📄 মুসলমানদের কবরস্থানে কাফেরদের দাফন করার বিধান
মুসলমান ও কাফেরের মাঝে যে বিষয়গুলোর পার্থক্য রাখা অত্যন্ত জরুরি তার মাঝে একটি হলো কবরস্থান। সাধারণ অবস্থায় মুসলমানদের কবরস্থানে কাফেরদের ও কাফেরদের কবরস্থানে মুসলমানদের দাফন করা জায়েয নেই। এর একটি কারণ তো হলো, মুসলমানরা যখন কবরস্থানের জন্য জায়গা ওয়াকফ করে তখন সাধারণত মুসলমানদেরই দাফনের জন্য ওয়াকফ করে, এমতাবস্থায় অমুসলিমদের সেখানে দাফন করা ওয়াকফকারীর শর্তের বিরুদ্ধ হয় যা ইসলামে সঠিক নয়। তেমনইভাবে কাফেরদের কবরস্থানগুলোও কাফেরদের নিজেদের জন্যই নির্ধারণ করা হয়ে থাকে। তাই সেখানেও মুসলমানদের দাফন করা জায়েয নেই। এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম ও কুফরের বিধানের মাঝে পার্থক্য রাখা। সুতরাং যদি কোনো ওয়াকফকারী কবরস্থানকে কাফের ও মুসলমান উভয় শ্রেণিকে দাফন করার জন্য ওয়াকফ করে, তাহলে তার এই কাজটি হারাম ও নাজায়েয হবে। 'মাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যায়' উল্লেখ রয়েছে,
اتفق الفقهاء على أنه يحرم دفن مسلم في مقبرة الكفار وعكسه إلا لضرورة. (موسوعة الفقهية الكويتية (٩١/١٢)
ফকিহগণ এই ব্যাপারে একমত যে, শরিয়তনির্দেশিত কোনো ওজর ব্যতীত মুসলমানকে কাফেরদের কবরে দাফন করা বা কাফেরদের মুসলমানের কবরে দাফন করা হারাম। (৫৪)
টিকাঃ
৫৪. মাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যা, ২১/১৯
📄 কাফের নর-নারীকে বিবাহ করার বিধান
কাফের দুধরনের হয়ে থাকে। এক. আহলে কিতাব তথা ইহুদি, খ্রিষ্টান। দুই. আহলে কিতাব ব্যতীত অন্যান্য কাফের। উলামায়ে কেরামের প্রায় সকলেই একমত যে, আহলে কিতাব ব্যতীত অন্যান্য কাফের নর-নারীর সাথে কোনো মুসলমান নর- নারীর বিবাহ বৈধ নয়। আল্লামা ইবনে কুদামা হাম্বলি রহিমাহুল্লাহ (মৃত্যু : ৬২০ হি.) বলেন,
وسائر الكفار غير أهل الكتاب، كمن عبد ما استحسن من الأصنام والأحجار والشجر والحيوان، فلا خلاف بين أهل العلم في تحريم نسائهم وذبائحهم. (المغني ١٣١/٧، باب فصل النكاح من الكفار غير أهل الكتاب ط مكتبة القاهرة)
আহলে কিতাব ব্যতীত অন্য সকল কাফের যারা নিজেদের পছন্দমতো মূর্তি, পাথর, গাছপালা এবং পশুপাখির উপাসনা করে, তাদের সাথে মুসলমানদের বিবাহ এবং তাদের জবাই করা পশু খাওয়া মুসলমানদের জন্য নাজায়েয হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে কোনো মতভেদ নেই। (৫৫)
টিকাঃ
৫৫. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১৩১
📄 আহলে কিতাবের সাথে বিবাহের দুই সুরত
এক. মুসলিম নারী আহলে কিতাব কোনো পুরুষকে বিবাহ করা। এটি শরিয়তের দৃষ্টিতে অবৈধ। আল্লাহ তাআলা কুরআনে একে সুস্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন।
وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا. তোমরা নিজেদের নারীদের মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। (৫৬)
তেমনইভাবে সুরা মুমতাহিনার নিম্নের আয়াতে এই ধরনের বিবাহকে আল্লাহ তাআলা নাজায়েয বলেছেন।
فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ. তোমরা মুমিন নারীদের কাফেরদের কাছে ফিরিয়ে দিয়ো না। এই নারীরা কাফেরদের জন্য বৈধ নয় ও কাফেররাও এই নারীদের জন্য বৈধ নয়। (৫৭)
যার কারণে উলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো, কোনো মুসলিম নারীর জন্য কোনো আহলে কিতাব পুরুষকে বিবাহ করা বৈধ নয়।
আল্লামা কাসানি রহিমাহুল্লাহ (মৃত্যু: ৫৮৭ হি.) বলেন,
لا يجوز إنكاح المؤمنة الكافر لقوله تعالى : {ولا تنكحوا المشركين حتى يؤمنوا}. (بدائع الصنائع ۱۷۲/۲، كتاب النكاح، فصل إسلام الرجل إذا كانت المرأة مسلمة، ط. دار الكتب العلمية)
মুসলমান নারীকে কাফেরের সাথে বিবাহ দেওয়া জায়েয নয়। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, 'তোমরা নিজেদের নারীদের মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিয়ো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে।' (৫৮)
আল্লামা ওয়াহবা যুহাইলি রহিমাহুল্লাহ (মৃত্যু: ১৪৩৬ হি.) বলেন,
يحرم بالإجماع زواج المسلمة بالكافر، لقوله تعالى : { وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا} وقوله تعالى : { فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن}. (الفقه الإسلامي وأدلته للزحيلي ٢٥٦٦/٩، القسم السادس : الأحوال الشخصية، فصل زواج المسلمة بالكافر.)
উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, কাফেরের সাথে মুসলিম নারীর বিবাহ হারাম।(৫৯)
দুই. আহলে কিতাবের সাথে বিবাহের দ্বিতীয় সুরত হলো, মুসলিম পুরুষ আহলে কিতাব কোনো মহিলাকে বিয়ে করা। এটি উলামায়ে কেরামের সর্বসম্মত মতানুযায়ী মৌলিকভাবে জায়েজ। তবে বর্তমান জামানায় আদমশুমারিতে পরিচয়ধারী বহু খ্রিষ্টান-ইহুদি পাওয়া যায় ঠিক, কিন্তু বাস্তবিক অর্থে আহলে কিতাব খ্রিষ্টান-ইহুদি পাওয়া যায় না। কারণ তারা খ্রিষ্টান ও ইহুদি ধর্মানুযায়ী আল্লাহ, পয়গম্বর ও আসমানি কিতাবসমূহের ওপর ঈমান রাখে না। এই কারণে এই যুগে নামেমাত্র আহলে কিতাবের সাথে বিবাহ বৈধ নয়। তাই বিবাহের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে।
মুসলিম পুরুষ কর্তৃক কিতাবি মহিলাকে বিবাহ বৈধ হওয়া প্রসঙ্গে ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন,
وحرائر نساء أهل الكتاب وذبائحهم حلال للمسلمين) ليس بين أهل العلم بحمد الله، اختلاف في حل حرائر نساء أهل الكتاب. وممن روي عنه ذلك عمر، وعثمان، وطلحة، وحذيفة وسلمان، وجابر، وغيرهم. قال ابن المنذر : ولا يصح عن أحد من الأوائل أنه حرم ذلك. (المغني ٩٢١/٧، مسألة حرائر نساء أهل الكتاب وذبائحهم)
আহলে কিতাব স্বাধীন মহিলাকে বিবাহ করা বৈধ হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের কারও দ্বিমত নেই। এ ব্যাপারে হজরত উমর, উসমান, তালহা, হুজাইফা, সালমান ও জাবের রা. প্রমুখ থেকে বর্ণিত আছে। ইবনুল মুনযির রহিমাহুল্লাহ বলেন, 'কিতাবি মহিলাকে বিবাহ করা হারাম' পূর্বসূরি কারও থেকে এমন মত প্রমাণিত নয়। (৬০)
টিকাঃ
৫৬. সুরা বাকারা: ২২১
৫৭. সুরা মুমতাহিনা: ১০
৫৮. বাদায়েউস সানায়ে, ২/২৭১
৫৯. আল-ফিকহুল ইসলামি, ৯/৬৬৫২
৬০. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১২৯
📄 সাহাবায়ে কেরামের অপছন্দ ও তার মৌলিক কারণ
ওপরে জানা গেল যে কিতাবি নারীর সাথে বিবাহ সর্বসম্মতিক্রমে বৈধ। তবে এ কথাও নির্দ্বিধায় বলা যায়, তা বৈধ হওয়া সত্ত্বেও এতে অনেকগুলো সমস্যা ও ক্ষতির আশঙ্কা রয়েছে। যার কারণে বহুসংখ্যক সাহাবি এবং পূর্বসূরিগণ একে অপছন্দ করতেন। নিজেদের সম্পর্কিত লোকদের তা থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। এমনকি হজরত উমরের মতো বলিষ্ঠ, দায়িত্ববান ও দূরদর্শী ব্যক্তিত্ব বিভিন্ন অঞ্চলে নিযুক্ত সাহাবিদের প্রতি এই নির্দেশ জারি করেছিলেন, যারা কিতাবি মহিলাকে বিবাহ করেছে তারা যেন তালাক দিয়ে দেয়।
আল্লামা ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন,
إذا ثبت هذا فالأولى أن لا يتزوج كتابية؛ لأن عمر قال للذين تزوجوا من نساء أهل الكتاب : طلقوهن فطلقوهن إلا حذيفة، فقال له عمر : طلقها. قال : تشهد أنها حرام؟ قال : هي جمرة، طلقها. قال : تشهد أنها حرام؟ قال : هي جمرة. قال : قد علمت أنها جمرة، ولكنها لي حلال. فلما كان بعد طلقها، فقيل له : ألا طلقتها حين أمرك عمر؟ قال : كرهت أن يرى الناس أني ركبت أمرا لا ينبغي لي. (المغني ۹۲۱/۷ ، مسألة حرائر نساء أهل الكتاب وذبائحهم)
সুতরাং আহলে কিতাব মহিলাকে বিবাহ না করাই উত্তম। যারা কিতাবি মহিলাকে বিবাহ করেছিল, উমর রা. তাদেরকে তালাকের নির্দেশ দিয়েছিলেন। তারা সে নির্দেশমতে তালাক দিয়েছিল। তবে হুজাইফা রা. তালাক দেননি। তখন উমর রা. তাকে বললেন, তালাক দাও। তিনি বললেন, আপনি কি মনে করেন, সে হারাম? উমর রা. বললেন, না, সে আগুনের অঙ্গার। উমর রা. আবার বললেন, তাকে তালাক দাও। তিনি বললেন, আপনি কি মনে করেন, সে হারাম? উমর রা. বললেন, না, সে আগুনের অঙ্গার। হুজাইফা রা. বললেন, আমি জানি সে আগুনের অঙ্গার, তবে সে আমার জন্য বৈধ। পরে যখন সে কিতাবি মহিলাকে হুজাইফা রা. তালাক দিলেন, তখন তাকে বলা হলো, যখন উমর বলেছিলেন তখন কেন তালাক দেননি? তিনি বললেন, আমি অপছন্দ করেছি যে মানুষ মনে করবে, আমি কিতাবিকে বিয়ে করে কোনো মন্দ কাজ করেছি। (৬১)
কিতাবি বিবাহ বৈধ হওয়া সত্ত্বেও এ থেকে বিরত থাকতে বলার প্রধান কারণ হলো, বিবাহের মাধ্যমে কিতাবি স্ত্রীর পরিবারের সাথে সৌহার্দ ও সম্প্রীতি তৈরি হয়ে যায় যা একটি শারীরিক ও মানসিক ব্যাপার। আর সাধারণত অধিকাংশ মানুষ এতটা সংযমী নয় যে, সৌজন্য প্রদর্শন করতে গিয়ে কিতাবি আত্মীয়দের সাথে শরিয়তের নিষিদ্ধ সম্পর্ক ও সম্প্রীতিতে জড়িয়ে পড়া থেকে নিজেকে সংবরণ করতে পারবে।
তাই সাধারণত এমন হয় যে, এই সম্পর্কই অনেক অনেক মন্দ কাজের উৎস হয়ে ওঠে এবং এই সম্পর্কের কারণে আহলে কিতাব শ্বশুরালয়ের হস্তক্ষেপের দরজা খুলে যায়। যা কখনো কখনো পুরো পরিবারকে পূর্ণমাত্রায় বিপথগামী করার মাধ্যম হয়। ইতিহাসে এর উদাহরণও কম নয়।
পবিত্র কুরআনও মৌলিকভাবে এ প্রভাবের স্বীকৃতি দিয়েছে, তাই কাফের পুরুষের সাথে মুসলিম নারীর বিয়ে নিষিদ্ধ করার প্রেক্ষাপটে আল্লাহর এই বাণী রয়েছে, 'ওদেরকে আগুনের দিকে ডেকে নেওয়া হচ্ছে।' এর অর্থ এই যে, এই লোকেরা বিবাহের সুযোগ কাজে লাগিয়ে অন্যদেরকে বিচ্যুত করে জাহান্নামে নিয়ে যাবে। আর নারী যেহেতু আনুগত্যশীল এবং অধীনস্থ, তাই তার ক্ষেত্রে এই বিপদগুলো বাস্তব, যার কারণে কাফেরদের সাথে সম্পূর্ণরূপে মুসলিম নারীর বিবাহ অবৈধ ঘোষণা করা হয়েছিল। আর স্বামী মুসলমান আর স্ত্রী কিতাবি, সেখানে এই সমস্যাগুলো এতটা প্রবল নয়। যার কারণে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এ ক্ষেত্রেও এই মৌলিক কারণটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই যেখানে এ ধরনের বিপদ নিশ্চিত বিদ্যমান থাকে, সেখানে কিতাবি নারীকে বিবাহ করাও নিষিদ্ধ হবে।
আল্লামা কাসানি রহিমাহুল্লাহ বলেন,
ولأن في إنكاح المؤمنة الكافر خوف وقوع المؤمنة في الكفر؛ لأن الزوج يدعوها إلى دينه، والنساء في العادات يتبعن الرجال فيما يؤثرون من الأفعال ويقلدونهم في الدين إليه وقعت الإشارة في آخر الآية بقوله - عز وجل : {أولئك يدعون إلى النار : لأنهم يدعون المؤمنات إلى الكفر، والدعاء إلى الكفر دعاء إلى النار؛ لأن الكفر يوجب النار، فكان نكاح الكافر المسلمة سببا داعيا إلى الحرام فكان حراما. (بدائع الصنائع ١٧٢/٢، كتاب النكاح، فصل إسلام الرجل إذا كانت المرأة مسلمة، ط. دار الكتب العلمية)
কাফেরের সাথে মুমিন নারীর বিবাহের মাধ্যমে নারীর কুফরে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ স্বামী তাকে স্বীয় ধর্মের দিকে ডাকবে, আর স্ত্রীগণ সাধারণত স্বামীরা যেসব কাজে প্রভাব ফেলে সেসব ক্ষেত্রে তাদের আনুগত্য করে এবং দ্বীনধর্মের ক্ষেত্রে তাদের অন্ধ অনুকরণ করে থাকে। এদিকেই আয়াতের শেষাংশে ইঙ্গিত করা হয়েছে, তারা তো আগুনের দিকে আহ্বান করে। কারণ কাফের পুরুষরা মুমিন নারীদেরকে কুফরের দিকে আহ্বান করে। আর কুফর হলো জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং কাফেরের সাথে মুসলিম নারীর বিবাহ হারামের দিকে নিয়ে যায়। সুতরাং বিবাহও হারাম হবে। (৬২)
আল্লামা ইবনে কুদামা রহিমাহুল্লাহ আরেকটি বিপদের দিকেও ইঙ্গিত করেছিলেন,
ولأنه ربما مال إليها قلبه ففتنته، وربما كان بينهما ولد فيميل إليها. (المغني ٩٢١/٧، مسألة حرائر نساء أهل الكتاب وذبائحهم)
কারণ কখনো স্বামীর মন স্ত্রীর দিকে ঝুঁকে পড়লে স্বামী তার দ্বারা ফিতনার শিকার হবে। আবার এমনও হতে পারে যে, তাদের কোনো সন্তানের মায়ায় স্ত্রীর দিকে ঝুঁকে পড়বে। (৬৩)
টিকাঃ
৬১. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১২৯
৬২. বাদায়েউস সানায়ে, ২/১৭১
৬৩. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১৩০