল্লাহ” (সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য) বলা।
১১. অন্য কেউ হাঁচি দিতে শুনলে “ইয়ারহামুকাল্লাহ” (আল্লাহ তোমার উপর রহমত করুন) বলা।
১২. কোন খারাপ কাজ করে ফেললে অথবা কোন নোংরা/আপত্তিকর কিছু হতে দেখলে অথবা তেমন সংবাদ শুনলে “আস্তাগফিরুল্লাহ” (হে আল্লাহ! তোমার কাছে ক্ষমা চাই) বলা।
১৩. ঘৃণা প্রকাশ করতে হলে “নাউজুবিল্লাহ” (আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি) বলা।
📄 সালামের সঠিক ব্যবহার না করা
আমাদের দেশে দেখা যায় যে, কোন অপরিচিত লোক কাউকে রাস্তা-ঘাটে সালাম দিলে ঐ ব্যক্তি সালামের উত্তর না দিয়ে সর্বপ্রথমে অবাক হয়ে জিজ্ঞেস করেন যে “ভাই আপনাকে তো চিনলাম না”! আমাদের আচরণ দেখে মনে হচ্ছে সালাম শুধু দিবে চেনা লোককে। অথচ রসূল ﷺ-এর প্র্যাকটিস ছিল পরিচিত-অপরিচিত সবাইকে বেশী বেশী সালাম দেয়া, কারণ সালাম হচ্ছে একে অপরের জন্য দু'আ। দু'আ করার জন্য পরিচয় জানা জরুরী নয়।
আবার দেখা যায় যে, অপরিচিত কেউ সালাম দিলে আমরা উত্তর দিতে সংকোচ বোধ করি। তখন মনে হয় যে, লোকটি সালাম দেয় কেন? কোন উদ্দেশ্য আছে নাকি? আমাদের পরিচিত এক মাদ্রাসার শেষ বর্ষের ছাত্র দুঃখ করে বলেছিলেন যে, "আমরা কাউকে সালাম দিলে অপর পক্ষ সালামের উত্তর দিতে উৎসাহবোধ করেন না, হ্যান্ডসেক করতে গড়িমসি করেন। তারা মনে করেন যে এই হুজুর প্রকৃতির লোকটি আবার কোন সাহায্য চাইবে নাতো?"
সালাম দেয়াটাকে অনেকেই ইসলামিক কালচার মনে করেন না, ভাবেন এটা সৌদি আরবের কালচার। যেমন অনেকে মনে করেন বোরকা পরাও সৌদি আরবের কালচার।
আমাদের মধ্যে একটি ভুল ধারণা বিদ্যমান আছে যে বড়রা সবসময় ছোটদের থেকে সালাম আশা করেন। যেমন, শিক্ষক আশা করেন ছাত্রদের থেকে, বাবা-মা আশা করেন সন্তানদের থেকে, ইমাম সাহেব আশা করেন মুসল্লিদের থেকে। কিন্তু সালাম হচ্ছে একে অপরের জন্য দু'আ যার অর্থ হচ্ছে "তোমার উপর শান্তি বর্ষিত হোক।" রসূল ﷺ -কে কখনো কেউ আগে সালাম দিতে পারতেন না এবং তিনি ছোটদেরকেও সালাম দিতেন।
ভুল সংশোধন : সালামকে বিকৃত করা যাবে না অর্থাৎ "স্লামুয়ালাইকুম" বলা যাবে না, কারণ এই বিকৃত সালামের কোন অর্থ হয় না। তাদেরকে বলতে হবে সম্পূর্ণ সালাম পরিষ্কারভাবে দিতে "আস্সালামু আলাইকুম”।
📄 'ইসলাম যা বলে আমরা তার উল্টোটা করি
গোপনে দান : ইসলাম বলে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে। কিন্তু আমরা চাই সবাই যেন জানে, কোন না কোনভাবে যেন দানটা প্রকাশ পায়।
সদাকার প্রকৃত সওয়াব : দানকারী দান করে মনে করে যে সে গরীবের অনেক উপকার করছে। আসলে গরীব সদাকা গ্রহণ করে সদাকারীর উপকার করেন। কারণ সদাকা গ্রহণকারী সদাকা গ্রহণ না করলে দানকারী আল্লাহর থেকে পুরষ্কার পেতো না।
দানের বিনিময়: ইসলাম বলে পুরষ্কার যে দান করে তার বিনিময়ে দান গ্রহণকারীর নিকট হতে কোন প্রকার প্রতিদান আশা করা যাবে না। দান হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু দান করে দাতা কোন না কোনভাবে দান গ্রহীতার নিকট থেকে প্রশংসা, কৃতজ্ঞতা, সম্মান ইত্যাদি আশা করে।
দান করে খোঁটা না দেয়া: আল কুরআনের কড়া নির্দেশ হচ্ছে দান করে কাউকে খোঁটা দেয়া যাবে না। যেমন, তোমাকে তো আমি অনেক দিয়েছি, তোমার জন্য তো আমি অনেক করেছি। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই আমরা গরীব আত্মীয়-স্বজনকে দান করে আবার খোঁটা দেই, তাদেরকে দানের কথা মনে করিয়ে দেই। এতে দানের ফযিলত বরকত নষ্ট হয়ে যায়।
হাজ্জ ফরয হিসেবে আদায়: সলাত-সিয়াম-যাকাতের মতো হাজ্জও একটি ফরয ইবাদত, সামর্থ্যবানদের জন্য এটি জীবনে একবার ফরয। কিন্তু হাজ্জ আদায় করার পর কোন না কোন ভাবে আমরা চাই লোকে আমাকে এখন আগের চেয়ে বেশী সম্মান করুক, বেশী পরহেজগার মনে করুক বা হাজী সাহেব বলে ডাকুক।
কুরবানী হতে হবে শুধু মাত্র আল্লাহর জন্য: পশু কুরবানী করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য এটা করা যাবে না। অনেকেই কুরবানী ঈদে কুরবানী নিয়ে এক প্রকার প্রতিযোগিতায় করেন, কে কত বড় গরু কুরবানী দিচ্ছে! কে কয়টি গরু কুরবানী দিচ্ছে! আমাদের সন্তানরা ছোট বেলা থেকে দেখছে কুরবানীর এই প্রতিযোগিতা এবং এভাবেই তারা এই ইবাদতটাকে পালন করতে দেখে আসছে।
বাবা-মায়ের প্রতি দায়িত্ব: বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে এতো বেশী করে যত্ন করতে হবে যে তারা যেন উহ শব্দটিও না বলতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে আমরা বোঝা মনে করি। সন্তানরা সবাই মিলে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ঠেলা-ঠেলি করি যে কার কাছে থাকবে। আমাদের সন্তানরা দেখছে তাদের বাবা-মায়েরা তাদের দাদা-দাদী নানা-নানীদের সাথে কিরূপ আচরণ করছে। আর তাই একসময় আমাদের সন্তানরাও বড় হয়ে আমাদের সাথে সেরূপ আচরণ করে।
গীবত করা : গীবত করা একটি কবীরা গুনাহ এবং গীবত করা নিজ মরা ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। অথচ অন্যের গীবত করতে আমাদের খুবই মজা লাগে। যে কোন আড্ডায় অনুপস্থিত কোন ভাই বা বোনকে নিয়ে সমালোচনা করতে খুবই আনন্দ উপভোগ করি।
হিংসা করা : হিংসা করা কবীরা গুনাহ এবং যার অন্তরে তিল পরিমান হিংসা থাকবে সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু বাস্তবে অন্যের ভাল দেখলে সহ্য করতে পারি না। কেউ বাড়ি কিনলে, গাড়ী কিনলে, ভাল চাকুরী পেলে, সন্তানদের পরীক্ষায় ভাল রিজাল্ট দেখলে হিংসায় মরে যাই।
অন্যের প্রশংসা : অন্যের ভালোর জন্য দু'আ করতে হয় আরো ভাল করার জন্য প্রশংসা করতে হয়, উৎসাহ দিতে হয়। কিন্তু বাস্তবে অন্যের প্রশংসা শুনতেই পারি না, গা জ্বালা-পোড়া করে।
ভালটি অন্যের জন্য : ইসলাম বলে নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করতে হবে। কিন্তু বাস্তবে যখন কোন কিছু কিনি তখন নিজের জন্য ভাল ভাল দেখে উৎকৃষ্টটা কিনি আর অপর ভাইয়ের জন্য উপহারস্বরূপ একটু কমদামী দেখে কিনি।
সত্য প্রকাশ করা : ইসলাম বলে সত্য বলা ফরয। কিন্তু বাস্তবে সত্য প্রকাশ করতে আমরা লজ্জা পাই। যেমন, আমি ছোট চাকুরী করি বা আমার ঢাকায় বাড়ি নেই বা আমার ডিগ্রি কম বা আমার শ্বশুর গরীব ইত্যাদি।
পর্দা করা ফরয : সলাত যেমন ফরয তেমনি নারীদের পর্দা করাও ফরয এবং তাদের সাজগোজ, রূপ-সৌন্দর্য্য পর পুরুষ থেকে ঢেকে রাখাও ফরয। কিন্তু প্রকৃত পক্ষে মেয়েরা সাধারণত সাজগোজ করে থাকে অন্যকে দেখানোর জন্য এবং রূপ-সৌন্দর্য্য প্রকাশ করে কোন অনুষ্ঠানে গেলে। খুব কম মেয়েই আছে যে শুধু স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করে।